সরল মিয়ার সুলতানা-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলিমুল্লাহকে অনেকেই সরল মিয়া বলে ডাকে। কেবল উচ্চারণের সুবিধার্থে এই নামান্তর, তা নয়; সলিমুল্লাহ আসলেই সরল স্বভাবের মানুষ। বন্ধুবান্ধবের দেওয়া তাঁর উপনামের সার্থকতা আমরা গল্পের শেষে পাব আশা করি। সলিমুল্লাহর সরলতা তার পরিচিতজনদের কাছে বিনোদনের ব্যাপার। সে বুঝতে পারে না ঠিক কোন জায়গায় তার সমস্যাটা। সে একটা কথা বলল, শুনেই বন্ধুরা হেসে পাগল, অথচ সে বুঝতেই পারল না এতে হাসির কী আছে! কিংবা একটা বিষয় নিয়ে চিন্তিত হয়ে সে কাউকে বলল, আর লোকটি শুনেই তা উড়িয়ে দিল—তুই কী রে, ওই ফালতু বিষয় নিয়া তোর এত চিন্তা কিসের!অথচ দেখা গেল, সারা রাত ওই বিষয় নিয়ে ভাবতে ভাবতেই তার ঘুম হারাম। সরল মিয়া স্থানীয় একটা কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সে মাদ্রাসা লাইনেই পড়াশোনা করেছে। এসএসসি পাস করার পর তার বড় ইচ্ছা ছিল জেনারেল লাইনে পড়াশোনা করার। বাপকে বলেওছিল, কিন্তু উত্তরে বাপ যে-কথা বলল, তা এখনো সরল মিয়ার কানে বাজে। বাপ বলেছিল, যে-লাইনে পড়তেছস ওই লাইনেই পড়ালেখা শেষ কর, গর্দভের গর্দভ! চাকরিবাকরি তো পাবি না, হালচাষই করবি। সরল মিয়া খুব আহত হয়েছিল। বাপ তার মূর্খের মূর্খ। লোকের কথায় চলে। লোকে বলে সরল মিয়া বোকা টাইপের, তার বাপও মনে করে নিয়েছে সে আসলেই বোকা। মা অবশ্য সরল মিয়ার পরে ছিল। সরল মিয়ার মা সেই সব নারীর কোটায় পড়ে, যারা স্বামীর হাতে কথায় কথায় মার খাওয়ার ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছে। কিন্তু সেই মহিলা কেমন করে যেন একটা সাহস পেয়ে গেল সরল মিয়া ইন্টার পাস করার পর। স্বামীর সামনেই সরলকে বলল, তুই যা। তোর সেলিম আক্কাসরা যেইখানে ভর্তি হয়, তুইও ওইখানে গিয়া ভর্তি হ। কলেজে ভর্তি হওয়ার পর সরল মিয়ার মনের বেশ কয়েকটা জানালা খুলে গেল। আলো-হাওয়া প্রবেশ করল। সেই আলো-হাওয়ার মধ্যে বাউরি বাতাস ঢুকলেও তা মনের ভেতর গুমরে মরার বাতাস। বাইরে তার কোনো প্রভাব নেই। বন্ধুরা যার-তার সামনে তাকে নিয়ে মজা করে। সে তাতে ক্ষুব্ধ হয় না, বরং নিজের কৃতকর্ম নিয়ে ভাবতে বসে। সারা দিন ভেবেও কূলকিনারা পায় না, ঠিক কোথায় তার গলদটা ছিল।তার না-বোঝার বিষয়গুলো উদ্ভট, আবার কৌতূহলের ব্যাপারগুলো হাস্যকর। যেমন : তাদের বাংলার ম্যাডাম প্রতিদিন রিকশা করে আসেন। আবার ইংরেজির ম্যাডাম আসেন নিজের গাড়িতে। ব্যাপারটা সরল মিয়ার কাছে অবাক লাগে। বন্ধুদের জিগ্যেস করলে তারা এমনভাবে তাকায়, যেন এ রকম আশ্চর্য প্রশ্ন জীবনেও শোনেনি।আবার ধরা যাক, কোনো একটা মেয়ে কলেজের গেটে একা দাঁড়িয়ে আছে, একটা ছেলে তার পাশে ঘুরঘুর করে, কিছুক্ষণ পর তারা একই রিকশায় চলে গেল; সে বলবে, মেয়েটা ছেলেটার সঙ্গে গেল কী করে? ও তো ছেলেটাকে চেনে না। বন্ধুরা বলবে, তুই কেমন করে বুঝলি চেনে না? তখন সে মাথা নাড়বে, মনে হয়। বন্ধুরা হেসে কুটি কুটি।