সামাজিক ঘটনার ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সময় লেখালেখি নিয়ে লেখকের মধ্যেও এক ধরনের ভার তৈরি হয়। আমি যে এখন তেমনভাবে কিছু লিখছি না, এর একটি কারণ হয়তো লেখার ক্লান্তি বা ভার। তবে লিখছি না লিখছি না করেও এরই মধ্যে কয়েকটি গল্প লিখেছি এবং সেগুলো এবারের কয়েকটি ঈদসংখ্যায় ছাপা হয়েছে। সামনে আরও কিছু গল্প লেখার পরিকল্পনা আছে।লেখালেখির শুরু থেকেই আমি নিজের একটি ভাষা রপ্ত করার চেষ্টা করে আসছি। চেয়েছি, লেখাটি যেন আমার মতো হয়; একটি লেখা যেন অন্যটির মতো না হয়। এখনো গল্প কি উপন্যাস যা-ই লিখি, চেষ্টা থাকে নতুনভাবে ভিন্ন কিছু লেখার।আমাদের এই সময়ে নানা ঘটনাবলি, যেমন ধরা যাক, সামিউল হত্যাকাণ্ড, ফারহা হত্যাকাণ্ড কিংবা পুরোনো ঢাকায় শিশুসন্তানসহ মায়ের আগুনে আত্মাহুতি, ইভ টিজিংয়ের ভয়াবহতা—সব কিছুই আমাকে নতুনভাবে ভাবাচ্ছে। সামাজিক সম্পর্কের বিন্যাস, নৈতিকতার মানদণ্ড—এসব সম্পর্কে নতুন বিবেচনা তৈরি হচ্ছে। ফলে যেসব গল্প সামনে লেখা হবে তাতে এই সামাজিক ঘটনাগুলোর ছায়া থাকবে হয়তো বা। সামাজিক নানা প্রসঙ্গকে কল্পনার রং মাখিয়ে ফিকশনাল মুডে গল্পের কাঠামোর মধ্যে আনতে চাই এবার। অবশ্য খুঁজলে এই চেষ্টা আমার আগের গল্পতেও পাওয়া যাবে।তবে এবারের গল্পে চেষ্টার ছাপটি হয়তো আরও মোটা রেখায়, আরও অনেক প্রত্যক্ষ হয়ে ফুটে উঠবে। আমার গল্প বুননের যে ধরন, একটি সময়কে রূপকথা এবং ফ্যান্টাসির আদলের মধ্যে পুরে দেওয়া, কাঠামোটি এভাবে আসতে পারে অথবা নিজের মতো নতুন কোনো পথও খুঁজে নিতে পারে। মূলত, এই সময়ের গল্পের মধ্যে আমি সময় এবং সমাজকেই ধরতে চাইছি আমার মতো করে।এ বছর অন্যদিনের ঈদসংখ্যায় আমার একটি গল্প ছাপা হয়েছে ‘নিমতলী থেকে চিঠির উড়াল’। গল্পে একজন বয়স্ক লোক সরকারের উদ্দেশে কেবল চিঠি লেখেন।তিনি বিশ্বাস করেন, তাঁর চিঠি সরকারের হাতে পৌঁছাবে। অগ্নিকাণ্ডে লোকটির স্ত্রী-সন্তান সবাই মারা গেছে। বৃদ্ধ লোকটি প্রেতপুরীর মধ্যে বাস করছেন। এর মধ্যে তাঁর স্ত্রীর পোষা ময়নার ডানা পুড়ে গেছে। এ অবস্থায় বৃদ্ধ লোকটি সরকারকে তাঁর জীবনের শেষ চিঠিটি লেখার চেষ্টা করলেন। যেখানে লেখা ছিল, ময়নাটিও প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে। ওকে হত্যার ব্যবস্থা করুন। আমার পরবর্তী কয়েকটি গল্প হয়তো এ ধারাতেই লেখা হবে। গল্পগুলোকে গোছগাছ করে একটা বইও বেরোবে হয়তো। এ ছাড়া পেঙ্গুইন (ভারত) থেকে অচিরেই আমার উড়ুক্কু উপন্যাসটি ইংরেজিতে প্রকাশিত হচ্ছে। অনুবাদ করেছেন কায়সার হক। তিনি দুই বছর সময় নিয়ে অনেক যত্নের সঙ্গে অনুবাদটি করেছেন। নিজের সম্পর্কে, লেখালেখি প্রসঙ্গে আমার কথা আর কী—আমার যা কিছু প্রাপ্তি সব লেখালেখি সূত্রেই। ভারতীয় সাহিত্য একাডেমির আমন্ত্রণে ‘হিস্টোরিক্যাল লিগাসি অ্যান্ড কনটেম্পোরারি রাইটিং ইন দ্য কমনওয়েলথ’-এর আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে এ মাসে দিল্লি যাচ্ছি (৭ অক্টোবর) । বাংলাদেশের লেখক প্রতিনিধি হিসেবে আমি এই সেমিনারে যোগ দেব।অনুলিখন: নির্লিপ্ত নয়ন