সময়ের পুঁথিপুরাণ
‘প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দক্ষতা শিল্পকে হয়তো নান্দনিক করে তুলতে শেখায়, তবে সত্যিকার শিল্পী হওয়ার জন্য বুদ্ধিবৃত্তিক প্রবণতার উপস্থাপনই মুখ্য’ এভাবেই শুরু করলেন জার্মান-প্রবাসী শিল্পী ওয়াকিলুর রহমান। শিল্প বিষয়ে উপলব্ধি ও শিল্প বিচারের ক্ষমতা শিল্পীর জীবনতরিকায় নিহিত থাকে। বাংলাদেশের প্রতিষ্ঠিত অধিকাংশ শিল্পী প্রাতিষ্ঠানিকতায় আবদ্ধ, বাস্ততার ঘাত-প্রতিঘাতে বিপর্যস্ত, নিজের সঙ্গে সম্পর্কহীন শিল্প সৃজন করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম শিল্পী ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম এবং শিল্পভাবনা।এক রৌদ্রোজ্জ্বল সকালে শিল্পী ওয়াকিলুর রহমানের সঙ্গে কথা হলো ঢাকার লালমাটিয়ায়, তাঁর স্টুডিওতে।দরজা পেরিয়ে ভেতরে খানিকটা খোলা জায়গা। এক পাশে সারিবদ্ধ ক্যানভাস, বইয়ের শেলফ, বসার কয়েকটি চেয়ার, ডিভান, অন্য পাশে কম্পিউটার, আবারও মাথার ওপরে গোছানো শেলেফ বই, ক্যাটালগ, কাগজপত্র। ঘরের প্রতিটি দেয়ালে নিজের অনেক পেইন্টিং। বাইরে চোখ রাখলেই সবুজের সমারোহ। ছোট্ট বারান্দায় নানান ধরনের গাছ। ভীষণ পরিপাটি ও পরিচ্ছন্ন একটি স্টুডিও। তিনি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে এলেও নিজের কাজের জন্য একটি অপূর্ব পরিবেশ তৈরি করে রেখেছেন। জার্মানিতেও তাঁর একটি স্টুডিও রয়েছে। তবে তিনি গতানুগতিক স্টুডিও ধারণার সঙ্গে একমত নন বলেই মনে হয়; কারণ তিনি স্টুডিও ধারণ করে আছেন তাঁর মনে, মস্তিষ্কে।শিল্পী ওয়াকিল তাঁর কাজের বিবর্তন সম্পর্কে বলেন, হয়তো আগে আমি ভাত-কাপড় নিয়ে ভাবতাম, এখন অক্সিজেন নিয়েও চিন্তা করি। দুটোই বেঁচে থাকার জন্য অপরিহার্য। তাঁর মত, শিল্পকর্ম হলো কমিউনিকেশন সায়েন্স। শিল্পের মাধ্যমে কার সঙ্গে, কেন, কীভাবে যোগাযোগ তৈরি হচ্ছে, সেটাই শিল্পের প্রতিপাদ্য হওয়া উচিত। কনসেপচুয়াল আইডিয়া, দর্শনগত অবস্থান বর্তমান শিল্পকলার অপরিহার্য বিষয়; তা ছাড়া পোস্টমডার্ন সময়ে কনটেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থেরও ভিন্নতা তৈরি হয়। প্রবাসকাল এই শিল্পীর ভাবনাকে আরও সুনির্দিষ্ট ও পরিপূর্ণ করেছে।রংপুরের মহিমাগঞ্জে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন ওয়াকিলুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ (তৎকালীন ঢাকা আর্ট কলেজ) থেকে বিএফএ করেন। সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্ট, পিকিং, চীন থেকে করেছেন এমএফএ। বর্তমানে জার্মানির বার্লিনে বসবাসরত এই শিল্পীর জীবনযাপন খুবই সাদামাটা। শিল্পকর্মে ঠিক এর উল্টো! ছাপচিত্রে অসামান্য দক্ষতার পরিচয় পাওয়া যাবে তাঁর হাতে তৈরি বুকস আর্কাইভে।তিনি প্রাচীন পুঁথির অনুকরণে বেশ কিছু বই হাতে তৈরি করেছেন এবং এটা তাঁর কাজের একটি চলমান প্রক্রিয়া। পুঁথির মতোই হাতে লেখা বিষয়বস্তু এবং এর প্রয়োজনে অলংকরণ করেছেন। এই অলংকরণে তিনি কোথাও ব্যবহার করেছেন তাঁর অসাধারণ কিছু ছাপচিত্র। এগুলোর প্রতিটি একটাই মাত্র কপি। যদিও প্রচলিত ছাপচিত্রে বহু সংখ্যক প্রিন্ট নেওয়ার উদাহরণই স্বাভাবিক। তিনি তাঁর প্রতিটি ছাপচিত্রকে একটি পেইন্টিংই মনে করেন। তাঁর এসব বইয়ে কবিতা, দর্শন, বাংলার ঋতুবৈচিত্র্য ইত্যাদি বিষয়ের সমাবেশ ঘটেছে। ওয়াকিলের কাজে তাঁর শিল্পনিষ্ঠা, বাজারবিরোধী মনোভাব এবং শিল্পের প্রতি তাঁর বিশুদ্ধ চিন্তা ও দৃঢ় মনোভঙ্গির প্রকাশ ঘটেছে। বিয়োজন, সাধারণীকরণ, জীবনকে আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ, ত্যাগ, পবিত্রতা ও নির্মোহতার দিকে ওয়াকিলের শিল্পকর্মের অভিমুখ। ভারতীয় দর্শনের ত্যাগ, ভাব, বাউল-চেতনা এবং আধুনিক শিল্পধারার মিনিমালিজম তাঁর শিল্পভাবনার পাটাতন।