এই সরল মিয়ার সরলতার কথা পুরো ক্যাম্পাসই জেনে গিয়েছিল। এ জন্য অনেকের অনুকম্পাই পেত সে। ক্লাসে স্যার-ম্যাডামরা কিছু একটা বোঝানোর পর জিজ্ঞেস করতেন, সরল মিয়া, বুঝেছ? এতে সে খুবই খুশি হতো। তার প্রতি তাঁদের যে স্পেশাল খাতির, এটাকে গর্বের বিষয় বলে মনে করত। বন্ধুরা বলত, ‘এটা কেন করে জানস না?’ ‘কেন?’ ‘তোর যে ইস্ক্রু ঢিলা।’ সরল মিয়া ফের জিজ্ঞেস করে, ইস্ক্রু ঢিলা মানে কী?সুলতানার সঙ্গে সরল মিয়ার চিনপরিচয়ের ব্যাপারটাও অন্য রকম। তাদের কলেজটা দোতলা। দোতলার বারান্দা হচ্ছে ক্লাস শেষে মেয়েদের খিলখিল করে হাসার জায়গা। অন্য বিল্ডিংয়ের বারান্দায় দাঁড়ানো বা কলেজের মাঠে পায়চারি করা ছেলেদের নিয়ে ইশারা-ইঙ্গিত করার জন্য মেয়েদের কাছে এই ব্যালকনি খুবই প্রিয়।তো একদিন সুলতানা সেই বারান্দায় দাঁড়িয়ে ছিল। কেমন জানি রহস্য-রহস্য ভাব। সরল মিয়া আর তার বন্ধুরা পাশের বিল্ডিং থেকে তাকে দেখছিল। সুলতানা বারান্দার রেলিংটা ধরে চুপচাপ কী যেন ভাবছে। বন্ধুরা সরল মিয়াকে বলে, সরল মিয়া, আমাগো ক্যান জানি মনে হইতেছে মেয়েটা ওইখান থিকা লাফ দিব। সে জিজ্ঞেস করে, কেন? তারা বলে, কেন তো জানি না। কিন্তু মনে হইতেছে লাফ দিব। আমরা ভালো ছেলে না, তাই ফাঁদে ফালাইব। তুই যা। ওরে গিয়া নিষেধ কইরা আয়। সরল মিয়া নিমেষেই বিশ্বাস করে ফেলে। সুলতানার ভাবভঙ্গি তার কাছে বন্ধুদের কথার মতোই মনে হতে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে সুলতানার লাফ দিয়ে পড়ার দৃশ্য। সে আর এক বিন্দু বিলম্ব না করে ছুটে যায়। এক নিঃশ্বাসে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। বন্ধুরা দূর থেকে তাকে দেখে। সে গিয়ে বারান্দায় দাঁড়ানো সুলতানার হাত ধরে বলে, এই কাজ কইরেন না। ক্যান আপনে লাফ দেবেন?সুলতানা অবাক। এক হাত সরল মিয়ার হাতের মুঠোয় থাকলেও আরেক হাত তার খালিই ছিল, ফলে সরল মিয়ার গালে জুতসই একটা চড় বসানোর জন্য তাকে খুব একটা বেগ পেতে হলো না। সরল মিয়া অবাক। চোখে তার পানি এসে গেছে। আর বন্ধুদের চোখেও পানি। তবে সে পানি আনন্দের। অতিরিক্ত হাসার ফলে যা হয় মানুষের।কিন্তু সরল মিয়াকে সুলতানা নিজের রূঢ় আচরণের ঘুষ দিয়েছে। একদিন ক্লাস শেষে সুলতানা তার কাছে গিয়ে বলেছে, স্যরি। তাতেই সরল মিয়ার কী আনন্দ!সুলতানার প্রতি ওই একটা শব্দের কারণেই সরল মিয়া বড় বেশি দুর্বল হয়ে পড়ে, কিন্তু তা সে কোনো দিনই বলতে পারেনি।