প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে নাম লেখান নজরুল। কেমন ছিলেন সৈনিক নজরুল? তাঁর কজন সহযোদ্ধার চিঠিপত্রে মিলবে সে প্রশ্নের উত্তর
সহযোদ্ধাদের চোখে সৈনিক নজরুল
প্রথম মহাযুদ্ধকালে (১৯১৪-১৯১৮) বাঙালিদের নিয়ে গঠিত হয় ‘বাঙালি পল্টন’ বা ৪৯তম বেঙ্গলী রেজিমেন্ট। সাম্প্রতিক সময়ে এটিই বাঙালিদের প্রথম সামরিক সংগঠন। এর আগে বাঙালির নিজস্ব কোনো সামরিক সংগঠন ছিল কি না, তা খুব একটা স্পষ্ট না থাকলেও সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এ কারণেই বাঙালির সামাজিক ইতিহাসে বাঙালি পল্টনের গুরুত্ব অনেক। দুর্ভাগ্য যে, বাঙালির সামরিক ইতিহাসে এত বড় একটা মাইলফলক সম্পর্কে ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানীরা বিশেষ কিছুই লেখেননি। অপর পক্ষে বাঙালি পল্টনের প্রায় ছয় হাজার সদস্যের বেশির ভাগই শিক্ষিত ছিলেন এবং তাঁদের মধ্যে প্রায় ৪০ জন ভারতীয় কমিশন্ড অফিসার ছিলেন। আমি এ পর্যন্ত মাত্র দুজন সৈনিকের লেখা চারটি বই এবং চার-পাঁচজন সৈনিকের বক্তব্য, স্মৃতিচারণা ও পত্রের সন্ধান পেয়েছি। এ সমস্ত লেখায় পল্টন এবং পল্টনের সৈনিকদের সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়া যায়।বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনের সৈনিক হিসেবে করাচিতে প্রায় তিন বছর অবস্থান করেছিলেন। কবির বাল্যকাল, কৈশোরকাল থেকে শুরু করে কবিজীবন, রাজনৈতিক জীবনসহ বিভিন্ন বিষয়ে অনেক গবেষণা হলেও তাঁর সৈনিক জীবন কেমন ছিল, তা নিয়ে গবেষকেরা খুব বেশি চর্চা করেননি। সরকারি কাগজপত্রেও সৈনিক নজরুলের কোনো উল্লেখ নেই। নজরুলের সৈনিক জীবনের যৎসামান্য উল্লেখ পাওয়া যায় তাঁর সহযোদ্ধাদের লেখা বিভিন্ন রচনায়। এই বর্ণনা বা তথ্য দিয়ে সৈনিক নজরুল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তার পরও এগুলোকে অবলম্বন করে সৈনিক নজরুল সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। নজরুল সম্পর্কে ছড়িয়ে থাকা এসব তথ্য একত্র করে নিচে তুলে ধরলাম। রচনা ও চিঠিতে হয়তো নজরুল প্রসঙ্গ ছাড়াও অনেক প্রসঙ্গ ছিল, যার উল্লেখ অপ্রয়োজনীয় মনে করে এড়িয়ে গেছি। এ ছাড়া নজরুলের সৈনিক জীবনের বাইরেও কিছু বর্ণনা আছে, তাও কলেবর বৃদ্ধির আশঙ্কায় ছেড়ে গেলাম। শুধু নজরুলের সৈনিক জীবন বা তাঁর জীবনে এর প্রভাবের অংশটুকু এখানে তুলে ধরলাম।সুবেদার মন বাহাদুর সিংহ‘সুবেদার মেজর অধিক্রম মজুমদার ও আমি (সুবেদার মন বাহাদুর সিংহ) একদিন ভারতের দিকে (ছুটিতে) রওনা হলাম। ... ... ...‘সমুদ্র পাড়ি দিয়ে করাচি বন্দরে এসে পৌঁছালাম। কয়েকজন সৈনিক বন্ধু এসেছিল আমাদের ব্যারাকে নিয়ে যাবার জন্য।‘কদিন করাচিতে বন্ধুবান্ধবের সংঙ্গে বেশ আনন্দে কাটিয়ে দেওয়া গেল। আমাদের সৈনিক কবি হাবিলদার কাজী নজরুল ইসলামকে দেখতাম—অবসর সময় সৈনিক জীবনের সকল রকম ছন্দকে তিনি কাব্যছন্দে রূপান্তরিত করছেন।’হাবিলদার মোহিতকুমার মুন্সী‘১৯১৯ সালের জুন মাসে, আমি আমাদের রেজিমেন্টাল হেড কোয়ার্টার করাচিতে ইনস্ট্রাক্টরের পদে কার্য করিতেছিলাম। ... ... ... ‘জুন মাসের শেষের দিকে শুনিলাম লন্ডনে পিস সেলিব্রেশনে ফর্টিনাইনথ বেঙ্গলী রেজিমেন্ট হইতেও তিনজন প্রতিনিধিকে যাইতে হইবে। ২৫ জুন তারিখে ডিপোর সমস্ত বাঙ্গালি সৈনিকদের “ফল ইন” করাইয়া অর্থাৎ সৈনিকের রীতিতে দাঁড় করাইয়া ডিপোর কম্যান্ডিং অফিসার এবং ব্রিগেড স্টাফ অফিসারগণ সকলকে পরিদর্শন করিলেন। ... ... ...‘রেজিমেন্ট পরিদর্শন করিবার পর জানা গেল জমাদার রনদাপ্রসাদ সাহা, সেপাই নিত্যগোপাল ভট্টাচার্য এবং আমাকে ৭০০০ বাঙ্গালি সৈনিকের প্রতিনিধি হইয়া লন্ডনে পিস সেলিব্রেশনে যোগদানের নিমিত্তে যাইতে হইবে।