বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণের জন্য এর সাংস্কৃতিক রাজনীতিও বোঝা জরুরি। এ জন্য এবার এ বিষয়ে একটি বই লিখেছেন মোহাম্মদ আজম। সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ নামে বইটি এ মাসেই প্রকাশ করবে সংহতি প্রকাশন।
বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতিও জটিল ঘূর্ণাবর্তে পরিপূর্ণ। এতকাল সেসব বিশ্লেষিত হয়নি সেভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম তাঁর বইয়ে সেই কাজই করেছেন। এই কাজ মানুষের পরিচয়ের রাজনীতির সঙ্গে যুক্ত, উল্লেখ করে তিনি বলেন, অনেকগুলো টেক্সট বিশ্লেষণ করে এখানে বাংলাদেশের প্রভাবশালী সাংস্কৃতিক কাঠামোগুলো দেখানো হয়েছে। আর অন্য কিছু প্রবন্ধে সাহিত্যকর্ম ও রচনার গভীর স্তরে সেই সংস্কৃতি কীভাবে প্রতিফলিত হয়, তা দেখানো হয়েছে।
মোটামুটি তিন–চার বছর ধরে এ বইয়ের ১৫টি প্রবন্ধ লিখেছেন লেখক। প্রবন্ধগুলো বেশ দীর্ঘ। বইটি বাংলাদেশের সাংস্কৃতির রাজনীতির বিন্যাসকে নতুনভাবে উন্মোচন করবে বলে লেখক দাবি করেছেন।
গ্রন্থনা: বাশিরুল আমিন