সারা যখন চাঁদ গিলে ফেলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সারার চাঁদ গিলে ফেলা থেকেই যত গোলমালের শুরু।
ঘটনা আসলে তেমন কিছু ছিল না। ছোট বোন সারাকে নিয়ে সমস্যা হলো, সে একবার চকলেট খেতে শুরু করলে এক-দুটোতে তার হয় না কিছুতেই। কত চাই; চারটা, পাঁচটা, ছয়টা? না, যত দেবে ততই।
এই যেমন আজ। তারা দুবোন ছাদে এসেছে। মা জারার হাতে গুনে গুনে পাঁচটা চকলেট দিয়ে গেছে এবং এরই মধ্যে ওখান থেকে চারটাই সাবাড় করে দিয়েছে সারা। এখন বারবার জারার হাতের মুঠোর দিকে তাকাচ্ছে, যার অর্থ হলো, তার আরও চাই। জারা স্পষ্ট বুঝতে পারছে, যেকোনো মুহূর্তে সারা বাকি চকলেটটাও চেয়ে বসবে। হলোও তাই।
মিহি গলায় সারা বলে উঠল, ‘আপু, চকলেট দাও।’
জারা কঠিন গলায় বলল, ‘আর নেই।’
‘আছে। আপু, দাও।’ গলায় তার কান্নার আভাস। অর্থাৎ এখনই চিৎকার করে কেঁদে উঠবে।
আর সারার কান্না মানেই পুরো বাড়ি ছাদে চলে আসা।
বাবা, মা, এমনকি সিঁড়ি বাইতে কষ্ট হয় যে দাদির, সেও লাঠি ঠুকে ঠুকে ছাদে হাজির হয়ে যাবে। আর এই ব্যাপারটাই জারার খুব অপছন্দ। সারা ছোট হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি! আর ও এমন কি ছোট, ওর চেয়ে মাত্র তো দুবছরের ছোট! ওর ছয়, সারার চার। কিন্তু সবাই ওর পক্ষে।
কেন?
অন্য সবকিছুতে তো বড়রাই সব, শুধু ওর বেলায় এসে কেন নিয়ম উল্টে গেল! মাকে জিজ্ঞেস করেছে, প্রতিবার এক উত্তর, ও যে মা ছোট!—মানে কী! আমিও তো বাসায় অন্যদের চেয়ে ছোট।
তার পরও জারার বেলায় মায়ের ওই ‘ও যে ছোট’ আইনটা খাটে না। শুধু তা-ই নয়, জারার বেলায় আরও অনেক কিছুই খাটে না। এত্তো সকালে ঘুম থেকে উঠে একদম ইসকুলে যেতে ইচ্ছে করে না। বাবার মতো ওরও বেলা করে ঘুমোতে ইচ্ছে করে। কিন্তু কোনো কিছুই ওর ইচ্ছেমতো হয় না।
শুক্রবার দিনটা অন্য দিনের চেয়ে একেবারে আলাদা। শনিবার জারার স্কুল থাকে না, তাই শুক্রবারে সে স্বাধীন। যতক্ষণ খুশি টেলিভিশনে নিনজা হাতুড়ি দেখো। আর এটা চুপি চুপি বলতে হবে, এ কার্টুনটা দেখতে বসলে জারা নাওয়া-খাওয়া একদম ভুলে যায়। মা টের পেলে তাই বকে, আজও এ জন্য বকুনি খেয়েছে। মায়ের বকুনি খেয়েই সারাকে নিয়ে ছাদে এসেছিল সে। আকাশের অবস্থা ভালো না। মা বলেছে, ‘ছাদে বেশিক্ষণ থেকো না। মেঘ করেছে।’
সত্যি। জারা ছাদে উঠে দেখে, নানা দিক থেকে কুৎসিত কালো মেঘগুলো ছোটাছুটি করছে। কিন্তু গোল চাঁদখানা কিন্তু ছাদে উঠেই সে দেখেছিল।
এ জন্যই তো সারার কান্নার চিল-চিৎকারে বিরক্ত হয়ে বলেছিল, ‘সারা, এই নাও। চকলেটের মতো গোল ওই যে চাঁদটা, ওটাই খাও।’
আশ্চর্য! সারা দিব্যি চকলেটটা মুখে পুরে বলল, ‘আপু, চাঁদ কী মজা।’
‘হ্যাঁ, মজা! খাও। আকাশের চাঁদই খাও।’
তখন কি জারা জানত, আকাশের চাঁদটাই ও রকম ছোট্ট চকলেট হয়ে সারার পেটে চলে যাবে!
চাঁদটা সত্যি সত্যি কোথাও নেই ওর এ কথার পর!
নেই, মানে কোত্থাও নেই। ডানে, বাঁয়ে—আকাশের এ মাথায়-ও মাথায়—কোত্থাও নেই।
সারাকে নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে এল জারা। প্রথমে বলল মাকে। ‘মা, সারা না চাঁদটাকে চকলেটের মতো গিলে ফেলেছে।’ সঙ্গে সঙ্গে সারা বলে উঠল, ‘মা, চাঁদ কী মজা!’