‘আমাদের যথাযোগ্য বস্ত্রাদি ও অন্যান্য উপকরণে সুসজ্জিত করার ভার কোয়ার্টার মাস্টার হাবিলদার কাজী নজরুল ইসলামের উপর পড়িল।’মাহবুব উল আলম‘(ছুটির জন্য) এই লটারিতে নাম্বার উঠায় আমাদের তাঁবুর মনোরঞ্জন স্বল্প ছুটিতে এক চক্কর বাড়ি ঘুরে আসে। সিলেট হবিগঞ্জের স্কুলশিক্ষক রাজ কুমার দাসের ছেলে—যার কথা আমি পূর্বেও বলেছি।‘যুদ্ধক্ষেত্র হতে ডিপো হয়ে বাড়ি যেতে হয়। বাড়ি থেকে ডিপো হয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে আসতে হয়: “যুদ্ধ বিরতি” ঘোষিত হলেও বিরতি কার্যে পরিণত হতে কয়েক মাসের ধাক্কা লাগে।‘মনোরঞ্জন ফিরে এলে কিন্তু, ডিপোতে দেখে এসেছে হাবিলদার কাজী সাহেবকে। কোয়ার্টার মাস্টার হাবিলদার। সুতরাং প্যারেডের বা অন্য ডিউটির বালাই নেই। কাঁচা রসদ সাপ্লাই থেকে নিয়ে এসে বাহিনীর বিভিন্ন য়্যুনিটে জোগান দেওয়া এটাই কোয়ার্টার মাস্টারের হাল ঠাট কাজ। কাঁচা রসদ তুলে নিয়ে প্রত্যেক য়্যুনিট তা নিজের পাকশালে পাক করে বিতরণ করে খায়। এই হাতবদলের প্রক্রিয়ায় সব ভালো জিনিস-মাংসের সুস্বাদু অংশ দুর্লভ কোনো ফলমূল যা মাথা গুনতি না দিয়ে অ্যাডহক ভিত্তিতে দেওয়া, লাইম জুস ইত্যাদি গিয়ে জমে কোয়ার্টার মাস্টার বিভাগে আর সেসব খেয়ে কোয়ার্টার মাস্টারের লোকেরা এক একজন খোদার খাসী হয়ে ওঠে।‘তবে, হাবিলদার কাজী সাহেবের ব্যাপার অন্য। তিনি বসেছেন হারমোনিয়াম সামনে নিয়ে কাপের পর কাপ চা খাচ্ছেন, খিলির পর খিলি পান মুখে দিচ্ছেন-আর তার কণ্ঠ থেকে নিঃসৃত হচ্ছে গানের পর গান। ...নজরুল আমার বছর খানিকের ছোট। ...ত্রিশালের রামদরিয়াপুর স্কুলে নজরুল তাঁর কৈশোর শেষ করেছিলেন। তারপর সিয়ারসোল রাজ স্কুলে যখন তিনি পড়ছেন, তখন তিনি যৌবন-দীপ্ত, তাঁর মানে খুনোখুনির নায়ক নজরুল কিছুতেই তা হতে পার্তেন না। তাঁর দ্বিগ্বিজয় শুরু হয়ে গিয়েছিল। কেউ তাঁকে না ভালবেসে পার্ত না। তাঁর প্রতিভার ছোঁয়া লেগে প্রত্যেককেই অভিভূত হতে হতো। তাই পল্টনের কোয়ার্টার মাস্টার অংশেই তিনি স্বাভাবিকভাবে স্থান পেয়ে গিয়েছেন। কোয়ার্টার মাস্টার হাবিলদারের আসন হয়ে উঠেছিল তার সাধন পাঠ। সেপাই থেকে ল্যান্স-নায়ক, ল্যান্স-নায়ক থেকে নায়ক। নায়ক থেকে হাবিলদার তাঁর অসাধারণ চরিত্রই এটা সম্ভব করে তুলেছিল।‘পরে তাঁকে দেখেছি, ডা. মিসেস এস বি মুখার্জী যখন তাঁকে ফরমাশ কচ্ছেন একটা বিশেষ গান গাইতে- তিনি তাঁর মুখের দিকে চেয়ে গুঞ্জরে উঠলেন: অরুণ কেন তরুণ আঁখি দাওগো সাকী দাও শারাব। কোথায় লাগে মুখার্জীর ফরমাশ। গানের গমকে সবকিছু তখন দুলতে লেগেছে। মুখার্জীর রোমাঞ্চ হচ্ছে।‘করাচিতে কর্তৃপক্ষ তাঁর উপর আদেশ চালাবার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি নিজেই নিজের নিয়ন্তা হয়ে আপন জগৎ রচনা করে চলেছেন। আমি ডিপো হয়ে বাড়ি ফিরি—সামরিক জীবন থেকে ছাড়া পেয়ে—১৯২০ সালের শেষ ভাগে, ডিপো থেকে নজরুল আগেই ছাড় পেয়ে দেশে অর্থাৎ কলিকাতায় চলে এসেছিলেন।’(২)‘দুখু মিঞা বহু অবস্থান্তর ভোগ করে খোলস থেকে বেরিয়ে বাংলার আসল প্রজাপতিটি হয়ে হাবিলদার কাজী নজরুল ইসলাম রূপে বেঙাচির লেজের ন্যায় তাঁর হাবিলদার পদবি ত্যাগ করে কবি কাজী নজরুল ইসলাম হয়ে জেঁকে বসেছেন—তখন চট্টগ্রাম তাঁকে আকর্ষণ করছে—মাধ্যম হাবিবুল্লাহ বাহার ও দিদারুল আলম।‘১৯২৮ এর শেষ ভাগে নজরুলকে নিয়ে এল হাবিবুল্লাহ বাহার তাদের তামাকুমুণ্ডির বাড়িতে। লোকে লোকারণ্য।‘আমিও তাঁকে দেখতে গেলুম। তাঁর তখন সেই সর্বজয়ী ভাব। আমাদের উভয়ের দেখা কীরূপ হয় দেখবার জন্য অনেকের উৎসুক্য ছিল। নজরুল “মাহবুব” বলে কিছু উল্লসিতও হয়েছিলেন। কিন্তু, সামনা-সামনি হতেই বোঝা গেল আমরা একে অপরকে কখনো দেখিনি।’