
অ্যানসেল্ম কিফার যুদ্ধ-পরবর্তী জার্মানির সবচেয়ে নন্দিত শিল্পীদের একজন। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে তাঁকে নিয়ে বেশ আগে প্রকাশিত একটি লেখা নজরে এসেছে সম্প্রতি। সেখানে শিল্প সম্পর্কে তাঁর কিছু মন্তব্য বেশ মনে ধরেছে। ‘আর্ট একটি কঠিন জিনিস। এটা বিনোদন নয়। খুব কম লোকই আর্ট নিয়ে কিছু বলতে পারেন। সংখ্যাটি খুবই সীমিত। যখন আমি কোনো নতুন শিল্পীর কাজ দেখি, তখন আমি অনেক সময় নিই। এটা আর্ট হয়েছে কি হয়নি তা বোঝার চেষ্টা করি ও সিদ্ধান্তে আসি।’ এই লেখাটি পড়ার দিন কয়েক আগেই ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ঢালী আল মামুনের স্থাপনাকর্মের প্রদর্শনী ‘টাইম কো-ইনসিডেন্স অ্যান্ড হিস্ট্রি’ দেখে এসেছি। কোথায় জানি একটা যোগাযোগ খুঁজে পেলাম। তখনো জানতাম না যে এই জার্মান শিল্পী ঢালী আল মামুনের পছন্দের শিল্পীদের একজন।
‘টাইম কো-ইনসিডেন্স অ্যান্ড হিস্ট্রি’ প্রদর্শনীটি প্রচলিত অর্থে কোনো বিনোদন নিয়ে দর্শকের সামনে হাজির হয় না। বরং শিল্পীর সৃষ্টি করা এমন এক জগতে একজন দর্শকের পদচারণ শুরু হবে, যেখানে আছে অনেক ধাক্কা আর বিস্ময়। কৌতূহলীদের মনে নিশ্চিতভাবেই জাগবে অনেক প্রশ্ন। যাঁরা কষ্ট করে নিজেদের মতো এর ব্যাখ্যা ও জবাব খোঁজার চেষ্টা করবেন, তাঁদের জন্য খোরাকের অভাব হবে না। ড্রয়িং, ভাস্কর্য, স্থাপনা ও অডিও ভিজ্যুয়াল—সব মিলিয়েই এই আয়োজন। উপাদানে সমন্বয় ঘটিয়েছেন আলো, নিরেট ও তরলের। স্থাপনাকর্মের বিভিন্ন অংশের আলাদা আলাদা নাম রয়েছে, তবে কোনোটিই যোগসূত্রের বাইরে নয়। সবগুলোকে নিয়ে মালাটি গাঁথতে হবে দর্শককেই। শিল্পী মামুন মালাটি গাঁথার জন্য শুধু কিছু সূত্র রেখে গেছেন। গ্যালারির দেয়ালের পলেস্তারা খসিয়ে একদিকে যেমন তিনি গ্যালারিটিকেই শিল্পের অংশে পরিণত করছেন, তেমনি ‘লাট সাহেবের চেয়ার’ স্থাপনাটিকে মূল গ্যালারির বাইরে রেখে গ্যালারি থেকে তাকে বিযুক্তও করেছেন।

‘লাট সাহেবের চেয়ার’ আমাদের সামনে সেই ইতিহাসকে আবার স্মরণ করিয়ে দেয় যখন লর্ড ক্লাইভের কাছে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি হস্তান্তর করেছিল মোগলেরা। মধ্য এশিয়া থেকে আসা মোগলেরা এ অঞ্চলে তাদের রাজত্ব কায়েম করেছিল, আর এই দেওয়ানি হস্তান্তরের মধ্য দিয়ে তৈরি হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পথ। এক বিদেশির শাসন থেকে আরেক বিদেশির শাসন। দুই ভাগে ভাগ করা চেয়ারের দুই স্থাপত্যরীতি ও ব্রিটিশ নকশারীতির সঙ্গে হাড়ের কাঠামো মিলিয়ে যে রূপটি দাঁড়ায় তা যেকোনো দর্শককে নাড়া দেবে। আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে লাট সাহেবের এই চেয়ার এ অঞ্চলের জনগোষ্ঠীর ওপর চেপে বসার ফল ও পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছিল, যা আমরা এখনো বহন করে চলেছি।
মূল গ্যালারিতে ঢুকেই মুখোমুখি হতে হবে ‘বাই চান্স/ফ্রম বিকস অব বার্ডস, ফ্রম আইজ অব গ্রাস’-এর। মাথার ওপর ঝুলে থাকা শিকড় ও দুপাশের দেয়ালের চলমান ভিডিও চিত্র শুরুতেই একজন দর্শককে এক ভিন্ন জগতে প্রবেশের অনুভূতি দেয়। ফেলে দেয় আত্মজিজ্ঞাসার মুখে। আমাদের এই শহরের মানুষের চাওয়া যেন শুধু দ্রুত চলা। কে কত দ্রুত চলতে পারে। এসব করতে গিয়ে কত কিছুই না বিসর্জন দিচ্ছি আমরা। হারিয়ে ফেলছি আমাদের অনেক অনুভূতি ও উপলব্ধি। আমরা সম্ভবত ভুলতে বসেছি যে আমাদের চারপাশে বাতাস আছে, এতে গাছের পাতা নড়ে, বাতাস আমাদের শরীরেও লাগে। আমাদের মনে হয় আস্তে চলার সময় হয়েছে।নিজেকে বলার সময় হয়েছে; ধীরে বৎস, ধীরে!
