সময়ের গাঢ় অভিঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আহত জন্ম’, শিল্পী: নির্মল অধিকারী
‘আহত জন্ম’, শিল্পী: নির্মল অধিকারী

আমাদের জীবনের আবেগ-অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম শিল্প, সে মূর্ত বা বিমূর্ত—যে মাধ্যমেই হোক না কেন। কোনো কিছুকে স্মরণীয় করার ক্ষেত্রেও অনেক সময় শিল্পের আশ্রয় নিই আমরা। তাই কয়েক দিন আগে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তার ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে, তখন ওই উপলক্ষে ১ জুলাই থেকে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছিল ভাস্কর্য ও চিত্রকর্মের একটি দলীয় প্রদর্শনীটি।
প্রদর্শনীর প্রতিটি ছবি ও ভাস্কর্যের শৈল্পিক মুনশিয়ানা এবং সুনিপুণতা আকৃষ্ট করে দর্শককে। প্রতিটি শিল্পকর্মেরই আছে নিজ নিজ শোভা, নানা গল্প। তবু কিছু কিছু ভাস্কর্য ও ছবির মহিমা ছিল সত্যিই অন্য রকম। নির্মল অধিকারীর ‘আহত জন্ম’ এর মধ্যে একটি। এ ছবির মূল বিষয়বস্তু শিশু—বাড়ির পাশে যে শিশুটি নির্যাতিত, যুদ্ধকবলিত দেশে গোলাবারুদে আহত হয়েছে যে শিশু—একটি শিশু–অবয়বের মধ্য দিয়ে এমন সব শিশুর কথা উঠে এসেছে এখানে। ছবিটি আমাদের ভাবায়।
মাসুদ হাসানের ছবির শিরোনাম ‘কার্জন হল’। এটি যেন কোনো এক প্রেমিকের প্রেমময় স্মারক।
মহিবুল ইসলামের ‘মেইল বাক্স-৩’ শীর্ষক ভাস্কর্যটিও ভাবনা জাগানিয়া। এই মুঠোফোন-খুদে বার্তার যুগেও একটি নীল খামের বেনামি চিঠি, কীভাবে আকুল করে মনকে, এখানে বলা হয়েছে সেই কথা। পক্ষান্তরে ইয়াসির আরাফাতের ‘দোয়েল’-এ পাওয়া যায় শিল্পীর মনের প্রতিফলন। বর্তমান সময়ের বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা শিল্পীর ভেতর কেমন করে ক্রিয়াশীল, তার আঁচ আছে কাজটির মধ্যে।
একটি শিল্পকর্ম সব সময়ই স্ব-মহিমায় উদ্ভাসিত। তবে শিল্পকর্মের শিরোনাম এর বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে শিল্পকর্ম-স্রষ্টার ভাবনা বুঝতে সাহায্য করে—বহুচর্চিত এ কথাগুলো মনে এল এই প্রদর্শনী দেখার পর। কেননা, এখানকার কোনো কোনো চিত্র সৌন্দর্য বিচারে চমৎকার হলেও কয়েকটি ছবির নামকরণের সঙ্গে এর বিষয়বস্তুর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যেমন নামিরাহ ফারজানার ‘আবহমান বাংলার মুখ’-এ আবহমান বাংলাকে খুঁজে পাওয়া যায় না ঠিক, যদিও শৈল্পিকতার দিক দিয়ে ছবিটি অত্যন্ত সুচারু।
সবশেষে বলি প্রদর্শনীর একটি বৈশিষ্ট্য সম্পর্কে—বেশির ভাগ ছবিতেই শিল্পীরা নিজেকে প্রকাশ করেছেন বিমূর্ততার আশ্রয়ে। তবে তাঁদের সেই প্রকাশভঙ্গির মধ্যে রয়েছে সমকালীন শিল্পধারার প্রবাহ ও সময়ের গাঢ় অভিঘাত। প্রদর্শনীটি শেষ হয়েছে ৭ জুলাই।