(৩)‘আমি পল্টনে নাম লিখিয়ে এপ্রিল মাসেই উহার হেড কোয়ার্টার করাচি পৌঁছে যাই এবং মাসেকের মধ্যেই মেসোপটেমিয়ার যুদ্ধক্ষেত্রে প্রেরিত হই।‘আমি যুদ্ধক্ষেত্রে প্রেরিত হওয়ার পর পরই সিয়ারসোল রাজ স্কুলের পড়া ছেড়ে পল্টনে নাম লিখিয়ে নজরুল করাচি ডিপোতে পৌঁছেছিলেন।পল্টন মোটামুটি যুদ্ধে চলে যাওয়ায় করাচি এস্টাবলিশমেন্টকে বলা হতো ডিপো।‘১৯১৯ সালের মাঝামাঝি যুদ্ধবিরতি হয়ে যায়। তখন লটারি করে আমাদের কতক লোককে বাড়ি ঘুরে আসার ছুটি দেওয়া হয় মাস তিনেকে।‘আমাদের তাঁবুর এই ছুটি পেয়ে যায় মনোরঞ্জন দাস—হবিগঞ্জের এক স্কুলমাস্টার রাজকুমার দাসের ছেলে।‘পল্টন থেকে আসা যাওয়া কর্তে হতো করাচি ডিপোর মাধ্যমে।মনোরঞ্জন পল্টনে ফিরে এসে বলে: করাচিতে দেখে এলাম হাবিলদার কাজী সাহেবকে: আকাশের সঙ্গে পাল্লা দিচ্ছে তাঁর গলা, সামনে হার্মোনিয়াম বাজিয়ে গেয়ে চলেছেন গানের পর গান, আর খাচ্ছেন কাপের পর কাপ চা, খিলির পর খিলি পান।‘সিয়ারসোল স্কুলে পড়ার সময়ই নজরুলের অসামান্য প্রতিভা ছড়িয়ে পড়তে থাকে। তিনি সব রকম গণ্ডি ভেঙে বেরিয়ে আসেন। শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন তাঁর সহপাঠী।‘করাচিতে নজরুল প্রতিভা এক দিগ্বিজয়ের আকার নিয়েছিল। তাঁকে খাটাবে কি, শাসন কর্বে কি—সেসব কথা কারু মনে হয়নি। তাঁকে কোয়ার্টার মাস্টারের বিভাগে আসীন করে দিয়ে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেল্লেন।‘এই বিভাগের কাজ হলো থাকার, খাওয়া-পরার, স্বাস্থ্য রক্ষার, চিকিৎসার বন্দোবস্ত। এদের প্যারেড কর্তে হয় না। যদিও সাজ-পোশাক, গুলি-বন্দুক ঠিকই আছে। শুধু কালেভদ্রে যদি কখনও “জেনারেল ফল ইন” হয় ধরা-চূড়া পরে এদেরও তার শামিল হতে হয় আর তখন তাদের পা মেলে না, কাঁধ মেলে না—সারা পল্টনে হাসাহাসি হয়। নজরুল ল্যান্স নায়েক হন। নায়েক হন, যথাকালে হাবিলদার হন।‘কিন্তু, ইতিমধ্যেই সর্বজয়ী কবির অঞ্জন লেগে গেছে তাঁর চোখে। করাচি ডিপো হয়ে উঠল তাঁর পিঠ। তাঁর দেহ করাচিতে থাকলে কী হবে, তাঁর অলোক-সামান্য প্রতিভার এক বিস্ময়কর মহাজাগরণ ঘটল বীর-রসে। মানসচক্ষে তিনি ঘুরে বেড়ালেন শাতিল আরবের যুদ্ধক্ষেত্রে (অর্থাৎ মেসোপটেমিয়ায় সেখানে আমি যুদ্ধরত ছিলুম), তুর্কীর রণক্ষেত্রে আনওয়ার পাশা ও কামাল পাশার সাথে এবং ভার্দুন-ট্রেঞ্চ মিত্র-বাহিনীর সাথে।‘তিনি আমার পরে পল্টনে ঢুকে করাচি যান। আমি এক নাগাড়ে তিন বৎসর মেসোপটেমিয়ায় যুদ্ধক্ষেত্রে থাকি। ১৯২০ সালের পূর্বে আমাদের প্রত্যাবর্তন সম্ভব হয়নি। এদিকে যুদ্ধবিরতির পর পল্টন ভেঙে দিলে হাবিলদার কাজী নজরুল ইসলাম ১৯১৯ সালে কলিকাতায় ফিরে এসে উঠলেন “বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি”র অফিসে। সুতরাং, পল্টন জীবনে তাঁর সঙ্গে আমার চাক্ষুস পরিচয়ের কোনো সুযোগ হয়নি।‘যা-ই হোক, ১৯২৮ সালের শেষ ভাগে বাহার ও দিদারের উদ্যোগে নজরুল চট্টগ্রাম আসেন এবং চট্টগ্রাম শহরে বাহারদের তামাকু মুণ্ডীর বাড়িতে ওঠেন।‘হাবিলদার বেশে নজরুলের ছবি এবং তাঁর অজস্র কবিতা ও গান তখন বাংলার ঘরে ঘরে সুপরিচিত। সেই সঙ্গে এই ধারণাও জন্মে উঠেছিল যে নজরুল তো বাঙ্গালি পল্টনে ছিলেনই, অধিকন্তু শাতিল আরব, তুর্কীর রণক্ষেত্র, ভার্দুন-ট্রেঞ্চ সব দেখে এসেছেন।‘আমি তখন চট্টগ্রামে কালিপুরের সাব-রেজিস্ট্রার। নজরুলকে দেখতে যাই। মাহবুব দেখা কর্তে এসেছে জেনে নজরুল উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিন্তু, আমাদের যখন চোখাচোখি হলো এটা কারো দৃষ্টি এড়াল না যে নজরুল একটুখানি অবাক হয়ে গেছেন। কারণ যে মাহবুবকে দেখবেন বলে তিনি মনে করেছিলেন এ সে মাহবুব নয়।