পায়ের আওয়াজ পাওয়া যায়—সৈয়দ শামসুল হকপ্রকাশক: বিদ্যা প্রকাশলেখা! কাজটার কোনো কর্মখালি বিজ্ঞাপন নেই, দরখাস্ত নেই, বরখাস্তও নেই। এ কাজ নিজেকেই নিজের দেওয়া। তাই এ থেকে অবসর নেই। কারও কাছে কৈফিয়ত দেওয়ারও দায় নেই। মানুষের গোটা কাজটাকেই দুভাগে ফেলা যায়—অভাব আর স্বভাব। দেশকে যিনি উদ্ধার করেন তিনি তাঁর মানুষের আত্যন্তিক গূঢ় এক অভাব বোধ থেকেই হন কর্মিষ্ঠ। অকারণে যে হেসে ওঠে, ওটাই তার স্বভাব। মানুষের ব্যক্তিত্ব বলে যাকে ঠাহর করি, আসলে সেটি তার স্বভাবেরই ভাবচিত্র।এত কথা বলার কারণ, একটা অনুরোধ এসেছে। আমার কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় নিয়ে এর ভেতর-কথাটি আমাকেই বলতে হবে। অনুরোধ প্রথম আলো পত্রিকার। দিনের সব আলোর ভেতরে ভোরের প্রথম আলোটির কাজ একেবারেই আলাদা। আলাদাই শুধু নয়, অদ্বিতীয় বটে। দিনের আর কোনো আলো নয়, প্রথম আলোটাই অন্ধকার দূর করে। কাজেই এমন কাজের নামের পত্রিকাটির এ অনুরোধ ঠেলা যাচ্ছে না। অগত্যা এই লেখা।নাটকটি লিখতে শুরু করি ১৯৭৫ সালের পয়লা মে, শেষ করি মাস দেড়েক পরে, ১৩ জুন রাত দুটোয়। তখন বিবিসির বাংলা বিভাগে কাজ করতাম লন্ডনে। থাকতাম লন্ডনের হ্যাম্পস্টেড পাড়ায়। দৈবাৎ আমার প্রতিবেশী ছিলেন অভিনেতা রিচার্ড বার্টন। তবে উচ্চ ভাড়া গুনে ও-পাড়ায় থাকার আসল লোভটা ছিল, আমার ফ্ল্যাট থেকে মাত্রই দেড় শ গজ দূরের বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন ১৯১২ সালে, আর ওই বাড়ির পাশেই ক্রন্দসী উইলো ঘেরা ঝিলের পাড়ে বসে তিনি লিখেছিলেন তাঁর সেই গান—আমার প্রাণের একটি স্বর—সুন্দর বটে তবে অঙ্গদখানি, তারায় তারায় খচিত।হ্যাম্পস্টেড থেকে অফিসে যেতে পাতালরেলে লাগত ৪৫ মিনিট, সন্ধেবেলা ফিরতেও তাই। মাথায় তখন পায়ের আওয়াজ! ট্রেনে যেতে যেতে মুখে মুখে রচনা করে চলেছি লাইনের পর লাইন, তারপর অফিসে গিয়ে প্রথম কাজটাই হচ্ছে লাইনগুলো লিখে ফেলা। লিখতাম বিবিসিরই দেওয়া নোটবুকে। রাতে ফিরে আবার সেই ফিরতি পথে মনে মনে বানানো লাইনগুলো লিখে ফেলা। এই করে করে পুরো নাটকটি একদিন শেষ হয়ে যায়। পাণ্ডুলিপির সেই নোটবই দুটি এখনো আমার কাছে আছে। কত যে কাটাকুটি করেছি তার ইয়ত্তা নেই। আমার কোনো লেখাই তরতর করে আসে না। অনেক শ্রম আর ঘামের পরে যদি একটা কিছু হয়!পায়ের আওয়াজ পাওয়া যায় কিছু হয়েছে কি না, ১৯৭৬-এর ২৬ নভেম্বর এর প্রথম অভিনয় দেখেই কবীর চৌধুরী তখনকার বাংলাদেশ অবজারভার-এ লেখেন—এটি আমাদের নাটকের একটি মাইলস্টোন। অন্যেরা বলাবলি করেন, মুক্তিযুদ্ধের ওপর সবচেয়ে ভালো নাটক এটি। ভাষা-রচনার অনেক মাধ্যমে কাজ করেছি সেই কতকাল থেকে, নাটকে এই প্রথম। আর, প্রথম নাটকেই এতখানি অনুকূল ধ্বনি, আমি কিছুটা হতবাক তো হই-ই। আবার ছিটকেও পড়ি কারও কারও মন্তব্যে। যেমন আমার বন্ধু—মনের মানুষ, তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝির মতো চলচ্চিত্রের প্রযোজক—হাবিব খান খুব তেড়ে উঠে বলেছিলেন, হ্যাঁ! আপনি একজন রাজাকারকে প্রধান চরিত্র করলেন! এমন করে তাকে আঁকলেন যে তার জন্য আমাদের