সমৃদ্ধ ঐতিহ্যের চমৎকার চিত্রায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকার বর্ণিল জগৎ​
নৌকার বর্ণিল জগৎ​

পৃথিবীতে এখন পর্যন্ত যত নৌকা পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে পুরোনো নৌকাটি খ্রিষ্টপূর্ব ৮০০০ সালে নির্মিত হয়েছিল। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব ঐতিহাসিক রেকর্ড পাওয়া গেছে, তাতে বোঝা যায়, পৃথিবীর সবচেয়ে পুরোনো ভেলাটি আরও অনেক আগেই তৈরি হয়েছিল। আসলে এই ভেলাই হচ্ছে মানুষের ব্যবহৃত সবচেয়ে পুরোনো যানবাহন। চাকা আবিষ্কারের আগে আমাদের পূর্বপুরুষেরা জলপথে দূরত্ব অতিক্রমের জন্য ভেলাই ব্যবহার করতেন। এরপর যখন নৌকা আসে, তখন তাঁরা আরও দূরত্ব অতিক্রম করার সুযোগ পান। ফলে তাঁদের চারপাশের জগৎটা দেখার সুযোগও বেড়ে যায়।
পানিতে ভাসমান কাঠ বা কলাগাছের গুঁড়ির কয়েক শতক পর আসে এই ভেলা, যেটা স্রেফ বাহন হিসেবেই গুরুত্বপূর্ণ ছিল না, এর মাধ্যমে যুদ্ধজয়ের সম্ভাবনাও বেড়ে যায়। এর মাধ্যমে একটি দেশ নিজ উপকূল থেকে অনেক দূর পর্যন্ত শাসন বিস্তৃত করতে পারে। নৌকার মধ্যে এর নির্মাতাদের নৌচালনাগত জ্ঞানের বহিঃপ্রকাশ যেমন ঘটে, তেমনি নৌকার নকশার মধ্যেও সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। বাংলাদেশের প্রচলিত বিভিন্ন ধরনের নৌকার দিকে খেয়াল করলেও এ কথার সত্যতা মিলবে। সে কারণে আমাদের জলপথের বিভিন্ন বাহনের নমুনা সংরক্ষণ করা উচিত, দেরি হেয়ে গেলে কিন্তু আর কিছু করা সম্ভব হবে না।
আমি জানি না, আমার পুরোনো বন্ধু এনায়েতউল্লাহ্ খান এই তাড়না বোধ করেই ফরাসি সমুদ্র অভিযাত্রী ইভ মারের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের নৌকার বিবর্তনের ওপর এই চমৎকার বইটি লিখেছেন কি না। আর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এই বইয়ের জন্য ছোট একটি মুখবন্ধ লিখে দেওয়ায় এটি আন্তর্জাতিক পরিসরে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। বইটির প্রধান পাঁচটি অধ্যায়ে বিষয়টিতে নানা দিক থেকে আলো ফেলা হয়েছে, যার মধ্যে আমাদের অঞ্চলের নৌ-পরিবহনের শুরুর দিকের ইতিহাস থেকে শুরু করে নৌপথের বিভিন্ন বাহন ও তাদের কারিগরি উৎকর্ষের সঙ্গে সৌন্দর্যের বিবরণ রয়েছে। এটা থেকে ভবিষ্যৎ প্রজন্ম বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এমনকি জলজীবনের সঙ্গে যে লোককাহিনির যোগ আছে, সেটাও আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় মনসামঙ্গল কাব্যের মধ্য দিয়ে। মনসামঙ্গলের গল্পে চাঁদ সওদাগর ও মনসা দেবীর মধ্যে দ্বন্দ্ব ও শেষমেশ বেহুলার জয় আমাদের এমন একসময়ে নিয়ে যায়, যখন সব গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটত নদী ও নৌকার ঘনিষ্ঠ সান্নিধ্যে।