‘আমার মনে হয়, ইরাকের যুদ্ধক্ষেত্রে যাদের প্রায় তিন বছর কেটে ছিল তাদের প্রতিনিধি স্থানীয় কারো সাথে নজরুলের তখনো সংযোগ ঘটেনি। কুমার অধিক্রম মজুমদার ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়ে কর্মরত ছিলেন। কলিকাতার আর কাউকে আমি দেখছি না যিনি নজরুল পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছিলেন।‘এই সময় নজরুলের লেখা অনুযায়ী অনেকেই তার বাস্তব জীবন ধরে নিয়েছিলেন। এরূপ যারা লেখাপড়া করেছিলেন তাঁদের মধ্যে মিজানুর রহমানও ছিলেন (ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সরকারি উচ্চ কর্মকর্তা) তিনিই সর্বপ্রথম প্রকৃত অবস্থা আমার থেকে জেনে নেন এবং এটাকে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু সময় লেগেছে।‘এরপর নজরুলের সঙ্গে আমার দেখা চট্টগ্রাম জেলার রাউজানে অনুষ্ঠিত এক সাহিত্য সম্মেলনে ১৯৩৩ সালে। এর মধ্যে দিদার মারা গিয়েছে ১৯২৯ সালের ২৮ ডিসেম্বর এবং মাসিক মোহাম্মদীতে আমার “পল্টন জীবনের স্মৃতি” ধারাবাহিকভাবে বের হওয়া শুরু হয়েছে।“পল্টন জীবনের স্মৃতি” নজরুল পড়ছিলেন। ওটার প্রথম অংশে করাচির কিছু ঘটনা ছিল, যেটা আমার মেসোপটোমিয়ার যুদ্ধক্ষেত্রে চলে আসার পর ঘটেছিল। নজরুল ওটার উল্লেখ করে আমার কিছু ভুল সংশোধন করে দেন।’(৪)‘বাঙ্গালি পল্টন কাজী নজরুল ইসলামের কবিসত্তা জাগিয়ে তোলে। তাঁর তিনটা দান অসাধারণ। প্রথমত সাহিত্যিক সত্য বাস্তব সত্য অপেক্ষাও অধিকতর সত্য, তিনি প্রমাণিত করেছেন। আমরা “শাতিল আরব” দেখেছি। কিন্তু, তার সামান্য প্রতিক্রিয়াই সাহিত্যে আনতে পেরেছি। কিন্তু, নজরুল করাচির বাইরে যাননি। তবুও মানস দেখায় “শাতিল আরব” যে কবিতা লিখেছেন তা অনেকাংশে সত্যি। দ্বিতীয়ত সৈনিক জীবনে ঠিক রসটি তিনি ধর্তে পেরেছেন। তার প্রমাণ: তাঁর “চল চল চল” মার্চিং সং।’জমাদার শম্ভু রায়(প্রথম পত্র)বাবুগঞ্জ, হুগলি২৪/৬/১৯৫৭প্রাণতোষবাবু, বই পড়লাম।আপনি কাজী সম্বন্ধে যেসব তথ্য জানেন তা সত্যই মধুর। ...কাজী শাপভ্রষ্ট দেবতা। পল্টনে যেদিন কাজী যায় সেদিন থেকে আরম্ভ করে পল্টন থেকে যেদিন আমি চলে আসি সেদিন পর্যন্ত আমি ঘনিষ্ঠভাবে মিশেছি। অবশ্য কাজীর উদার প্রাণে ঘনিষ্ঠতা গজিয়ে তোলা কারো পক্ষেই অসম্ভব ছিল না। বিশেষত তখন আমরা সবাই জুটেছি গুলি-বারুদের মুখে প্রাণ দিতে। পিছনে তাকাবার সময় ছিল না—প্রবৃত্তিও ছিল না। ...কাজীর পড়াশোনার প্রতি বেশ প্রীতি ছিল। রবীন্দ্রনাথের প্রায় সমস্ত পুস্তকই ও শরৎচন্দ্রের সব লেখাই কাজীর কাছে ছিল। তা ছাড়া মাসিক পত্রিকাদি, প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী ও মর্মবাণী, সবুজ পত্রিকাদি প্রভৃতি সবই কাজী রাখত। এ ছাড়া কাজীর কাছে দেখেছিলাম সিডিশাস কমিটির রিপোর্ট। এ দেখে বুঝতাম কাজী বিদ্রোহী বাংলার বিপ্লবী দলকে শ্রদ্ধার চোখে দেখে। হাসি আনন্দ ছিল তাঁর সম্বল। ...বেশ ভালো ভালো গাইয়ে বাজিয়েরাও পল্টনে যোগদান করেছিলেন। এঁরা প্রায় প্রত্যেক সন্ধ্যায়ই কাজীর ঘরের সম্মুখে বসে দারুণভাবে গানবাজনা চালাতেন। আর সেই সময় যখন গান মিলের উচ্চস্তরে গিয়ে উঠত তখন দর্শকরা ‘বাহবা’ দেওয়ার ছলে উল্লাসে বলে উঠতেন—‘চালাও পানসি বেলঘরিয়া’ ‘ঘি চপাচপ কাবুলি মটর’, ‘দে গোরুর গা ধুইয়ে’—প্রসঙ্গ উত্থাপন করেছেন তার গোড়ার ঘরে এই।...কাজী পল্টনে অত্যন্ত নিয়মানুবর্তী ও সভ্য জীবনযাপন করেছেন। তাঁর কোর্ট মার্শালের সম্মুখীন হওয়ার কথা সম্পূর্ণ অলীক ও ভিত্তিহীন। তাঁর পরম দরদি মন বাঙ্গালীকে বিপদ থেকে বাঁচাবার জন্য বালকসুলভ সরলতা নিবন্ধন নির্মল স্বার্থহীনতাপ্রসূত আইনের বাইরে এগিয়ে গেলেও এ কার্যে সাধারণের উপকার ছাড়া ক্ষতি কখনও হয়নি। কাজী যে দরদি তা সবাই জানত, তাই তার উপর সবারই আবদার ছিল। বিপদে পড়লে সবাই কাজীর শরণ নিত।