সরল অথচ কঠিন
ভ্লাদিমির ইলিচ লেনিন(২২ এপ্রিল, ১৮৭০—২১ জানুয়ারি, ১৯২৪)১৯১৭ সালের এপ্রিল। সুইজারল্যান্ড থেকে এক নির্বাসিত নেতা তাঁর দেশে ফিরবেন। বিপ্লব ডাকছে তাঁকে। চূড়ান্ত বিজয়ের নেতার জন্য অপেক্ষা করছে তাঁর জনগণ। কিন্তু সুইজারল্যান্ডের সঙ্গে রাশিয়ার কোনো সীমান্ত নেই। তাঁকে যেতে হবে ‘শত্রু দেশ’ জার্মানির ভেতর দিয়ে। অবশেষে ইউরোপের কমিউনিস্টদের চেষ্টায় রফা হলো। শর্ত, তাঁর ট্রেন জার্মানির কোনো স্টেশনে থামতে পারবে না। সেই ট্রেন অবশেষে রুশ বিপ্লবের অগ্নিমঞ্চ পেত্রোগ্রাদ শহরের ফিনল্যান্ড স্টেশনে এসে পৌঁছাল।হাজারো শ্রমিক, জারের পক্ষ ত্যাগ করা সেনাদল ও নাবিকেরা তাঁদের নেতাকে দেখতে জোয়ারের মতো উথলে উঠছে। লাল পতাকায় লালে লাল সব, নাবিকদের গার্ড অব অনার, শ্রমিকদের উল্লাস আর সার্চ লাইটের আলোর মধ্যে ফিরে এলেন এক নেতা—ভ্লাদিমির ইলিচ লেনিন। নদীর নামে নাম ছিল তাঁর। দাদা ছিলেন ভূমিদাস, বাবা শিক্ষক। আর তিনি তরুণ বয়স থেকেই বিপ্লবী। বিপ্লবী ছিলেন তাঁর বড় ভাইও। বিপ্লবী ভাইয়ের প্রেরণায় বাল্যকালেই তাঁর মনে বিপ্লবের সংকল্প দানা বাঁধে। ১৯০৫ সালের প্রথম ব্যর্থ বিপ্লব আর অগণিত বিপ্লবীর মৃত্যুর ভারে রাশিয়া যখন হতাশার চাদরে ঢাকা পড়ছিল, তখন তিনি হাল ধরলেন। বললেন, বিপ্লবের মহড়া হলো কেবল, সাফল্য আসন্ন। ভুলের শিক্ষা নিয়ে নতুন করে দলকে গড়ে তুলতে লিখলেন কী করতে হবে।কিন্তু দীর্ঘদিনের সহযোদ্ধারা ভুল বুঝে দূরে সরে গেল। মেনশেভিক (সংখ্যালঘু) আর বলশেভিক (সংখ্যাগুরু) ভাগে ভাগ হয়ে গেল দল। ১৯১৪ সালে ইউরোপের আকাশে যখন মহাযুদ্ধের কালো মেঘ, কমিউনিস্টরা যখন সাম্রাজ্যবাদী যুদ্ধকে ‘পিতৃভূমি রক্ষার যুদ্ধ’ বলে ভুল করলেন, তখনো একা তিনিই বলেছিলেন, ‘যারা ভূরিভোজে তৃপ্ত তারা খেতে না পাওয়া মানুষগুলোকে কাটাকাটির মধ্যে ঠেলে দিচ্ছে কিসের জন্য? এর চেয়ে নির্বোধ, জঘন্য পাপাচার আর কী হতে পারে?’ তাঁর সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটি লেখা হয় এই যুদ্ধের পটভূমিতে। এর তিন বছরের মধ্যেই রাশিয়ায় ক্ষমতা দখল করে শ্রমিকরাজ।বলশেভিক পার্টির প্রধান স্লোগান ‘জমি, রুটি ও শান্তি’র ধ্বনির মধ্যে ভাষা পেয়েছিল নিপীড়িত জনতার মুক্তির স্বপ্ন। সত্যিই বিপ্লব অনাহারী শ্রমিকদের দিয়েছিল রুটি, জমিদারদের সমস্ত জমি বিলিয়ে দিয়েছিল কৃষকদের, আর সেনাদের দিয়েছিল যুদ্ধের হানাহানি থেকে মুক্তির শান্তি।পর পর দুবার তাঁকে হত্যার চেষ্টা হয়। লেনিনের কথায়, জীবনে মাত্র দুবার তিনি বিশ্রাম নিয়েছিলেন। একবার আত্মগোপনের সময়, আরেকবার আততায়ীর গুলিতে আহত হওয়ার পর। ১৯২৪ সালে মৃত্যু এসে তাঁকে নিয়ে যায় শেষ বিশ্রামের জগতে। সেই লেনিনের বিদায়, যাঁকে দেখে এক শ্রমিক বলেছিলেন, ‘লেনিন সত্যের মতো সরল।’ ইতিহাস বলবে, তাঁর সংকল্পের কঠোরতার গুণেই তিনি হয়ে উঠেছিলেন লেনিন।তথ্যকণিকা লেনিনের প্রকৃত নাম ছিল—ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ১৯০২ সালে ‘যুদ্ধকালীন’ নাম হিসেবে তিনি ‘লেনিন’ নামটি নেন। মনে করা হয়, সাইবেরিয়ান নদী ‘লেনা’ থেকে ‘লেনিন’ শব্দটি এসেছে। লেনিনের বড় ভাই আলেক্সান্দর উলিয়ানভকে ১৮৮৭ সালে ফাঁসি দেওয়া হয়। অপরাধ: জার তৃতীয় আলেক্সান্দরকে হত্যাচেষ্টা। রাজনীতি করার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এরপর বহিরাগত ছাত্র হিসেবে আইনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর সব লেখা এক করে মুদ্রিত রচনাসমগ্রের পৃষ্ঠাসংখ্যা ৫৪ হাজার ৬৫০। মৃত্যুর পর চার দিনে প্রায় নয় লাখ লোক তাঁর মৃতদেহ দেখতে যান।