
বিপুলা পৃথিবী
আনিসুজ্জামান
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: প্রথমা প্রকাশন
ফেব্রুয়ারি ২০১৫
৫৭৬ পৃষ্ঠা,
দাম: ৮০০ টাকা।
বিপুলা পৃথিবী বইটি আকারে বিশাল। পৃষ্ঠাসংখ্যা (৫৭৬ পৃষ্ঠা) বেশি হলেই কোনো বই পড়তে আগ্রহ জাগবে, এমন নয়। বহু বিশালাকার বই নেড়েচেড়ে দেখা গেছে, তাতে সারবস্তু ক্ষীণকায়, বাগাড়ম্বরটাই বেশ। কিন্তু আনিসুজ্জামানের লেখা এই বই হাতে নিলে সহজেই বোঝা যায়, স্বতন্ত্র এক জগতে বুঝি প্রবেশ করলাম। জগৎটি স্বতন্ত্র বটে, কিন্তু তা এক অর্থে মুক্তিযুদ্ধ-পরবর্তী আমাদের দেশের ইতিহাসের সঙ্গে মিলেমিশে এগিয়েছে। উৎসুক পাঠক বইটিতে এমন কিছু মানুষের সন্ধান পাবেন, যাঁরা বাংলাদেশ নামক রাষ্ট্রটি গড়ার রূপকার, পাবেন এমন কিছু নাম, যাঁদের রয়েছে আন্তর্জাতিক খ্যাতি। আর নির্ঘণ্টে যে অসংখ্য মানুষের নাম পাওয়া যাবে, সেদিকে চোখ রাখলে পাঠক অনায়াসে বুঝতে পারবেন, কত বিচিত্র পথেই না হাঁটতে হয়েছে লেখককে। কত মানুষের সঙ্গে দেখা হয়েছে যাত্রাপথে নানা কারণে, কত মানুষই না তাঁর মনে ফেলেছেন গভীর ছাপ।
বইটিকে জীবনস্মৃতি বলা চলে, তবে তা পুরো জীবনের বয়ান নয়। এ বইতে মুক্তিযুদ্ধের সময় থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ের কথা বলা হয়েছে। তবে মূল ঘটনা শুরু হয়েছে ১৯৭২ সালের জানুয়ারি থেকে। ‘নিবেদন’-এ লেখক বলেছেন, সময়কাল ২০০৭ পর্যন্ত টানবার ইচ্ছে ছিল তাঁর, কিন্তু, তাঁর ভাষায়, ‘বেশ কিছুদিন অপেক্ষা করেও যখন দেখা গেল, পরিত্যক্ত সূত্র আর কুড়িয়ে নেওয়া যাচ্ছে না, তখন ঘটনাকালের সমাপ্তি ২০০০-এই টানলাম।’ ফলে, পরবর্তী সময়ের ঘটনা জানার সুযোগ হলো না বলে পাঠকের মনে একটু আক্ষেপ থেকে যেতেই পারে। ‘নিবেদন’-এ আনিসুজ্জামান আরও জানিয়েছেন, ডায়েরি লেখার অভ্যাস নেই তাঁর, পুঁজি বলতে স্মৃতির ওপরই ভরসা করেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে, তাঁর স্মৃতিশক্তি অতি প্রখর। বছরের পর বছরের ঘটনা তিনি যেভাবে মস্তিষ্কে সাজিয়ে রেখেছেন, তা বিস্ময়কর। আরও মনে হয়েছে, এ স্মৃতিকথা বাংলাদেশ রাষ্ট্রের গতিময় যাত্রার সঙ্গে লেখকের নিজস্ব যাত্রার একটি যোগসূত্র স্থাপন করে ইতিহাসের একটি স্বতন্ত্র বয়ানে রূপ নিয়েছে।

আলোকচিত্র ও নির্ঘণ্টকে আলাদা করলে বইটিতে রয়েছে পাঁচটি অধ্যায়। ‘নতুন যুগের ভোরে’, ‘অস্তাচলের পানে,’ ‘হননের কাল’, ‘কাছে-দূরে’, ‘হালখাতা’। অধ্যায়গুলোর বিষয়বস্তু মোটাদাগে বিন্যস্ত করে বলা যায়, স্বাধীনতার অব্যবহিত পরেই সংবিধান রচনার সময়টিসহ বঙ্গবন্ধুর শাসনামলে শিক্ষাসহ কিছু রাজনৈতিক ঘটনার বর্ণনা রয়েছে ‘নতুন যুগের ভোরে’ অধ্যায়ে। ‘অস্তাচলের পানে’ অংশে দেশের বাইরে গবেষণা এবং সে সময় বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। ‘হননের কাল’-এ বঙ্গবন্ধুকে হত্যার পর যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছিল, তার কথা উল্লেখ আছে। তবে তা ইতিহাস-বর্ণনা নয়। লেখকের ব্যক্তিজীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই এসেছে নির্মোহভাবে। ‘কাছে-দূরে’ও মূলত গবেষণার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সময়টির বয়ান আর শেষ অধ্যায়টিতে জায়গা পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসার পরের ঘটনাগুলো।
