
নজরুলের সঙ্গে ব্যক্তিগত পরিচয় যাঁদের হয়েছিল, তাঁদের অনেককেই কবি প্রভাবিত করেছিলেন। আবেগপ্রবণ, প্রেমিক, বিদ্রোহী এই কবিকে নানা জনের স্মৃতিতে পাওয়া যায়। কবির ১১৭তম জন্মবার্ষিকীতে জেনে নেওয়া যাক সমসাময়িক কয়েকজন সাহিত্যিক তাঁকে কেমন দেখেছিলেন।
১৯৩৯ সালের অক্টোবর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মন সেদিন খুব খারাপ, তাঁর কয়েক মাস বয়সী ছেলে সেদিন দুপুরে মারা গেছে। তারাশঙ্কর বিকেলে নলিনীকান্ত সরকারের একটি টেলিগ্রাম পেলেন, নলিনী ও নজরুল রাতে বাড়িতে আসছেন।
রাতে তাঁরা এলেন। পরদিন বিকেলে নজরুল ধ্যানে বসলেন। অনেকক্ষণ ধরে ধ্যান করছেন, শরীর বেয়ে ঘাম ঝরছে। যখন ধ্যান সেরে উঠলেন, চোখ দুটি জবাফুলের মতো লাল। সে অবস্থাতেই একটি গান লিখলেন, তাতে সুর দিয়ে সবাইকে গেয়ে শোনালেন। সন্ধ্যা থেকে বসল গানের আসর। চলল রাত দুইটা পর্যন্ত। একনাগাড়ে নজরুল গেয়ে গেলেন গজল ও শ্যামাসংগীত। আশ্চর্য এক পরিবেশে অনেক লোক সেদিন নজরুলের গান শুনেছিলেন। তারাশঙ্করও মোহিত হয়ে শুনেছিলেন সে গান।
প্রায় ৩০ বছর পর তারাশঙ্কর লিখেছিলেন সেদিনের কথা, ‘আমাদের হৃদয়ের সন্তানবিয়োগবেদনার নিঃশেষে উপশম হয়েছিল এমন কথা বলব না, তবে তার উপর যে তিনি (নজরুল) আনন্দ শ্বেতচন্দনের একটি স্নিগ্ধ-শীতল প্রলেপ বুলিয়ে দিয়ে এসেছিলেন, এ শতবার উচ্চকণ্ঠে ঘোষণা করে বলব।’
নজরুলের গানের স্মৃতিচারণা করেছেন আরও কয়েকজন সাহিত্যিক। ১৯২৮ সালের ফেব্রুয়ারিতে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর দ্বিতীয় বার্ষিক অধিবেশনে নজরুল ঢাকায় এসে উঠেছিলেন কাজী মোতাহার হোসেনের বাসায়। এক মাসের মতো ছিলেন। বড় মেয়ে শিল্পী যোবায়দা মির্যার বয়স তখন পাঁচ। নজরুল তাঁকে গান শেখাতেন। কাজী মোতাহার হোসেনও তখন গলা মেলানোর চেষ্টা করতেন।
অন্যদিকে জসীমউদ্দীনের স্মৃতি থেকে পাওয়া যায়, নজরুল একবার মহাত্মা গান্ধীকে গান শুনিয়েছিলেন। ‘ঘোর ঘোর ঘোর ঘোররে আমার সাধের চরকা চরকা ঘোর’ গানটি শুনে মহাত্মা গান্ধী নাকি হেসে কুটিকুটি হয়েছিলেন।
প্রতিভা বসুর কাছে নজরুলের স্মৃতি মানেই হাতে হারমোনিয়াম, পাশে বাটা ভরা পান, ভাসা ভাসা গলায় আশ্চর্য সুর। তিনি আরও লিখেছেন, যখন গান গাইতেন, গানের সঙ্গে সঙ্গে নজরুলের সারা শরীর যেন তরঙ্গায়িত হতো। চোখের মণি জ্বলজ্বল করত। একই সঙ্গে মুখে হাসি ও গান এবং তা অনর্গল।
১৯৪৭ সালে আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় জীবনানন্দ দাশ স্মরণ করেছিলেন নজরুলকে। নজরুল তখন অসুস্থ, বাক্শক্তিরহিত। জীবনানন্দ লিখছেন, পনেরো-বিশ বছর আগেও নজরুলের সব কবিতাই তিনি পড়তেন। নজরুলের সদ্য প্রকাশিত কবিতায় তাঁর মনকে কৌতূহলী করে রাখত—কী বলতে চায় নজরুলের কবিতা?
নজরুলের কবিতায় জীবনানন্দ কী রকম প্রভাবিত হয়েছিলেন তার একটা উদাহরণ দেওয়া যাক। ১৯২৬-এ নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল ‘মানুষ’ কবিতাটি, ‘গাহি সাম্যের গান—/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ মাত্র এক বছরের ব্যবধানে প্রকাশিত জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক-এর একটি কবিতা এমন, ‘—নব নবীনের লাগি/ প্রদীপ ধরিয়া আঁধারের বুকে আমরা রয়েছি জাগি!’
শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, অচিন্ত্যকুমার সেনগুপ্তসহ অনেক সমসাময়িক সাহিত্যিকই কবির স্মৃতিচারণা করেছেন। আর তাতে ফুটে উঠেছে এক তেজোদীপ্ত পুরুষের ছবি, যার হৃদয় আবেগে মোড়ানো।