সমাধিক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অফিস থেকে ফেরার পথে হঠাৎ ঝড়বৃষ্টির কবলে পড়ল সুমন। হেঁটেই ফিরছিল সে, প্রতিদিনের মতো। এটা বৃষ্টির ঋতু নয়, যেকোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামার কথাও নয়। বর্ষাকালে একটা প্রস্তুতি থাকে এমন বৃষ্টির, এখন নেই, দৌড়ে যে একটু আশ্রয় নেবে কোথাও, তেমন ইচ্ছেও হলো না তার। কিন্তু সে হাঁটছিলও না, এক জায়গায় ঠায় দাঁড়িয়ে দেখছিল—দূর থেকে হেঁটে আসছে একটা মেয়ে। খুব চেনা ওই হাঁটার ভঙ্গি। একটু এলোমেলোভাবে পা ফেলে হাঁটা, যেন দ্বিধান্বিত, নিজের অজান্তেই ভেবে চলেছে—কোথায় পা ফেললে পথ ভুল হবে না! কিন্তু ভাবনা শেষ হওয়ার আগেই পা পড়ছে আপন নিয়মে, আবার সেই দ্বিধা, আবার সেই এলোমেলো পা ফেলা! হ্যাঁ, খুব চেনা ওই ভঙ্গি, কিন্তু চেনা যাচ্ছে না কেন? বৃষ্টিতে শাড়িটা ভিজে লেপ্টে আছে শরীরে, মাথায় ধরে রাখা ছাতাটা প্রায় নড়বড়ে হয়ে পড়েছে, ওটা যে আদৌ কোনো কাজে লাগছে তা-ও মনে হচ্ছে না, তবু সেটি গুটিয়ে রাখছে না মেয়েটি। যেন ওই নড়বড়ে বস্তুটিই তার একমাত্র অবলম্বন, তার আশ্রয়। হয়তো মানুষের কৌতূহলী চোখ থেকে নিজেকে আড়াল করাই তার প্রধান উদ্দেশ্য। মেয়েটির হাঁটার ভঙ্গি, শাড়ি পরার ধরন, আবছায়াভাবে দেখা মুখ, এত চেনা লাগছে কিন্তু ঠিক মনে পড়ছে না। বৃষ্টির তোড়ে একটু দূরে থাকা সবকিছু প্রায় ঝাপসা দেখাচ্ছে। ভালো করে দেখার জন্য চোখে-মুখে জমে থাকা পানি হাত দিয়ে মুছে নিলে সুমনের সামনে থেকে দৃশ্যপট পাল্টে যায়—নিজেকে সে আবিষ্কার করে গ্রামের পথে ঠায় দাঁড়িয়ে থাকা অবস্থায়। ছোটবেলা। রাস্তার পাশে ছোট্ট বাড়ি। একটা টিনের ঘরে নানা-নানি, ছোট খালা, মা আর সে—এই পাঁচজনের সংসার। বাবা যুদ্ধে গিয়েছিলেন, আর ফেরেননি। দাদার বাড়িতে আশ্রয় মেলেনি বলে নানা গিয়ে নিয়ে এসেছেন মাকে। সুমন তখন কোলের শিশু। দুই মামার বড়জন বিদেশে, আরেকজন আন্ডারগ্রাউন্ডে; দুজনেই নিরুদ্দেশ। সে এসব কিছু বোঝে না, তার ছোট্ট মাথায় এত কিছু ধরেও না। এই যে মা এখনো ফেরেনি, অথচ আকাশের ঘন মেঘ সন্ধ্যার আগেই অন্ধকার নামিয়ে এনেছে, এতেই তার অস্থির লাগছে। ঝোড়ো বাতাস। বড় বড় ফোঁটায় বৃষ্টি তুমুল ঝরছে। একটু আগে ধুলো উড়ছিল, বৃষ্টির তোড়ে ওড়াউড়ি থেমে গেছে, কিন্তু অন্ধকার ভাবটা কাটেনি। মা যে এখনো এল না! মনের চাপ সইতে না পেরে নানির নিষেধ অগ্রাহ্য করেই দৌড়ে গিয়ে রাস্তায় দাঁড়াল সুমন। পাকা রাস্তা নয়, কাঁচা। একটু বৃষ্টিতেই কাদা জমে যায়। এখনো জমেছে। এই পথেই মা আসবে, দু-মাইল