এ সম্বন্ধে অনেক তথ্য বলবার আছে, তা পরে জানাব। এখন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, নজরুল কী করে রাশিয়ার স্বাধীনতার খবর পেয়েছিল। আমাদের ব্যারাকের কর্তৃপক্ষের শ্যেনদৃষ্টি ছিল যাতে আমরা বাইরে থেকে কোনোরকম রাজনৈতিক খবর না পাই। সে জন্য পত্রপত্রিকা যা আসত তা পরীক্ষা করে আমাদের দেওয়া হতো। তা সত্ত্বেও ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হওয়ার দরুন ও সব খবরাখবর কী করে জোগাড় করত সেই জানে।নজরুলের আড্ডা থেকেই বাছাই করা কয়েকজনকে সে ব্রিটিশবিরোধী আন্দোলনের সংবাদ দিত, যেমন আইরিশ বিদ্রোহ ও রুশদের কথা। আমরা কয়েকটি বন্ধু এসব বিষয় যেমন সাবধানতার সঙ্গে আলাপ-আলোচনা করতাম নজরুল তার ভাবকে তেমন করে চেপে রাখতে পারতে না। অবশ্য, তার একটা পথ ছিল, গান ও কবিতার সাহায্য, সে গান গেয়ে ও কবিতা পড়ে তার ভাবকে ব্যক্ত করত। সৈন্যদের মধ্যে এসব নিয়ে কেউ বিশেষ মাথা ঘামাত না।একদিন সন্ধ্যায়, ১৯১৭ সালের শেষের দিকেই হবে, এখন ঠিক স্মরণে আনতে পারছি না, হয়তো সেটা শীতের শেষ দিকে। নজরুল তার বন্ধুদের মধ্যে যাঁদের বিশ্বাস করত, তাদের এক সন্ধ্যায় খাওয়ার নিমন্ত্রণ করে। অবশ্য এরকম নিমন্ত্রণ প্রায়ই সে তার বন্ধুদের করত। কিন্তু ঐ দিন যখন সন্ধ্যার পর তার ঘরে আমি ও নজরুলের অন্যতম বন্ধু, তার অর্গ্যান মাস্টার হাবিলদার নিত্যানন্দ দে প্রবেশ করলাম, তখন দেখলাম, অন্যান্য দিনের চেয়ে নজরুলের চোখেমুখে একটা অন্যরকম জ্যোতি খেলে বেড়াচ্ছিল। উক্ত নিত্যানন্দ দে মহাশয়ের বাড়ি ছিল হুগলি শহরের ঘুটিয়াবাজার নামক পল্লিতে। তিনি অর্গ্যানে একটা ম্যাচিং গৎ বাজানোর পর নজরুল সেই দিন যেসব গান গাইলেন ও প্রবন্ধ পড়লেন তা থেকেই আমরা জানতে পারলাম যে রাশিয়ার জনগণ জারের কবল থেকে মুক্তি পেয়েছে। গানবাজনা প্রবন্ধ পাঠের পর রুশ বিপ্লব সম্বন্ধে আলোচনা হয় এবং লালফৌজের দেশপ্রেম নিয়ে নজরুল খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং ঠিক মনে নেই, সে গোপনে আমাদের একটি পত্রিকা দেখায়। ওই পত্রিকাতে আমরাও বিশদভাবে সংবাদটি দেখে উল্লসিত হয়ে উঠি। সেদিন সারা রাতই প্রায় হইহুল্লোড়ে আমাদের কেটে গিয়েছিল।কাজী যে কাজ আরম্ভ করত তা শেষ না করে কখনও ছাড়ত না তাই যে লেখা সে পল্টনে যাওয়ার আগেই আরম্ভ করেছিল সে অভ্যাস সে সমস্ত পল্টনের জীবনেই চর্চা করে গেছে। এত যার আনন্দ, এত যার উৎসাহ, যে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গের’ মতোই উচ্ছ্বসিত, আজ সে নিস্তব্ধ। ভগবানের কী ইচ্ছা কে জানে!ইতি ভবদীয়শম্ভুরায়২৪/৬/১৯৫৭(দ্বিতীয় পত্র)প্রাণতোষ বাবু, অনেক সময় অনেক কথা মনে পড়ে। ধরে রাখার অভ্যাস নেই। আপনার সঙ্গে আলাপ হওয়ার পর মাঝে মাঝে টুকরো টুকরো লিখে পাঠাব। প্রথম চিঠিতে নজরুলের দরদি মনের কথা বলব বলেছিলাম।একবার একজন এলটি ড্রাইভার, বেচারি বোধ হয় বেশিক্ষণ একদম অফিসে বসে ব্যাহ্যের বেগ সহ্য করতে না পেরে হেগে ফেলেছে। আর তার পাতলা ব্যাহ্যি একদম শার্টের ভেতর দিয়ে বেরিয়ে একেবারে পট্টি বুট ছাপিয়ে বেয়ে এসেছে। বেচারি কাঁচুমাচু হয়ে ছুটেছে কাজী (নজরুল) সেখানে বসে আছে প্যান্ট কোট বুট পট্টির ভান্ডারের আড়াল যেখানে, এই আশায় যে কাজীর কাছে থেকে প্যান্ট পট্টি প্রভৃতি চেয়ে নিয়ে ওখানে কাজীর গুদামের এক কোণে লুকিয়ে সব বদলে ফেলে আবার ঠিক হয়ে এসে বসবে।