সময়ের ক্ষতচিহ্ন ও নানা মাধ্যমে নিরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকসানা আমিনের পারফরম্যান্স আর্ট
রোকসানা আমিনের পারফরম্যান্স আর্ট

একটি হ্যাচারি, তার তিনদিকে শান্ত জল; আর অন্যদিকে আছে আম-জামসহ নানা রকম গাছে ঘেরা দুটি ঘর। ওই ঘরের চারদিকে চোখে পড়ল নানা শিল্পকর্ম—রেখাচিত্র, ভাস্কর্য, কিংবা স্থাপনাশিল্প। দৃশ্যটি ক্র্যাক ট্রাস্ট আয়োজিত গ্রীষ্মকালীন শিল্পকর্মশালার। শিল্পী শাওন আকন্দের উদ্যোগে কুষ্টিয়ায় ৮ থেকে ১২ জুন দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো পাঁচ দিনের এ কর্মশালা।
কর্মশালায় অংশ নেন চিত্রকর, ভাস্কর, কবি, আলোকচিত্রী, সমাজবিজ্ঞানী, নৃ-তাত্ত্বিকসহ বিভিন্ন ক্ষেত্রের ১৫ জন তরুণ-তরুণী। অংশগ্রহণকারীরা হলেন আলী আসগর, আলিয়া কামাল, আবদুল হাসিব, আবদুল্লাহ আল মাসুদ, এরফানুল হক, তানজিনা সিদ্দিকা, তানজিম আহমেদ, ফরিদ মজুমদার, মো. মেহেদী মাসুদ, মো. নুরুল ইসলাম, রুক্সমিনি চৌধুরী, রোকসানা আমিন, শক্তি নোমান, ঋক সিদ্ধার্থ ও এস জি সৌভিক। এঁরা ছাড়াও ভারত থেকে যোগ দিয়েছিলেন বিনয় পাল ও পায়েল দাশগুপ্তা। কিউরেটরের দায়িত্বে ছিলেন পলাশ চৌধুরী।
প্রকৃতির সঙ্গে শিল্পের, শিল্পের সঙ্গে নিজের এবং শিল্পীদের পরস্পরের ভেতর ভাবের আদান-প্রদান ছিল কর্মশালার অন্যতম উদ্দেশ্য। প্রথম দিকে লালন ফকিরের মাজার, শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, স্থানীয় বাজারসহ আশপাশ ঘুরে সেখানকার প্রকৃতি, পারিপার্শ্বিকতা ও দর্শনের সঙ্গে পরিচিত হন অংশগ্রহণকারীরা। এরপর হলো উন্মুক্ত শিল্প প্রদর্শনী। স্থানীয় সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিল্পীরা শুরু করলেন শিল্পকর্ম তৈরির কাজ।
নানা মাধ্যমের সেই কাজগুলো কেমন? কয়েকজনের কথা বলি: রুক্সমিনি চৌধুরীর পারফরম্যান্স আর্ট দিয়ে সূচনা ঘটল উন্মুক্ত প্রদর্শনীর। এরপর দেখা গেল নানা শিল্পকর্ম—যেমন রোকসানা আমিনের পারফরম্যান্স আর্টে পাওয়া গেল দৃঢ় বক্তব্য: চারপাশের বিভিন্ন রঙিন ঘুড়ির মধ্যে আদতে আমরা খাঁচাবন্দী এক জড়মানব। আলি আসগর ‘সহজ পুরুষতান্ত্রিক খেলা’ শিরোনামে স্থাপনাশিল্পে দেখালেন পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যগুলো। শক্তি নোমান ‘অসমাপ্ততা’ নামের শিল্পকর্মে বললেন, নিয়মের নিগড়াবদ্ধ মানুষের কথা। ঋক সিদ্ধার্থ নিজের লেখা কবিতা দিয়ে বানালেন কবিতার বাগান। আবার আলিয়া কামাল ‘ভক্তি’ শীর্ষক স্থাপনাশিল্পের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন ঐতিহ্যবাহী কাঁসাশিল্প ও এর নির্মাতাদের প্রতি।
এখানেই কি শেষ হলো গল্প? না, দেখা গেল আরও অনেক কিছু। আবদুল্লাহ আল মাসুদের শিল্পকর্ম ‘ইজেল’। এখানে তিনি বললেন বন্ধন, বাস্তবতা ও আপেক্ষিকতার কথা। জীবনের বোঝাপড়া এবং জানাশোনার সীমাবদ্ধতা নিয়ে কাজ করলেন ফরিদ মজুমদার। তাঁর শিল্পকর্মের নাম ‘বাক্সের মধ্যে বাক্স’। এদিকে, মো. নুরুল ইসলাম তাঁর ‘প্রতিবিম্ব’ ও আবদুল হাসিব ‘আমার জানালা’র মাধ্যমে যেমন প্রকাশ করলেন নিজস্ব ভাবনা, তেমনি বিনয় পালের ‘অজান্তে’ শিল্পকর্মে উঠে এল নগরায়ণের ভয়াবহতা। অন্যদিকে, এরফানুল হকের স্থাপনার ভেতরে ছিল নাগরিক জীবনের অনুভূতি।
সব মিলিয়ে এ কর্মশালায় নানা মাধ্যমের কাজে শিল্পীরা তুলে ধরেছেন বর্তমান সময় ও সময়ের বিবিধ ক্ষতচিহ্ন। বেশির ভাগ কাজেই পাওয়া গেল নিরীক্ষার ছোঁয়া।