কষ্ট পর্যন্ত হয়! ধিক, আপনার কলমকে! কিন্তু সেই তিনিও দ্বিতীয়বার নাটকটি দেখে বুঝেছিলেন কী ছিল আমার বলবার কথাটি। আর সেই কথাটা বলার জন্যই আমার দরকার পড়েছিল একজন রাজাকারের—না! তার নয়, তার মেয়েকেই আমার দরকার ছিল মঞ্চে নিয়ে আসার। কারণ? কারণ, ওই মেয়ের মুখ দিয়েই আমার বলিয়ে নেওয়ার দরকার ছিল—ধর্ম কী, আর ধর্মকে রাজনীতির কূট প্রয়োজনে ব্যবহার করাটাই বা কী, আর সাধারণ ধর্মপ্রাণ মানুষকে কীভাবে বিভ্রান্ত করা যায় ধর্মেরই দোহাই দিয়ে। এই সাধারণ মানুষই তো নাটকে বলছে—বুঝি না আল্লারকুদরত কারে কয়, কারে কয় বিচার আচার।যাদের জীবন হইলো জন্তুর লাহান—তারে কিছু দেও নাই, দিয়াছো ঈমান!আর যারে সকলি দিয়াছো, অধিকারতারেই দিয়াছো তুমি দুনিয়ার ঈমান মাপার! আর আর ওই রাজাকার মাতবরের মেয়ে বলছে—পাপ হাজারে হাজারমানুষ নিশ্চিন্তে করে, সাক্ষী নাম সেই তো আল্লার।নাম, আর কিছু নাই, খালি এক নাম,নিরাকার নিরঞ্জন নাম,নামের কঠিন ক্ষারে লোহাও মোলাম—সেই এক নাম।নামের তাজ্জব গুণে ধন্য হয় পাপের মোকাম। এমন আরও অনেক কথা ওই নাটকে আমি লিখি, যা শুনতে হলে আপনাকে রঙ্গমঞ্চে যেতে হবে। জীবন্ত আপনাকে জীবন্ত কুশীলবের সাক্ষাতে সত্যের আগুনে পুড়ে নিখাদ হতে হবে। নাটক তো বইয়ের পাতায় প্রাপ্তব্য নয়, তার জন্ম দাবানল ঘটে মঞ্চের পাটাতনে। এ কথা নিজেকে বড় করার জন্য বলা নয়, বলছি এই সত্যটাই, যে, সেই ১৯৭৫ সালেই আমি বুঝেছিলাম এই ধর্মান্ধতা, রাজনীতিতে ধর্মের ব্যবহার, আর ধর্ম দিয়ে সরল মানুষকে বিভ্রান্ত করাটাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। কথাটা কবিতায় বললে খুব কম মানুষের কাছে পৌঁছাত, উপন্যাস বা গল্প লিখলে তা বইবন্দী হয়েই থাকত। আমি চেয়েছিলাম সরাসরি মানুষের কাছে পৌঁছাতে, আর তাই, জীবনে প্রথম আমি নাটকের কথা ভাবি, নাটকেই কথাগুলো বলার জন্য কলম ধরি। মুনীর চৌধুরীর কথা মনে পড়ে; সেই ’৫৪ সালেই এক সকালে তিনি আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, তুমি নাটক লেখো না কেন? তোমাকে দিয়ে হবে! পায়ের আওয়াজ পাওয়া যায় লিখতে বসে মুনীর ভাইয়ের কথা বারবার আমার মনে পড়েছে।আর, এই যে পায়ের আওয়াজ পাওয়া যায়, একে মুক্তিযুদ্ধের নাটক বলা হয়, লোকে বলে, আমি বলি না। আমি বলি, মুক্তিযুদ্ধের পটভূমিকে আমি ব্যবহার করেছি মাত্র; এবং এই পটভূমি ব্যবহার করে আমাকে বলতে হয়েছে ধর্ম আর ধর্মবিশ্বাস আর রাজনীতিতে ধর্মের অসৎ ব্যবহারের কথা। যদি এ নাটক মানুষের মনে কিছুমাত্র দাগ কেটে থাকে, তবে তা মুক্তিযুদ্ধের অধিক ধর্মসংক্রান্ত ওই বিকট চিত্রটির উদ্ঘাটন কারণেই। আজ বাংলাদেশের দিকে যখন তাকিয়ে দেখি তখন আমার মনে হয়, ১৯৭৫ সালেই সমস্যাটি বোধ হয় ঠিক শনাক্ত করতে পেরেছিলাম।আজ আমার মনে হয়, যখন একাত্তরের সেপ্টেম্বরে দেশ ছেড়ে চলে যাই, তখনো আমার মনে হয়েছিল, যুদ্ধটা অন্তত বছর তিনেক চলবে, যদি চলত! তাহলে ওই ধর্মব্যবসায়ীরা নির্মূল হয়ে যেত তত দিনে, আর আমরাও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে এতখানি বিপর্যস্ত হতে দেখতাম না।