সময়-অসময়ের অসমাপ্ত গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পচর্চায় ‘নারী ও প্রকৃতি’ বিষয় হিসেবে অনেক রকম দৃষ্টিভঙ্গিতে ঐতিহাসিকভাবে স্থান পেয়েছে শিল্পীদের ক্যানভাসে। ইতিহাসের বিবর্তনে একটা পর্যায় থেকে পুরুষ শিল্পীরা ‘নারী’কে বিষয় করে প্রচুর ছবি এঁকেছেন সৌন্দর্যের প্রতীক হিসেবে, যার সঙ্গে যৌনতার যোগসূত্র রয়েছে। এটা একইসঙ্গে পুরুষের ক্ষমতা প্রদর্শনের সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রকাশও। তবে নারী শিল্পীরা পুরুষতান্ত্রিক সমাজের এমনতর দৃষ্টিভঙ্গিতেই আটকে থেকেছেন, অস্তিত্বের সংকটে কিংবা কখনো কখনো এর বাইরে বেরনোর চেষ্টা থেকেই ছবিতে তাদের বিষয় হিসেবে এসেছে ‘নারী’।শিল্পী জেবুন নাহার নাইম ‘নারী ও প্রকৃতি’র যে গল্প তৈরি করেছেন চতুর্থ একক প্রদর্শনী ‘সময়-অসময়ের গল্প’-এর বিবিধ ক্যানভাসজুড়ে, তা সম্পর্কিত হয়েছে পুরুষতান্ত্রিক প্রথাগত চারিত্রিক মঞ্চে। নারীর সুখ, ভাবনা-কল্পনা, বিরহ, একাকিত্বের যে স্বরূপ উদ্ঘাটিত হয়েছে শিল্পীর দর্শনে, তা আসলে প্রথাগতভাবে নারীকে বেঁধে দেওয়া জীবনের অলস ফ্যান্টাসি।‘সময়-অসময়ের গল্প’ বেশ কিছু ক্যানভাস নিয়ে করা সিরিজ, পৌনঃপুনিকতায় মাধ্যম হিসেবে ব্যবহূত হয়েছে ‘অ্যাক্রিলিক’। কম্পোজিশনে ঐক্য (ইউনিটি) লক্ষণীয়। রেখার ব্যবহারে ছন্দ পাওয়া যায়, যা বিষয়ের আকৃতির বহির্রেখা হিসেবে কাজ করেছে। চরিত্রের রিপিটেশন বিদ্যমান। ক্যানভাসে নারী চরিত্র এসেছে নারী ও প্রতিকৃতির মাধ্যমে, দেহের অংশ হিসেবে হাত গল্প গঠনে উপস্থিত। বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন দিকে তাকানো দৃষ্টি শান্ত অবয়বে কথা বলে। চোখের ড্রয়িং গঠনে প্রাচ্য রীতির বৈশিষ্ট্য দেখা যায়। এই নারী চরিত্র নির্মাণে শিল্পী নারীর সেনসুয়াল সৌন্দর্য ও হতাশা বা একাকিত্বকে রোমানিসিজমে ব্যাখ্যা করেছেন। ছবি নির্মাণের আনুষঙ্গিক চরিত্র হিসেবে পায়রা, চাঁদ, মোমবাতি, ফুল ইত্যাদি অর্থপূর্ণ উপায়ে এসেছে। প্রকৃতিকে পাওয়া যায় নিসর্গ চিত্রের ক্যানভাসে। নিসর্গের চিত্রে শিল্পী দিনের নির্দিষ্ট সময়কে, অর্থাৎ ওই সময়ের আলোর বিন্যাসে প্রকৃতির চিত্রকে ধরেছেন। ‘সোনালুর বন’ চিত্রে দেখা যায়, সোনালু ফুলের হলুদ ঝাড়ের সঙ্গে মিলেমিশে তিনটি বেগুনি রঙের মেয়ে দর্শকের দিকে চেয়ে। ‘বাঙলার গল্প’ ছবিতে লোকশিল্পের ডিজাইন ফর্ম নিয়েছেন রেখা ড্রয়িংয়ের প্রাধান্যে। রং হিসেবে বেগুনি, নীল শীতল রং ও লাল-হলুদের মতো উষ্ণ রঙের সাধারণ কম্পোজিশন। হঠাৎ করে মধ্যবিত্ত রোমান্টিসিজম থেকে গল্প বর্ণনায় ব্যাঘাত ঘটায় কিছু ক্যানভাসে বিমূর্ততার প্রচেষ্টা। পুরো প্রদর্শনী আরও বেশি নিরীক্ষা ও মনোযোগ দাবি করে দর্শকের চোখে। ‘সময়-অসময়ের গল্প’তে সময়-অসময়ের যোগ-বিয়োগের সঙ্গে সম্পর্কিত হওয়ায় যোগসূত্রটি মজবুত হওয়াটা জরুরি আরও পরিষ্কারভাবে।৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের ‘লা গ্যালারিতে’ চলবে।[শিল্পী জেবুন নাহার নাইম ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন ঢাকায়। ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্কলাসটিকা স্কুলের শিল্পশিক্ষক হিসেবে কাজ করেছেন।]