দূর থেকে, হেঁটে হেঁটে। পথের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সুমন। রাস্তা ফাঁকা, জনশূন্য। এই ঝড়-বাদলে কে-ই বা বাইরে থাকে, কেনই-বা থাকবে? শূন্য রাস্তায় অনেকদূর পর্যন্ত চোখ চলে যায়, তবু মাকে চোখে পড়ে না। প্রতিদিন এই সময়েই মা আসে, কিন্তু আজকে এই ঝড়ের মধ্যে আসবে কীভাবে? রাত যে হয়ে এল, কোথাও আটকা পড়ল না তো! নানা দুর্ভাবনায় তার কিশোর মস্তিষ্কে ঝড় ওঠে। মা চাকরি করে। হাসপাতালে। ডাক্তার নয়, স্বাস্থ্যকর্মী। একসময় গ্রামে গ্রামে ঘুরে কাজ করতে হতো। বাচ্চাদের টিকা-ইনজেকশন দেওয়া, পোয়াতি মেয়েদের পরামর্শ দেওয়া, এই সব। এখন হাসপাতালে বসেই কাজ করে, আর পুরুষ স্বাস্থ্যকর্মীরা গ্রামে যায়। সদাশয় মেডিকেল অফিসার দয়াপরবশ হয়ে মাকে গ্রামের পথে পথে ঘোরার ঝামেলা থেকে মুক্তি দিয়েছেন। এই নিয়েও কত কথা! গ্রামে নোংরা মনের মানুষের অভাব নেই, ডাক্তার সাহেবের সঙ্গে মাকে জড়িয়ে নানান কু-কথা বলে। লোকজন নানা-নানিকে এসে দোষারোপ করে, মেয়েকে আবার বিয়ে দেওয়ার পরামর্শ দেয়, ‘ভালো’ পাত্রের সন্ধান দেয়! সুমনকে যেন এসব কথা শুনতে না হয় সে জন্য নানা-নানির চেষ্টার শেষ নেই, কিন্তু লোকজন যেন এককাঠি সরেস, তাকে শুনিয়ে শুনিয়েই বলে। আহ, ছোটবেলা! ভীতিকর, বিভীষিকাময় ছোটবেলা! মায়ের আসতে দেরি হচ্ছে দেখে অস্থির লাগে, কত কথা না আবার শুনতে হয় মাকে! বিকেলে ছুটি হয়। দু-মাইল দূরের হাসপাতাল থেকে হেঁটে আসতে সন্ধ্যা ঘনায় প্রায় প্রতিদিন। সেই হিসেবে আসার সময় পেরিয়ে যায়নি এখনো, তবু দুশ্চিন্তা হচ্ছে। আজ যে ঝড়-বাদলের দিন, আজ যে দুর্যোগের দিন! এত কাদা-পানি ভেঙে মা আসবে কীভাবে? এগিয়ে যাবে নাকি সে? গেলে মা যদি বকে? ভাবতে ভাবতেই সে দ্যাখে মা আসছে। মাথার ওপর ধরে রাখা ছাতাটার অবস্থা করুণ, তবু হাতেই ধরা। শীত-গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-বসন্ত—সব ঋতুতেই মায়ের ব্যাগে ছাতা থাকে। সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যা, রোদে-ছায়ায়-বৃষ্টিতে, মানে সব-সময়ই ছাতা আগলে ধরে পথ চলে মা। অনেক পরে বুঝেছে সুমন, মা আসলে মানুষের চোখ থেকে নিজেকে আড়াল করতে চাইত। কেন চাইত? কিসের এত সংকোচ ছিল তার, কিসের লজ্জা? কথাটি কোনো দিন জিজ্ঞেস করা হয়নি। দূর থেকে মাকে দেখে দৌড় লাগাল সুমন, আর ওভাবে পাগলের মতো ছেলেকে ছুটে আসতে দেখেই হয়তো, ছাতা গুটিয়ে দুহাত সামনে বাড়িয়ে দাঁড়িয়ে পড়লেন আফরোজা বেগম, সুমন গিয়ে ঝাঁপিয়ে পড়ল তাঁর বুকে। শক্ত করে ছেলেকে বুকে চেপে ধরে তিনি বললেন—

বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছিস কেন?

তোমার জন্য, মা।

আহারে আমার বাবা! আমার সোনামানিক।

তারপর কপালে, গালে, গলায় চুমু দিতে দিতে বললেন, যা ভয় পেয়েছিলাম, আরেকটু এগিয়ে গিয়ে মাকে নিয়ে আসতে পারলি না!

যেতেই তো চেয়েছিলাম। তুমি যদি বকো...

দূর বোকা! তুই আমার বাবা না? মেয়ের বিপদে বাপ এগিয়ে গেলে মেয়ে বুঝি বকে? চল যাই, বাড়ি যাই। বৃষ্টি দেখে ডিম কিনে এনেছি। আজকে গরম ডিম ভেজে খিচুড়ি খাব। ঠিক আছে?

মায়ের বুকের ওমে, সম্ভাব্য ডিমভাজা আর খিচুড়ির গন্ধে তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। আহ ছোটবেলা! ডিম ভাজা আর খিচুড়ি নামক ভালো খাবারের উৎসবমুখর বৃষ্টিভেজা ছোটবেলা! শীত-শীত শরীরে মায়ের বুকের ওম মেখে উষ্ণ হয়ে ওঠার মধুময় ছোটবেলা! সে হয়তো হারিয়েই গিয়েছিল, আর তখনই তার সংবিৎ ফেরে হঠাৎ ডাকে—

অ্যাই সুমন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কী করছ?

সুমন এবার বাস্তবে ফেরে, দ্যাখে, সামনে এসে দাঁড়িয়েছে যে মেয়েটি সে তার এককালের সহপাঠী-বন্ধু দীপা। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাঁচজন বন্ধুর এক চমৎকার গ্রুপ ছিল তাদের, দীপা তাদেরই একজন। নিজেদের মধ্যে কোনো আড়াল ছিল না তাদের, যেকোনো কথা বলা যেত, যেকোনো চিন্তা বিনিময় করা যেত, যেকোনো সুখ বা দুঃখ বিনিময় করে নেওয়া যেত।

দীপাকে দেখে এতকাল পরও বুকের ভেতর শিরশির করে ওঠে সুমনের, ঠিক যেমন উঠত বিশ-বাইশ বছর আগে—যদিও কোনো দিনই সে কথা জানানো হয়নি। সাহসই হয়নি আসলে। অথচ কী সূক্ষ্মভাবেই না ওকে পর্যবেক্ষণ করত সে, হয়তো সে জন্যই হাঁটার ভঙ্গি, শাড়ি পরার ধরন সব মনে আছে। অবশ্য এর মধ্যে দেখা হয়েছে অনেকবার, নানা আড্ডায়-আয়োজনে-উপলক্ষে। তবু সব সময়ই ওকে দেখে মনে হয়, এই প্রথম দেখলাম!

দীপার প্রশ্নের উত্তর এড়িয়ে সুমন হেসে বলে, ও তুমি! সে জন্যই তো এত চেনা চেনা লাগছিল!

মানে? তুমি আমাকে আগে চিনতে পারোনি?

উঁহু। চেনা চেনা লাগছিল, কিন্তু...

পাগল নাকি? তাহলে হাঁ করে তাকিয়ে ছিলে কেন?

হাঁ করে ছিলাম নাকি?

অবশ্যই হাঁ করে ছিলে। সে জন্যই তো এগিয়ে এলাম!

সুন্দরী মেয়েদের দিকে ওভাবে তাকিয়ে থাকলে দোষ হয় না!

ওরে আমার রঙ্গরে! ঢং করার আর জায়গা পাও না!

তা পাব না কেন? এই যে তোমার কাছে পেলাম!

ফাজলামো কোরো না। বলো, আমাকে চিনতে পারোনি কেন?

কেন যে পারিনি, বুঝতে পারছি না। তুমি যে এ রকম ঝড়বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আসতে পারো, ভাবতেই পারিনি।

তাই বলে চিনতে পারবে না? আমি কি খুব বদলে গেছি?

নাহ। আগের মতোই সুন্দর আছো।

আগের মতো মানে?

মনে হচ্ছিল চব্বিশ-পঁচিশ বছরের সেই দ্বিধা-জর্জরিত মেয়েটি, বহু বছর আগে যাকে রেখে এসেছিলাম ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গণে।

ও মা! কবিদের মতো কথা বলছ দেখছি!

সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার সময় সব পুরুষই একটু কবি হয়ে যায়! বেশি সুন্দর লাগছিল বলে হয়তো চিনতে পারিনি। বয়স তো কম হলো না আমাদের! চল্লিশ ছাড়িয়েছি সেই কবে! তোমার বয়স বাড়ে না কেন, দীপা?

দীপা দুষ্টুমির ধারেকাছে গেল না, একটু চিন্তিত গলায় বলল—

উঁহু। অন্য কিছু। তুমি একদৃষ্টিতে তাকিয়ে ছিলে। অনেকক্ষণ ধরে। অনেক দূর থেকে আমি খেয়াল করেছি। অমন করে তাকিয়ে ছিলে কেন? কখনো তো এভাবে দ্যাখোনি!

বলব। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো!

কী প্রশ্ন?

তুমি নিজেকে এখন এত আড়াল করে রাখো কেন?

মানে?

মানে নিজেকে লুকিয়ে রাখো কেন?

মানে কী? আড়াল করে রাখা, লুকিয়ে রাখা—এসব কী বলছ?

এই যে মাথার ওপর একটা ছাতা ধরে...

ও মা! বৃষ্টি হলে ছাতা ধরব না!

বৃষ্টিতে ভিজবে বলে গাড়ি ছেড়ে দিয়েছ, আবার মাথার ওপর ছাতা ধরে রেখেছ! অদ্ভুত না ব্যাপারটা?

হুঁ, তা একটু অদ্ভুতই।

সারা বছরই তোমার ব্যাগে একটা ছাতা থাকে, তাই না?

হ্যাঁ, থাকে।

শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই ছাতা ব্যবহার করো, না?

হ্যাঁ, করি। তুমি জানলে কীভাবে? গোয়েন্দাগিরি করো নাকি?

নাহ। তোমাকে নিয়ে গোয়েন্দাগিরি করে কী লাভ?

তাহলে? জানলে কীভাবে?

আগে তো এ রকম করতে না! এখন করো কেন?

ছাতা ইউজ করা কি এমন কোনো বিশেষ ব্যাপার?

না, ঠিক তা নয়। আগে এ রকম করতে না, এখন নিজেকে আড়াল করো, তাই বললাম।

আড়াল? আড়াল করি?

করো না?

কী জানি! হয়তো করি।

কেন করো?

হয়তো করতে ভালো লাগে।

কেন লাগে? তুমি এত সুন্দর একটা মেয়ে...

কী আর বলব! আমি একটা ডিভোর্সি মেয়ে। দেখতে সুন্দর। লোকজন ভাবে আমি শরীরভরা আগুন নিয়ে কোথায়-কোথায় কি-না-কি করে বেড়াচ্ছি!

তোমাকে কেউ বলেছে? নাকি মনগড়া কথা বলছ?

না, সরাসরি তো বলে না। আকার-ইঙ্গিতে বলে আরকি! বয়স তো আর সত্যিই কম নয়, অভিজ্ঞতাও কম নয়। ওসব বুঝি।

সুমন একটু আনমনা গলায় বলল, তোমাকে ও-কথা জিজ্ঞেস করেছিলাম কেন জানো?

কেন?

