সান্ধ্য মুখোশের চক্করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দোষ ওই সন্ধ্যাটার। এমন নিষ্প্রভ, বিষাদ, করুণ আর উড়ালিয়া! জানালায় ধুলো ওড়া শুকনো পাতার ফরফর। টিভি স্ক্রিনে হাজার চেষ্টায়ও মন বসাতে পারছে না লোকটা।

জানালায় চোখ যায় আর হু হু মাঠটার আবিলতায় তার চশমার গ্লাসে ছায়া নামে।

সমস্ত দিন ও রাত্রির সংযোগ-সময় এই সন্ধ্যা।

এই সন্ধ্যা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে ফাল্গুনেও। পুরো বছর সন্ধ্যার শরীরটা এক অদ্ভুত ফিকে রঙের, যেন ধুলোমাখা বৃষ্টি হয়ে গেছে এমনই একটা অনুভবের মধ্যে থাকে।

বাতি জ্বালালে ঘরটা কখনোই উজ্জ্বল উদ্ভাসে খুশি হয়ে ওঠে না ওই বিষাদ-ছায়ার প্রভাবে।

আচমকা বুক ধড়াস করে উঠল।

শাঁই করে একটা বল এসে ঢুকল জানালা দিয়ে। ‘বজ্জাতগুলো...’—যেকোনো লোকের মতো দাঁত খিঁচিয়ে বলতে গিয়েই শৈশব মনে পড়ে গেল লোকটির। নরম চোখে জানালায় তাকায় সে।

একটি ফরসা কিশোর ছেলে ইতিউতি খুঁজছে। সন্ধ্যার ধারাস্রোতে ওর অবয়ব ছায়াচ্ছন্ন দেখায়।

এতক্ষণ টিভির কোনো এক অলৌকিক চ্যানেলে ফিওদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দেখছিল লোকটা। বুড়িটাকে নৃশংসভাবে খুন করেও নায়ক রাসকলনিকভ চলছে নির্বিকার, উকিলের সঙ্গে দাপুটে নির্দোষ কথোপকথন আর যুক্তিতে লিপ্ত হচ্ছে। নৈঃসঙ্গ্যবোধ আর সন্ধ্যার প্রচ্ছায়ার জন্য কিছুতেই মুভিটাতে আমূল ঢুকতে পারছিল না সে।

‘এই যে তোমার বল, নাও।’ বলে জানালা দিয়ে লোকটা হাত বাড়ায়।

বৃষ্টিস্নাত কুমড়োগাছের মতো কিশোর ছেলেটার অবয়ব। কিশোরও নয় ঠিক, শিশু থেকে কিশোরের দিকে ধাবিত হচ্ছে সবে। তবে মুখখানা অনেক শুকনো।

টিভির সাউন্ড কমিয়ে প্রশ্ন করে লোকটা, ‘খাবি কিছু?’

কিশোরের শার্টটা সদ্য ধোয়া হয়েছে। হাফপ্যান্ট লটকাচ্ছে কোমরে, ওর মুখ উজ্জ্বল ও সলজ্জ হলো, কিছু বলল না।

লোকটার এই বয়সী একটি ছেলে আছে।

ভালো করে দেখল সে ছেলেটাকে তার ঘরে ঢোকার পর। আলো ক্রমশ পেকে উঠছে। সপ্রতিভ হয়ে উঠছে ছেলেটার মুখ।

লোকটার স্ত্রী পুত্রসহ গেছে সিনেমা দেখতে।

বহুদিন পর আজকাল সিনেমা হলে যাচ্ছে মানুষ। তাকেও সেধেছিল, ‘বন্ধের পুরো দিনই তো ঘরে কাটালে, চলো না...’