‘তাই নাকি।’ কাজের খেয়ালে মা এই বলে অন্যদিকে চলে গেল, জারার কথা পাত্তাই দিল না।
জারা দাদিকে জানাল, ‘দাদু, সারা চাঁদ গিলে ফেলেছে!’
‘কার্টুন দেইখ্যা দেইখ্যা পোলাপান সব নষ্ট হইয়া যাইতেছে।’
এরপর?
বাবাকে বলে আর কী হবে! ভাবল জারা।
এর পর থেকে আকাশে আর চাঁদ নেই।
কত তারা, ছোট তারা বড় তারা, কিন্তু চাঁদটাই শুধু নেই।
এভাবে...
এক দিন।
দুই দিন।
তিন দিন।
চার দিন...
চাঁদের চিন্তায় জারার জ্বর এসে গেল। বাবাকে একদিন জিজ্ঞেস করল, ‘বাবা, আকাশে চাঁদ না থাকলে কি কোনো ক্ষতি আছে?’
‘কী বলো মা, চাঁদ না থাকলে তো বিরাট সমস্যা। পৃথিবীটা জিরো ডিগ্রি থেকে হেলে পড়বে একদিকে, আর বিষুবরেখার সূর্য তখন থাকবে ৮৫ ডিগ্রিতে। এর মানে, সূর্য সরাসরি মেরুর ওপর...অনেক ঝামেলারে মা, পুরো প্রাণীকুলই হুমকির মুখে পড়ে যাবে। আবহাওয়া পাল্টে যাবে...।’
জারা ভ্যা করে কেঁদে ফেলল। বাবার ওসব গ্রহ, উপগ্রহ, বিষুবরেখার মাথামুণ্ড না বুঝলেও এটা ভালোই বুঝল, না বুঝেই সে সাংঘাতিক একটা বিপদ ঘটিয়ে ফেলেছে। চাঁদ ছাড়া এ পৃথিবী বাঁচবেই না।
চাঁদের চিন্তায় জারার জ্বর আরও বাড়ল। এদিকে চাঁদের কষ্টে আকাশেরও মুখ কালো, থেকে থেকে চোখের জল বৃষ্টি হয়ে ঝরছে।
কালো আকাশে জারা চাঁদ কোথাও খুঁজে পায় না।
জারার জ্বরও তাই ছাড়ে না।
মায়ের মাথায় হাত। সারার পেটও নাকি কেমন গোলমাল করছে। চিন্তিত মুখে দাদু বসে থাকে জারার বিছানার পাশে। বাবা বসে থাকে অফিস ফেলে সারার কাছে। জারা বাবাকে জিজ্ঞেস করে, ‘বাবা, আকাশে কি চাঁদ আছে?’ বাবা বলে, ‘না, মা, আকাশ মেঘলা যে।’

এর মধ্যে একদিন হই হই করে ছোট মামা এসে হাজির হলো।
মামাকে একলা পেয়ে জারা হাউমাউ করে কেঁদে ফেলল, ‘মামা, সারা চাঁদ গিলে ফেলেছে...’
মামা সব শুনে ঘরময় অনেকক্ষণ পায়চারি করল। তারপর বলল, ‘ভয় পাসনে, দাঁড়া কালই একটা ব্যবস্থা করছি...।’
‘পারবে মামা?’
সত্যি, মামা একটা জাদুকর! ছাদে উঠে...কিচ্ছু না, সারার মুখ হাঁ করিয়ে পেট থেকে চকলেট আকারের চাঁদটাকে হাতের মুঠোয় বের করে আনল। তারপর জোরে, সমস্ত শক্তি দিয়ে ছুড়ে মারল আকাশে। হাত ঝাড়ার ভঙ্গি করে বলল, ‘এবার চল, চাঁদটাকে তো আকাশে পৌঁছাতে হবে, একটু সময় লাগবে। পরে এসে আমরা দেখব!’
এরপর চুপ করে একদিন চাঁদ ফিরে এল আকাশে।
জ্বর ভালো হয়ে গেল জারার। সারাও ঠিক।

এটা কী করে হলো? গোপনে বলি! আসলে সারাও চাঁদ গিলেনি, চাঁদও একবারে উধাও হয়ে যায়নি। চাঁদ তার কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় মাস খানেকের মতো। পালা করে তাই এ সময়ে (ধরো ১৫ দিন) চাঁদ দেখা যায় রাতের আকাশে, আর বাকি সময় দিনের বেলায়। সারা চাঁদ গিলে ফেলায় কী ঘটেছিল, এখন বুঝতেই পারছ! ছোট মামাও রহস্যটা ভাঙল না। ভাবল, থাকলই বা একটু রহস্য! জারা আরেকটু বড় হলে নিজে থেকেই প্রকৃতির এসব রহস্য জেনে যাবে।