আমার মা-ও এ রকম আড়াল নিয়ে থাকতেন। ছাতা মাথায় দিয়ে তোমার হেঁটে আসা দেখে সেই কথা মনে পড়েছিল আমার। সে জন্যই ওরকম তাকিয়ে ছিলাম।

ও! মা-ও এ রকম করতেন!

হুঁ।

তাঁর ব্যাপারটা অবশ্য আলাদা। তিনি তো আর ডিভোর্সি ছিলেন না। স্বামীকে হারিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে। কত গৌরবের একটা ব্যাপার!

তোমার কাছে গৌরবের মনে হচ্ছে। কিন্তু সেই দিনগুলো কী যে কষ্টে কাটিয়েছেন তিনি! আমার ছোটবেলা খুব একটা সুখের ছিল না দীপা।

হ্যাঁ, জানি।

দীপার মুখটা মলিন হয়ে গেল। পুরোনো দিনের কথা মনে পড়ছিল সুমনের। কী যে ভালো লাগত দীপাকে! উচ্ছল-প্রাণবন্ত একটা মেয়ে। সবকিছুতে সক্রিয়। পড়াশোনায় ভালো, আবার রাজনীতি করে বেড়াচ্ছে, গান-আবৃত্তি-পথনাটক ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সোৎসাহে অংশ নিচ্ছে। সর্বদা ব্যস্ত, কর্মমুখর। অবশ্য সুমনকে দীপা আকর্ষণ করত অন্য কারণে। ওর ছিল অসম্ভব সুন্দর একটা মন, মানুষের জন্য তার হৃদয়ে ছিল এক অনিঃশেষ মমতা, ছিল ভালোবাসা। নেতিবাচক কথাবার্তা সে পছন্দ করত না—নিজে যেমন বলত না, শুনতেও চাইত না। মানুষকে মনে করত অপরিমেয় সম্ভাবনাময় প্রাণী, মানুষের প্রতি অগাধ আস্থা ছিল বলে একটা অপূর্ব আশাবাদ তার মনে অনির্বাণ প্রদীপ হয়ে জ্বলত। সুমন ছিল ঠিক এর উল্টো, ঘা খেতে খেতে মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল সে, নৈরাশ্যপীড়িত হয়ে উঠেছিল মন, তারপর এসব কিছুকে অনিবার্য বাস্তবতা বলে মেনে নিতে শিখেছিল। দীপার সেই আশাবাদের প্রদীপটি হয়তো এত দিনে নিভে গেছে। আজকের কথাবার্তায় অনেকখানি হতাশার সুর, অনেকটুকু ক্লান্তি।

