সময়
বাতাসের শরীরে পাঁচ হাজার বছর আগের কথা ধুতি পরে দাঁড়িয়ে আছে দশ হাজার বছর পরের কথার সঙ্গে মিলিত হবার কোমল ইচ্ছায়। মধ্যস্থতার টেবিলে শুধুই কালক্ষেপণ; অচেনা যুবক। শহর ঝুলছে সময়ের বারান্দায়। একদল পূর্বেকার কথা সুই-সুতায় মালা বানিয়ে অনর্গল শুনিয়ে যাচ্ছে সংসারে। হাততালি আর মুচকি হাসি দিয়ে স্বাগত জানায় সভাসদগণ।
এরপর আমরা হাতের সামনে থাকা সকল পুস্তক আগুনে পুড়িয়ে বারবিকিউ আয়োজন করলাম। পুড়তে থাকল মগজ আর সমালোচক; নগরে উঁচু ঢেউয়ের বিষণ্নতা। হিসাব শেষে দেখলাম শরীরে বহন করা হাড়ের বয়স পাঁচ হাজারের বেশি নয়!
তন্দ্রাচ্ছন্ন চোখে দেখি মায়ের কক্ষে যিনি বসে আছেন তিনি আমার মা নন। দশ হাজার বছর পরের একজন, না নারী না পুরুষ। বোধে চিমটি কেটে তপস্যার ঘুমে অনাহূত হাত টেনে বললাম, কেবল আমিই মধ্যযুগ।
অথচ আগের পাঁচ হাজার বছর আর পরের দশ হাজার বছরের জাঁতাকল আটকে থাকা আমরা নতুন করে শূন্যতাগুলো স্কেল দিয়ে মাপছি...