একদিন ই-মেইলে পাওয়া এক পত্রের হেডিং দেখে চোখ আটকে যায়। লেখা রয়েছে: ‘আপনি উপজাতীয় ভাষায় কথা বলতে পারেন?’ এটা একটা চাকরির বিজ্ঞাপন। কৌতূহলী হয়ে খোঁজখবর শুরু করি। সংশ্লিষ্ট জব সাইটে হানা দিলে সাইট কর্তৃপক্ষ স্বীকার করেছে, এটা চাকরির বিজ্ঞাপন। তবে নানা ধরনের চাকরির বিজ্ঞাপনের মধ্যে এমন অভিনব ধারার চাকরির বিজ্ঞাপন তাদের জন্য এই প্রথম। কৌতূহল আরও বাড়ল ওদের কথা শুনে। কারণ, চাকরিদাতার সন্ধানে নামলে বের হয়ে এল বিজ্ঞাপন যিনি দিয়েছেন, তাঁর নাম সারাহ বেগম এবং আমার মতো আরও অনেকের কৌতূহল ও অভিনব চাকরির কারণে কর্তৃপক্ষ এরপর সারাহকে নিয়ে কয়েক পৃষ্ঠার এক ফিচার ছাপিয়ে দেয়।সারাহ বেগম নামটির মধ্যে বাংলাদেশি গন্ধ পাচ্ছিলাম। কিন্তু পুরো ফিচার পড়েও অন্ধকারেই রয়ে গলাম। পরে ই-মেইল যোগাযোগ করলাম। আমার অনুমান নির্ভুল প্রমাণিত হলো, সারাহ বাংলাদেশি, বেড়ে ওঠা ইংল্যান্ডে। তাঁর সঙ্গে কথোপকথনে জানা যায়, শিল্পের প্রতি তাঁর গাঢ় অনুরাগের কথা এবং সেই লক্ষ্য পূরণে তিনি ছুটে যান আমাজনের গহিনে, নিজের প্রথম তথ্যচিত্র তৈরির পরিকল্পনা নিয়ে। গতানুগতিক চলচ্চিত্রের ধারা ছেড়ে প্রথমেই এক বিপৎসংকুল পরিবেশে, অজানা উপজাতিদের জীবন বেছে নেওয়ার কারণ হিসেবে সারাহ বেগম বলেন, ‘আমি অকৃত্রিম উপাদান নিয়ে মুভি করতে চেয়েছি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন একদল মানুষের কাছে গিয়েছি। ওদের বার্তা নিয়ে এসেছি বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি কল্যাণের পক্ষে। চাই মানুষ প্রকৃতির সহজ ভাষাগুলো বুঝতে শিখুক নতুন করে।’আমাজনের রেইন ফরেস্টের হাজারো উপজাতি থেকে সারাহ বেছে নেন ওয়ারানি নামের গোত্রকে, যাদের সখ্য আছে জাগুয়ারের সঙ্গে। জানামতে, ওয়ারানি গোষ্ঠী অতি আদি সভ্যতার ধারক। নগ্নতা তাদের কাছে প্রশ্নহীন অভিব্যক্তি। আচার-অনুষ্ঠান—সেখানে সারল্যের দ্যুতিতে উজ্জ্বল। এসব মানুষের পাশে থেকে সারাহ দেখেছেন জীবনের নিষ্কলুষ প্রাচীন রূপ এবং সেরেছেন ছবি তৈরির কাজ, যার নামআমাজন সোল।সারাহর উদ্দেশে কয়েকটি প্রশ্ন রেখেছিলাম:আপনি সিনেমা তৈরিতে এলেন কী করে?আমি প্রথমদিকে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ শুরু করি। কিন্তু একসময় এসে আমি প্রচণ্ড একঘেয়েমিতে ভুগতে শুরু করি। মনে হচ্ছিল, দিনের পর দিন এই সেলাই মেশিনের সামনে পড়ে থেকে জীবন আর জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছি। তখনই অন্য কিছু করার কথা ভাবতে থাকি। ফ্যাশন ছেড়ে চলচ্চিত্রজগতে পা দেওয়ার আরও একটি কারণ হলো, সব সময় মনে হয়েছে আমার অনেক কিছু করার আছে, পৃথিবীকে অনেক কিছু বলে যাওয়ার আছে। সে কারণে মুভিকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছি।একজন বাংলাদেশি হিসেবে কেমন লাগে?ভালো তো লাগেই। তবে আমার পরিবার ব্রিটিশ বাংলাদেশি হলেও অন্যান্য গতানুগতিক পরিবারের মতোই। কিন্তু এ-ও জানি, এর মধ্যেও আমরা সবাই স্বতন্ত্র, আমরা কিছুটা পাগলাটে ধরনের।কিন্তু এখানে জন্মেছি মুক্ত ইচ্ছাশক্তি নিয়ে, তাই ভেবেছি যে পথই বেছে নিই না কেন, সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। ঠিক আর দশটা মানুষের মতোই, সে হোক ইংলিশ, রাশিয়ান কি বাংলাদেশি।প্রাতিষ্ঠানিক শিক্ষা?