সাইমন জাকারিয়ার বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য শংসাবচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমাধ্যম হিসেবে নাটকের অবস্থান বাংলা সাহিত্যের অন্যান্য মাধ্যমের তুলনায় বিশেষভাবে উজ্জ্বল না হলেও সমাজের তৃণমূল পর্যায়ে গীতিনাট্যের প্রকরণে বাংলা নাটক প্রাচীনকাল থেকেই প্রচলিত। বস্তুত নাটকের মাধ্যমেই বাংলার মানুষ নিজেদের দৈনন্দিন জীবনালেখ্য প্রকাশ করে; চর্চা করে ধর্মীয় দর্শন ও অধ্যাত্মবাদের। লোকনাটকের এই বিপুল আয়োজন নিয়ে গবেষণা করে এদের একটি সূত্রে আবদ্ধ করা, এদের বৈচিত্র্য অনুসন্ধানী দৃষ্টিতে ধারণ করে পাঠকের দোরগোড়ায় এনে তা উপস্থিত করা এবং এদের মাধ্যমে একটি জাতির পরিচয়কে উন্মোচিত ও মর্যাদাবোধকে জাগ্রত করা বাস্তবিকই একটি শ্রমসাধ্য কাজ। একই সঙ্গে একজন গবেষকের জন্য এটি অপার আনন্দেরও বটে। এই দুরূহ কর্ম সম্পাদনের সত্ ও নিরাবেগ প্রয়াস রয়েছে বাংলাদেশের লোকনাটক : বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য শীর্ষক গবেষণাগ্রন্থে।লোকনাটকের বিষয়বস্তুর সন্ধানে প্রাচীনকালের হিন্দু-বৌদ্ধ-মুসলমান-বৈষ্ণব-খৃষ্টধর্মভিত্তিক কাহিনীর বিপুল সম্ভার যেমন এই বইয়ে সন্নিবেশিত হয়েছে; তেমনি লোকনাট্যের বিচিত্র ও বিস্ময়কর পরিবেশনরীতির সচিত্র সমাবেশও বইটিকে রূপান্তরিত করেছেন একটি প্রামাণ্য ও ঋদ্ধ দলিলে। এ বই আমাদের নাট্যগবেষণা-সাহিত্যের দিগন্ত আরও প্রসারিত করবে।এ কারণে ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৫’-এর মননশীল শাখায় সাইমন জাকারিয়া রচিত বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য শীর্ষক গবেষণাগ্রন্থটিকে পুরষ্কৃত করা হলো।