সরদারের স্মৃতি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই সে কাল: কিছু স্মৃতি কিছু কথাবই থেকে নেওয়া ‘শৈশব ও স্কুলজীবন’আমাদের পরিবারকে মধ্যবিত্ত পরিবার বলা চলে না, নিম্নমধ্যবিত্ত বললে ঠিক হয়। বছরের খোরাক হয় কিংবা কিছু কম পড়ে। বাজারে গিয়ে তরিতরকারি বিক্রি করেছি ছোটবেলায়। বাবা কৃষিকাজ করতেন। মনে আছে, বাবা বলছেন, ‘তুই লাঙলটা ধর বা মইয়ে একটু ওঠ, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি।’...আমি ছিলাম খুব অনুগত সঙ্গী, বড় ভাইয়ের যেমন, তেমনি বাবার। খুব বাধ্য ছেলে ছিলাম আমি। ছেলেবেলায় খুব নামাজ পড়তাম, আজান দিতাম।‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’ফজলুল হক হল আর ঢাকা হলের মাঝখানে যে পুকুরটা এবং তার যে বাঁধানো সিঁড়ি, ওখানে আমরা আড্ডা মারতাম সেনাদের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনা) সঙ্গে। আড্ডাটা আমাদের অজান্তেই ‘ইন্টারন্যাশনাল’ হয়ে যেত। চীনে তখন যুদ্ধ চলছে কুওমিনটাং-এর সঙ্গে কমিউনিস্টদের। চুং কিং ছিল তখন চীন সরকারের হেডকোয়ার্টার। একজন বিমান-সেনা হয়তো সকালে বিমানে করে উড়ে গিয়ে যুদ্ধ করে এসেছেন চীনে। সেই সেনাই হয়তো বিকেলবেলা চা খেতে খেতে আমাদের সঙ্গে গল্প করছে সেই পুকুরঘাটে: ‘ডু ইউ নো আই ফ্লিউ টুডে টু চুং কিং?’... এভাবেই আমাদের কিছুটা আন্তর্জাতিকীকরণ হয়ে গিয়েছিল।‘’৪৩-এর মন্বন্তর’আমি তখন সক্রেটিস, প্লেটো, হেগেল—এসব নিয়ে পড়াশোনা করছি। একদিন আমার কমরেড এসে বলছে, ‘তুমি কী এত লেখাপড়া করো? হেগেল তোমাকে কোথায় নিয়ে যাবে? তোমার মা-বোনেরা যেখানে মারা যাচ্ছে, সেখানে তুমি হেগেল পড়ে কী করবে?’ আমি নিজেও নিজেকে প্রশ্ন করেছি, এই পাঠ দিয়ে আমি কোথায় যাব? আমাকে ওরা বলছে, ‘তুমি নয়াবাজারে লঙ্গরখানায় ডিউটি দাও। সেখানে গিয়ে দেখো, তোমার মা-বোনেরা এসে হাজির হয়েছে।’ সুতরাং আমি আমার হেগেলের কাছে থাকতে পারলাম না। পরদিন আমাকে যেতে হলো নয়াবাজারে সিরাজউদ্দৌলা পার্কে। ‘অধ্যাপনায় ইস্তফা’পার্টি একদিন আমাকে বলে, ‘তুমি তো চাকরি করে কাজ করতে পারবে না। পুলিশ তোমাকে খোঁজ করছে। চাকরি ছেড়ে দাও।’ আমি তো বাধ্য কর্মী। একদিন বিভাগীয় প্রধানের কাছে দরখাস্ত পাঠিয়ে দিলাম। দরখাস্ত খুলে তিনি অবাক হলেন। ওটা ছিল আমার পদত্যাগপত্র।... আমি যেমন সহজে শিক্ষক হয়েছিলাম তেমনই সহজে শিক্ষকতার কাজ ছেড়েও দিয়েছিলাম।... হরিদাসবাবু বলেছিলেন, ‘আই হ্যাভ নেভার সিন এ বয় লাইক হিম’। মানে এ ছেলে একটু অন্য পথে হাঁটে। ‘জেল থেকে জেলান্তর’২১ ফেব্রুয়ারি তারিখে আমি জেলে। ২১ তারিখে অবশ্য খবরটা আমরা জানতে পারিনি। সে সময় ঢাকার কাগজ এক দিনেই রাজশাহী পৌঁছাত না। ২৩ তারিখ যখন খবরের কাগজ গেল তখন আমরা তার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। কিন্তু খবরের কাগজে সবটাই কাটা। সব কেটে বিশাল জানালা বানানো হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর থাকলে প্রশাসন সেটা কেটে রেখে তারপর আমাদের পত্রিকাটা পড়তে দিত। এ থেকে আমরা বুঝতে পারতাম, সাংঘাতিক কোনো খবর আছে। সে খবর আমাদের জানতে দেওয়া হবে না। আমরা চিত্কার করে উঠলাম, ‘এই আসো, আসো, দ্যাখো, কী বিরাট জানালা বানিয়েছে। এর ভিতর দিয়ে আমরা নিজেরাই তো এপার থেকে ওপারে যেতে পারি।’ আমরা তা-ই করলাম, এপার থেকে ওপারে গেলাম, একজন আরেকজনকে জড়িয়ে ধরলাম।