সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি—সম্পাদনা: আনিসুজ্জামান, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ কলকাতা, ২৫ বৈশাখ ১৪১৯ মূল্য: ৭৫০ টাকারবীন্দ্রনাথ, ‘১৪০০ সাল’ কবিতায়, শতবর্ষ পরেও তাঁর কবিতা কে পড়বে তা জানার ব্যাপারে কৌতূহল প্রকাশ করেছিলেন। কৌতূহলের সঙ্গে আশাবাদও ছিল নিশ্চয়। রবীন্দ্রনাথের সেই আশা ব্যর্থ হয়নি। তাঁর জন্মের দেড় শ বছর পেরিয়ে গেলেও এখনো তাঁর রচনার প্রতি পাঠকদের ঔদাস্য দেখা দেয়নি। তাঁকে নিয়ে অধ্যয়ন, গবেষণা আজও চলছে। বরং দিনে দিনে তাঁর জীবন ও সৃষ্টি নিয়ে আগ্রহ বাড়ছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রচর্চার জোয়ার দেখা দিয়েছিল: তাঁর সার্ধশত জন্মবার্ষিকীতে আবার দেখা গেল তাঁকে নতুন করে দেখার, জানার ও বোঝার প্রয়াস। এই উপলক্ষে রবীন্দ্রবিষয়ক বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে, এখনো হচ্ছে। রবীন্দ্রচর্চার এই অনিঃশেষ ধারায় সম্প্রতি যোগ হয়েছে আনিসুজ্জামান সম্পাদিত সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ: বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি। বিশ্বভারতীর গ্রন্থনবিভাগ থেকে প্রকাশিত এই বইয়ে সংকলিত হয়েছে বাংলাদেশের ২৬ জন লেখকের রবীন্দ্র-বিষয়ক রচনা ও রবীন্দ্রনাথকে নিয়ে আঁকা বাংলাদেশের ১৪ জন শিল্পীর চিত্রকর্ম। আনিসুজ্জামান রবীন্দ্রনাথকে নিয়ে আরেকটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন ১৯৬৮ সালে। পাকিস্তান সরকারের নির্দেশে রবীন্দ্রচর্চা তখন পূর্ববঙ্গে নিষিদ্ধ। বলা যায়, সেই সংকলনটি ছিল এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে পূর্ববঙ্গের রবীন্দ্রপ্রেমিক ও গবেষকদের প্রবল প্রতিবাদ। এই প্রতিবাদ প্রকাশিত হয়েছিল রবীন্দ্রচর্চার মধ্য দিয়ে। সেই প্রেক্ষাপট এখন নেই। কিন্তু রবীন্দ্র-গবেষণা ও অধ্যয়নের ধারা আজও অব্যাহত আছে বাংলাদেশে; আলোচ্য সংকলনটি তারই স্বাক্ষর।কাল পরিক্রমায় একই বিষয় ভিন্ন তাৎপর্য নিয়ে উপস্থিত হতে পারে পাঠক-হূদয়ে। এই দৃষ্টিকোণ থেকে বইটিতে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম কিছুটা ভিন্ন ও নতুন মাত্রিকতায় ভূতপূর্ব ভাবনার সঙ্গে যুক্ত হয়ে গ্রন্থটিকে সমৃদ্ধ করেছে। প্রবন্ধগুলোতে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের সবদিক ধরা না পড়লেও উঠে এসেছে তাঁর কাব্য ও গান, ছোটগল্প ও উপন্যাস, নাটক ও কাব্যনাটক, ছড়া ও চিত্রকলা, লোকসংস্কৃতি-ভাবনা ও আত্মপরিচয়, বিজ্ঞানমনস্কতা ও উন্নয়ন-ভাবনা, স্বদেশচিন্তা ও শিক্ষাভাবনা, আর্থসামাজিক, সাংস্কৃতিক সংকট ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্বরূপ, পল্লি-পুনর্গঠন, জাতীয় শিক্ষা-আন্দোলন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রভৃতি এবং আরও সংশ্লিষ্ট বিষয়। ফলে বইটি শুধু চিন্তাকর্ষক হয়ে ওঠেনি, বাংলাভাষীদের কাছে সাম্প্রতিক রবীন্দ্রচর্চার এক নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় অবলম্বনে পরিণত হয়েছে।