ওই অবস্থা দেখে কাজী একটা ছেলেকে দৌড়ে আমাকে ডাকতে পাঠিয়েছিল। আমি এসে দেখি বিপদগ্রস্ত সাহেবকে কাজী প্যান্ট স্টকিং পট্টি বের করে দিয়েছে। আর সাহেব তাই বদলাচ্ছে। সাধারণভাবে কাজী কিন্তু ইউরোপিয়ানদের ওপর অত্যন্ত বিরক্ত, কিন্তু বিপদে পড়া এই লোকটিকে অযাচিত সাহায্যও করেছে। এমনই পল্টনে কত দরিদ্র যে কাজীর কাছে কত রকমের সাহায্য পেয়েছে তার অন্ত নেই। পল্টনের কমিটির দরুন হ্যারল্ড’র বাড়ির ফোল্ডিং অরগ্যানটি কাজীর ঘরেই থাকত। কাজীর হারমোনিয়াম বাজনা ও গান শিক্ষার প্রাথমিক ঠিকানাও ওখানে। কাজীর প্রথম অরগ্যান বাজিয়ে গান আমার বেশ মনে আছে:ওকি হোলো গো আমারবুঝিবা সজনী হূদয় আমার হারিয়েছে ইত্যাদি।কাজীকে বাজনার শিক্ষা দেন হুগলির ঘুটিয়াবাজারের হাবিলদার নিত্যানন্দ দে।আপনারশম্ভু রায়২৭/৬/৫৭(তৃতীয় পত্রে কাজী নজরুল ইসলামের সৈনিক জীবন সম্পর্কে বিশেষ কোনো মন্তব্য নেই)(চতুর্থ পত্র)শ্রীযুক্ত প্রাণতোষমহোদয় সমীপেষুপ্রাণতোষ বাবু, সম্ভাষণ ও শুভেচ্ছা জানাবেন। হঠাৎ নজরুলের কথা মনে পড়ায় সুদূর অতীতের মধ্যে মন ডুবে গেল। ...আজ আপনাকে দুটি ঘটনার কথা জানাব।প্রথম ঘটনাটি ঘটে একদিন ছুটির দিনে। জনাতিনেক ছেলে বেড়াতে বার হলো। তারা ঘুরতে ঘুরতে করাচির বাজারে ঢুকল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারা একটা ঘড়ির দোকানে ঢুকল। মালিকের সঙ্গে ঘড়ির দরদাম করবার সময় দোকানের মালিকটি ছেলেদের বললে যে ‘বাঙালিরা আবার টাকা দিয়ে ঘড়ি কিনতে পারে নাকি? এ কথা শুনে ছেলে তিনটি অপমান বোধ করায় কথা-কাটাকাটি থেকে ব্যাপারটা মাথা-ফাটাফাটির পর্যায়ে পৌঁছোল। ছেলেরা গেছে যুদ্ধে, তাদের মরিয়া জীবন, তারা অপমান সহ্য করবে কেন? ঘড়ির দোকানের কাচের আলমারি, শো-কেস প্রভৃতি ভেঙে তছনছ করে ফিরে এল ব্যারাকে। আমি তখন ‘ডিসিপ্লিনারি ইনচার্জ জমাদার।’ আমার কাছে এসে সরলভাবে সব কথা বলায় ব্যারাকের বিপদবারণ নজরুলের কাছে নিয়ে এলাম ওদের। নজরুলের উদার প্রাণের দরজা খোলাই ছিল। বিশেষ করে ডানপিটে ছেলেদের নজরুল খুব ভালোবাসত। বাঙালি ছেলেরা বাঙালির অপমানের জবাব দেওয়ায় নজরুল খুশি হয়ে তাদের ও আমাকে অভয় দিল। করাচির ব্যারাকে নজরুল ছিল ‘কোয়ার্টার মাস্টার হাবিদলার’, মানে বুট, প্যান্ট, কোট, মোজা, কম্বল প্রভৃতির সরবরাহকারী। অনেক চেষ্টা করে এ কাজটা সে জোগাড় করেছিল। এসব পোশাক-পরিচ্ছদের ভাঁড়ারের আড়ালে বসে সব সময়ই লেখাপাড়ায় মশগুল থাকত।যাই হোক, আমি কাজীকে এর একটা বিহিত করতে বলায় কাজী অনেকক্ষণ পরামর্শ করে বললে—ওদের হাজিরা লিখে নাও, আর আমি সবাইকে নতুন পোশাক দিচ্ছি, পুরোনোগুলোতে কাদামাটি রক্ত লেগে আছে, ওগুলো পুঁতে ফেলো তা হলেই ওরা বেঁচে যাবে। তাই করা হলো।কিছুক্ষণ বাদে দোকানের মালিক পুলিশ সুপারিন্টেন্ডেন্টকে নিয়ে এল শনাক্ত করার জন্য। কিন্তু সে সবাইকে আবোল-তাবোল করে শনাক্ত করায় মামলা গেল ফেঁসে, ছেলে তিনটি বেঁচে গেল।এর পরের ঘটনা আরও মজার। যখনকার কথা বলছি তখন ৪৯তম বাঙালি পল্টনে কাতারে কাতারে কিশোর, যুবক, প্রৌঢ় সবাই যোগ দিচ্ছিল। বাংলা থেকে একটি ফুটফুটে সুন্দর কিশোর এসে যোগ দিল, আশা বড়ো যোদ্ধা হবে, কিন্তু যে আসবে সেই যে সৈন্য হতে পারবে, তা হতো না। অনেক বিভাগ ছিল, তাদেরকে বিভাগ অনুযায়ী ভাগ করে দেওয়া হতো। অবশ্য সৈন্য বিভাগের যেকোনো বিভাগে ঢুকতে পারলেই একদিন না একদিন সৈন্য পদে উঠতে পারবে, এই মনে করে এরা তাই মেনে নিত। এই ছেলেটি রাঁধুনীর কাজ নিয়ে করাচিতে আসে। হেডকুক গোবিন্দ ছিল ভারী অত্যাচারী। যত রাঁধুনী ছিল গোবিন্দ এদের সকলের ওপর অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটি বাংলায় পালিয়ে আসে। ব্যারাক থেকে পালিয়ে যাওয়া সৈনিকদের আইনে খুব অপরাধ। তাই তাকে বাংলা থেকে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে আসে এবং বিচারের ব্যবস্থা হয়।