যত সহজে এই বিভাজনটি করা হলো, আসলে তা তত সহজ নয়। সময়ের ব্যাপ্তিতে বঙ্গবন্ধুর পর জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলের বিভিন্ন ঘটনার কথা এসেছে। তাজউদ্দীন আহমদ, ড. কামাল হোসেনসহ অনেক রাজনীতিবিদের নামের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তাদের নামও এসেছে। তবে সবচেয়ে বেশি এসেছে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত ঘটনাবলি, এই ঘটনাবলি যে কত বৈচিত্র্যময় এবং কত ধরনের মানসিকতার মানুষের মনস্তত্ত্বের নির্যাস, তা এই বই না পড়লে বোঝা যায় না।
একটি অসাধারণ কথা তো না বললেই নয়, স্বৈরাচারী শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে একবার পুষ্পোদ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই উদ্যোগের উদ্বোধনের দিন অনুষ্ঠানের প্রধান অতিথি আনিসুজ্জামান বলেছিলেন, ‘আমরা যদি মনে রাখি যে, বন্যেরা বনে সুন্দর, সৈন্যরা ব্যারাকে এবং পুষ্প উদ্যােন, তাহলে জীবন অনেক সুসহ হয়।’ পরদিনই বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে এবং পরে চট্টগ্রাম শহরে পোস্টার পড়েছিল, ‘বন্যেরা বনে সুন্দর, সৈন্যরা ব্যারাকে।’ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এই বাক্যটি খুব চালু হয়েছিল, সে কথা এখনো আমরা ভুলতে পারি না।
এরই ফাঁকে অমর্ত্য সেন, নবনীতা দেবসেন ঢুকে পড়েন স্মৃতিকথায়, হঠাৎ করে অল্প সময়ের জন্য শক্তি চট্টোপাধ্যায় এসে দেখিয়ে যান তাঁর ক্যারিশমা, আঁদ্রে মালরোর সঙ্গে সাক্ষাৎ ও রবীন্দ্রনাথের ঘরে-বাইরে নিয়ে তাঁর ভাবনা, আলাদাভাবে মন কাড়ে জামাল নজরুল ইসলামের অসাধারণ দেশপ্রেম, ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের ইতিহাস।
বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, পুরো লেখায় লেখক নির্মোহ থেকেছেন। তবে কখনো কখনো সূক্ষ্ম রসিকতা করতেও ছাড়েননি। ‘উনিশ-বিশে পার্থক্য’ নিয়ে তাঁর রসিকতা (পৃষ্ঠা ৩৬২) কিংবা জ্যেষ্ঠতা বিষয়ে ‘সাত থেকে নয় এমন কোনো নয়ছয়ের বিষয় নয়’ (পৃষ্ঠা ৩৭৬)—পড়তে গিয়ে হাস্যরসের পাশাপাশি তাঁর শ্লেষ বা ব্যঙ্গ করার শক্তি সম্পর্কেও কোনো সন্দেহ থাকে না। তবে, যে জায়গাগুলো আবেগের, সেখানে এতটা নির্মোহ না থাকলেও হয়তো চলত। বিশেষ করে দুর্ঘটনায় ছোট বুবুর মৃত্যুর পর যেভাবে মাত্র কয়েকটি বাক্যে বোনের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের বর্ণনা দিয়েছেন, তাতে আমার মতো নির্মম পাঠকের মনও সিক্ত হয়েছে, কিন্তু লেখক খুব দ্রুত বেরিয়ে গেছেন সেই শোকের আবহ থেকে। আরেকটু শুনতে পেলে কী এমন ক্ষতি হতো?
বইটি আসলে সত্তর দশকের গোড়া থেকে একবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত একটি নির্মোহ ভ্রমণ বা জার্নি। সাম্প্রতিক সময় বলে পাঠকও নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে বইটি পড়তে পারবেন আর দুইয়ে মিলে যে সত্যটি বেরিয়ে আসবে, তা বিপুলা পৃথিবী পড়ার আনন্দকে শতভাগ পূর্ণতা দেবে।