সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে, তৎকালীন কুমিল্লা জেলার (এখন ব্রাহ্মণবাড়িয়া) বাঞ্ছারামপুরে। চারুকলা বিষয়ে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস থেকে সার্টিফিকেট কোর্স (১৯৫৫—১৯৬০) সম্পন্ন করে ১৯৬০ সালে একই প্রতিষ্ঠানে যোগ দেন শিক্ষক হিসেবে। ২০০৩ সালে যখন তিনি অধ্যাপক হিসেবে অবসর নেন, গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। পরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজির চারুকলা ও সংগীত বিভাগে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৩ থেকে ২০১০-এর জুন পর্যন্ত।‘গ্রামের জীবন’ ছবিটার কথা বলতে গিয়ে গ্রামের প্রতি ভালোবাসা আর টানের কথাই বারবার বললেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। তাঁর জন্ম বাঞ্ছারামপুরে হলেও বাবার চাকরিসূত্রে তাঁর শৈশবের একটা বড় অংশ কেটেছে কুমিল্লার দাউদকান্দিতে। তাঁর গ্রামের স্মৃতি মানে দাউদকান্দির স্মৃতি। প্রসঙ্গক্রমে বললেন, ‘আমি গ্রাম ভালোবাসি। ছেলেবেলায় পাখি খুব ভালোবাসতাম। নিজে পাখি পুষেছি—শালিক, টিয়া। গুলতি নিয়ে দল বেঁধে পাখি মারতে যেতাম।’ পাখি মারার স্মৃতি এই শিল্পীকে এখনো কষ্ট দেয়।গ্রামে মাঠ ছিল। খুব খেলাধুলা করতেন—হাডুডু, দাঁড়িয়াবান্ধা, বাতাবিলেবু দিয়ে ফুটবল; ছিল মাছ ধরা, ঘুড়ি ওড়ানো। শিল্পী বললেন, ‘এই ছবিতে আমার শৈশবের ভালো লাগার উপাদানগুলো আছে। সেই গ্রাম—পাখি, মাছ, ঘুড়ি, গাছ, মাঠ; এসবের সঙ্গে অনিবার্যভাবে যুক্ত থেকেছে মানুষ।’‘আর রং? আমি চড়া রং পছন্দ করি,’ বললেন শিল্পী, ‘লোকজ মোটিফ থাকে আমার ছবিতে। সেই মোটিফগুলো সাধারণত গাঢ় রঙের হয়ে থাকে। এই গাঢ় রংই আমি ব্যবহার করি। এই ছবিতেও তার ব্যত্যয় ঘটেনি।’