সরষেচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

শীতে যারা জবুথবু আগুন পোহায়,
সেই দল ছেড়ে
জীর্ণ ঘোড়ার দলে, প্রতিযোগে,
ঊর্ধ্বশ্বাস ছোটে,
ক্লান্তিতে পরাক্রান্ত হয়ে
নিরাশার পা স্পর্শের আগে
যদি মনটা কেমন করে?
যদি থেমে যাই!
স্বপ্ন সরষে হয়ে ধু ধু প্রান্তরে যদি
বিছাই হলুদ শাড়ি, তবে
প্রথম প্রেমের চোখও
দৃষ্টিহীন আনন্দে মাতাল,
পৃথিবী সরষেময়।

চোখভর্তি জটে অদৃশ্য দশ দিক।
যদি বলো—ঝরাপাতা,
এলায়িত জন্ডিসের বিভোর সংক্রমণ,
যদি বলো—ভূতের প্রভাব কিংবা ইলিশ উৎসব,
তবে—না।
এ কেবল স্বর্ণের বিভা,
এতে মধু, এতে নেশা,
চোখে-মনে মুগ্ধতার গান।

মৌমাছি-মন ওড়ে,
সামান্য হাওয়ায় যে মাঠভর্তি ঢেউ,
তাতেই দুলছি পুরো গোধূলি সময়।
ব্যর্থ বেদনা যত হালকা পালক হয়ে
ভেসে চলে গেলে,
অন্ধ-চোখে অন্ধকার নয়,
নেমে আসে প্রশান্তির দ্যুতি।
আমার কৃষক-সত্তা দুহাতে ছড়ায়
স্নিগ্ধ হাসির সুন্দর, আর
সরষের সুখ মেখে গায়ে
আমি শীতে পোহাই রোদ্দুর।