সহজ মানুষের উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তফা আনোয়ার রচনা সমগ্র \ ফেব্রুয়ারি ২০১০ \ ঐতিহ্য, ঢাকা \ প্রচ্ছদ: সব্যসাচী হাজরা \ ৪৬২ পৃষ্ঠা \ ৬০০ টাকা‘ঈশ্বর-দা’ বড়ো ভালো লোক ছিলো।/ আজ, ঈশ্বর-দা’ মরে গেলো/ ঈশ্বর-দা’ আর আমাদের মধ্যে নেই, থাকবে না; থাকলো না...’ এসব পঙিক্তর মধ্যে কবিত্বের বাহাদুরি কোথায়? বাহাদুরি নেই বটে তবে কবিত্ব আছে। মুস্তফা আনোয়ারের কবিতার মধ্যে উৎসবমুখর কোনো আয়োজন নেই, আছে সহজ কথাটি সহজ করে বলে ফেলার শক্তি। কথাটি মুস্তফা আনোয়ারের পুরো জীবন এবং সাহিত্যকৃতি সম্পর্কে বলা যাবে। কোথাও আয়োজনের ছড়াছড়ি নেই। কবিতা, গল্প, কাব্যনাটক, প্রবন্ধ এবং অনুবাদ—মুস্তফা আনোয়ারের রচনাকর্মের মধ্যে জীবনের বাস্তবতা, নুন-ঘাম খুবই নির্ভেজাল। মুস্তফা আনোয়ারের রচনাসমগ্র পড়ার পর ধারণাটি আরও পোক্ত হলো। এই বই প্রকাশের ফলে তাঁর গ্রন্থিত-অগ্রন্থিত কবিতা ও অন্যান্য রচনা একত্রে পাঠ করার একটা সুযোগ হাজির হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন আবদুল মান্নান সৈয়দ।এই বইয়ে সূচিবদ্ধ হয়েছে মুস্তফা আনোয়ারের পাঁচ কাব্যগ্রন্থ—তুঁত, পরবাসে বসবাস, কোনো ডাকঘর নেই, রসাতল ও মরিয়ম এবং অপ্রকাশিত পাণ্ডুলিপি কী করি কোথায় যাই-এর কবিতা। এ ছাড়া অগ্রন্থিত কবিতাও রয়েছে। রয়েছে একমাত্র গল্পগ্রন্থ ক্ষুর-এর গল্পগুলো। তাঁর প্রবন্ধ ও অনুবাদ ছাড়াও বইটিতে কবির বেশ কয়েকটি সাক্ষাৎকার সংযুক্ত হয়েছে, যা মুস্তফা আনোয়ারের রচনার পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব বোঝার ক্ষেত্রেও সহায়ক। যেমন ছোটকাগজ ছাট কাগজের মলাট-এর সঙ্গে সাক্ষাৎকারে তাঁর ভাষ্য, ‘একজন কবির ব্যক্তিগত আবেগ ও অনুভূতি কতটুকু সত্য বা মিথ্যে, তারই বিচার সম্ভবত কবিতার বিচার। কবিতায় আমরা মিথ্যে কথা বলতে বলতে সত্য কথা বলার অভ্যেস করি। প্রত্যেক কবির অন্বেষণ, কী করে মিথ্যার খোলস ত্যাগ করে পরিপূর্ণ সত্য হয়ে উঠবে।’ নিজের রচনার মধ্যে এই ‘মিথ্যের খোলস ত্যাগের’ কাজটিই মুস্তফা আনোয়ার করেছেন আজীবন। ফলে তাঁর কবিতায় প্রচলিত শিল্প অপেক্ষা জীবনের অভিঘাতগুলোই বড় হয়ে উঠেছে। নিজেকেও যেন বা তিনি দেখেছেন তৃতীয় কোনো ব্যক্তির চোখে, ‘তোমার মালঞ্চে আমি উটকো লোক/ এসে গেছি,/ পাতার ঝুনঝুনি কুড়িয়ে অর্কেস্ট্রা বানিয়ে দেব, তোমার/ ডালে ঝরে যায় পাতা, ঝরে যায়।’ (‘মালঞ্চ’)। উটকো লোকের মতো নিজেকে দেখার চেষ্টা তাঁর রচনায় বারবার দেখা গেছে। ক্লেদ, পঙ্কিলতা, বিবমিষাও অনন্য হয়ে উঠেছে লেখন-ভঙ্গিমায়। ‘বুড়োহাবড়া তুঁত’ নামে কবিতায় বলেছেন, ‘তুঁতের তলায় থাকি/ আমার নাম মুস্তফা—/ আমার চেহারাটা বড় বিশ্রী/ গোলগাল কেমন যেন চ্যাপ্টা আলুর মতো/ চোখ দুটো ইঁদুরের মতো কুৎকুতে, ছোট ছোট, লাল।’ কবিতায় তিনি এমনই সহজ, সাবলীল। এ ক্ষেত্রে নিরাভরণতা যেন তাঁর বড় পুঁজি। কলাকৈবল্য-বাদের বিপরীতে কবিতায় বারবার সহজভাবে বলে যাওয়ার ক্ষমতার মধ্যেই মুস্তফার কবিত্বের সঞ্জীবনী লুকায়িত। তবে সহজ করে বলতে বলতে মুস্তফা আনোয়ারের কবিতা কোথাও বিবৃতি হয়ে ওঠে না; বরং শিল্পের রেখাপথে উন্নীত হয়, ‘আশা করছি তুঁত আমাকে বড়লোক করবে, সভ্য করবে/ আমার গায়ে যে মেথরের গন্ধ লেগে আছে, তা ঢেকে দেবে,/ মানুষ ঠকাতে এই তুঁত পাতা আমাকে সাহায্য করবে।’ জীবন যেখানে অনেক নগ্ন, নষ্ট এবং ভঙ্গুরপ্রায়; সেই রকম সমাজের অসহায় কণ্ঠস্বরগুলো ভাষা পায় মুস্তফা আনোয়ারের বাকশৈলীতে।কি কবিতা-গল্প, কি কাব্যনাটক—সর্বত্রই তিনি সহজ। তাই মুস্তফা আনোয়ার রচনাসমগ্রকে হয়তো বলা যাবে সহজ মানুষের উপলব্ধি।