ব্যক্তি, সমাজ বিচ্ছিন্ন কোনো জীব নয়। সমাজের মর্মমূলেই ব্যক্তিসত্তার সূত্রগুলো গ্রন্থিত থাকে; তা তিনি যে সমাজেরই হোন না কেন। শিল্পী বা সাহিত্যিক যেহেতু আকাশবিহারী কোনো প্রাণী নন, সেহেতু যে সমাজে তিনি বসবাস করছেন, তার প্রতি দায়বদ্ধতা অনুভব করেন। তাই রবীন্দ্রনাথ ভাববাদী হয়েও বাস্তববাদী। রবীন্দ্রনাথ কলাকৈবল্যবাদী হয়েও স্বীয় সমাজ ও মানুষের প্রতি থাকেন দায়বদ্ধ। কবীর চৌধুরীর ‘শিল্পীর সামাজিক দায়বদ্ধতা ও রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধে উঠে এসেছে এসব প্রসঙ্গ। প্রাবন্ধিক বিশ্বসাহিত্য, শিল্পকলার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে শিল্পীর সামাজিক দায়ভারের বহু নজির হাজির করেন। প্রবন্ধটি বস্তুনিষ্ঠতা ও সাহিত্যরসের অমূল্য সংযোজন।রবীন্দ্রনাথের জীবনে লোকায়ত জীবন, লৌকিক ধর্মের প্রভাব আশ্চর্যরূপে ক্রিয়া করেছিল। বিশেষ করে বাউল দর্শনের আকর্ষণ তাঁর স্বদেশ ভাবনার সমান্তরালে থেকে পল্লি প্রতিবেশ ও সাধারণ জীবনমান উন্নয়নে তাঁকে প্রয়াসী করে। শামসুজ্জামান খানের ‘বাংলার লোকায়ত সাধনার ধারা ও রবীন্দ্রনাথ’ (পৃষ্ঠা ১৫৬) প্রবন্ধে বাংলায় লোকায়ত সাধনার তথ্যনিষ্ঠ ইতিহাস তুলে ধরেছেন। রবীন্দ্র-মানসে, লোকমানসের প্রভাব প্রবিষ্ট হলো এবং লোকায়ত ধারাকে গুরুত্বসহকারে জীবন, সাহিত্য ও স্বদেশ ভাবনার কেন্দ্রে তিনি ঠাঁই দিলেন। শুধু তা-ই নয়, সুশীল সমাজের দৃষ্টিগোচর করে এর গুরুত্ব আরও বাড়িয়ে তুললেন তিনি। সংক্ষিপ্ত পরিসরে প্রাবন্ধিক বিস্তৃত ধারণা দিতে পেরেছেন বলে প্রবন্ধটি সংহত হয়েছে।রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনাকে নতুন ভঙ্গিতে, কিছুটা নতুন দৃষ্টিভঙ্গিতে যেন পাঠকের সামনে হাজির করেছেন গোলাম মুস্তাফা তাঁর ‘রবীন্দ্রনাথের স্বদেশ’ প্রবন্ধে। রবীন্দ্রনাথের কাব্য ও উপন্যাস, প্রবন্ধ ও তাঁর জীবনের বহু ঘটনা থেকে প্রচুর উপাদান তুলে এনে ও নির্মোহ থেকে স্বদেশ ভাবনার স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন প্রাবন্ধিক এবং স্বদেশের সমস্যা ও সংকটের গতি-প্রকৃতি নির্ণয় এবং তা থেকে উত্তরণে রবীন্দ্রনাথের চিন্তা ও প্রচেষ্টা নির্দেশ করতে প্রয়াসী হয়েছেন। ঔপনিবেশিক আমলের ভারতবর্ষের যাবতীয় সমস্যা নিরসনে লোকায়ত ভাবনা, নিজস্ব শিক্ষাভাবনা ও উন্নয়নভাবনায় রবীন্দ্রনাথ যেসব প্রস্তাবনা বা মতামত দিয়েছেন তার মূলে ছিল বাস্তবতা ও সত্য উপলব্ধি, রোমান্টিক ভাবাদর্শ নয়। প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার সামগ্রিক পরিচয় আমরা লাভ করি।