সময়ের সন্তান ও নির্মাতাগণ
ব্যক্তি যেমন সময়ের সন্তান, তেমনি সময়কে এগিয়ে নিতেও তার ভূমিকা কম নয়। অবিভক্ত বাংলা তথা উপমহাদেশে গত শতকটি ছিল নানা ঘটন-অঘটনে উত্তাল। এই সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বিদায় নিয়েছে, দেশ ভাগ হয়েছে, ঘটেছে সাম্প্রদায়িক দাঙ্গা, যার রেশ এই ভূখণ্ডের মানুষকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। গত শতকের সাতের দশকে পাকিস্তান ভেঙে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে; কিন্তু রক্তপাত ও হানাহানি বন্ধ হয়নি। এই সময়ে সামাজিক ক্ষেত্রেও নানা পরিবর্তন লক্ষ করা গেছে। ইতিহাসের বাঁকে বাঁকে এসব ঘটনাপ্রবাহে যেসব বরেণ্য ব্যক্তি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন, স্মৃতিকথার মোড়কে তাঁদেরই কয়েকজনের অবদান ও কৃতিত্বের কথা বিবৃত হয়েছে সালাহ্উদ্দীন আহ্মদের বরণীয় ব্যক্তিত্ব স্মরণীয় সুহূদ বইয়ে। তিনি ইতিহাসবিদ। তাঁর লেখায় ঐতিহাসিকের পর্যবেক্ষণ যেমন আছে, তেমনি আছে নির্মোহ অবলোকন।যাঁদের নিয়ে লেখক বইটি সাজিয়েছেন, তাঁদের মধ্যে রাজনীতিক আছেন; লেখক, বুদ্ধিজীবী, সমাজসেবী, আইনজ্ঞ, সংগীতসাধক আছেন; আছেন শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও সংস্কৃতিসেবী। এঁদের কারও সঙ্গে লেখক ঘনিষ্ঠভাবে মিশেছেন, যেমন সুশোভন সরকার, আবু আহমেদ হবিবুল্লাহ, অজিত গুহ, আবদুল আহাদ, জহুর হোসেন চৌধুরী, মমতাজুর রহমান তরফদার, মোহাম্মদ হাবিবুর রহমান, শহীদ গিয়াসউদ্দিন আহমদ, জ্যোতির্ময় গুহঠাকুরতা। আবার কারও কারও সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ততটা না থাকলেও তাঁদের ঐতিহাসিক ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে ঘটনাপরম্পরায়।তাঁর বইয়ে কয়েকজন ব্যতিক্রমী চরিত্র আছে, যাঁরা আপন কর্ম ও সাধনায় কৃতবিদ্য হলেও তেমন আলোচিত নন। যেমন আবদুল রসুল, ড. এ এইচ শাহাদাত উল্লাহ, অজিত গুহ, গৌতম চট্টোপাধ্যায় প্রমুখ।রাজনীতিকদের মধ্যে আলোচনায় এসেছেন মহাত্মা গান্ধী, আবুল কাশেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মানবেন্দ্রনাথ রায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, শেখ মুজিবুর রহমান ও শাহ এ এম এস কিবরিয়া।সালাহ্উদ্দীন আহ্মদের পড়াশোনা ও কর্মজীবনের প্রথম অধ্যায় কেটেছে কলকাতায়। এরপর তিনি আসেন ঢাকায়, এরপর রাজশাহী। আবার রাজশাহী থেকে ঢাকায়। এই বিশাল পটভূমিতে বহু কৃতী মানুষের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। আবার কাউকে কাউকে দূর থেকে দেখেও আপন করে নিয়েছেন ইতিহাস নির্মাণে তাঁদের অনন্য ভূমিকার কারণে। এ রকমই দুই ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী ও এম এন রায়। তাঁদের রাজনৈতিক পথ ও মত ভিন্ন হলেও উভয়ে ছিলেন মানবতাবাদী। দেশ, কাল