‘না না, সপ্তাহে একটাই দিন পাই। আমার তো আর সরকারি চাকরি না, হাত-পাকে একটু ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দিই, তোমরা যাও।’

বাড়ি ভেঙে নতুন করে নির্মাণকাজ চলছে। ভাগ্যিস আজ বন্ধের দিনে মিস্ত্রিগুলো আসেনি। এদের কাজের দুমদাম শব্দে ছুটির দিনটার বারোটা নয়, একেবারে পনেরোটা বেজে যেত।

টিভিতে তখনো অনড় রাসকলনিকভ, সে খুন করেনি। একসময় এই বই পড়ে মাথায় বোঁ বোঁ চক্কর দিয়েছিল।

এতক্ষণে বিছানায় বালিস আঁকড়ে আসন গেড়ে বসেছে লোকটা। তার নড়তে ইচ্ছে করছে না। ছেলেটাকে বলল, ‘সামনের দরজার ভেতরের ডান দিকে একটা বড় কৌটো পাবি, ওটাতে খাবার আছে।’

একধরনের ভালো লাগা ভর করে লোকটার মধ্যে, সুখানুভূতির পূর্ণাঙ্গতায় ভেতরে বয়ে যায় মিহি জলস্রোত, ‘ভাগ্যিস আমার মনটা এত বড়! অথচ আমার স্ত্রী যদি জানত!’—থাক থাক, এসব মনে করতে চায় না সে।

‘কৌটোর খাবার কই?’—স্ত্রীর এ-জাতীয় প্রশ্নে কিছু একটা বলে চালানো যাবে। যদি হুজ্জত করে? যখনেরটা তখন...।

দেয়ালে পিঁপড়ের সারি। তার ওপরে লাইটের নিচে টিকটিকির যুগলবন্দী। রক্তস্রোতে হঠাৎ কী যেন এক অজানা তরঙ্গ বয়ে গেল। নিজেকে সজোরে উপড়ে যেনবা টানেলের চিতসাঁতারে ফেলে চুবাল সে। লোকটার সামনে থরে-বিথরে এখন অতীত, ‘আহা কী দিন ছিল...দিঘির উন্মত্ত জলে সাঁতার কাটতে কাটতে হিসি করলে কী যে এক অলৌকিক আরাম হতো শরীরে!’

‘ছি ছি, কী ভাবছি আমি?’

‘এমন স্নিগ্ধ একটা সন্ধ্যা! বাইরে থেকে আলোকরশ্মির মতো ধেয়ে কী একটা সুন্দর ঘ্রাণ আসছে না?’

‘হ্যাঁ, তাই তো! কোন ফুলের গো!’

‘না না, অন্য কিছু নয়, জলে কেবল সাঁতার, চিত, কাত, ডিগবাজি...ছিটাছিটির শব্দে জলে কী মনোরম আবহই না তৈরি হতো।’

তার ভেতরে কি হারানো দিনগুলোকে ভেবে বিষাদের ছায়া ভর করছে?

অমনি সমস্ত আলোছায়ার প্রচ্ছন্নতা ভেঙে ঠা ঠা নীরবতার সরপড়া আবহের মধ্য দিয়ে উত্থিত হলো একটি সুন্দর মুখোশ।

মুখোশটা ঘাড় কাত করে বিবর্তিত অন্য এক মানুষ হয়ে নিমকি খাচ্ছে, আর নানা রকম ভঙ্গি করছে।

লোকটা অনায়াসে ছেলেটাকে তার ঘরে ঢুকতে দিয়ে এবং যত খুশি খাবার খেতে বলে কি ভুলই করল? একান্ত নিজের ঘরে, আপন জগতে বিমূঢ় হয়ে বসে ছিল সে, এমন পরিবেশে এসেও এই ছেলেটা ছটফটে, আড়ষ্টহীন; এটুকুই নয়, রীতিমতো মুখোশ পরে বসে আছে।

এটা লোকটার নিজের ছেলের মুখোশ। ওর মামা সদ্য এনেছে।

কিশোর ছেলেটা মুখোশ পরে ধেই ধেই নাচছে, ‘আর নিমকি খামু না, বাড়িতে বোন অভুক্ত, ওর লাইগা নিয়া যামু।’

যেন হুঁশ ফেরে লোকটার, ছেলেটা সব নিমকি সাবাড় করার তালে আছে দেখছি!

তীব্র অস্বস্তির এক রশ্মি পেঁচিয়ে যায় তার সর্বাঙ্গে; নিজের ছেলেকে এখনো মুখোশ পরতে দেখা হয়নি তার। শুনেছে কালকে ওর মামা সুন্দর একটা মুখোশ এনেছে। কিন্তু এ ছেলের মুখে তো নীলাভ মুখোশের কারুকার্য, নিচে লাউডগা অবয়ব...

