সমবায়মূলক সাহিত্যের ইতিহাস এই প্রথম
বাংলা একাডেমী থেকে বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড বেরিয়েছিল আগেই। এবার বেরোল দ্বিতীয় খণ্ড। এই সাক্ষাৎকারে এ বইয়ের নানা দিক নিয়ে কথা বলেছেন এর প্রধান সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান।জাফর আহমদ: বাংলা একাডেমী থেকে বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড বেরিয়েছে। প্রথম খণ্ড আগেই বেরিয়েছিল। আপনি এর প্রধান সম্পাদক। বইটাতে সাহিত্যের ইতিহাসের সঙ্গে এ দেশের সামগ্রিক পরিচয় তুলে ধরার চেষ্টা দেখে প্রশ্ন উঠতে পারে, ধান ভানতে শিবের গীত কেন? আনিসুজ্জামান: সামাজিক পটভূমি সম্পর্কে না জানলে সাহিত্যের বিকাশের ধারা বোঝা খুব সহজ হয় না। দ্বিতীয়ত, বাঙালির সৃষ্টিশীলতার বিকাশকে যদি আমরা সামগ্রিকভাবে দেখতে পাই, সাহিত্যের সঙ্গে ধর্মান্দোলন, শিল্পকলা, সংগীত ইত্যাদির সামগ্রিক পরিচয়টা যদি আমাদের সামনে থাকে, তাহলে এটা সাহিত্যের ইতিহাস বুঝতে সহায়তা করে। আমাদের একটা উদ্দেশ্য ছিল, যারা সাহিত্যের ইতিহাস পড়বে, তারা যেন দেশের ইতিহাস জানে, দেশের ইতিহাসের সঙ্গে সাহিত্যকে সম্পর্কিত করতে পারে। কেউ কেউ ইঙ্গিতে বলেছেন, এটা আমার অনধিকারচর্চা হচ্ছে, কারণ আমি পেশাদার ইতিহাসবিদ নই, আমি কেন তাঁদের ক্ষেত্রে ঢুকে যাচ্ছি। এই অনধিকারচর্চা কিন্তু আমার জীবনের প্রথম বইয়েই শুরু হয়েছে। অভিযোগটা আমি মেনে নিয়েছি। তবে আমার মনে হয়, সাহিত্যের ইতিহাসের পাশাপাশি বাংলার মানুষের সার্বিক বিকাশধারার একটা পরিচয় পাওয়া গেলে পাঠক নানা দিক থেকে উপকৃত হবে।জাফর: এখানে বাংলার ভৌগোলিক, ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক পরিচয় আছে, বাংলার ধর্মজীবন, শিল্পকলার বিবরণ আছে। কেউ যদি বইটিকে ‘বাঙালির ইতিহাস’ বলতে চায়?আনিসুজ্জামান: এসব পরিচয় কিন্তু আমরা যথাসম্ভব সংক্ষেপে দিয়েছি। আমাদের সাধারণ ইতিহাসে রাজনৈতিক ইতিহাস যত জায়গা জুড়ে থাকে, আমরা তার চেয়ে অনেক কম জায়গা দিয়েছি। ফলে এটাকে ‘বাঙালির ইতিহাস’ বললে বলা যেত পরিচয়গুলো সম্পূর্ণ নয়।জাফর: সাহিত্যের ওপর গুরুত্বটা বেশি থেকেছে, সাহিত্যের ইতিহাস আয়তনে বেশি জায়গা নিয়েছে।আনিসুজ্জামান: প্রথম খণ্ডটা আমরা চতুর্দশ শতকে এসে শেষ করেছি। তখন পর্যন্ত সাহিত্যের উপকরণ খুব বেশি নয়। কাজেই ওখানে পটভূমির অংশ অনেক বড় হয়েছে। দ্বিতীয় খণ্ডে পটভূমি ও ইতিহাস প্রায় সমান সমান হয়ে এসেছে।