
এত দিন জেনে এসেছি পোকা গাছ খায়, কিন্তু কিছু গাছও যে পোকা খায়, তা কজনের জানা? গাছপালা সম্পর্কে এমন অনেক মজার মজার তথ্য জানা গেল মোকারম হোসেনের মজার ফুল মজার গাছ বইটি থেকে। বইয়ের নামটি যথার্থ।
উদ্ভিদ কী খেয়ে বাঁচে? সূর্যের আলো, হাওয়া, পানি এসবই তো। এত দিন তো তাই জানতাম। কিন্তু কিছু কিছু উদ্ভিদ যে পোকাখেকো হয় সে তথ্য জানা ছিল না আগে। তাও আবার এই পোকাশিকারি গাছগুলো নাকি নানা কায়দায় ফাঁদ পেতে পোকা ধরে। কী তাজ্জব ঘটনা!
৮৪ পৃষ্ঠার এই বইয়ে গাছপালা সম্পর্কে সাবলীল ভাষায় লেখা এমন অনেক মজার তথ্য পাওয়া যাবে। কাঠখোট্টা ভাষা ব্যবহার না করে লেখক উদ্ভিদজগতের অনেক রহস্য পাঠকদের কাছে তুলে ধরেছেন। পাঠ্যবইয়ে উদ্ভিদবিজ্ঞান যার কাছে ছিল বিভীষিকার মতো, হলফ করে বলতে পারি সেই ব্যক্তিও রসিয়ে লেখা এই বই পড়ে উদ্ভিদবিজ্ঞানের প্রতি নতুন করে আকৃষ্ট হবেন।
খুব পরিচিত কিন্তু নাম জানা নেই এমন কিছু ফুল, প্রায় হারিয়ে যাওয়া ফুল ছাড়াও কখনো নাম শুনিইনি—এমন কিছু গাছ ও ফুলের কৌতূহলোদ্দীপক বর্ণনা আছে বইটিতে। একবার এ বইয়ে চোখ বুলালে বাংলাদেশে যে ফুলগুলো দেখা যায়, ধারণা পাওয়া যাবে তার অনেকগুলো সম্পর্কেই। ফুলের উৎপত্তিস্থল, বর্তমানে কোথায় পাওয়া যায় ফুলটি, এমনকি এর বাংলা-ইংরেজি-বৈজ্ঞানিক ও আঞ্চলিক আদুরে (!) নামগুলোও পাওয়া যাবে মজার ফুল মজার গাছ নামের এ বইটিতে।
আর হ্যাঁ, বাড়ির পাশে দোতলা বারান্দা ঘেঁষে অনেক বছর ধরে যে গাছটা ঠায় দাঁড়িয়ে ছিল, প্রতিবেশীর দালান তোলার সময় যে প্রিয় ফুল গাছটিকে বিসর্জন দিতে হলো, তার নামটিও তো জানা ছিল না অনেকের! ‘চিকন মাইক ফুল’, ‘সুন্দর পাতার গাছ’—এভাবে নানা নামে ডেকে ডেকে এত দিন আমরা স্মরণ করেছি তাকে! সেটি যে ‘কলকে ফুল গাছ’, তা কী আর জানতে পারতাম এ বইয়ে গাছটির ছবি না দেখলে!
আবার একই ফুলের কত রং হতে পারে, লেখক তা-ও বলেছেন তাঁর এই গ্রন্থে। কিছু কিছু ফুল নাকি আবার বেলায় বেলায় রং পালটায়। যেমন ব্রুনফেলসিয়া ফুল। অনেকে হয়তো বাড়ির ছাদেই দেখে থাকবেন ফুলটি; কিন্তু তার এত সুন্দর নামটি কি জানা ছিল?
প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন ‘তরুপল্লব’-এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন এই বই ছাড়াও প্রকৃতি, পুষ্প বৃক্ষ এবং প্রাণিবিষয়ক বেশ কয়েকটি বইয়ের রচয়িতা। এই বইয়ে প্রাসঙ্গিকভাবে ব্যবহৃত আলোকচিত্রগুলোও তাঁর তোলা।
লেখক ইচ্ছে করেই বইটি এমনভাবে বিন্যস্ত করেছেন যেন ছোটরা এটি পড়ে আনন্দ পায় এবং বড়রাও জানতে পারে অনেক কিছু। একটানা ফুল, গাছগাছালি সম্পর্কে পড়তে পড়তে অনেকের কাছে বইটি হয়তো খানিকটা একঘেয়ে লাগতে পারে। তাই বইয়ের ঠিক মাঝামাঝি ‘মাটির ওপরে ও নিচে উদ্ভিদ চাষ’ প্রসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ছোট্ট একটি গল্প। ‘চালাক শেয়াল আর বোকা কুমির’ শিরোনামের এই গল্পের পরেই শুরু হয়েছে মাটির নিচে কোন কোন সবজি জন্মে সেই অধ্যায়।

মোট ১১ অধ্যায়ে বিভক্ত এই বইয়ের পাতায় পাতায় তথ্য। বইয়ের মলাট দেখে কখনোই একটি বই বিচার করা উচিত নয়; তবে সরস এ বইয়ের প্রচ্ছদটিও খাসা।
মজার ফুল মজার গাছ
মোকারম হোসেন
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: কথাপ্রকাশ
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৪
৮৪ পৃষ্ঠা
দাম: ৪০০ টাকা।