এই বিচারের ভার পড়ে লেফটেন্যান্ট ডগলাসের ওপর। ডগলাস ছিল আইসিএস অফিসার। যুদ্ধের পরে মেদিনীপুরে ডগলাস ম্যাজিস্ট্রেট হয়ে এসে স্বদেশী আন্দোলনে নর-নারী ও কর্মীদের ওপর খুব অত্যাচার করায় বাংলায় বিপ্লবী দল তাকে গুলি করে খুন করে।এহেন ডগলাস হলো উক্ত ছেলেটির বিচারক। ডগলাস তখনই মাত্র দেশ থেকে এসেছে। একেবারে আনকোরা, এ দেশের ভাব ভাষা কিছুই বোঝে না। তাই সবাই নজরুলকে ধরল যে এই ছেলেটিকে বাঁচানোর বুদ্ধি বার করতে হবে। মন্ত্রণাসভা বসল। আমি, মনীরুদ্দীন ও নজরুল অনেক পরামর্শ করে ছেলেটিকে কী বলতে হবে তা বুঝিয়ে দিলাম। মনীরুদ্দিন সাহেব ও ছেলেটাকে মহড়া দেবে আর নজরুল আকার-ইঙ্গিতে ওই ছেলেটিকে কী বলতে হবে তা বোঝাবার চেষ্টা করবে। বিচারক ডগলাসের কাছে ছেলেটিকে আনা হলো। ডগলাস জিজ্ঞাসা করল, হোয়াট ইজ গোবিন্দ? ছেলেটি বুঝতে না পারায় নজরুল তাড়াতাড়ি এগিয়ে এসে বলল ‘গোবিন্দ ইজ অ্যানাদার নেইম অফ ব্ল্যাঙ্কেট, স্যার’, (কম্বলের আর এক নাম গোবিন্দ, স্যার) যেখানে কম্বল, প্যান্ট, পোশাক চাঁই করা ছিল নজরুল সেখানে গিয়ে মনীরুদ্দিনকে সেই ছেলেটাকে কেবল কম্বলের স্তূপটা দেখাচ্ছে আর জোড়হাতে তাকে বলতে বলছে।ডগলাসের কী মনে হলো ভগবানই জানেন। তিনি জিজ্ঞাসা করলেন—‘ইজ নট গোবিন্দ ফ্রি ইস্যু?’, (গোবিন্দ কি ফ্রি ইস্যু হয় না) নজরুল মনীরুদ্দিনকে হাত ইশারায় বললে ‘না।’ মনীরুদ্দীন তখন বললে, ‘না।’ তখনই লেফটেন্যান্ট ডগলাস হুকুম দিলে—‘ইস্যু টুয়েল্ব গোবিন্দস ফর মাই ফলোয়ারস,’ বলেই সাহেব চলে গেল। উপস্থিত সবার মুখে হাসি ফুটল, ছেলেটা বাঁচল আর আমরা সবাই ১২ খানা করে ‘গোবিন্দ’ পেলাম। সেই থেকে কম্বলের কথা বলতে হলে আমরা ‘গোবিন্দ’ বলতাম আর হাসির হুল্লোড় পড়ে যেত। এমনই করে নজরুলের বুদ্ধিতে আমরা মুশকিলে আসান পেতাম।ইতিভবদীয়শম্ভু রায়৩০/৮/৫৭প্রাণতোষ চট্টোপাধ্যায়গৌরী নিবাস, প্রতাপপুরহুগলি।(পঞ্চম পত্র)প্রাণতোষ বাবু... ... ... বাঙালি রেজিমেন্ট সংগঠনের আদেশ জারি হলো বোধ হয় ১৯১৭ সালের মার্চ মাসে।দলে দলে বাঙালি ছেলেরা সৈনিক হিসাবে যোগ দিতে লাগল এবং এই সময় কোনো একজনের সঙ্গে কাজীও করাচিতে সৈনিক হিসাবে যান। কাজীর অন্তর ইংরেজ শাসনের বিরুদ্ধে; অতএব বিদ্রোহী, তথাপিও শিক্ষানবিশিতে কাজী কখনও আইন বা নিয়মবিরুদ্ধ কাজ করেননি। তাঁর শিক্ষানবিশি কৃতিত্বপূর্ণই ছিল।কী সুন্দর ব্যবস্থা। শুধুমাত্র ডাবল কোম্পানির সৈনিকরাই তখন শিক্ষিত। আবার এর মধ্যে এক দলকে খচ্চর বাহিনী করে আগে এক পাল খচ্চর দিয়ে বেলুচ রেজিমেন্টের খচ্চর বাহিনীর সঙ্গে জাহাজবন্দী করে বসরায় পাঠানো হলো। কত যে বড়ো বড়ো জমিদার আর ভালো ভালো ঘরের নন্দদুলালরা এইসব কাজে নিযুক্ত হলেন তার ইয়ত্তা নেই। প্রথম দল বাঙ্গালী সৈনিকেরা ১৯১৭ সালের জুলাই মাসে জান কবুল করে বসরা চলেছে। মোট কথা, প্রথম দল যেতে দেবেন যিনি আমাদের শিক্ষানবিশি হিসাবে তখন করাচিতে তিনিও কিন্তু সার্ভিসে যেতে পারেননি এবং নজরুল ও আরও অনেকেও ফিল্ডে যাওয়ার অত্যন্ত আগ্রহ সত্ত্বেও মেসোপটেমিয়ায় যেতে পারেনি। কারণ, অজুহাত এই দেখানো হলো ডিপোর কাজ অত্যন্ত দরকারি এবং ওখানে ভালো লোক কেউ না থাকলে এখানকার যেসব নতুন ছেলেরা রিক্রুট হয়ে আসবে তাদের শিক্ষা প্রভৃতি পশ্চাৎপদ হলে রেজিমেন্ট-এর সুনাম নষ্ট হবে এবং ফিল্ডে রেজিমেন্টের কাজ ভালো করতে পারবে না। অতএব, প্রথম ডাবল কোম্পানিতে যাঁরা যোগ দিল তাদের মধ্যে কতক এবং নবাগতদের মধ্যে বাছাই করা কয়েকজন যেমন, নিতাই সিং (পরে ফুল ফ্লেজ্ড কোল হয়ে রিটায়ার করেন), বঙ্কিম ব্যানার্জি (ইনি আ. পি হন, পুলিশ...