সাংবাদিক হওয়ার সহজ পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চর্চা করুন খবর লিখুন: পাঁচরঙা যুক্তি-পরামর্শ
চর্চা করুন খবর লিখুন: পাঁচরঙা যুক্তি-পরামর্শ

চর্চা করুন খবর লিখুন: পাঁচরঙা যুক্তি-পরামর্শ
কুররাতুল-আইন-তাহমিনা
প্রচ্ছদ ও অলংকরণ:  কাইয়ুম চৌধুরী 
প্রকাশক: প্রথমা প্রকাশন ২০১৩, পৃষ্ঠা: ১৪৪ দাম: ২৫০ টাকা

এ বইয়ের আলোচনা একেবারে এর শেষের দিক থেকে ‘শিরোনাম হোক শব্দবাণ’ নামের অধ্যায় দিয়ে শুরু করা যাক। বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ একটি উদাহরণ তুলে ধরলেই বোঝা যাবে, কোনো খবর বা প্রতিবেদনের শিরোনাম কেন একটি তিরের সঙ্গে তুলনীয়।
১৯৬৮ সাল। মওলানা আকরম খাঁ সম্পাদিত দৈনিক আজাদ-এ একদিন প্রথম পাতার শীর্ষদেশের মাঝামাঝি এ রকমের একটা খবর ছিল: তখনকার পাকিস্তানের স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান সদলবলে ময়মনসিংহ সফরে গেছেন। বাহন তার রেলের আরামদায়ক কামরা। ময়মনসিংহে গিয়ে রেল থেকে নেমে মোটর গাড়িবহরে চেপে সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা। যেতে যেতে রাস্তার দুপাশে ভাড়া করে আনা মানুষজনের সোৎসাহ অভ্যর্থনা লাভ। তারপর সার্কিট হাউসে বক্তৃতাবাজি শেষে আবার একইভাবে ফিরে রেলের সেই কামরায় এসে বসা। এ পর্যন্ত সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু গোল বাধল যখন গাড়ি চলতে শুরু করল। জানালার পাশে বসে জনতার উদ্দেশে হাত নাড়ছিলেন আইয়ুব। সেই অবস্থায় ঠিক তার মুখ সোজা একটা ডিম এসে লাগল। এই ঘটনার খবরটা ছিল সিঙ্গেল কলামে। ছিল বক্স আইটেম। শিরোনাম ‘ফিনিশিং টাচ’। আজাদ-এ পরিবেশিত এই খবর—সর্বোপরি শিরোনামটা ছিল লক্ষ্যভেদী তির্যক তিরের মতো। সেদিন ওই খবর ও তার হেডিংয়ের জন্য আজাদ তার কাটতির রেকর্ড ভেঙেছিল।
সাংবাদিকতায় যাঁরা নিবেদিতপ্রাণ হতে চান, কুর্রাতুল-আইন-তাহ্মিনার এই বই তাঁদের জন্য অবশ্যপাঠ্য। লেখক যখন বইয়ের প্রথম অধ্যায়েই—যার শিরোনাম ‘প্রতিবেদন বশীকরণমন্ত্র’—প্রতিবেদন রচনার দায়িত্বপ্রাপ্ত প্রতিবেদককে লক্ষ্য করে বলেন, ‘সন্ধিগ্ধ হোন। বিনা প্রশ্নে কিছুই সত্য বলে মেনে নেবেন না’, তখন রীতিমতো নড়েচড়ে বসতে হয়।
সাংবাদিকতা পেশার সহজ-সরল পথ নেই, তারও যে মেলা আঁকবাঁক আছে, নিজেকে যে প্রতিনিয়ত শিখিয়ে-পড়িয়ে এগিয়ে যেতে হয়—এ বইয়ের প্রতি পদে ও পরতে তার দিকনির্দেশনা আছে অনুপুঙ্খভাবে।
আমাদের এই উচ্চারণের অনুকূলে গ্রন্থকারের ‘যে প্রতিবেদন জানায়, বোঝায়, তৃষ্ণা মেটায়’, ‘বক্তৃতা, সংবাদ সম্মেলন, সভার সাধারণ কথা’, ‘সংবাদ সম্মেলনে মুখোমুখি’, ‘সত্য অনুসন্ধান, সুস্থ জনজীবনের জন্য’, ‘অন্তর্জালে কাঁটা বেছে মাছ খাওয়া’, ‘ডটকম মহোদয়ার অনন্যতা’, ‘শিরোনাম হোক শব্দবাণ’, ‘ক্যাপশনে মন লাগান’ ও ‘জয় ফিচারের জয়!’ ইত্যাদি শিরোনামের অধ্যায় এবং উপ-অধ্যায়ের প্রতিটিতে আলোচিত ও নির্দেশিত বিষয়াদি একজন নবিশ সাংবাদিককে সমৃদ্ধ সংবাদ প্রতিবেদন, আকর্ষণীয় ফিচার ও অনুসন্ধানী প্রতিবেদন রচনা ও তৈরিতে সহায়তা করবে। বইয়ের এক জায়গায় কুর্রাতুল-আইন-তাহ্মিনা বলেছেন, ‘মানুষের জন্য, মানুষকে কেন্দ্র করে, মানুষের কাছে দায়বদ্ধ থেকেই আমরা সাংবাদিক, এ কথা যেন ভুলে না যাই। আমাদের সম্মিলিত চেষ্টা হোক: দেশের সব অঞ্চল থেকে মানুষকে খবরে নিয়ে আসার, পত্রিকার পাতায় প্রাণ সঞ্চার করার এবং ফিচারের সম্ভাবনা বিকশিত করার।’ গ্রন্থকারের এ কথা মনে রাখলে পেশাদারি হয়ে উঠতে গিয়ে আমরা নিশ্চিতই এগিয়ে যাব, পেছাব না।