>
বোট্স: এ ট্রেজার অব বাংলাদেশ
বোট্স: এ ট্রেজার অব বাংলাদেশ

বোট্স: এ ট্রেজার অব বাংলাদেশ
এনায়েতউল্লাহ্ খান ও ইভ মার
প্রচ্ছদ: এ আর কে রিপন ও মার্গারিট লেকোয়ান্থ
* প্রকাশক: কসমস বুকস, ঢাকা
* প্রকাশকাল: ডিসেম্বর ২০১৪ * ১৮০ পৃষ্ঠা
* দাম: ৬০০০ টাকা (৭৫ ডলার)।

বোট্স: এ ট্রেজার অব বাংলাদেশ বইয়ের যৌথ লেখক বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য জায়গার মানুষের গভীর প্রশংসা করতে ভোলেননি, যাঁরা নিরবচ্ছিন্নভাবে এ ক্ষেত্রে কাজ করে অর্থপূর্ণ ভূমিকা পালন করছেন। বইটির বিভিন্ন অধ্যায়ের ফাঁকে ফাঁকে আমরা তাঁদের মধ্যে কয়েকজনের রেখার সন্ধান পাব। একই সঙ্গে যাঁরা সারা জীবন নৌকা ও জলযান নিয়ে কাজ করেছেন, তাঁদের মতামতও জানতে পারব। নৌকার মিস্ত্রি ও কারিগরদের সাক্ষাৎকারও ছাপা হয়েছে এতে, যার মাধ্যমে আমরা নৌকা ও তার গুরুত্ব সম্পর্কে জানতে পারব। তা ছাড়া তাঁরাই হচ্ছেন সেই মানুষ, যাঁরা আমাদের নৌপথের যাতায়াতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, ফলে তাঁদের কথা জানলে আমরা নৌকা ও তার গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারব। কিন্তু বাস্তবতা হচ্ছে, নৌকা নিয়ে কথা বলার সময় আমরা সাধারণত তাঁদের কথা মনেই করি না।
ব্যাপারটা নিখাদ কাকতালীয় হলেও সত্য যে এই বইটা যখন আমার হাতে আসে, তখন আমি জাপানে সমুদ্রজীবন-বিষয়ক একটি জাদুঘর পরিদর্শন করি, যার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে নৌকা। নৌকাই হচ্ছে ওই জাদুঘরের প্রধান আকর্ষণ। সেখানে প্রাচীনকালের প্রায় ১০০ ধরনের মাছ ধরার নৌকার সংগ্রহ আছে। এগুলো জাপানের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। এই নৌকাগুলো দেখলে বোঝা যায়, তাদের কারিগরি দক্ষতা ও সৌন্দর্যই বা কেমন ছিল। জাদুঘরটিও খুব আকর্ষণীয়। কারণ, এর কাঠামোটি খুবই চমৎকার, যেটা আশপাশের পরিবেশের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।
ফলে এ বইটি পড়ার সময় মনে হলো, বাংলাদেশেও এমন একটি জাদুঘর তৈরি করা দরকার। যেখানে গেলে দর্শনার্থীরা নৌকা সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন, যেটা বহুদিন ধরে গাঙ্গেয় অববাহিকার মানুষের খুবই গুরুত্বপূর্ণ বাহন ছিল, যার মাধ্যমে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ করাও সম্ভব হবে। ভবিষ্যৎ প্রজন্ম সেখান থেকে জানার সুযোগ পাবে। এনায়েতউল্লাহ্ খান জানালেন, এ লক্ষ্য নিয়েই তাঁরা বইটি করেছেন, আর একটি কাঠামো নির্মাণের কাজও শুরু হয়েছে। কথা হচ্ছে, এককালে নৌকার বহুল প্রচলন এখন না থাকলেও এর ব্যবহার কিন্তু বাংলা থেকে উঠে যায়নি। বাংলার নদী-খালে এখনো নৌকার দেখা পাওয়া যায়।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন