শুভ্র সমুজ্জ্বল: জীবনসঙ্গীর আয়নায় ও অন্যান্য শিরোনামে বইটির চরিত্র বিচারে এর ভূমিকায় লেখক মালেকা বেগম যথার্থই বলেছেন, ‘আমি চেয়েছি পারিবারিক ও দাম্পত্য জীবন, প্রেম, সন্তানবাৎসল্যের ফল্গুধারায় বহমান তাঁদের অশ্রুতজীবনের কথা শুনতে—প্রত্যেকের জীবনসঙ্গীর কাছ থেকে। একজন বিবাহিত পুরুষ বা নারীর সাফল্য-খ্যাতি ও সুকীর্তিতে সমান অংশীদারত্ব থাকে তাঁর স্ত্রীর বা স্বামীর। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁদের অবদান ও ভূমিকার কথা প্রচলিত গবেষণা বা আলোচনায় স্থান পায় না। “শুভ্র সমুজ্জ্বল”-এ আমি দৃষ্টি দিতে চেয়েছি অনালোচিত সেই ভুবনে।’ সত্যিই তা-ই, মালেকা বেগম তাঁর আলোচ্য বইয়ে এমন সব ব্যক্তিত্ব, পুরোধা পুরুষ ও মহীয়সী নারীর সাক্ষাৎকার নিয়েছেন, বিশেষভাবে বইয়ের প্রথম পর্বে যে ১৫ জন নারী ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন, তাঁরা তাঁদের কীর্তিমান স্বামীদের সম্পর্কে বলতে গিয়ে যা বলেছেন, তা কেবল সেই ব্যক্তি সম্পর্কেই নয়, ব্যক্তির অভিযানী কাজের সুবাদে তাঁর বা তাঁদের সমকালীন সমাজ, রাজনীতি ও চলমান জীবনধারার ছবিও সমূলে উঠে এসেছে। যেমন—সওগাত সম্পাদক নাসিরউদ্দীন সম্পর্কে তাঁর সহধর্মিণী ফাতেমা খাতুন যখন বলেন, ‘সওগাত মহিলা সংখ্যা বের করার সময় তিনি ভেবেছেন লেখিকাদের ছবি ছাপাবেন। সেই যুগে এটা খুবই বিপ্লবী চিন্তা। কেউ কারও স্ত্রী বা বোনের ছবি দিতে সাহস না করায় তিনি তাঁর নিজের স্ত্রী, মেয়ের ছবি ছাপালেন। পরে অন্যরাও সাহস পেলেন। এই ছিলেন নাসিরউদ্দীন সাহেব’, তখন তাঁর এই বক্তব্য থেকে সেই কালের বাঙালি মুসলমান সমাজের পশ্চাৎপদতা ও গোঁড়ামিপূর্ণ মনোভাবের যে ছবি ফুটে ওঠে এবং সেই প্রেক্ষাপটে নাসিরউদ্দীনের ভূমিকা যে সত্যিই বিপ্লবী ছিল, সে কথা দ্বিতীয়বার উল্লেখের প্রয়োজন পড়ে না।

শুভ্র সমুজ্জ্বল: জীবনসঙ্গীর আয়নায় ও অন্যান্য
মালেক বেগম
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন,
ঢাকা ফেব্রুয়ারি ২০১৬
২০৮ পৃষ্ঠা
দাম: ৩৮০ টাকা।
কাজী মোতাহার হোসেনের বেলায় ব্যাপারটায় একটু পরিবর্তন ঘটেছে। তাঁর সহধর্মিণী তাঁর সম্পর্কে বলেননি, তিনি বলেছেন তাঁর সহধর্মিণী সম্পর্কে। আমরা তাঁর বলা সেই বিবরণ থেকে দেখি তিনি নিজে ছিলেন প্রায় সংসার-বিবাগীর মতো। বৌদ্ধিক চর্চা আর দাবা খেলা নিয়ে মেতে থেকেছেন সারা জীবন। আর তাঁর সর্বংসহা সহধর্মিণী আগলে রেখেছেন তাঁর পুরো সংসারটিকে। একইভাবে আব্বাসউদ্দীন, জসীমউদ্দীন, আবুল ফজল, মুহম্মদ হবীবুল্লাহ বাহার চৌধুরী, মানিক মিয়া, জয়নুল আবেদিন, জহুর হোসেন চৌধুরী, কবীর চৌধুরী, গওহর জামিল, শহীদুল্লা কায়সার, শামসুর রাহমান, আলতাফ মাহমুদ, গোলাম মুস্তাফা ও খালেদ মোশাররফ সম্পর্কে তাঁদের সহধর্মিণীরা যেসব কথা বলেছেন, সেসবের পাঠ মন ও মননকে রীতিমতো আলোকিত ও আন্দোলিত করে। প্রতিটি নিবন্ধের পাঠ শেষ হয়, আর আমরা দেখি, সংসার আগলে থাকা এসব নারীর অবদান অর্থমূল্যে নিরূপণ করা যাবে না, সামাজিক তুলাদণ্ডে মাপতে হবে তাঁদের নেপথ্য-ভূমিকার স্বরূপ।
এ বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখানেই যে আমাদের সমাজ থেকে আড়াল হয়ে যাওয়া মহিরুহতুল্য এসব পুরোধা পুরুষের জীবন ও কর্মের বিবরণ লেখক এমন উপায়ে তুলে ধরেছেন, অভিনব বললে যেন সবটা বলা হয় না, বলতে হবে, এটিই যথার্থ পন্থা। ফলে সহধর্মিণীদের দৃষ্টিকোণ থেকে তিনি তাঁদের যে বিবরণ লিপিবদ্ধ করেছেন, সামাজিক ইতিহাসের বিচারে তার মূল্য অপরিসীম। কেননা, আমরা এসব সাক্ষাৎকারগত বিবরণের দৌলতে একটি নির্দিষ্ট কালপরিসরের, বিশেষত বিংশ শতকের তিন, চার, পাঁচ, ছয় ও সাতের দশকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি অর্থনৈতিক চালচিত্রের প্রেক্ষাপটে পশ্চাৎপদ বাঙালি মুসলমান সমাজের জাগরণের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠতে দেখি। আলোচিত ব্যক্তিত্ববৃন্দের মিশনারিসুলভ ভূমিকা যে সহজ পথে এগোয়নি, তাঁদের পথটি যে কুসুমাস্তীর্ণ ছিল না, ফুটে উঠেছে তারও বিবরণ।
বইয়ের দ্বিতীয় পর্বে আহসান হাবীব বাদে যে নয়জন মহীয়সী নারীর মুখোমুখি লেখক হয়েছেন এবং সাক্ষাৎকারের ভিত্তিতে যেসব কথা তিনি তাঁদের মুখ থেকে বের করে এনেছেন, তার পাঠও অপরিসীম মূল্যবান অভিজ্ঞতার ভেতর দিয়ে আমাদের নিয়ে যায়। জোবেদা খাতুন চৌধুরী, বদরুন্নেসা আহমেদ, সুফিয়া কামাল, কল্পনা দত্ত, কুন্দপ্রভা সেনগুপ্তা, দৌলতেননেছা খাতুন, হুসনা বানু খানম, ফিরোজা বেগম ও নূরজাহান বেগমের সাক্ষাৎকার শুধু মামুলি সাক্ষাৎকার নয়, একটি নির্দিষ্ট কালপর্বের সামাজিক ইতিহাস সম্পৃক্ত বিবরণেরই অংশ।
বইয়ের তৃতীয় পর্বের তিনটি প্রবন্ধ লেখকের একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতাপ্রসূত রচনা। মনোগ্রাহী, এক নিশ্বাসে তাদের পাঠ শেষ করার মতো।
শেষে এ কথা বলতেই হবে যে মালেকা বেগমের এ বই সর্বাংশে একটি ব্যতিক্রমী বই এই বিচারে যে, উল্লিখিত নেপথ্যচারিণী নারী ব্যক্তিত্ববৃন্দকে আর কেউ এর আগে এভাবে তুলে ধরেননি। ফলে তাঁদের গুরুত্ব নতুন করে মূল্যায়িত হবে।