সমকালীন ছাপচিত্রের নানা প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এপিটাফ’, শিল্পী: মুর্তজা বশীর
‘এপিটাফ’, শিল্পী: মুর্তজা বশীর

গুলশান-২-এর উত্তর সড়কে লেকের লাগোয়া বে এজ ওয়াটার ভবনের নিচতলা। এখানে গড়ে উঠেছে নতুন এক চিত্রশালা ‘এজ’। ৪ জুন এই চিত্রশালায় শুরু হয়েছে ‘ইমপ্রিন্ট’ শিরোনামে বাংলাদেশের সাতজন বিশিষ্ট শিল্পীর ছাপচিত্র প্রদর্শনী। সাতজনের দলে আছেন আমাদের আধুনিক চারুশিল্পের চার প্রজন্মের শিল্পীরা। প্রথম প্রজন্মের মুর্তজা বশীর, দ্বিতীয় প্রজন্মের রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহিদ কবির, তৃতীয় প্রজন্মের শাহাবুদ্দিন আহমেদ, রোকেয়া সুলতানা এবং চতুর্থ প্রজন্মের আনিসুজ্জামান।
মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ ছাপচিত্র প্রদর্শনীতে সাত শিল্পীর ৩১টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীর জ্যেষ্ঠ শিল্পী মুর্তজা বশীরের পাঁচটি কাজের মধ্যে আছে ‘ইমেজ-৭’, ‘এপিটাফ’, ‘বাসসহ বালিকা’, ‘প্রিন্ট-১’ ও ‘প্রিন্ট-২’। ১৯৭২ থেকে ১৯৮০ সালের মধ্য এ ছাপচিত্রগুলো করেছেন বশীর। সবগুলোই এচিং অ্যাকুয়াটিন্ট মাধ্যমের ছাপাই। তাঁর কাজগুলো ফর্মকেন্দ্রিক। ‘ইমেজ-৭’-এ জাগতিক বিষয় থেকে সৃষ্টিলোকের রহস্যময়তার ভেতরে নিজেকে সমর্পণের ইশারা দিয়েছেন শিল্পী। তাঁর বিখ্যাত সিরিজ ‘এপিটাফ’। এখানে জীবনকে যেমন বড় করে দেখছেন, তেমনি মৃত্যুও সত্য—অনুভব করেছেন এই অনুভূতিও।
রফিকুন নবী, মনিরুল ইসলাম, শহিদ কবির গত শতকের ষাট দশকে শুরু করেছিলেন শিল্পীজীবন। তাঁদের শিল্পপ্রতিভা বিকশিত হয়েছে সত্তর ও আশির দশকে। এ সময়ে ছবি আঁকার পাশাপাশি ছাপচিত্র মাধ্যমে আঁকতে শুরু করেন তাঁরা। রফিকুন নবী কাঠকাটা ছাপচিত্রের জন্য পুরস্কৃত হন জার্মানিতে। এ প্রদর্শনীতে তাঁর একমাত্র চিত্রটি একই মাধ্যমের।
মনিরুল ইসলাম শিল্পশিক্ষা নিয়েছেন ঢাকা ও মাদ্রিদে। ছাপচিত্রে পুরস্কৃত হয়েছেন স্পেনে। তাঁর খ্যাতির ঢেউ আছড়ে পড়েছিল বাংলাদেশে নব্বইয়ে দশকে। ছাপচিত্রের ক্ষেত্রে বিশেষত এচিং অ্যাকুয়াটিন্ট মাধ্যমের শিল্পিত প্রয়োগে তাঁর দক্ষতা সুবিদিত। এমনকি ছাপচিত্রে জলরঙের মৃদু প্রলেপ দেওয়ায় একধরনের বিশ্বাসযোগ্য সৌন্দর্য রচিত হয় এই শিল্পীর কাজে। এ প্রদর্শনীতে তাঁর ‘গৌরবের পথে’ ছবিতেও আমরা দেখতে পাই সাদা তুলট ধরনের কাগজে ছাপ দেওয়া উঁচু-নিচু ফর্ম তৈরি করে জলরঙের ওয়াশ দিয়ে আনন্দদায়ক এক অনুভূতি সৃষ্টি করেছেন তিনি। এ শিল্পীর অন্যান্য কাজের শিরোনাম: ‘আশা আসে এবং ছেড়ে যায়’, ‘প্যাপিরাস’ ও ‘দুই সময়ের খন্দক’।
শহিদ কবির চিত্রকর হলেও ছাপচিত্রে হাত পাকিয়েছেন স্পেনে গুরুশিল্পীর প্রিন্ট নিতে নিতে। এচিং মাধ্যমের সঙ্গে আরও উপাদান প্রয়োগ করে ছাপচিত্র করেন তিনি। প্রদর্শনীর জন্য তিনি যে কাজগুলো দিয়েছেন তার মধ্যে ‘দুটি ফুলসহ ফুলদানি’, ‘মহাসড়ক’, ‘মেক্সিকান লিলি’ ও ‘পথ সার্কাস’ উল্লেখযোগ্য। শেষোক্তটি বেশ চমকপ্রদ। এখানে দেখা যায়, উঁচুতে একটি কুকুর শারীরিক কসরত করছে, ক্যামেরাম্যান সেটি ভিডিও করছেন।
চিত্রকর ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। ফিগারের ক্ষিপ্র গতিময়তা নিয়ে কাজ করে খ্যাতিমান হয়েছেন। দেশে-বিদেশে। প্রদর্শনীর জন্য লিথোগ্রাফ মাধ্যমে তিনি এঁকেছেন ‘ঘোড়দৌড়’, ‘দৌড়’, ‘ঘোড়া’, ‘মুক্তি ও গতি’। শিরোনামই বলে দিচ্ছে শাহাবুদ্দিনের কাজগুলো সেই গতিরই প্রতিনিধি।
রোকেয়া সুলতানা ও আনিসুজ্জামান মূলত ছাপছিত্রশিল্পী। রোকেয়া কাজ করেন নারীর ব্যক্তিক, সামাজিক অবস্থান ও নারীজীবনের ফ্যান্টাসি নিয়ে। ‘বনদেবী’, ‘ফাটা মরগানা’, ‘সময় ও তারকা’ শীর্ষক তাঁর ছাপচিত্রগুলো এচিং অ্যাকুয়াটিন্ট ও ইউনিক প্রেসারে বর্ণবহুল প্রয়োগে আঁকা। ‘বনদেবী’তে রূপকথার চরিত্রকে মমতাময় দৃষ্টিতে তুলে ধরেছেন শিল্পী। দেবীর মাথায় বাৎসল্যে নিয়ে বসে আছে পাখি, আর দেবীর কোলজুড়ে আছে সূর্যমুখী ফুল। অন্যদিকে মহানগরের নির্মাণযজ্ঞ নিয়ে অনেক দিন ধরেই ছাপচিত্র করছেন আনিসুজ্জামান। কাঠখোদাই ছাপচিত্র মাধ্যমে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বড় বড় নগর নির্মাণ প্রত্যক্ষ করে তার অনুবাদ করছেন নিজের কাজে। সাধারণ বিষয়ের মধ্যেও যে সৌন্দর্য ফোটানো যায়, এটি দেখিয়েছেন তিনি।
‘এজ’ গ্যালারির আলোচ্য প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের সমকালীন ছাপচিত্রের নানা প্রবণতা ও অবস্থান যেমন দর্শকের সামনে উঠে এসেছে, একইভাবে এটি যেন হয়ে উঠেছে বাংলাদেশের ছাপচিত্রের খেরোখাতা।