বিশ্বজিৎ ঘোষের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র প্রসঙ্গ’ প্রবন্ধটিতে রবীন্দ্রনাথকে জড়িয়ে নানা জনশ্রুতি, যেমন—ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা-বিষয়ক প্রশ্নের প্রসঙ্গ আলোচিত হয়েছে। লেখক এই প্রশ্নের তথ্যনির্ভর যে সমাধান দিয়েছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ১৯২৬ সালে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন, সে সম্পর্কে আলোচনা করে লেখক এই সম্পর্কে পাঠকদের ধারণাকে সমৃদ্ধ করেছেন। ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কটি যে আন্তরিকতা ও প্রাণধর্ম-মাধুর্যে ভরপুর ছিল তা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার ফলে সন্দেহপ্রবণ পাঠকদের ভুল ভাঙবে।রবীন্দ্রনাথের শেষ বয়সে প্রায় ১২ বছরে দুই হাজারের বেশি ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথের দুই হাজারের বেশি ছবির সংকলন নিয়ে সম্প্রতি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে রবীন্দ্রচিত্রাবলী। রবীন্দ্রনাথের ছবি নিয়ে আলোচনাও দিনে দিনে বাড়ছে। এ গ্রন্থে সৈয়দ মনজুরুল ইসলাম ‘রবীন্দ্রনাথের চিত্রকলা’ (৩১৮) নামে যে দীর্ঘ প্রবন্ধটি রচনা করেছেন, তার রবীন্দ্র-চিত্রকলা সম্পর্কে অনেক অনালোচিত ও অনালোকিত বিষয় সম্পর্কে এই সম্পর্কে উৎসাহীদের জানতে সাহায্য করবে। রবীন্দ্রনাথের চিত্রকলার বৈশিষ্ট্য ও তার অনুষঙ্গ হয়ে উঠে এসেছে প্রাচ্য ও পাশ্চাত্য চিত্রকলার নানা কথা। পাঠক সহজেই নিজেকে সমৃদ্ধ করতে পারে পুরো সংকলনটি পাঠ করে।‘রবীন্দ্রনাথের গোরা’ শীর্ষক রচনাটিতে সিরাজুল ইসলাম চৌধুরী উপন্যাসের বিচিত্র উপকরণের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের বিবিধ ভাবনাকে সুচারুরূপে বিশ্লেষণ করেছেন। এমন উৎকৃষ্ট রচনা বইটিকে নতুন মাত্রা দিয়েছে।এ ছাড়া আনিসুজ্জামানের জাতীয় শিক্ষা-আন্দোলন ও রবীন্দ্রনাথ, সনৎকুমার সাহার বিশ্বভারতী, করুণাময় গোস্বামীর রবীন্দ্রসংগীতের অনন্যতন্ত্রতা, মুহাম্মদ হাবিবুর রহমানের রবীন্দ্রনাথের উন্নয়ন-স্বর্গ, সন্জীদা খাতুনেরবাংলাদেশের অগ্রযাত্রার সাথি, মনিরুজ্জামানের ব্যতিক্রমী ভাষা চিন্তক রবীন্দ্রনাথ প্রভৃতি রচনার উৎকর্ষ, পাঠকচিত্তে আনন্দ সঞ্চার করবে এবং জ্ঞানস্পৃহাকে পরিতৃপ্ত করবে।সামগ্রিক বিচারে, বিশেষ করে লেখক ও লেখার মানদণ্ডে এটি শুধু অন্যতম সংকলনই নয়; বাংলাদেশে প্রথিতযশা লেখকদের এমন অনেক প্রবন্ধের সংকলন চোখে পড়ে না। বইটি নিৎসন্দেহে বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক প্রবন্ধ-সংকলন বলে বিবেচিত হবে এবং দুই বাংলায়ই বইটি পাঠক-সমাদৃত হবে।