সাত শিল্পীর সহজ পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনীশক্তির বিচারে দশকওয়ারি দৃকপাতের মধ্যে দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো একটি পুরোনো পদ্ধতি। আধুনিক যুগের সদা বিবর্তমান শিল্পপরিসরের রূপরেখা এভাবেই স্পষ্টতা পায়। সদ্য অনুষ্ঠিত ‘সত্তরের সাত’ শিরোনামের প্রদর্শনীও এমন দর্শককেন্দ্রিক ভাবনার মধ্যে দিয়ে দর্শককে শিল্পের চরিত্র চিহ্নায়নে মাহাত্ম্য করে। সত্তরের সাত প্রদর্শনীর আরেকটি মাত্রা হলো—এই সাত শিল্পী একই ব্যাচের এবং এদের বন্ধুত্ব এখনো জায়মান।আলমগীর হক, ফরিদা জামান, নাইমা হক, নাসিম আহমেদ নাদভী, সাধনা ইসলাম, শওকতুজ্জামান, টি এ কামাল কবির—এই সাতজনের চিত্রভাষায় বিবিধতা সত্ত্বেও একটি মিলের ক্ষেত্র আবিষ্কার করা যায়। প্রকৃতিকেন্দ্রিক সংবেদনা এদের কাজের মূল উপজীব্য। যদি নাদভীর কাজে প্রকৃতির ‘অর্বরা’ চেতন-দৃশ্যের সহজ উদ্ঘাটনের মধ্য দিয়ে ঘটে, আলমগীর হক ও ফরিদা জামানের একই বিষয় কর্মের প্রক্ষেপণে পড়ে ওঠা প্লাস্টিক-প্রবণতায় নষ্টতা পায়। অপরাপর শিল্পীরাও প্রকৃতিরই পূজারক—তাদের প্লাস্টিক বা আত্ম-আবিষ্কৃত ভাষাও বিভিন্ন প্রকৃতির। শিল্পের প্রকৃতি যা জলবায়ুর সঙ্গে দুনিয়ার প্রকৃতির সেতুবন্ধ নির্মাণে অধিকাংশ শিল্পীই বিমূর্ত আলামত হাজির করেছেন। প্রয়াত শিল্পী শওকতুজ্জামান তার ব্যতিক্রম—তিনি ফুল-লতা-পাতার সতেজতা নির্দেশ করতে একধরনের সমান্তরাল প্রকৃতি গড়েন। অন্যদিকে সাধনা ইসলাম প্রকৃতির ফটিক নির্মাণ করেছেন বাংলার ঐতিহ্যবাহী পুতুল ও নকশার নিমিত্তে—ফলে তাঁর কাজে প্রকৃতির পাশাপাশি গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আকুতি টের পাওয়া যায়।সাত শিল্পীর আরাধনায় যা ধরা দেয়—নিসর্গ, দেশ ও ঐতিহ্য। এক অর্থে নিসর্গ যা প্রকৃতি ও ঐতিহ্যে স্মারক। কারণ, মানুষের আধুনিক হয়ে ওঠার তাগিদে নিসর্গ যেমন নাগরিক ন্যারেটিভে উপেক্ষিত, তেমন বাস্তবেও তার দরপতন ঘটে গেছে—বাজারব্যবস্থায় সে তো উন্নয়নের অর্থনীতির অধঃস্তন। এসব বিবেচনায় আলোচ্য সাত শিল্পী—তাঁরা সবাই শহরে বসবাস করেন—প্রাক-আধুনিক যুগের মানুষ ও প্রকৃতির সহজ সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার দায় বহন করছেন। বলাবাহুল্য, আধুনিক শিল্পীর চিত্রভাষায় এই দায় নানা মাত্রা পেয়েছে, বর্তমান প্রদর্শনীর শিল্পীদের কাজে সেই ধারাবাহিকতাই লক্ষ্যযোগ্য হয়ে ওঠে।