জাফর: দ্বিতীয় খণ্ড হলো পঞ্চদশ ও ষোড়শ শতক পর্যন্ত। আর কয়টা খণ্ড হবে?আনিসুজ্জামান: তিনটা। আমাদের পরিকল্পনা—তৃতীয় খণ্ডে সপ্তদশ-অষ্টাদশ শতাব্দী, চতুর্থ খণ্ডে ঊনবিংশ শতাব্দী আর পঞ্চম খণ্ডে বিংশ শতাব্দী।জাফর: আধুনিক কালে সাহিত্যের উপাদান ও বৈচিত্র্য অনেক বেশি। ঊনবিংশ ও বিংশ শতাব্দী কি একটি করে খণ্ডে ধরবে?আনিসুজ্জামান: প্রথম খণ্ডে প্রায় ৪০০ বছর ধরা হয়েছে।জাফর: কারণ ওই সময় সাহিত্যের উপাদান অনেক কম। আনিসুজ্জামান: দ্বিতীয় খণ্ডে ২০০ বছর, পরের খণ্ডে ২০০ বছর। চতুর্থ ও পঞ্চম খণ্ডে আমরা ১০০ বছর করে রাখছি। দেখা যাক কী হয়। হয়তো আয়তনে কিছু বাড়বে। কিন্তু চেষ্টা করতে হবে পাঁচ খণ্ডের মধ্যে শেষ করার। তৃতীয় খণ্ডের কাজ আমরা শুরু করেছি। লেখক নির্বাচন হয়ে গেছে। তৃতীয় খণ্ডটা মনে হয় আমার জীবদ্দশায় পারা যাবে। বাকিগুলো আমি নিজে করতে পারব, এ রকম ভরসা করি না। বাংলা একাডেমী আমাকে বলেছে, চতুর্থ ও পঞ্চম খণ্ডের পরিকল্পনা আমি যেন করে দিয়ে যাই। মানে বইয়ের বিন্যাসটা। তাহলে হয়তো সমগ্র খণ্ডগুলোর ভেতর একটা ঐক্য থাকবে। একই লোকের হাতে হলে যেটা হয়।জাফর: ১৯৮৭ সালে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হলো ২০১০-এ। আপনি নিজেও বলেছেন, এত দেরির অনেকগুলো কারণ ছিল। কিন্তু কোনো কারণ দিয়েই এই ২৩ বছরকে ব্যাখ্যা করা যায় না। সে ক্ষেত্রে তৃতীয় খণ্ড কি আরও দেরি হবে?আনিসুজ্জামান: হিস্ট্রি অব বেঙ্গল পাঁচ বছর নিয়েছিল—৪৩ থেকে ৪৮। আমি তার ডাবল সময় নিয়েছি।জাফর: শেষ দুখণ্ড আপনার জীবদ্দশায় হবে কিনা, আপনার সংশয় আছে। আমাদের জীবদ্দশায় হবে কি?আনিসুজ্জামান: সেটা হবে, আমি নিশ্চিত। যদি তৃতীয় খণ্ড আমি করে যেতে পারি, চতুর্থ ও পঞ্চম খণ্ড হয়ে যাবে। মজার ব্যাপার কি জানো, আমার নিজের ক্ষেত্র কিন্তু ওই চতুর্থ ও পঞ্চম খণ্ড। আমি এখন যা করছি, তা আমার নিজের ক্ষেত্র নয়। সবাই বলছে, আপনি এগুলো করে যান, বাকিগুলো করার লোক পাওয়া যাবে, ঊনবিংশ শতক থেকে কাজ করার অনেক লোক আছে। কাজেই আমি সব রকম অনধিকারচর্চাই করে গেলাম।