লোকটার ভেতরে কী যেন হয়। সে ফের বিভ্রাটের মধ্যে পড়ে যায়।

২.

বাড়িটা ফের লোকটার স্ত্রী-পুত্রসহ মুখরতার মধ্যে তরঙ্গিত হয়ে উঠল। জীবনের ডানা-শীর্ষে সব মুহূর্ত এসে ভর করে ফের স্রোতের মতো মিলিয়ে যায়। লোকটা ভাবে, সত্যিকার বুদ্ধিমান হলে কোনো ক্ষতিকর চিহ্নই আর ক্যানভাসে থাকে না।

রাসকলনিকভের ক্যানভাসেও কোনো চিহ্ন ছিল না। সবশেষে তাই সে নিজেই ধরা দিয়েছিল।

গতকাল পর্যন্ত ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট-এর প্রতিটি পর্যায় তার করোটিতে অন্য এক বোধের জন্ম দিয়েছিল, আজ মনে হচ্ছে, কী বোকা রাসকলনিকভ।

লোকটার ছেলে এসে মুখোশ খুঁজে রীতিমতো কান্না শুরু করে। কিন্তু লোকটা কিছুতেই ছেলেকে ওই মুখোশ দেবে না। কৌটোর নিমকি নিয়ে স্ত্রী প্রশ্নের পর প্রশ্ন করল, চেঁচামেচি করল। লোকটা চুপ।

‘কী হলো তোমার? মিস্ত্রিগুলো আজ এল না। মোবাইলও ধরছে না, তোমাকে বলে গেলাম এক চক্কর ঘুরে এসে দেখো, ব্যাটাদের কী হয়েছে। তুমি একেবারে এক সন্ধ্যার মধ্যে ভূতে পড়া মানুষ হয়ে গেছ? ঘটনা কী?’

ঘটনা-শব্দ শুনেই আত্মায় একধরনের চমক অনুভব করল লোকটা, ‘কী? কী বলতে চাইছ তুমি?’

না, আত্মার ঘুলঘুলিতে কোনো মাকড়সা বাসা বাঁধতে দেওয়া যাবে না। লোকটা ভাঁজ ভেঙে দাঁড়ায়। ঠিক বাড়ির পেছনে যে জায়গার বিল্ডিং অর্ধনির্মিত ছিল, কৌশলে হালকা-পাতলা কিশোর ছেলেকে মুখোশসহ বিল্ডিংয়ের ভেতরে সেঁটে সামনে তাক তাক করে ইট বসিয়ে পড়ে থাকা সিমেন্টের মিহি লেপন দিয়েছে সে। বাগানের ফুলে প্লাবিত বড় জবাগাছটিকে খুঁড়ে তুলে সেই স্থান যেন ঢাকা পড়ে, এমনভাবে এনে রেখেছে।

‘জবাগাছটা কই গেল?’ আচমকা চোখ পড়ে স্ত্রীর। এর মধ্যেই খেয়াল হয়, তাদের ছেলেকে অনেকক্ষণ ধরে বাড়িতে দেখছে না তারা।

ওদিকে বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়েরা মুখোশ-ছেলের খোঁজ নিচ্ছে। লোকটা এ বিষয় সম্পূর্ণ এড়িয়ে নিজের পুত্রের ব্যাপারে অধীর হয়ে ওঠে।

যে ছেলে ঘরের বাইরে মাঠে পর্যন্ত খেলতে যায় না, ঘরকুনো, ভিতু, সে এই অসময়ে কোথায় হারাবে? মা আস্তে ডাক দিলেই যে সজোরে উত্তর দেয়, সেই ছেলে মায়ের সপ্তম ডাকেও নিরুত্তর?

ভেতরটা ভয়ংকর ভয় আর বেদনায় ভারী হয়ে ওঠে।

এবাড়ি-ওবাড়ি শেষে মাইক দিয়ে এরপর পুরো মহল্লায় চলে খোঁজাখুঁজি।

৩.