আচ্ছা, কী হতে পারত, যদি সেই দুরন্ত যৌবনবেলায় সে দীপাকে সাহস করে বলেই ফেলত তার প্রেমের কথা? পরমুহূর্তেই সুমনের মনে হলো—এ-ই ভালো হয়েছে। তখন বললে কী হতো, বলা যায় না। প্রেম হতেও পারত, না-ও হতে পারত, হলেও বিয়ে পর্যন্ত গড়াত কি না সন্দেহ। বিয়ে হলেও সম্পর্কের এই মাধুর্যটি নষ্ট হয়ে যেত। জটিল এক জীবন তার, অনেক উত্থান-পতন, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক ঘটনা-দুর্ঘটনা, অনেক বিপর্যয়—এসব পেরিয়ে আজ সে যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে আসতে বহু রক্তক্ষরণের স্মৃতিচিহ্ন রয়ে গেছে। বড় ক্লান্তিকর ছিল সেই যুদ্ধ, বড় বেদনাময়। জীবনসঙ্গী হলে দীপাকেও সেই চিহ্নগুলো বহন করতে হতো। শূন্যেরও অনেক পেছন থেকে জীবন শুরু করেছিল সে, শূন্যে পৌঁছাতেই জীবন অর্ধেক পার হয়ে গেছে। দীপার মতো উজ্জ্বল একটা মেয়েকে কি প্রেমের কথা বলা সাজে, তার মতো দীনহীন মানুষের? গণ্ডগ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে সে, পথ চলতে হয়েছে নানা রকম গ্লানি আর বেদনার ভেতর দিয়ে, অভাব আর দারিদ্র্যের ভেতর দিয়ে, শঙ্কা আর অনিশ্চয়তার ভেতর দিয়ে। বাবার কথা তার মনে নেই, কিন্তু মায়ের যে জীবন সে দেখেছে এবং নিজ কানে শুনেছে তার ক্ষত এখনো শুকোয়নি। অকাল বৈধব্য তার রূপবতী মাকে উপহার দিয়েছিল নানা বিপদ ও বিপর্যয়, লোকনিন্দা আর নিরাপত্তাহীনতা। হাসপাতালের ডাক্তারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মনগড়া আজেবাজে কথা বলে বেড়াত লোকজন। দিনদুপুরে অজস্র লোকের আনাগোনার মধ্যে মায়ের চাকরি, কোনো দিন সন্ধ্যা করে বাড়ি ফেরেননি, তাদের বাড়িতে কোনো দিন কোনো ডাক্তারকে আসতে দেখা যায়নি, তবু লোকজন যে কেন এসব কথা বলত—এখনো সে বুঝে উঠতে পারেনি। নানা ছিলেন স্কুলশিক্ষক, সংসারে সচ্ছলতা ছিল না তাঁর, ছেলেরা থেকেও নেই, আর ওদিকে চারপাশের মানুষ তাঁকে একেবারে পাগল বানিয়ে তুলেছিল মেয়েকে আবার বিয়ে দেওয়ার জন্য। সোমত্ত মেয়ে, দেখতেও সুশ্রী, এই মেয়েকে কি এভাবে ঘরে রাখা যায়? এসব দেখে দেখে বড় হয়েছে সুমন।

দীপার সঙ্গে প্রেম বা দাম্পত্য সম্পর্ক রচিত হয়নি বলে তাই তার দুঃখ নেই, বেদনা নেই; হয়তো বুকের ভেতরে কোথায় যেন একটা হাহাকার আছে, এটুকুই।

তবে, সব মিলিয়ে সুমন নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট নয়। যে জীবন পেয়েছে, সে তাতেই সুখী, দারুণ সুখী। এতখানি পাওয়ার কথা সে কল্পনাও করেনি। গভীরভাবে ভেবে দেখেছে সুমন, সে যেখানে এসেছে সেখানে তার আসার কথাই ছিল না। তার অবস্থাও হতে পারত সিদ্দিকের মতো। তারই গ্রামের আরেক শহীদ মুক্তিযোদ্ধা রতনের সন্তান সিদ্দিক। রতন নিতান্তই দরিদ্র পরিবারের যুবক, একমাত্র উপার্জনক্ষম মানুষ। বুড়ো বাপ-মা, বউ আর ছোট্ট সন্তান নিয়ে তার দারিদ্র্যপূর্ণ জীবনযাপন। তবু সে যুদ্ধে গেল এবং আর ফিরল না। রতনের বাবাকে শেষ জীবনে ভিক্ষার ঝুলি নিয়ে পথে নামতে হয়েছে, তার স্ত্রী বাকি জীবন পার করেছে ঢাকায়, মানুষের বাসায় গৃহকর্মী হিসেবে। আর সিদ্দিক—বাবা নেই, মা শহরে বুড়ো দাদার সঙ্গে ঘুরে বেড়াত এগ্রাম থেকে ওগ্রামে। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনো বাড়তি মনোযোগ পায়নি কখনো সে, বুড়ো বাপটিও পায়নি কোনো সম্মান। বড় গ্লানিময় সময় ছিল সেটি, বড় অবহেলার। আজকে, এই এত দিন পর, শহুরে মানুষজন যত কথাই বলুক মুক্তিযুদ্ধ নিয়ে, রতনরা রয়ে গেছে ইতিহাসের আড়ালে। হয়তো কোনো দিনই তাদের কথা জানবে না কেউ। তার অবস্থা তো ওরকম হতেই পারত! কোন ভাগ্যে যে সে পড়াশোনার সুযোগটুকু পেয়েছিল, নইলে পড়ে থাকতে হতো ওখানেই।

স্কুল-কলেজ পেরিয়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলো সুমন, তার বন্ধুত্ব গড়ে উঠল কয়েকজন সহপাঠীর সঙ্গে। প্রথমদিকে নিজের সম্পর্কে সুমন কিছুই বলত না, কিন্তু ঘনিষ্ঠতা জন্মানোর পর সে যখন জানায়—তার বাবা যুদ্ধের সময় মারা গেছেন, তার বন্ধুরা কৌতূহলী হয়ে ওঠে। পরিচয় পাওয়ার পর থেকে বন্ধুরা যেন তাকে আগলে রেখেছে। কখনো এতটুকু বিপদে পড়তে দেয়নি, এতটুকু ঝামেলায় পড়তে দেয়নি। এই বন্ধুরাই তাকে এক জটিল মানসিক সংকট থেকে মুক্তি দিয়েছিল। ছোটবেলা থেকে যে অপমানের ভেতর দিয়ে সে বড় হয়ে উঠছিল, তাতে তার একরকম বদ্ধমূল ধারণা জন্মেছিল যে এই দেশের জন্য বাবার প্রাণ দেওয়া একেবারে বৃথা গেছে, নিছক অপচয়। গর্ব করা তো দূরের ব্যাপার, বাবার অনুপস্থিতিতে মায়ের এই দুর্দশা তার মনকে ক্রমশ তিক্ততায় ভরে তুলেছিল। বন্ধুরা সেই তেতো অনুভূতিকে বদলে দিয়ে তার মনকে মাধুর্যে ভরে দিয়েছে।

এই বন্ধুদের কাছেই একটা গভীর অপূর্ণতার কথা বলেছিল সুমন। বাবাকে সে দেখেনি, কোনো দিন বাবা বলে ডাকার সুযোগ পায়নি, তার কোনো বাড়িঘরও নেই, এসব কিছুই সে মেনে নিয়েছে। কিন্তু একবার, জীবনে অন্তত একবার সে বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াতে চায়। কিন্তু কবরটা সে খুঁজবে কোথায়? আদৌ কি কবর পেয়েছিলেন তিনি নাকি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তাঁকে? নাকি কোনো গণকবরে পুঁতে রাখা হয়েছিল তাঁর ক্ষতবিক্ষত দেহটি? এসব ভাবলেই সুমনের সবকিছু এলোমেলো হয়ে যায়। বন্ধুরা মিলে কতভাবে যে কবরটা খুঁজে বের করার চেষ্টা করেছে! পারেনি। তবু হাল ছাড়েনি সুমন। বিশেষ করে হেমন্তকাল এলেই তার আবার খুঁজতে বেরিয়ে পড়ার ইচ্ছা জাগে। এই ঋতুটি বড় প্রিয় সুমনের, বড় আপন আপন লাগে সবকিছু। এমনই এক হেমন্তের শুরুতে, অনেক বছর আগে, নভেম্বরের শেষদিকে বাবার মৃত্যুর খবর এসেছিল মায়ের কাছে। এই ঋতুটি এলেই সুমনের মনে হয়—শিশিরভেজা মায়াময় এই দেশেরই কোনো এক অজানা প্রান্তে বাবা ঘুমিয়ে আছে চিরকালের জন্য। হয়তো সারা জীবনই সে কবরটা খুঁজবে। হয়তো পাবে, হয়তো পাবে না। না পাওয়ারই কথা। কেউ তো আর চিহ্ন দিয়ে রাখেনি! এতকাল পর কীভাবে তার খোঁজ পাওয়া সম্ভব? আর না পেলেই-বা কী? পুরো দেশটিই তো এক বিশাল সমাধিক্ষেত্র। তিরিশ লাখ শহীদের পবিত্র রক্তে স্নান করেছে এই দেশ। আলাদাভাবে বাবার কবর খুঁজে না পেলে কীই-বা যায় আসে?