সময়হীনতাপুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়ের তোয়াক্কা করে না কেউ, তাড়া আছে প্রত্যেকের,
কাঁহাতক সওয়া যায় ভেতরে-বাইরে এত ভাঙচুর?
নিজের নাগাল ছেড়ে তাই যেতে হয় সময়হীনতাপুর।
অসময়ে অকস্মাৎ উন্মাদের কোপ খেয়ে ঘাড়ে
রক্তে ভেসে যায় সমকাল। ঘৃণা-হিংসায় ইতিহাস হবে কি ফতুর?
মুমূর্ষু স্বদেশ আজ ডুবোচর—মায়ামরীচিকাপুর।
ধর্মকে বন্ধক দিয়ে ঘাতকের দল টান দেয় মানবের মূলধনে
পথজুড়ে পড়ে আছে অন্ধ ইতিহাস—এখনো ফেরেনি সম্বিতে,
কে তবে চলেছে একা নিখিল ধর্মাতীতে?
নদী তার ধর্ম জানে, বয়ে আনে পলিমাটি; সূর্য আনে ভোর,
টলোমলো পায়ে কাদায় হাঁটছে সন্ততি—চোখ মেলে ইতিহাস।
যবনিকা নামুক ওখানে, এখানে স্বাগত হে সদ্যোজাত ঘাস।