সরিষা মাঠের রাখাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির নিজস্ব শব্দ চয়নে জেগে উঠি আমি।
এপাশ-ওপাশ ঘুরে হাতড়িয়ে খুঁজি
সরিষা ফুলের জলে ভেজা শৈশবের শরীর আমার।
অনুভূতির জানালা একটার পর একটা খুলে যায়।
একটা হলুদ আকাশ হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে
জোছনায় ভিজে যাওয়া মাটির ঘরে।
ঠিক তখনই ঘরের কোণে চিঁচিঁ করে ওঠে সদ্যোজাত ইঁদুরছানা।
টেবিলে রাখা নীল রঙের ফুলদানিটা
মুহূর্তে নীলপরি হয়ে খিলখিলিয়ে হেসে উঠল।
মাথার কাছে রাখা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা।
ওমা! মুহূর্তে দেখি বইটি গুচ্ছ গুচ্ছ হলুদ গাদা হয়ে
লুটিয়ে পড়ছে পরিটির পায়ের কাছে।
তারপর এক পা দুই পা করে সে সন্তর্পণে
পেছন থেকে জড়িয়ে ধরল আমাকে।
আমি বললাম, যাও, দূর হও এক্ষুনি।
ভীষণ অভিমান হলো তার।
ঠোঁট ফুলিয়ে আমার নাকের মাথায় ছোট্ট তিলে
এঁকে দিল তার নরম ঠোঁটের আলপনা।
আমি সরিষা মাঠের রাখাল।
তাকে ফিরিয়ে দেবার দুঃসাহস দেখালাম না।
ঢাকা