কিংস মেডাল প্রভৃতি অর্জন করেন ও পরে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট হন), প্রভৃতিও এঁদেরই সমসাময়িক কাজী নজরুল ও আরও কয়েকজনকে ডিপোতেই অর্থাৎ করাচিতেই থেকে যেতে হয়। ডিপোতে থাকা কোনো ডিসকোয়ালিফিকেশন নয় বরং এঁদের ক্ষেত্রে ডিপোতে থাকা প্রয়োজনীয়ই হয়ে পড়েছিল। ...কাজী সম্বন্ধে লিখতে যেয়ে এতগুলো অবাস্তব কথা বলতে হয় তার কারণ কাজী সৈনিকের কাজ বেশ দক্ষতার সঙ্গে শিখে নিয়ে যখন বুঝল যে শুধু সৈনিকের কাজ করা মানে কুকুরবৃত্তি করা, এতে দেশের বা জাতির কল্যাণ কিছুই হবে না, এবং রায়সাহেব, রায়বাহাদুর, খানসাহেব, খানবাহাদুর প্রমুখের মনোভাবই সৃষ্টি হবে, তখন সে কায়মনে নিজের লেখনীর শক্তিতে চারণ-কবি সেজে জাতির চরিত্র ও মনোবল সৃষ্টি করতে চাইল।এই সময় কোয়ার্টার মাস্টার জমাদার মনীরুদ্দিন আহমদ (পল্টনের নানা) আমাকে একদিন কাজীকে তার অধীনে নিযুক্তির জন্য অনুরোধ জানালেন। কাজীও স্বীকৃত। অতএব কোয়ার্টার মাস্টারের স্টাফে নায়েক হয়ে ঢুকল এবং পরে হাবিলদার পদে উন্নীত হলো। এই সময় তিনি নিত্যকার প্যারেড, গার্ড ডিউটি, ফেটিগ ডিউটি প্রভৃতি হতে নিস্তার পেয়ে একান্তভাবে বাণীর চর্চা করেছেন এবং ভগবৎ কৃপায় এক মহাপণ্ডিত মুসলমান মউলবিরও সহযোগিতা পেয়ে গেছেন। কাজী যখন প্রথম লায়লে মজনু পড়ে তখন মাঝে মাঝে তার শ্লোকগুলি পড়ে ব্যাখ্যা করে আমাদের শোনাত। কিন্তু উলুবনে মুক্তা ছড়ানোর মতোই কাজীর ইচ্ছাকে আমরা নিষ্ঠুরভাবে ব্যর্থ করে দিতাম। কারণ তখন আমরা ভাবতাম, সৈনিকের হাতিয়ার চালনা আর যুদ্ধকৌশল শিক্ষাই সর্বস্ব, এই কাজ করলেই জাতির মর্যাদা বৃদ্ধি হবে।তখন বুঝিনি যে ব্রিটিশের অধীনে সৈনিকবৃত্তি কুকুরবৃত্তি ছাড়া আর কিছুই নয়। অতএব, নজরুলের প্রকাশিত রণক্ষেত্রের কাহিনি সমন্বিত প্রবন্ধ পড়ে যাঁরা মনে করেন কবি গুলি-বারুদের মধ্যে ট্রেঞ্চে থেকে সৈনিক হিসাবে যুদ্ধ করেছে তাঁরা সঠিক সংবাদ জানেন না।বাঙালি রেজিমেন্টের কোনো সৈনিককেই গুলি-বারুদের মধ্যে যুদ্ধ করতে দেওয়া হয়নি। যারা মেসোপটেমিয়ায় গিয়েছিল তাদের দিয়েও পুলিশের কাজই করানো হয়েছে, যুদ্ধ তারা কেউ করেনি। কবির চিন্তাধারাই কবির লেখনীর মুখে ফুটে বেরিয়েছে। কাজীর সত্যিকারের মনোভাব তাঁর বিদ্রোহী কবিতায় প্রকাশ পেয়েছে, এবং তার চরিত্রেও সে এই পথেই সম্পূর্ণভাবেই গড়ে তুলেছিল।ইতিআপনারশম্ভু রায়৯/১০/৫৭নজরুল সেবকপ্রাণতোষ চট্টোপাধ্যায়গৌরী নিবাস, প্রতাপপুরহুগলিসুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়নজরুলের আরেক সহযোদ্ধা সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় নজরুল সম্বন্ধে যা বলেছেন, তা আবদুস সামাদ এর লেখা থেকে তুলে ধরলাম: ‘করাচি সেনানিবাসে নজরুলকে যাঁরা দেখেছিলেন, তাঁদের মধ্যে মাত্র একজন এখনও জীবিত আছেন। তিনি ৯৪ বছরের বৃদ্ধ আকাদামি পুরস্কারপ্রাপ্ত যাত্রাভিনেতা শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বেনারস থেকে ১৯১৮ সালে ইনি ৪৯ নম্বর বাঙ্গালী পল্টনে যোগ দেন এবং ইনিই সম্ভবত ৪৯ নম্বর বাঙ্গালী পল্টনের শেষ জীবিত সৈনিক। শ্রদ্ধেয় মুখোপাধ্যায় মহাশয়ের কাছে শুনেছি, নজরুলকে তারা “হৈ হৈ কাজী” বলে সম্ভাষণ করতেন। কারণ, প্রাণচঞ্চল নজরুল সব সময় আনন্দোল্লাসে টৈ টম্বুর হয়ে থাকতেন এবং গোটা সেনানিবাসকে মাতিয়ে রাখতেন। সর্বদা হৈ হৈ করে বেড়াতেন বলেই তিনি “হৈ হৈ কাজী” বলে সম্ভাষিত হতেন। আপন প্রাণের বেগে পাগলপারা, প্রণোচ্ছ্বাসে ভরপুর তরুণ করাচি সেনানিবাসে থাকাকালীন সর্বত্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন, সে কথা শ্রদ্ধেয় সুরেন্দ্রনাথ বাবুর আজও বিলক্ষণ স্মরণ আছে।’(লেখকের প্রকাশিতব্য সৈনিক নজরুল গ্রন্থ থেকে সংকলিত)