‘স্যাক্রিফাইস অব বিউটি’—আমাদের অতি পরিচিত কাঠ গোলাপ ফুল একটি আরেকটি সঙ্গে হাড় দিয়ে জোড়া দেওয়া। ফুলগুলো থেকে চোখের পানির মতো করে পোড়া তেল গড়িয়ে পড়ার দৃশ্যকল্প যেভাবে হাজির করা হয়েছে তা কেমন যেন হাহাকার ছড়িয়ে দেয়। আমরা যে সভ্যতা গড়েছি বা যার মধ্যে বাস করছি, এ যেন তারই কান্না। এই সভ্যতার জন্যই হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। এর সামনে দাঁড়িয়ে আরও কত কিছুই মাথায় আসে; পরিবেশ, জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি, মধ্যপ্রাচ্য, সেখানকার জ্বালানি ও ভূ-রাজনীতি। আমাদের আরাম-আয়েশের চরম আকাঙ্ক্ষা, চাহিদা ও ভোগবাদিতাই সব দুর্ভোগের কারণ।এ সবই আমাদের নিয়ে যাচ্ছে এক অনিবার্য সর্বনাশের দিকে।
প্রদর্শনীটি যে নামে, সেই ‘টাইম কো-ইনসিডেন্স অ্যান্ড হিস্ট্রি’ স্থাপনাটি দেখে মনে হবে প্রাগৈতিহাসিক আমলের বিশাল ডাইনোসর বা এ রকম কোনো প্রাণীর শিরদাঁড়া ছড়িয়ে দেওয়া হয়েছে মেঝেতে। কিন্তু শিরদাঁড়ার শেষের দিকে চুলের মতো বস্তু ভিন্ন কিছুর ইঙ্গিত নিয়ে হাজির হয়। মনোযোগী দর্শকের ভাবনায় নতুন কিছু যুক্ত হবে যখন তিনি পাশেই খুঁজে পাবেন পোশাকশ্রমিকদের ব্যবহার করা সামগ্রী, যার মধ্যে রয়েছে চুল বাধার ব্যান্ড। আবার সেই চুলের ব্যান্ডটিরই একটি প্রতিরূপ মিলবে শিরদাঁড়ার হাড় দিয়ে বানানো বিশাল আকারের একটি বৃত্তের মধ্যে।
কিছু কাজে হাড়গোড় দিয়ে যেভাবে চিত্রকল্প ও কাঠামো তৈরি করেছেন শিল্পী, তাতে এ কৌতূহল হওয়া স্বাভাবিক যে ব্যক্তিগত জীবনে শিল্পীর সড়ক দুর্ঘটনার মুখোমুখি হওয়া ও শরীরে হাড়গোড় প্রতিস্থাপনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে এর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না! ‘আমি এর আগে জেনোসাইড নিয়ে কাজ করেছি। তখনো এসব বিষয় ছিল। এর সঙ্গে ব্যক্তিগত দুর্ঘটনার বিষয়টি তো এখন যুক্ত হয়েছে। সবকিছু মিলেমিশে একাকার হওয়াই তো স্বাভাবিক।’
ঢালী আল মামুন তাঁর এবারের স্থাপনাকর্মে ঔপনিবেশিক ইতিহাসের শিকড় খুঁজে বের করে যেমন দর্শকদের সামনে তুলে ধরেছেন। তেমনি এর ধারাবাহিকতা, বর্তমান সময়ের দশা ও এ নিয়ে তাঁর ভাবনাকে প্রকাশের চেষ্টা করেছেন। দর্শকদের উদ্দেশ্যে যেন বলতে চাইছেন; দেখো, আমরা কী সময় পার করে এসেছি আর এখন কোন সময়ের মধ্যে রয়েছি। আমাদের এ অঞ্চলের ইতিহাস, বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ ও স্মৃতিকে তিনি এমন এক ধাক্কা দেওয়ার ভঙ্গিতে উপস্থাপন করেছেন, যা আমাদের পেছন ফিরে তাকাতে ও নতুনভাবে ভাবতে বলে।এক নতুন আলোয় সবকিছুকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।