আনিসুজ্জামান ছিলেন চিন্তার বোধিবৃক্ষ। তিনি শুধুই চিন্তক ছিলেন না, ছিলেন না একজন সাধারণ অধ্যাপক বা সাধারণ কোনো লেখক—তিনি ছিলেন এসবের চেয়ে আরও অনেক বেশি কিছু। সাহিত্যের সঙ্গে রাজনীতি ও সমাজমনস্কতা সব সময় জুড়ে ছিল তাঁর জীবনে, যা তাঁর লেখালেখিতেও প্রতিফলিত হয়েছে। জাতির যেকোনো সংকটে তিনি ছায়া হয়ে দাঁড়িয়েছেন, আলো হয়ে পথ দেখিয়েছেন। তাঁর লেখা সবাইকে যেমন সাহস জুগিয়েছে, সংকট উত্তরণের পথ বাতলেছে; একইভাবে সমাজ–অধ্যয়নের প্রেরণা জুগিয়ে আমাদের চিন্তা করতেও শিখিয়েছে।
তিনি আমার শ্রেণিকক্ষের শিক্ষক ছিলেন না। কিন্তু তাঁকে শিক্ষক বলতে আমি গর্ববোধ করি। কারণ, তাঁর কাছ থেকে শিখেছি অনেক কিছু। শুধু আমি কেন, আমার মতো অনেকেই শ্রেণিকক্ষে তাঁর কাছে পাঠ গ্রহণের সুযোগ পাননি। তাঁদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও হয়েছেন। শ্রেণিকক্ষের পাঠ নেওয়া আসলে রুটিনের সঙ্গে সম্পর্কিত, এর সঙ্গে শিক্ষা গ্রহণ বা প্রদানের ব্যাপারটির সম্বন্ধ খুবই ক্ষীণ। রুটিনের বাইরে যে শিক্ষা, সেটিই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা বোধ করি আনিসুজ্জামান মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত দিয়ে যেতে পেরেছিলেন আমাদের। শ্রেণিকক্ষের আয়তন এবং নির্ধারিত সময়ের মধ্যে পড়ানোর জন্য যাঁর আগমন ও নির্গমন, তিনি হয়তো প্রচলিত অর্থে একজন শিক্ষক। কিন্তু তিনি কি জীবনের শিক্ষক? জীবনের শিক্ষক হওয়া মোটেই সহজ ব্যাপার নয়। আনিসুজ্জামান ছিলেন জীবনের শিক্ষক। তাঁর পাঠদান ছিল নিজের জীবনের কর্ম ও অভিজ্ঞতা দিয়ে মণ্ডিত, সহজ করে বললে জীবন থেকে শেখানো।
আগেই বলেছি, লেখক হিসেবে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা। তাঁর বইগুলো যখন পড়ি, সমাজনিষ্ঠ এক গবেষককে দেখতে পাই। যেমন তাঁর স্বরূপের সন্ধানে বইটি যখন পড়েছি, তখন সহজেই বুঝেছি, বাঙালি সংস্কৃতির গভীরতা কতটুকু এবং সেটি কোথা থেকে উত্থিত হয়েছে। বাঙালির পুরোনো দলিলপত্র খুঁজে বের করে তিনি সবাইকে জানিয়ে দিলেন, আমাদের অতীত কম দীর্ঘ নয়। আনিসুজ্জামানের পিএইচডি গবেষণা—যেটি বই হিসেবে বেরিয়েছে মুসলিম মানস ও বাংলা সাহিত্য নামে—এই গ্রন্থ বাঙালি মুসলমানের ঐশ্বর্যময় অতীতকে নিরপেক্ষ দৃষ্টিতে তুলে ধরার এক দৃষ্টান্তযোগ্য প্রয়াস। সেখানে মুসলিম সম্প্রদায়ের গর্বের কথা যেমন আছে, তেমনি আছে আত্মসমালোচনাও।
এখানেই তিনি অনন্য। বরাবরই তাঁর মধ্যে ছিল আলোচনা–সমালোচনার মাধ্যমে সমাজ–সাহিত্য–সংস্কৃতিকে মূল্যায়নের চেষ্টা। আর এ মূল্যায়নের পথে তাঁর চোখটি সমালোচকের। এই সমালোচনার ধারা শেষাবধি তাঁর ভেতরে ছিল। অগ্রসর হতে চাইলে যে নিরপেক্ষ আত্মসমালোচনা করতে হয়—এ বোধ তিনি পেয়েছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের ধারায়।
আনিসুজ্জামান স্তাবকতা পছন্দ করতেন না। তাঁর ও তাঁর পরের প্রজন্মের অনেকেই গবেষণায় যেখানে নিরপেক্ষ থাকতে পারেননি—স্তাবকতা আর পক্ষপাত করেছেন, সেখানে তিনি নির্মোহ দৃষ্টিতে স্বকৃত বিশ্লেষণের আলোকে তুলে ধরেছেন ইতিহাসের তথ্য–উপাদান।
ষাট দশকের প্রথমার্ধে আনিসুজ্জামান ছিলেন যুবক। সে সময় রবীন্দ্র জন্মশতবর্ষে তাঁর ভূমিকা ছিল বিরাট। ইতিহাসের পৃষ্ঠায় তাঁর সেই প্রতিবাদী ভূমিকা থেকে পাঠ নিই। আবার স্বাধীন বাংলাদেশে যখন দেখি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক শাসনামলে তিনি হয়েছেন উচ্চকণ্ঠ এবং জনমত সংগ্রহে শহীদ মিনার থেকে নেমে এসেছেন রাজপথে, তখন ইতিহাসের পাতা থেকে বাস্তব পথরেখাটি আমাদের সামনে জ্যান্ত হয়ে ওঠে। তাই এ কথা বলতে চাই যে আনিসুজ্জামান হলেন সময়ের সন্তান, সময়ের সারথি। এমন মহিরুহ মানুষের জন্ম হরেদরে ঘটে না। আগ্নেয়গিরির জ্বালা বুকে নিয়ে তিনি ইতিহাসকে ধারণ করেছেন এবং ইতিহাস নির্মাণও করেছেন। এখন ক্ষণে ক্ষণেই আমরা আনিসুজ্জামানের অভাব অনুভব করি; এবং এ–ও জানি যে তাঁর শূন্যতা আরও দীর্ঘকাল অমরা অনুভব করব। স্যারকে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।