প্রথমেই প্রথম আলোকে সাধুবাদ জানাই কোনো ব্যক্তি-লেখক নয় বরং লেখক রচিত বইকে পুরস্কৃত করার জন্য। ষষ্ঠবারে আমার রচিত বই বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য মননশীল শাখায় পুরস্কৃত করায় আজ আনন্দিত মনে আপনাদের একটি বিশেষ দিনের কথা জানাতে চাই। দীর্ঘ পনের বছরের সাধনা ও শ্রমের ভেতর দিয়ে যেদিন এই বইটি রচনার কাজ শেষ করি, সেদিন এর পাণ্ডুলিপি পরম আদরে বুকে আগলে ধরেছিলাম এবং আক্ষরিকভাবেই আমার দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। মনে মনে ভেবেছিলাম, কেউ কি মূল্যায়ন করবে রক্ত পানি করা এই বইকে? সেই বই পুরস্কৃত হওয়ায় সেদিনের শঙ্কা আজ মিথ্যে প্রমাণিত হলো। আমি আজ সবচেয়ে বেশি আনন্দবোধ করছি এ কারণে যে এ বইয়ের মধ্য দিয়ে আসলে সম্মানিত হলো এদেশের গ্রামাঞ্চলে প্রচলিত হাজার বছরের নাট্যধারা। গভীর শ্রদ্ধার সঙ্গে এ কথাও বলি, এ বইয়ের প্রচ্ছদপটে ও ভেতরে লেখক হিসেবে আমার নাম মুদ্রিত হলেও আমি এ বইয়ের একক রচয়িতা নই, এ বইয়ের রসদ গড়ে তুলেছেন মূলধারার গ্রামীণ মানুষেরা। আসলে এদেশের কোটি মানুষের ভক্তি-ভাব-সাহস হূদয়ে ধারণ করে—তাঁদের সঙ্গে একসাথে বসে এ বইটি রচনা করা হয়েছে। এবার পুরস্কৃত বই রচনার প্রেক্ষাপট নিয়ে কয়েকটি কথা বলি। বোধবুদ্ধি হবার পর থেকে গ্রামে গ্রামে গান আর অভিনয় দেখে আসছি। আর খাতা-কলম-টেপরেকর্ডার-ক্যামেরা নিয়ে গ্রামে গ্রামে গান-অভিনয়ের তথ্য সংগ্রহ করছি, সেও পনের বছর হলো। প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে ‘প্রণমহি বঙ্গমাতা’ শিরোনামে আমাদের গ্রামে-গ্রামান্তরে সচল সংস্কৃতিচর্চা নিয়ে লিখে আসছি এ পত্রিকার প্রায় জন্মলগ্ন থেকে। সেসব লেখা চারটি পর্বে ইতিমধ্যে বই আকারে প্রকাশিতও হয়েছে। আমার বিরুদ্ধে অনেকের একটি অভিযোগ ছিল যে, এসব লেখায় ভাববস্তুবিচার ও শৈলীবিচার নিয়ে কোনো কথা থাকে না। আমার এ বই লেখার পেছনে সেসব অভিযোগ কাজ করেছে। তবে এই বইয়ের বর্ণনাকাঠামো আমাকেই তৈরি করতে হয়েছে। কারণ গ্রামে গ্রামে ঘুরে এ জাতীয় বই রচনার দৃষ্টান্ত বাংলা ভাষায় বিরল। মাঠসমীক্ষণধর্মী এ জাতীয় বই প্রকাশ করার জন্য বাংলা একাডেমীর কাছেও আমি কৃতজ্ঞ। সবশেষে এ বইটির রচনাসূত্রে গ্রামে গ্রামে ঘুরে, জ্ঞান ও গানের আসরে মিশে আমি যা কিছু অর্জন করেছি, তার একটির কথা আজ এখানে উল্লেখ করতে চাই। গ্রামে গ্রামে ঘুরে এখন আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্মবাণী অন্তরে অনুভব করতে শিখেছি। এখন সম্ভবত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কথাটির অতল গভীরতার কিছুটা আমার উপলব্ধিতে এসেছে। কোথাও এখন এ গানটি শুনলে বা গাইতে গেলে আমার শরীরে কাঁপন ওঠে, আমার সমস্ত শরীরজুড়ে ভর করেন বঙ্গমাতা। আর ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’—গানের এই বাণীতে যখন এসে পৌঁছাই, আমার চোখ বেয়ে তখন অঝোরে গড়িয়ে পড়ে পানি। কেননা এসব কাজ করতে করতে বঙ্গমাতা আমার হূদয়ে আসন পেতেছেন। এখন তাই আমার মনে-প্রাণে এই কামনা, আমি যেন আমার জীবনীশক্তির সবটুকু এদেশের ভাষা, সংস্কৃতি ও মানুষের জন্য নিবেদন করতে পারি।জগতের সবার মঙ্গল হোক।