জাফর: বাংলা সাহিত্যের ইতিহাস তো অনেকেই লিখেছেন—বাংলাদেশে, পশ্চিম বাংলায়। কেন বাংলা সাহিত্যের নতুন একটা ইতিহাস লেখার প্রয়োজন মনে হয়েছে? আনিসুজ্জামান: আমি দুটো দিক বলব—একটা হচ্ছে, আগে যে কথাটা বললাম, এ বইয়ে সামাজিক পটভূমিটা অনেক বিস্তৃত। দ্বিতীয়ত, অনেক দিন থেকে পূর্ব বাংলায় যে সমস্ত উপকরণ আবিষ্কৃত হয়েছে, সেগুলো কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাসে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়নি। এই অসম্পূর্ণতা বোধ হয় আমরা দূর করতে পারব। এমনকি নবচর্যাপদের কথাও এতেই প্রথম আলোচিত হয়েছে। আর তৃতীয় একটা নতুন দিক আছে। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন অধ্যায় লিখেছেন নিজেদের বিশেষজ্ঞতা দিয়ে। সমবায়মূলক সাহিত্যের ইতিহাস এই প্রথম লেখা হলো।জাফর: বাংলা সাহিত্যের ইতিহাসকে দেখার ক্ষেত্রে বংলাদেশ ও পশ্চিম বাংলা—এ দুই অঞ্চলের ইতিহাসবেত্তাদের দৃষ্টিভঙ্গীর কি কোনো পার্থক্য আছে? আনিসুজ্জামান: বাংলাদেশে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস তো কেউই লিখলেন না। আমাদের এখানে যেসব ইতিহাস বেরিয়েছে, তাতে একটা দৃষ্টিভঙ্গী দেখা যাবে। এঁরা সবাই প্রায় একেক পর্বের একেক যুগের ইতিহাস লিখেছেন। মুহম্মদ এনামুল হকের মুসলিম বাংলা সাহিত্যে কেবল মুসলমানদের কথা। কোনো কোনো ইতিহাসগ্রন্থে মুসলমানদের কথা যথেষ্ট নেই বলে কেউ কেউ তাঁদের বইতে মুসলমানদের একটু বড় করে জায়গা দিয়েছেন। যেমন—মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসানের বাংলা সাহিত্যের ইতিবৃত্তে। রবীন্দ্রনাথ সম্পর্কে সবার জানা আছে বলে তাঁর জন্য কম পৃষ্ঠা আর মীর মশাররফ হোসেন সম্পর্কে জানা নেই বলে তাঁর জন্য বেশি পৃষ্ঠা—এতে সাহিত্যের ইতিহাসের ভারসাম্য থাকে না। আমার নিজেরও বেশ কষ্ট হয়েছে, এই ইতিহাস সম্পাদনার ক্ষেত্রে। যেমন—রামায়ণ-মহাভারতের চাইতে ভাগবতের অংশটা অনেক বড় ছিল, দ্বিতীয় খণ্ডে। গুরুত্বের ভারসাম্য রাখার জন্য ভাগবতের অংশ অনেক ছোট করতে হয়েছে আমাকে। তা না হলে মনে হবে, একটা সময়ে ভাগবতই সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা। জাফর: আপনি মূলত বাংলাদেশে যাঁরা সাহিত্যের ইতিহাস লিখেছেন, তাঁদের কথা বললেন। পশ্চিম বাংলার ইতিহাসবিদদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গীটা কেমন?আনিসুজ্জামান: ওখানে অনেকে পূর্বধারণা থেকে অনেক কথা বলেছেন। অসিতকুমার বন্দ্যোপাধ্যায় তাঁর বাংলা সাহিত্যের ইতিবৃত্তে পূর্ব বাংলায় আবিষ্কৃত তথ্য ব্যবহার করার চেষ্টা করেছেন। কিন্তু অনেক সময়ে উনি মূল পাণ্ডুলিপি না দেখে বা ছাপা বইও না দেখে মতামত দিয়েছেন, বোঝা যায়। জাফর: এটা কেন করেছেন বলে আপনার মনে হয়?আনিসুজ্জামান: আসলে একটা পূর্বধারণা কাজ করে। এটা ঠিক যে আমাদের ইতিহাসবিদেরা কেউ কেউ কোনো কোনো মুসলমান লেখককে এত আগেকার বলেছেন যে, সেটা সব সময় যুক্তিসংগত হয়নি। ফলে পশ্চিম বাংলার ইতিহাসবিদেরা ধরেই নিয়েছেন, এ অঞ্চলের প্রত্যেক লেখককে বোধ হয় সময়ের দিক দিয়ে পিছিয়ে ধরে লেখা হয়। অথচ আবদুল করিম সাহিত্যবিশারদের লেখা তাঁরা মনোযোগ দিয়ে দেখলে বুঝতেন, উনি কিন্তু খুব ভারসাম্যপূর্ণ মতামত দিয়েছেন এবং মধ্যযুগের লেখকদের কাল নির্ধারণ সতর্কতার সঙ্গে করেছেন। এই কাজটা তাঁরা করেননি।জাফর: সাহিত্যবিশারদ যে উপাদানগুলো আবিষ্কার করেছেন, সেগুলোর বেশ কিছু এখানে ব্যবহূত হয়েছে। আহমদ শরীফ নিজেও ব্যবহার করেছেন।আনিসুজ্জামান: হ্যাঁ। আহমদ শরীফ তাঁর বইতে বাংলা রামায়ণ-মহাভারত বা শ্রীকৃষ্ণকীর্তনের আগে ধর্মমঙ্গলের কথা বলেছেন। তাঁর ধারণা ধর্মমঙ্গল লিখিতভাবে পরে পাওয়া গেলেও মৌখিকভাবে আগে ছিল। আমি কিন্তু লিখিত ক্রম অনুসরণ করেছি, শ্রীকৃষ্ণকীর্তন আগে দিয়েছি। এ রকম একই জিনিস ব্যবহার করেও আমরা আলাদা আলাদা কালের কথা বলেছি। আহমদ শরীফও কিন্তু আমাদের সম্পাদকমণ্ডলীর একজন। তাঁর সঙ্গে সমঝোতা করেই আমাকে কাজ করতে হয়েছে।জাফর: সাহিত্যের যুগবিভাগ নিয়ে কিছু মত চালু আছে। যুগবিভাগ নিয়ে আপনি একটা প্রশ্ন তুলেছেন।আনিসুজ্জামান: আমি যুগবিভাগ নিয়ে এখানে খুব সাহস করে কথা বলিনি। ভূমিকায় কিছু বলেছি। প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ—এই যে তিন পর্বের ভাগ, এটা নিয়ে আমি বহুকাল ধরেই প্রশ্ন করে আসছি। আমার মনে হয়েছে, ইউরোপকেন্দ্রিক দৃষ্টিভঙ্গীর কারণে তিন পর্বে দেশের ইতিহাস লেখা হয়েছে; তার অনুকরণে সাহিত্যের ইতিহাসও তিন পর্বে লিখিত হয়েছে। আমি এখন বেশ জোর দিয়েই বলি, প্রাচীন ও মধ্যযুগের এই ভাগটা সাহিত্যের ইতিহাসে অন্তত অচল। আমরা ভাষার ইতিহাসেও এটা রেখে দিয়েছি। কিন্তু আমার মনে হয়, পরবর্তী কোনো ইতিহাসবিদ প্রমাণ বার করে দেখাবেন, যাতে এই ভাগটা থাকবে না।বলা হতো, চর্যাপদের পরে অনেক কাল পর্যন্ত সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায় না। তাকে বলা হয়েছে অন্ধকার যুগ। তার পরে মধ্যযুগ। এখন নবচর্যাপদ ইত্যাদির আবিষ্কার হওয়ার ফলে অন্ধকার যুগের ওপর আলো পড়েছে। দেখা যাচ্ছে চর্যাপদের পরে একটা ধারাবাহিকতা ছিল। তাহলে তো মধ্য আর প্রাচীন যুগভাগটা থাকছে না। সুকুমার সেনও কিন্তু মধ্য ও প্রাচীন ভাগ করেননি। উনি ছাপাখানার আগে পর্যন্ত পুরো সাহিত্যকে একটা পর্বে দেখেছেন। আমিও সেটি করার চেষ্টা করেছি। কিন্তু উনি কখনো বলেননি যে মধ্যযুগ ব্যবহার করা উচিত না। আমি বলেছি। কিন্তু এই ইতিহাসে আমি অনেককে নিয়ে কাজ করছি। কাজেই আমার পক্ষে ঠিক এ কথাটা অতটা জোর দিয়ে বলা সম্ভব হয়নি। কারণ অনেকে মধ্যযুগের অস্তিত্ব মানেন। যেমন ওয়াকিল আহমদের বইতে উনি চর্যাপদকেও মধ্যযুগের অন্তর্ভুক্ত করেছেন। এঁরা আমার কন্ট্রিবিউটর। কিন্তু আমার পুরো পরিকল্পনার মধ্যে এ ব্যাপারটা দেখা যাবে। আমি যখন সময় ধরে ভাগ করছি, তখনই বোঝা যায়, আমি প্রাচীন-মধ্যযুগের ভাগে যাচ্ছি না।জাফর: এই বইয়ের লেখকেরা কি নিজেদের দৃষ্টিভঙ্গী অনুযায়ী লিখেছেন, নাকি কিছু বিষয়ে বিশেষ কিছু সম্পাদকীয় মতামত ছিল?আনিসুজ্জামান: আমরা লেখকদের মোটামুটি স্বাধীনতা দিয়েছি। আর সম্পাদনার সময়ে তাঁদের কিছু কিছু কথা হয়তো আমি বাদ দিতে বাধ্য হয়েছি। দ্বিতীয় খণ্ডের পরিশিষ্টে বিভিন্ন কবিদের কাল সম্পর্কে বিতর্কের দিকটা আমি তুলে ধরেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত দিইনি। আমি চাইনি, আমার কোনো লেখকের মতামতের সঙ্গে সম্পাদকীয় মতামতে বিরোধ প্রতিফলিত হোক। কিন্তু তর্কটা তুলে দেওয়ার ফলে আশা করছি, অন্যরা যৌক্তিক সিদ্ধান্ত করে নিতে পারবে। পরিশিষ্টে আমি নিজের নাম ব্যবহার করিনি, ‘প্রধান সম্পাদক’ হিসেবেই কাজটা করেছি।জাফর: কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নানা মত আছে, যেমন চর্যাপদের সময়কাল, এর ভাষা বাংলা কিনা, বাংলা হলে কতটা বাংলা?আনিসুজ্জামান: আহমদ শরীফ তাঁর বইতে যতটা প্রবলভাবে চর্যাপদের ওপর বাংলার দাবিকে উপেক্ষা করেছেন, আমার বইতে তাঁর লেখায় কিন্তু সে রকম করেননি। আমি আহমদ শরীফের সঙ্গে বসে আলোচনা করে তাঁকে একটা জায়গায় নিয়ে এসেছি।জাফর: প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণকে বলা হয়েছে, পাঠ্যপুস্তক সংস্করণ। প্রথম খণ্ডের কি আরেকটা সংস্করণ আছে?আনিসুজ্জামান: এটা বাংলা একাডেমীর একেবারেই প্রশাসনিক ব্যাপার। আরেকটা সংস্করণ আসলে নেই। তাই এটা একটু বিভ্রান্তিকরও হয়েছে। আমার যে ভূমিকা প্রথমে তার নাম দিয়েছিলাম পুনর্মুদ্রণের ভূমিকা। পরে দেখলাম, এটাকে বলা হচ্ছে পাঠ্যপুস্তক সংস্করণ। কাজেই সেটা ব্যবহার করলাম।