>
![আবদুল মান্নান সৈয়দ রচনাবলি [দ্বিতীয় খণ্ড]](http://media.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2015%2F06%2F19%2F57f79125e39bbf387ef289d69e7a46a3-12.jpg?w=640&auto=format%2Ccompress)
আবদুল মান্নান সৈয়দ রচনাবলি [দ্বিতীয় খণ্ড]
সম্পাদনা ও সংকলন: অনু হোসেন
প্রচ্ছদ: আনওয়ার ফারুক
প্রকাশক: বাংলা একাডেমি
ফেব্রুয়ারি ২০১৫
৬৪৪ পৃষ্ঠা দাম: ৫০০ টাকা।
বিংশ শতকের ছয়ের দশক বিশ্বপরিসরে যেমন, তেমনি দেশীয় পটপ্রেক্ষা বিচারেও, সবদিক থেকেই অনড় অচলায়তন অপসারণের দশক হিসেবে চিহ্নিত। আমাদের সাহিত্যক্ষেত্রের কথাই ধরা যাক। উল্লিখিত বিশ শতকের মধ্য-তিরিশ, চল্লিশ ও পঞ্চাশের কবি-সাহিত্যিকদের কারও দশা টিমটিমে প্রদীপের মতো, নিষ্প্রভ, নিষ্প্রাণ; কারও প্রচলিত পথে পদবিক্ষেপ, চর্বিতচর্বণসর্বস্বতায় ভারাবনত; পাশাপাশি কারও প্রকাশ ও প্রতাপ ঘন মেঘ-ফুঁড়ে-ওঠা সূর্যের মতো। শেষোক্তদের দলে আছেন কবি শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ ও শহীদ কাদরী। ছোটগল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিকের সংখ্যা একেবারেই অঙ্গুলিমেয়। কিন্তু তাঁদের সম্মিলিত সক্রিয়তা আমাদের কথাসাহিত্যের জগৎটিকে নিয়ত নিয়ে যাচ্ছে সমৃদ্ধির দিকে। ঠিক এ রকম সাহিত্যিক আবহেই আপন ধ্বজা উড়িয়ে আবির্ভাব আবদুল মান্নান সৈয়দের। আবির্ভাব আমাদের আলোচিত সেই বিংশ শতকের ছয়ের দশকের প্রায় গোড়া থেকেই, যদিও তাঁর জীবনের প্রথম বই কবিতার—জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হচ্ছে এই দশকের প্রায় শেষাশেষি ১৯৬৭ সালে এবং দ্বিতীয় বই, ছোটগল্পের—সত্যের মতো বদমাশ, ১৯৬৮ সালে। এরপর সাহিত্যের কোন শাখায় প্রসারিত হয়নি মান্নান সৈয়দের হাত! কবিতা, অনুবাদ-কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, চিত্রকলাবিষয়ক রচনা, সমালোচনামূলক রচনা, প্রবন্ধ, জীবনী, স্মৃতিকথা, পাঠ্যপুস্তক, ডায়েরি এবং সর্বশেষ প্রায় সংখ্যাহীন সম্পাদিত গ্রন্থ। ছয়ের দশকের আর কোনো লেখক-কবি-সাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিকের বহুপ্রজতার বিচারে মান্নান সৈয়দের ধারেকাছে ঘেঁষার সাধ্য নেই। সাধ্য যে নেই, তার জ্বলজ্বলে প্রমাণ আমাদের আলোচ্য আবদুল মান্নান সৈয়দ রচনাবলির এই দ্বিতীয় খণ্ডে ধারণ করা তাঁর ‘নির্বাচিত প্রবন্ধ’, ‘দশ দিগন্তের দ্রষ্টা’ ও ‘ঈশ্বর গুপ্ত থেকে শহীদ কাদরী’ শিরোনামী এই তিনটি প্রবন্ধ সংকলনের প্রবন্ধনিচয়।
আবদুল মান্নান সৈয়দ রচনাবলির সংকলন ও সম্পাদক অনু হোসেন তাঁর সুদীর্ঘ ভূমিকা মারফত জানাচ্ছেন, ‘মান্নান সৈয়দ শেষ পর্যন্ত প্রবন্ধ ও সমালোচনাকে একটি মিলিত ধারার মধ্যে দেখতে চেয়েছেন। আমাদের দেশে অধিকাংশ সমালোচনা, গবেষণা কিংবা প্রবন্ধ রচনার কাজগুলোতে সারফেসকেন্দ্রিক বা ওপরতলের অনুসন্ধানই অতিমাত্রায় লক্ষ করা যায়। প্রকৃত কাঠামোভিত্তিক সমালোচনা বা গবেষণার কাজ খুব বেশি নজরে আসে না। ভালো সমালোচনার কাজ করতে হলে ইনার স্ট্রাকচারে প্রবেশ করা জরুরি। কিন্তু এই কাজ সম্পাদনে অনেকেরই সে পরিমাণ শ্রমাসক্তি ও নিষ্ঠা জাগ্রত হয় না। মান্নান সৈয়দের ভূমিকা এ ক্ষেত্রে অগ্রণী।’
অনু হোসেনের মন্তব্যের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলি, তাঁর উচ্চারণ এক শ ভাগ খাঁটি। সত্যিই তা-ই, সৈয়দ যখন সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ দত্ত কিংবা নজরুলের কবিতা বা সাহিত্যকর্ম সম্পর্কে মূল্যায়ন করছেন, সেই মূল্যায়ন প্রচলিত ধারার অনুসারী নয়, একেবারে ব্যতিক্রমী। সাহিত্য-বিচারে আবেগ নয়, নির্মোহতা জরুরি। সেই নির্মোহতা এক শ ভাগ ছিল সৈয়দের। তাই যখন তিনি সত্যেন্দ্রনাথ দত্তের মূল্যায়ন করতে গিয়ে বলেন, বাংলা সাহিত্যে সাম্যবাদী ধারণা ‘নজরুল ইসলাম ও তিরিশ-চল্লিশের মানবতাবাদী-সমাজতন্ত্রী-সাম্যবাদী কবিদের আগেই ঘোষণা করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত’, তখন একটু থমকে পড়তে হয়। আবার নজরুল কেন বড় কবি, সেই মূল্যায়নে যখন ব্রতী হন সৈয়দ, তখন তাঁর বৈচারিকতায় মুগ্ধ না হয়ে পারা যায় না। নজরুল সম্পর্কে আমাদের সামনে উন্মোচিত হয় নতুন দিগন্তের পর দিগন্ত।
আলোচ্য রচনাবলির সার্বিক পাঠ সবার জন্য জরুরি। এটি পড়লে অনেকটা যেন নতুনভাবে জানা যাবে প্রাবন্ধিক মান্নান সৈয়দকে। একপেশেমি মনোভাব যে প্রবন্ধ বা সমালোচনামূলক প্রবন্ধ রচনার পথে প্রধান প্রতিবন্ধক, এই খণ্ডের সমগ্র প্রবন্ধের পাঠ থেকে, সেটি জানা যাবে আবার।
মান্নান সৈয়দের সমগ্র রচনার সংগ্রহ অচিরেই পেতে চাই আমরা। অনু হোসেনকে অশেষ ধন্যবাদ তাঁর বর্তমান আন্তরিক প্রয়াসটুকুর জন্য। সুলিখিত তাঁর ভূমিকা এবং সার্বিক সম্পাদকীয়তা।