মাথায় হাত দিয়ে বারান্দায় বসে থাকে লোকটা। থানায় জিডি এন্ট্রির পর পুলিশ এসেছে। আজকেও তেমনই এক ভুতুড়ে সন্ধ্যা নেমেছে। চারপাশের ছায়াচ্ছন্নতা লোকটার পাঁজর চেপে ধরলে সে তাকিয়ে দেখে, দুজন পুলিশের সঙ্গে এসেছে এক বুড়োও।

বাতাসে বাতাসে যেন জলঘূর্ণি, যেন সূর্যের শেষ রশ্মির পলায়নপরতা, যেন ঝিম লাগা এক বদ্ধ প্রহরের নীরবতা, সন্ধ্যাটা ডাবের পানির মতো হয়ে আছে যেন।

বুড়োটা চক্ষু প্রসারিত করে। এরপর সূক্ষ্ম নিরীক্ষণে বলে, ‘গতকাল সন্ধ্যায় আপনিই তো এক মুখোশ পরা কিশোরের হাত ধরে রেললাইন পার হচ্ছিলেন। কী সুন্দর স্লিপার পার হচ্ছিল ছেলেটা।’

‘আমি? গত সন্ধ্যায়?’

ভূকম্পন ওঠে লোকটার মধ্যে। না না, গতকাল থেকে তার ওপর কিছু একটা ভর করেছে। লোকটার স্ত্রী কাঁদতে থাকে, ‘কীভাবে তা হয়? গতকাল তো আমার ছেলে আমার সঙ্গে ছবি দেখতে গেল। আর আর মুখোশের ব্যাপারটাই-বা আপনারা জানলেন কীভাবে?’

ঘরের মধ্যে নিমেষে গম্ভীরতা জমে।

আর জমে বিষাদের ছায়া।

‘আপনিই তো থানায় গিয়ে মুখোশের কথা বললেন। বললেন, ওটা ওর মামা দিয়েছে। মুখোশটাও পাওয়া যাচ্ছে না।’

লোকটার মনে পড়ে। মনে পড়ে সন্ধ্যার সেই আলো-আঁধারি দৃশ্য: তার মেরুদণ্ডের সব রস সুড়সুড় করে নিচে নামছিল, মুখোশ-ছেলেটার দেহে নিজেকে নিঃসাড় করার পর। ছেলেটা কাঁদতে কাঁদতে ভয় তাকে দেখাচ্ছিল, বলছিল, ‘আমার সবজান্তা বুড়ো দাদার কাছে ধরা খাইবেন আপনি, সে আপনেরে ছাড়াব না।’

লোকটার ভেতর আরও ক্রোধ ভর করে।

‘তুই আমাকে ভয় দেখাচ্ছিস?’ বলে ওর টুঁটিতে আমার এই মানবিক আঙুলই কী মরণ চাপই না দিয়েছিল, আমার সরল কণ্ঠস্বর থেকেই কী পৈশাচিক আওয়াজ...বেরোচ্ছিল, ‘তোর দাদা, চৌদ্দগোষ্টি জানলে তো, আগে তুই বাঁচ।’

বুড়োর কণ্ঠ বজ্রপাতের মতো হিস হিস করে, ‘কী ব্যাপার? চুপ করে আছেন কেন? নিজের ছেলেকে নিজেই খুন করছেন?’

মুখোশটা এখন লোকটার চোখের সামনে এমন বহু বর্ণ হয়ে চক্কর খেতে থাকে আর সন্ধ্যার ঝিমধরা কুয়াশাময় আবহটা মাথার শিরা-উপশিরায় এমন লম্বা নখরে আঁকড়ে ধরে, উদ্‌ভ্রান্ত লোকটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। সে ছুটতে থাকে বিল্ডিংয়ের পেছন দিকে। আর চিৎকার করতে থাকে, ‘না না, এ আমার ছেলে না।’

৪.

আত্মনিমগ্ন লোকটার চেতনা থেকে ফড়িংয়ের মতো লাফালাফি করে দৃশ্য। বুড়োটা যা বলছে, তাতে এই দাঁড়াচ্ছে, তার ছেলের মুখেও ছিল মুখোশ, আর তারই মতো দেখতে একটি লোক ছেলেটাকে রেপ করে।

ছিলা টান দিয়ে লাফায় লোকটা। সজোরে বিড়বিড় করে, ‘এ কিচ্ছুতে হতে পারে না, কিছুতেই না।’

ততক্ষণে জবা ফুলের গাছটি ফের উপড়ে ফেলা হয়ে গেছে।