মার্ক টোয়েনের বিখ্যাত উপন্যাস টম সয়্যার ও হাকলবেরি ফিন নিয়ে তর্ক নতুন নয়। সোয়া শ বছর আগে প্রকাশের পর থেকেই বই দুটি—বিশেষত হাকলবেরি ফিন—নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। অধিকাংশেরই বক্তব্য, এ বই অশ্লীল, বড় নোংরা। আর যা-ই হোক, এ বই ছোটদের পড়তে দেওয়া যায় না, এই যুক্তিতে আমেরিকার অনেক স্কুলে ও পাঠাগারে হাকলবেরি ফিন বইটি নিষিদ্ধ। যদি পড়তেই হয়, বইয়ের নোংরা অংশগুলো বাদ দিয়ে, তাকে সাফসুতরো করে পড়তে দেওয়া উচিত, সে কথা বলে এ বই নানাজন নানা সময়ে সম্পাদনারও চেষ্টা করেছেন।উপন্যাসটির যাদের পড়া তাদের নিশ্চয়ই মনে আছে, হাক ফিনের ঘর পালানো অ্যাডভেঞ্চারের এই গল্প উনিশ শতকের আমেরিকার এক কালো ইতিহাসের সরস উপাখ্যান। মদ্যপ পিতার খপ্পর থেকে পালাচ্ছে ১৪ বছর বয়সের হাক, তার সঙ্গে নিগ্রো দাস জিম। আমেরিকার দক্ষিণে, মিসিসিপি-আলাবামা অঞ্চলে সে সময় দাসব্যবস্থার ব্যাপক প্রচলন। সেই দক্ষিণ ছেড়ে জিম পালাচ্ছে মুক্তির আশায়। আমেরিকার উত্তরে অনেক রাজ্যে তত দিনে দাসপ্রথা নিষিদ্ধ হয়েছে। সেখানে কোথাও আশ্রয় মিললে সে মুক্তি পাবে, তার পরিবারের সদস্যদের মুক্তি আদায়ও তার পক্ষে হয়তো সম্ভব হবে। পলায়নরত দাসদের ধরার জন্য তখন চারদিকে সাদা মানুষ ওত পেতে বসে আছে। কেউ ধরা পড়লেই তার শাস্তি গাছের ডালে ঝুলিয়ে ফাঁসি। বয়সের বিস্তর ফারাক সত্ত্বেও জিমকে বন্ধু হিসেবে গ্রহণ করে হাক ফিন, তাকে আশ্রয় দেয় নিজের নৌকায়। দাসপ্রথা খুব খারাপ কিছু, এ কথা হাকের মনে আগে কখনো জাগেনি। দাসপ্রথার বিলোপ হোক, এ কথাও সে আগে কখনো ভাবেনি। কিন্তু যতই জিমের সঙ্গে তার পরিচয় ঘন হয়, তার ভেতর সে একজন চমৎকার মানুষের খোঁজ পায়। নিগ্রো বলে ঘৃণ্য কিছু নয়, জিম তারই মতো একজন মানুষ, যে তার মতোই মুক্ত জীবনের স্বাদ পেতে চায়। জিমকে সে পালাতে সাহায্য করে।মার্ক টোয়েনের অপরাধ, জিমকে তিনি ‘নিগার’—অর্থাৎ নিগ্রো দাস—বলে পরিচয় করিয়ে দেন। পুরো বইতে শ দুয়েকবার নিগার শব্দটি রয়েছে। কথ্য ভাষায় লেখা গল্প, তার ভাষা কখনো কখনো কিছুটা কর্কশ, যাদের চামড়া অতি পাতলা, তাদের কাছে অশ্লীলও মনে হতে পারে। যেমন দ্বিতীয় অধ্যায়ের এ বাক্যটি: Niggers would come miles to hear Jim tell about it, and he was more looked up to than any nigger in that country. Strange niggers would stand with their mouths open and look him all over, same as if he was a wonder. বছর কয়েক আগে টেক্সাসের এক কৃষ্ণকায় ছাত্র তার ক্লাসের শিক্ষককে অনুরোধ করেছিল, নিগার শব্দটি বাদ দিয়ে তার জায়গায় বরং ‘এন ওয়ার্ড’, ব্যবহার করা হোক। এন ওয়ার্ড মানে নিগার। শিক্ষক তার সে অনুরোধ শুনে পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘কেন, শুনে খারাপ লাগে, গায়ে ফোসকা পড়ে?’ এ নিয়ে অবশ্য পরে বিস্তর তুলকালাম কাণ্ড হয়েছিল। সে শিক্ষককে চাকরি খোয়াতে হয়েছিল, স্কুল কর্তৃপক্ষকে সেই ছাত্র ও তার পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল।তো, সেই এন ওয়ার্ড নিয়ে এবার এক নতুন বিতর্ক শুরু হয়েছে। কয়েক সপ্তাহ আগে আমেরিকার এক পুস্তক প্রকাশক দ্য অ্যাডভেঞ্চার অব টম সয়্যার অ্যান্ড হাকলবেরি ফিন বই দুটির এক নতুন সংস্করণ বের করেছেন। এতে হাক ফিনের প্রতিটি ‘নিগার’ কেটে তার জায়গায় ‘স্লেভ’ বা দাস শব্দ ব্যবহার করা হয়েছে। বইটির সম্পাদক এলান গ্রিবন যুক্তি দেখিয়েছেন, নিগার শব্দটি থাকায় অনেক স্কুলে বইটি পাঠ্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বহু পাঠাগারেও সে বই নিষিদ্ধ। ফলে অনেক ছাত্রছাত্রী বই না পড়েই স্কুল শেষ করে। এখন নিগার শব্দ বাদ দেওয়ায় ফের এ বই পাঠ্যতালিকায় ঢোকানো সহজ হবে।অনেকেই বলছেন, উদ্দেশ্য যত সাধু হোক না কেন, কাজটি মোটেই ভালো হয়নি। হাক ফিন যদি পড়তে হয় তো ওই নিগার শব্দসহই পড়তে হবে। যে সময়ের কথা মার্ক টোয়েন বলছেন, তাকে বুঝতে হলে এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। তা ছাড়া নিগারের বদলে জিমকে দাস বলে পরিচয় করালে তাতে সমস্যা কমে না, বরং বাড়ে। হাকের সঙ্গে তার যখন পরিচয়, জিম তখন আর দাস নয়। দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্যই তো সে পালাচ্ছে। হাক ফিন জিমকে বারবার নিগার বলে সম্বোধন করে বটে, কিন্তু তার চোখে সে মানবেতর দাস নয়—তার বন্ধু। বস্তুত মার্ক টোয়েন যে হাক ফিনের সঙ্গে আমাদের পরিচয় করান, সে আসলে নৈতিকতার প্রতীক। গল্পচ্ছলে টোয়েন কিশোর হাক ফিনকে তার সময়ের এক প্রতিবাদী নায়ক হিসেবেই উপস্থিত করান। শুনেছি, মার্ক টোয়েনের নিজেরও গোটাকয় দাস ছিল, তাদের একজনকে তিনি সহকর্মীর মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছিলেন। জিম তারই আদলে লিখিত। এই কাহিনি সেই সময়ের, যখন আমেরিকায় দাসদের পূর্ণ মানুষ বলে স্বীকার করা হতো না। ভাবা হতো, তারা বন্য, পাশবিক, বড়জোর অর্ধমানব। শ্বেতপ্রভুদের এই মনোভাব থেকেই আমেরিকার শাসনতন্ত্রে কৃষ্ণকায়দের তিন-পঞ্চমাংশ মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে, তাদের অতি মৌলিক মানবিক অধিকার দেওয়া হয়নি। দাসপ্রথা বিলোপের আগ পর্যন্ত ভোটের অধিকারও তাদের ছিল না।হাক ফিনকে নতুন করে সাফসুতরো করার এই চেষ্টার কঠোর সমালোচনা হয়েছে। বলা হয়েছে, এ যেন অনেকটা বতিচেল্লির নগ্ন ভেনাস বা মাইকেল অ্যাঞ্জেলোর উত্থিত শিশ্নের অ্যাডামকে কাপড় দিয়ে ঢেকে প্রদর্শনের মতো। একসময় অতি রক্ষণশীল মহলে সে চেষ্টা যে হয়নি, তা নয়। শেক্সপিয়রের নাটকে ইহুদি বা মুসলমানদের বিরুদ্ধে কটু কথা আছে বলে তা রাখঢাকেরও চেষ্টা হয়েছে। বাইবেলে যৌনতা আছে, তাতে বিস্তর রক্তারক্তি আছে, এই যুক্তিতে সে গ্রন্থেরও সম্পাদিত সংস্করণ বেরিয়েছে। (আমাদের দেশে নজরুলের কবিতাকে মুসলমানিত্ব দেওয়ার চেষ্টাও করেছেন কেউ কেউ।) শেষ পর্যন্ত কোনোটাই কিন্তু ধোপে টেকেনি। আসলে অশ্লীলতা, নৈতিকতা বা ধর্মীয় শুদ্ধতার যুক্তিতে সাহিত্য বা ইতিহাসকে ঢেলে সাজানোর যেকোনো চেষ্টা এক ধরনের সেন্সরশিপ, সে সেন্সরশিপের পেছনে যত শুভ বা কল্যাণবোধের কথাই বলা হোক না কেন। পাঠক, সে সাত বা সত্তর বছর বয়সের হোক, তার ঘাড়ের ওপর বড় ভাই হয়ে বসার যেকোনো চেষ্টায় তাই বাধা দেওয়া উচিত।মানছি, কোনো কালো শিশু হাক ফিন পড়তে গিয়ে তাকে আপত্তিকর মনে করতে পারে। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে মার্ক টোয়েন ‘নিগার’ শব্দটি ব্যবহার করেছেন, সে শিশুকে তা ব্যাখ্যার দায়িত্ব শিক্ষকের অথবা অভিভাবকের। মনে রাখা ভালো, চোখ বন্ধ করে থাকলে কোনো অপ্রিয় দৃশ্য উধাও হয় না, বড়জোর না দেখার ভান করা যায়। ইতিহাসের বেলায়ও তাই। বই থেকে নিগার শব্দ বাদ দিলেই কি আমেরিকার দাসপ্রথা ইতিহাস থেকে বাদ হয়ে যাবে?