বাস্তববাদ ও বিমূর্ততা—এই বৈপরীত্য দিয়ে বাংলাদেশে বহু বছর শিল্প মূল্যায়নের চেষ্টা চলেছে। যার ফল দাঁড়িয়েছে মেরুকরণ। অথচ শিল্প-বিচারে এমন সরল মেরুকরণ বিপজ্জনক। সাত শিল্পীর কাজও তারই পক্ষে প্রমাণ সামনে নিয়ে আসে। নাসিম আহমেদ নাদভীর ‘স্টিল লাইফ’ বা ‘জড়জীবন’ কিংবা ‘শীতের সকাল’—আপাতদৃষ্টিতে বাস্তবের চিহ্ননির্ভর হলেও আসলে প্রতীকী নির্মাণ। কারণ, শিল্পী সাদা-কালোয় যেন সাধকসুলভ পরিমিত রেখা ও ওয়াশে বাস্তবতার একটি প্রতিচ্ছবি দাঁড় করান, যা প্রকৃতির বহিঃরূপের চেয়ে তার অধরা চেতন উদ্ঘাটনের প্রক্রিয়া বলে দাবি করা চলে। নাইমা হকের ‘শি’ বা ‘সে’ শিরোনামের নারী ফিগার নিয়েও একই ভাষ্য ঘটে। শুধু তার অঙ্কনরীতি জয়নুলের সহজধর্মিতার কথা স্মরণে আনে। মানবপ্রবৃত্তি প্রকৃতি থেকে জন্ম নিলেও সভ্যতার বিকাশকালে মানবনির্মিত প্রকৃতিতে পরিণত হয়েছে। ফলে আপন প্রকৃতির সেই আদি ও সহজ মাত্রাটি আবিষ্কার করাই আসলে শিল্পীর মূল ধ্যান। এমন ধ্যানই হয়তো নাদভীর ‘মলিভারিটি’ কাজের জন্ম দিয়েছে—যেখানে শিল্পী জাগরণ মঞ্চের মানুষকে আলোকবিন্দু হিসেবে হাজির করেছেন। একতার প্রতীক নির্মাণে শিল্পী কসমিক জগতের দ্বারস্থ হয়েছেন।অন্যদিকে প্রবাসী শিল্পী আলমগীর হক আধুনিক জেসচার পেইন্টিংয়ের ভাষায় তাঁর ভাষ্য তৈরিতে পারঙ্গম। একই ভাষারও বিবিধতা হয়েছে। ‘শিরোনামহীন-৫৮’-তে ক্যানভাসের তলের চরিত্রের চেয়ে সাদা-কালোর গড়ে ওঠা কাঠামোর গুরুত্ব বিধানের সূত্রে প্রকৃতির দ্যোতনা ফুটে উঠতে দেওয়া যায়। রেখার ভূমিকা এখানে স্বতঃস্ফূর্ত ও লাগসই। ফরিদা জামানের ‘বেলা ধরে রাখার চিত্রকল্পেও রেখা বর্তমান, যদিও তা সুনির্দিষ্ট প্যাটার্ন বা নকশা অনুযায়ী সাজানো বলে মনে হয়।’শিল্পভাষা, তা যে বিষয়ভিত্তিকই হোক না কেন, মূলত মাধ্যমের প্রায়োগিক দিক ছাড়িয়ে তা এক প্রতীকী বা ট্রানসেনভেন্টাল রূপে উপনীত হয়। এই পরিণত প্রকাশ সবার আওতাধীন, এমন ভাবার কোনো কারণ নেই। তবে সাত শিল্পীর প্রদর্শনীতে শিল্পীদের স্থানিকতা নির্দেশে ও নির্মাণে প্রকৃতির প্রতি যে অনুরাগ লক্ষণীয়, তা হয়তো নস্টালজিয়া বা স্মৃতিকাতরতা ও বাস্তবতা—এ দুইয়ের মধ্য থেকে ফলিত আকার ধারণ করছে। যদিও একেকজনের হাতে একেক রকম।