মাঝেমধ্যে সুলতানা তার দিকে তাকিয়ে ইশারায় কী সব বলত। সরল মিয়া তা পড়তে পারত না। বন্ধুদের কাছে বলত, দেখাত। এই ইশারার মানেটা কী? বন্ধুরা খেপে যেত। বলত, ওই মেয়েকে তুই চিনস না, তোকে একেবারে ফালি ফালি করে দেবে। ওই দিকে তোর কেয়ার করার দরকার নেই। সরল মিয়ার মন তা মানতে চাইত না। সুলতানা ওকে তসলিমা নাসরিনের বই পড়তে দিত। এগুলো পড়লে নাকি তার লাভ হবে। সরল মিয়া দু-এক পাতা পড়ত। পড়ে তার কেমন জানি লাগত। মানুষ এভাবে লেখে! সুলতানা যখন কেমন একটা ইঙ্গিত করে জিগ্যেস করত, কেমন লেগেছে, সে লাল হয়ে যেত।রাতে তার ঘুম হয় না। সুলতানা তাকে আচ্ছন্ন করে রাখে। এক রাতে মা জ্বরে গোঙাচ্ছে। আশ্চর্য, সরল মিয়া তখনো ভাবছে সুলতানার কথা! মায়ের শিয়রে বসে সুলতানার কথা ভাবতে ভাবতে আধাআধি স্বপ্নও দেখে ফেলল সরল মিয়া। দেখল, সুলতানার কোলে একটা বাচ্চা। সে বাচ্চাটাকে সরল মিয়ার কোলে দিতে চায়। সরল মিয়া বাচ্চাটাকে নিতে গিয়েও পারে না। আর সুলতানা হেসে মাটিতে লুটিয়ে পড়ে। সরল মিয়া স্বপ্নের মধ্যেই ঘেমে যায়।নিজের মাথার ঘাম মুছতে মুছতে সরল মিয়া ঘুমন্ত মায়ের জ্বরতপ্ত কপালের ঘাম মুছে দিতে থাকে। ছেলের এহেন মাতৃপ্রীতি দেখে সরল মিয়ার বাপও দূর থেকে চোখের পানি ফেলেছিল। কিন্তু সুলতানার কথা কাউকেই বলেনি সরল মিয়া। তার সঙ্গে ওর সরাসরি দেখাও হয়েছে মাত্র দুবার। একবার তসলিমা নাসরিনের বইটা নেওয়ার দিন। আরেকবার বইটা ফেরত দেওয়ার সময়।বইটা দেওয়ার ঘটনাও এমনি এমনি হয়নি। সুলতানা রিকশা করে যাচ্ছিল। ইচ্ছে করেই কি না কে জানে, সরলকে রাস্তায় দেখার সঙ্গে সঙ্গে বইটা হাত থেকে ফেলে দেয়। পাশে দাঁড়ানো সরল মিয়া বইটা তুলে নিয়ে তার হাতে দেয়। সুলতানা জিগ্যেস করে বইটা সে পড়তে চায় কি না। সরল মিয়া কিছু বলে না। লজ্জায় মাথা নিচু করে থাকে। সুলতানা হাসে।অতটুকুই। সুলতানার সঙ্গে ওর কোনো আলাপই হয়নি, বইটা নেওয়া এবং ফেরত দেওয়া উপলক্ষে দু-একটা রীতিসিদ্ধ কথা ছাড়া। কিন্তু ওর মনে হয় সুলতানার মনের ভেতর ওর জন্য ছোট্ট হলেও একটা জায়গা আছে। প্রেমে পড়লে মানুষ কল্পনাবিলাসী হয়ে ওঠে, প্রেমাষ্পদের সব আচরণকে নিজের অনুকূলে ভাবে। তাই সুলতানার পরবর্তী অবজ্ঞা, তাচ্ছিল্য, তাকে দেখিয়ে অন্য কারও সঙ্গে রিকশায় করে চলে যাওয়া ইত্যাদি ব্যাপার সরল মিয়ার কাছে মনে হয় একটা মজা। প্রেম বিষয়ে সেয়ানা বা বুদ্ধিমান হওয়ার ভান করে সুলতানার ফাঁদে পড়ে যায়।সুলতানার সঙ্গে বই দেওয়া-নেওয়ার পর মাস ছয়েক তার দেখা পায়নি সরল মিয়া। এ নিয়ে কারও কাছে কিছু জানতেও চায়নি। ওর কথা জিগ্যেস করলেই কেউ যদি কিছু সন্দেহ করে বসে! তবে সুলতানার প্রসঙ্গ এলেই বন্ধুদের মুখে কেমন যেন বিরক্তি আসত। ডিগ্রি পরীক্ষার বেশি দিন বাকি নেই। একদিন ক্যাম্পাসের দিকে ধীরপায়ে হেঁটে আসছিল সলিমুল্লাহ। হঠাৎ রিকশায় অতিপরিচিত এক মেয়ে। কোলে ফুটফুটে একটা শিশু। সরল মিয়ার সরল মনে একটা জৈবিক বিস্ময়। বুকের ভেতরটা ছ্যাৎ করে ওঠে। বাচ্চাটা কার? আবার ভাবে, না না, সুলতানার সঙ্গে ওর ছয় মাস আগেও দেখা হয়েছিল আর সুলতানা তো বিয়েই করেনি সে সময়। এটা হতেই পারে না। তাহলে... বাচ্চাটা কার?সে সুলতানাকে ডাকতে চেয়েছিল কিন্তু পারেনি। সরল মিয়ার মাথা ঝিমঝিম করতে থাকে। হেঁটে হেঁটে চলে আসে একটা ফার্মেসিতে। প্যারাসিটামল কিনবে। দেখে সেখানে সুলতানা। সরল মিয়ার মনে বাঁধভাঙা আবেগ। বলতে চায়, সুলতানা কেমন আছ? কত রাত্রি সে সুলতানার সঙ্গে কথা বলেছে মনে মনে, কতবার সুলতানা মনে করে মায়ের মাথায় বিলি কেটে দিয়েছে। আর সুলতানাকে সে এখন এত কাছে পেয়েও ডাকতে পারছে না। সুলতানা নিঃসংকোচ। ওকে দেখে সাবলীলভাবে হাসে। ‘কেমন আছ তুমি? ভালো? বেবিটা দেখতে আমার মতো হয়েছে না? আমার বেবি আমার মতো না হয়ে কার মতো হবে!’বলে বাচ্চার কপালে চুমু খায়। ‘ফরম ফিলআপ করতে এলাম। ওয়েদারটা স্যুট করেনি। অনেক দিন বাইরে ছিল তো। এসেই জ্বর বাঁধিয়েছে।’ সুলতানা অবলীলায় বলে যায়। সরল মিয়া তাকিয়ে থাকে। সে নির্বাক। কিন্তু মুগ্ধ। সরল মিয়া নিজের ভেতর গেড়ে বসা বিস্ময়কে আর বিস্তৃত হতে না দিয়ে আমতা আমতা করে জিগ্যেস করল, আপনার বিয়ের খবর পাইনি...একগাল হেসে সুলতানা বলে, বিয়ে? কার বিয়ে?সরল মিয়া হাসে। সে হাসিতে চোরাগোপ্তা উত্তর: কার আবার, আপনার!সুলতানা তার মর্ম বুঝে নিয়ে আবার একগাল হেসে সরল মিয়ার গালে আচানক চিমটি কেটে বলে, বিয়ে করব আমি! বুদ্ধু!সরল মিয়া স্থির। সুলতানা বলে, যাই। পরীক্ষার সময় দেখা হতে পারে। বাই। সুলতানা চলে যায়। সরল মিয়া মাকালগাছের মতো দাঁড়িয়ে থাকে। হতবাক। সুলতানার একটা বাচ্চা হয়েছে। সুলতানা বিয়ে করেনি। এই দুই ধারণা তার মাথায় পরস্পর যুদ্ধ করতে থাকে। সরল মিয়ার মাথার ভেতর জগতের সরল হিসাবগুলো ভেস্তে যেতে থাকে। পা টলমল, মাথার পেছনটা ঝিমঝিম। সুলতানাকে কিংবা তার বাচ্চাটাকে তার ভূতের মতো মনে হতে শুরু করে। সব কি তার ভ্রম? কল্পনা? আসলে সুলতানার সঙ্গে তার দেখাই হয়নি?অথবা হলেও তার কোলে কোনো বাচ্চা ছিল না? রাত্রিবেলা পড়ার ঘরে ঝিম মেরে বসে থাকে সরল মিয়া। পাশের ঘরে মৃত্যুপথযাত্রী মায়ের গোঙানির আওয়াজ। এ অবস্থায় ব্যাপারটা কি মাকে জিগ্যেস করা যায়? না না, মা আরও চিন্তায় পড়বে। ভাববে ওর মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুদের কাছে গিয়ে বলবে? না না, ওরা তাকে নিয়ে হাসাহাসি করবে। বলবে, সুলতানাকে নিয়ে তার এত চিন্তা কিসের?কিন্তু সে তো সুলতানাকে সত্যিই দেখেছিল। তার কোলে একটা বাচ্চাও আছে। কিন্তু সুলতানা তাকে বলেছে তার বিয়ে হয়নি।সরল মিয়া মাথার চুল ছিঁড়তে থাকে। তার মা গোঙাচ্ছে। নাক ডাকিয়ে ঘুমাচ্ছে তার বাবা।সর্বশেষ সমাচার: সলিমুল্লাহ্ অথবা সরল মিয়া বর্তমানে যে রোগে ভুগছে তার নাম সিরিয়াস মেন্টাল এংজাইটি! মানসিক রোগের চিকিৎসক বলেছেন, এটার অন্যতম কারণ সোশ্যাল ভ্যালুজ ডিজঅর্ডার।