ও ধর্মের ঊর্ধ্বে মানুষকে স্থান দিতেন তাঁরা। যে কারণে উগ্রপন্থী হিন্দুদের হাতে গান্ধী নিহত হন। মানবেন্দ্রনাথ রায় প্রথম জীবনে মার্ক্সবাদের অনুসারী হলেও পরে বিপ্লবী মানবতাবাদে দীক্ষা নেন। এই দুই রাজনীতিকের চিন্তাধারা সালাহ্উদ্দীন আহ্মদের জীবনবোধ গঠনে সহায়ক হয়েছিল। একপর্যায়ে তিনি এম এন রায়ের র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। সমাজকে আলোকিত করার আগে ব্যক্তিকে আলোকিত হতে হয়। সালাহ্উদ্দীন আহ্মদ ইতিহাসবিদ। ইতিহাসে যাঁর যা ভূমিকা, সেটি তুলে ধরেছেন পক্ষপাতহীনভাবে। দৃষ্টিভঙ্গিতে। তাঁর পর্যবেক্ষণ-শক্তিও অনুকরণীয়। সাধারণ মানুষের মধ্যে যে অসাধারণ গুণ থাকে, সেটি খাঁটি জহুরির মতো তুলে আনার চেষ্টা করেছেন তিনি। বইয়ে ৩৪ জন কুশীলবের চরিত্র চিত্রণের মধ্য দিয়ে একটি উথাল-পাথাল সময়ের চিত্র অঙ্কিত হয়েছে। তাঁর ভাষায়, ‘যেসব মনীষী ও রাজনীতিবিদকে আমি দেখেছি দূর থেকে এবং নিকট থেকে এবং যেসব মহানুভব ব্যক্তিকে আমি পেয়েছিলাম শিক্ষক হিসেবে, বন্ধু হিসেবে এবং সহকর্মী রূপে—এই বইটি তাঁদের সম্পর্কে স্মৃতিচারণা এবং বলা যেতে পারে, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।’ইতিহাসের নানা বাঁকে এরা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন, যা আমাদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করে। সেখানে লেখক কেবল দর্শকমাত্র নন; কোনো কোনো ঘটনার সঙ্গে নিজেও সম্পৃক্ত হয়ে পড়েন। তাঁর কোনো কোনো পর্যবেক্ষণ আজও প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। মানবেন্দ্রনাথ রায় ও বাঙালি মুসলিম জাগরণ প্রবন্ধে তিনি লিখেছেন, ‘মানবেন্দ্রনাথ রায় বিশ্বাস করতেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত কেবল ক্ষমতা দখল নয়, ক্ষমতা দখল করে সেই ক্ষমতা দ্বারা জনগণের কল্যাণ সাধন করার মধ্যেই হলো রাজনীতির সার্থকতা। সে জন্য প্রকৃত সৎ এবং জ্ঞানদীপ্ত মানুষ যদি রাজনীতিতে অংশ নেন, তাহলে রাজনীতির মান ও পরিবেশ অনেক উন্নত হতে পারে। রায় আরও বিশ্বাস করতেন, মুক্ত মানুষই মুক্ত সমাজ গঠন করতে পারে।’সালাহ্উদ্দীন আহ্মদ বিভিন্ন সময়ে লেখাগুলো লিখলেও এর মধ্যে একটি যোগসূত্র রয়েছে। ঘটনার কুশীলবেরাও প্রায় একই সময়ের নায়ক ও সন্তান। একজনের কথা বলতে গিয়ে অন্যের কথাও এসেছে। কলকাতায় ছাত্রাবস্থায় তিনি মানবেন্দ্রনাথ রায়, সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখের সঙ্গে মিশেছেন। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তাঁকে কেবল মুগ্ধ করেনি; আত্মজিজ্ঞাসারও জন্ম দিয়েছে। ইতিহাসের এসব কুশীলব ধর্ম-বর্ণনির্বিশেষে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজের প্রত্যাশা করতেই পারেন। এ রকম একটি চিন্তাসঞ্চারী বই উপহার দেওয়ার জন্য লেখককে অভিনন্দন জানাই।