আমি কিংস্টন ইউনিভার্সিটি থেকে চলচ্চিত্র নির্মাণের ওপর ডিগ্রি নিয়েছি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব একটা লাভবান হয়েছি, তা বলব না। তবে কিছু কিছু ক্ষেত্রে এ শিক্ষা অনেক সাহায্য করেছে। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে ‘দি এন্টারপ্রাইজিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ এবং ‘এন্টারপ্রাইজিং গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ দুটো আমাকে অনেক উৎসাহ জুগিয়েছে। ব্যক্তিগতভাবে চলচ্চিত্র নির্মাণ শিখতে আমি কখনোই কাউকে ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে বলব না। বরং মনে করি, সত্যিকারে হাতে-কলমে মুভি নির্মাণে নেমে পড়া, এর চেয়ে অনেক ভালো কাজে দেবে। কয়েকজন শিক্ষক, যাঁরা কোনো দিন মুভি বানাননি, তাঁদের সমালোচনা শোনার চেয়ে এ পথই আমার ভালো মনে হয়। তবে এ-ও স্বীকার করছি, পড়ার সময় কিছু শিক্ষকের কাছ থেকে অনেক কিছুই শিখেছি।‘আমাজন সোল’ কী নিয়ে?আমি দুঃসাহসী ও রোমাঞ্চপ্রিয়। আমাজনের রেইন ফরেস্টের ওয়ারানি উপজাতিদের খুঁজতে গিয়ে ওদের সঙ্গে থেকে যাই। সে অভিজ্ঞতা নিয়েই আমাজন সোল। এর মাধ্যমে আমি জগতের কাছে ওয়ারানি উপজাতিদের বার্তা পৌঁছে দিতে চেয়েছি।সভ্য জগতের কত সুবিধা ওখানে নেই। এখানকার জীবনের সঙ্গে মেলালে কোনো কিছুর সঙ্গেই মিল নেই। তবু খাপ খাইয়ে নিয়েছি। অবশ্য ওদের নিরাবরণ সমাজের সঙ্গে থাকতে গিয়ে প্রথমে সমস্যাই হয়েছিল। হঠাৎ করে এতটা পরিবর্তন এই পশ্চিমের দেশ থেকে গিয়েও চোখে ঠেকেছে। মানাতেও কষ্ট হয়েছে।কবে মুক্তি পাচ্ছে ‘আমাজন সোল’?এ বছরই। দিনরাত পরিশ্রম করছি এই নিয়ে।আপনাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অন্যদের সাহায্য করার কথা বলেছেন—আমি মানুষকে সাহায্য করা বলতে তাদের বার্তা বাইরের জগতের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছি। আজকাল পরিবেশ নিয়ে কত কথা হচ্ছে। কিন্তু দেখুন, পৃথিবীরই অন্য একপ্রান্তের কিছু মানুষ আমাদের দেখাচ্ছে প্রকৃতির সামঞ্জস্য নষ্ট না করে বসবাস করার উপায়। আমি বিশ্বাস করি, বিশুদ্ধ প্রকৃতিকে ঘিরে যাদের জীবন চলে, সেটায় হাত দেওয়া যাবে না।আপাতদৃষ্টিতে এ পশ্চাৎপদ উপজাতীয় সমাজ পৃথিবীর বুকে অতি সামান্য দাবি নিয়ে দাঁড়িয়ে আছে। অথচ কী সামান্য আত্মত্যাগ করে টিকিয়ে রেখেছে পরিবেশের মূল শিকড়। অথচ বহির্বিশ্বের বিষ সেখানেও পৌঁছে গেছে। তেলের খোঁজে কোম্পানিগুলো ব্যবসার নামে দিনে দিনে উপজাতিদের বসবাসের ভূমি ধ্বংস করছে।উপজাতিদের সহজ জীবনপ্রণালি দেখে আমি আশাবাদী, আমাদের সমাজের মানুষও পরিবেশবান্ধব পৃথিবীর খোঁজে আরও সচেতন হবে। বেশি করে গাছ লাগাবে, রিসাইক্লিংয়ের ওপর জোর দেবে। অথবা বিকল্প জ্বালানি উৎসের সন্ধানী হবে, যাতে এভাবে প্রকৃতির আদিম সন্তানদের জীবন আধুনিক সভ্যতার বিষক্রিয়ায় সংকুচিত হয়ে না পড়ে।ভবিষ্যৎ পরিকল্পনা?দাতব্য প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই। অথবা যেসব দাতব্য প্রতিষ্ঠানে আগে কাজ করেছি, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই।বাংলাদেশি পাঠকদের জন্য কোনো কিছু?উত্তর: জেগে উঠুন। চোখ মেলে দেখুন এই মস্ত পৃথিবীতে আপনার অগোচরে অনেক কিছু ঘটে যাচ্ছে। সময় চলে যাওয়ার আগে একটু সচেতন হোন। আমাদের আপন জগৎ আজ ঝুঁকির মুখে। আমাদের সবার সম্মিলিত সাহায্যই পারে একে বাঁচাতে।আর আমাজন সোল সবার ভালো লাগবে, এই আশা থাকল।