জাফর: এটা কি আপনার সঙ্গে আলাপ করে করা হয়েছিল?আনিসুজ্জামান: ব্যাপারটা বলি। এই খণ্ডটা ছাপার টাকা এসেছে পাঠ্যপুস্তক বিভাগের বরাদ্দ থেকে। পাঠ্যপুস্তক বিভাগের টাকা, কাজেই পাঠ্যপুস্তক সংস্করণ। এটা না বললেও হতো। পাঠ্যপুস্তক বিভাগ থেকে বেরোচ্ছে, এটুকুই বলা যথেষ্ট, তার জন্য পাঠ্যপুস্তক সংস্করণ বলতে হবে না। প্রথম খণ্ড প্রথমে বেরিয়েছিল গবেষণা বিভাগ থেকে। পাঠ্যপুস্তক সংস্করণ বলায় লোকের মনে হতে পারে, একটা অন্য সংস্করণও আছে। এটা বিভ্রান্তিকর হয়েছে।জাফর: এ বইয়ের ভাষা অনেক ক্ষেত্রে পাঠককে খুব আকর্ষণ না-ও করতে পারে। আপনার কী মনে হয়?আনিসুজ্জামান: সেটা সত্যি। তবে মুশকিল হচ্ছে, এ ধরনের বই সাধারণ পাঠককে কখনোই আকৃষ্ট করে না। সবাই তো এক রকম রীতিতে লেখেন না। এ ধরনের সহযোগিতামূলক বা সমবায়মূলক কাজে এ সমস্যা রয়ে যায়। ভুল না থাকলে আমার পক্ষে অন্যের ভাষার ওপরে কলম চালানো সংগত হতো না।জাফর: প্রধান সম্পাদক হিসেবে এই বই নিয়ে আপনার প্রত্যাশা কী?আনিসুজ্জামান: বইটা নিয়ে কিছু আলোচনা হয়তো হবে। আমি চাইব যে পশ্চিমবঙ্গেও যাঁরা সাহিত্যের ইতিহাস নিয়ে কাজ করেছেন বা এ বিষয়ে আগ্রহী, তাঁরা বইটি যাচাই করে দেখুন। আমি চেষ্টা করেছি উপাদানের দিক থেকে যেন কিছু বাদ না যায়। যদি কখনো আমার মনেও থাকে যে কোনো একজন লেখকের প্রসঙ্গটা এই খণ্ডে আনা বোধ হয় সংগত নয়, সেখানে পরিশিষ্ট দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কোনো একটা ধর্মান্দোলন বা সাহিত্যের কোনো একটা রূপকে প্রাধান্য না দিয়ে যতটা সম্ভব সমতা বিধানের। যদি কোনোটার প্রাধান্য থাকেও, সেটা যেন বিষয়টার ব্যাপ্তির জন্য হয়, জনপ্রিয়তার জন্য হয়। পদাবলির জন্য যদি আমি একটু বেশি জায়গা দিয়ে থাকি, তাহলে সেটা এ জন্য যে, পদাবলি অনেক জনপ্রিয় ছিল।জাফর: দ্বিতীয় খণ্ডে প্রকাশকাল দেখতে পাচ্ছি ২০০৮। মনে হয় বইটা অনেক পরে বেরিয়েছে?আনিসুজ্জামান: বাস্তবিকই বেরিয়েছে পরে। বাংলা একাডেমী ওদের প্রশাসনিক, আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদির কারণে ২০০৮ দেখিয়েছে। বইয়ের কাজ ২০০৯-এ হয়ে গিয়েছিল। কিন্তু এই দুই খণ্ডেরই নির্ঘণ্ট তৈরিতে অনেক সময় লেগে গেল। বইটা বেরোল কার্যত ২০১০-এ।