সাধকের সাধনার স্বরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬‍—১২ সেপ্টেম্বর ২০০৯)
শাহ আবদুল করিম (১৫ ফেব্রুয়ারি ১৯১৬‍—১২ সেপ্টেম্বর ২০০৯)

এ বইয়ের লেখক সুমনকুমার দাশ যখন তাঁকে জিজ্ঞেস করেন, তাঁর বাউল বা গায়ক হয়ে ওঠার পেছনের শক্তি বা রহস্য কী, জবাবে শাহ আবদুল করিম জানান, ‘নিঃসন্দেহে কালনী নদী। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর প্রেমে পড়েই আমি বাউল হয়েছি। তা ছাড়া হাওরের আফাল (ঢেউ) আমাকে বাউল বানিয়েছে। ভাটির অপরূপ রূপবৈচিত্র্য না থাকলে হয়তো আমি বাউল হতে পারতাম না।’ এই কথার সূত্র ধরে আমরা শাহ আবদুল করিমের শিল্পীজীবনের আদ্যোপান্ত জানার টানে অগ্রসর হতে থাকি, আর ক্রমশই উন্মোচিত হতে থাকে শৈশব-কৈশোরসহ জীবনব্যাপী এ শিল্পীর দুঃখ-কষ্ট ও সংগ্রামের এমন সব ঘটনা, যার পাঠ শেষে রীতিমতো একটি যুগের ইতিহাসই উদ্ভাসিত হয়ে ওঠে চোখের সামনে।
বাউল গানেই সীমাবদ্ধ থাকেনি শাহ আবদুল করিম, রচনা করেছেন, গেয়েছেন গণমানুষের গান—গণসংগীত। পাশাপাশি গেয়েছেন মুর্শিদি, মারফতি, সারি ও ভাটির মানুষের দৈনন্দিন জীবনের গান। তাদের আনন্দ-বেদনার গান। অবাক হয়ে ভাবতে হয়, যে মানুষটির প্রধান পরিচয় বাউল গায়ক হিসেবে, সেই গায়কই যখন পাকিস্তান সৃষ্টির পরপরই গেয়ে ওঠেন ‘কত আর সইব পরানে পাকিস্তানে/ আর কত দুঃখ সইব পরানে’, একটু বিস্মিত হতে হয় এই ভেযে যে, করিম বাউল নিশ্চিতই সেসব মানুষের পঙ্ক্তিভুক্ত, পাকিস্তান সৃষ্টির মহাউন্মাদনা ও মত্ততার মোহজাল ছিন্ন হতে যাঁদের সময় লাগেনি।
বইটি পাঠ করে আমরা জানতে পারি, ‘চিন্তাচেতনায় আবদুল করিম ছিলেন বরাবর প্রগতিপন্থী। সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল সব সময় সোচ্চার।’ কথাটা যে সত্যি, এর প্রমাণ পাই চুয়ান্নর নির্বাচনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও কাগমারী সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার ঘটনার ভেতর দিয়ে। তাঁর পরিচয় ছিল মজলুম জননেতা মাওলানা ভাসানীর সঙ্গে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে এবং নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল তখনো বঙ্গবন্ধু না হয়ে ওঠা জননেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে। তাঁর গানের দারুণ ভক্ত ছিলেন বঙ্গবন্ধু। শাহ আবদুল করিমের ভাষ্য, ‘বিভিন্ন সভা-সমাবেশে আমার ডাক পড়ত। আমি ওঁর ডাকে সাড়া দিয়ে মাঝে মাঝে গানটান গাইতাম। সবার সামনে তিনি বলতেন—“শেখ মুজিব বেঁচে থাকলে করিম ভাইও বেঁচে থাকবেন।” আমার গানের ভক্ত ছিলেন তিনি। জনসভায় বক্তব্য শেষ করেই বলতেন, “করিম ভাই এখন আমাদের গান শোনাবেন।”’

শাহ আবদুল করিম: জীবন ও সংগ্রাম
শাহ আবদুল করিম: জীবন ও সংগ্রাম
শাহ আবদুল করিম: জীবন ও সংগ্রাম
সুমনকুমার দাশ
প্রচ্ছদ: অশোক কর্মকার
প্রচ্ছদের আলোকচিত্র: নাসির আলী মামুন
প্রথমা প্রকাশন, নভেম্বর ২০১৫
১৬০ পৃষ্ঠা
দাম: ৩২০ টাকা।

এ তো গেল তাঁর গণসংগীতের কথা। আর যেসব ধরনের গান তিনি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন, তার বিবরণও দীর্ঘ হতে বাধ্য। একরোখা ছিল না তাঁর জীবন, বিশেষত সাংগীতিক জীবন। ধর্মীয় কুসংস্কার ও অন্ধত্বের বিরুদ্ধে যখন লেখেন, বা গান বাঁধেন এবং গেয়ে ওঠেন এই বলে, ‘হিংসাখোরগণ ধার্মিক নয়/ করে দেখো সুবিচার/ অহিংসা পরম ধর্ম/ জ্ঞানী বলেন বারেবার/ আল্লা-রাসুলের বাজার/ কেউ ধনী কেউ দিনমজুর’, তখন থমকে যেতে হয় এই ভেবে, শাহ আবদুল করিমের মতো এমন গানের লেখক, গায়ক বা সংগীতকার কি এখন আর খুঁজে পাওয়া যাবে?
বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের সমন্বয়ের লক্ষ্যে সারা জীবন ধরে রচনা করেছেন ও গেয়েছেন বহু জনপ্রিয় গান, সৃষ্টিকর্তার উপাসনামূলক গান, সর্বোপরি তাঁর গানে আছে মানবতার জয়গান। বস্তুত সুমনকুমার দাশ এ বইয়ের মাধ্যমে শাহ আবদুল করিমকে তাঁর জীবনব্যাপী সাধনার প্রায় বিস্তারিত বিবরণসহ তুলে ধরেছেন একজন প্রকৃত গবেষকের শ্রমগত প্রয়াসের ভেতর দিয়ে। ফলে বিষয়-সংশ্লিষ্ট এ বই যেমন অশেষ আকরস্বরূপ হয়ে উঠেছে, একইভাবে তাঁর সম্পর্কে নতুন করে মূল্যায়নেরও উৎসমুখ খুলে দিয়েছে। মোট তিনটি অধ্যায়ে বিভক্ত বইটি। পরিশিষ্টে আছে জীবনপঞ্জি, সাক্ষাৎকার, জীবনবৃত্তান্তমূলক টীকা, গ্রন্থপঞ্জি, সংকলিত গানের পঙ্ক্তির বর্ণনাক্রমিক সূচি, শেষত শাহ আবদুল করিমের জীবনের বিভিন্ন দিককে তুলে ধরে এমন কিছু আলোকচিত্র। আছে তাঁর সাংগীতিক জীবনের রাষ্ট্রীয়সহ নানা স্বীকৃতি ও সম্মাননাপ্রাপ্তির বিবরণও। সুসম্পাদিত এ বই পাঠকমাত্রের কাছেই আদৃত হোক, এই কামনা।