সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার কি সাহিত্যের মান বলে দেয়? পৃথিবীতে ছোট-বড় এত এত সাহিত্য পুরস্কার, কিন্তু একজন লেখক বা কোনো একটা বইয়ের মান নির্ধারক হিসেবে পুরস্কার কতটা প্রাসঙ্গিক—এ প্রশ্ন বেশ পুরোনো। নোবেলের মতো পুরস্কার অনেক যোগ্যরা পেয়েছেন ঠিকই, অযোগ্যদের কথা না-ই বললাম, তবে যোগ্যতম অনেকেই পাননি। যাঁরা পেয়েছেন তাঁদের অনেকেরই লেখালেখি বিশ্বসাহিত্যে আর তেমন জরুরি নয়, তামাদি বললে অত্যুক্তি হবে না; আবার যাঁরা পাননি, অর্থাৎ দেওয়া হয়নি, তাঁদের মধ্যে অন্তত ডজনখানেক নাম এতই জ্বলজ্বলে, তাঁদের সম্মানিত না করে বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত পুরস্কারটি নিজের কপালে অসম্মানের ছাই লেপেছে—এ আর নতুন করে বলার কী!

 পুরস্কার চালু হওয়ার প্রথম বছরে (১৯০১ সালে) লিও তলস্তয়কে বিবেচনায় এনেও প্রত্যাখ্যান করা হয়। এরপর তলস্তয় নয় বছরেরও বেশি বেঁচে ছিলেন, কিন্তু নোবেল কমিটি নিজেদের সিদ্ধান্ত পাল্টানোর কোনো কারণ দেখেনি। আন্তন শেকভের বেলায়ও তাই। এ তো গেল দুই অসংবাদী মহিরুহের কথা। এরপর যে নামগুলো আসার কথা, সেগুলোও বিশ্বসাহিত্যের অন্যতম প্রধান স্থপতিদের। মার্সেল প্রুস্ত, জেমস জয়েস, হেনরিক ইবসেন, জসেফ কনরাড, জি এইচ লরেন্স, রাইনার মারিয়া রিলকে, ফেদেরিকো গারসিয়া লোরকা, হোর্হে লুইস বোর্হেস, ভার্জিনিয়া উলফ্, ফ্রান্‌জ কাফ্‌কা, বার্টোল্ট ব্রেখ্ট। লম্বা তালিকা থেকে কয়েকটা নাম। নোবেল না পাওয়ায় তাঁদের খ্যাতি-যশে সামান্যতম আঁচড় তো পড়েইনি, বরং তাঁরা যে নন্দিত এই পুরস্কারের চেয়ে বড়, দিনে দিনে তা-ই প্রমাণিত হচ্ছে। ২০১৬ সালে সারা পৃথিবী ঢুঁড়ে কাউকে না পেয়ে বব ডিলানকে দেওয়া হলো, আর এর আগের বছর বেলারুশের স্ভেলানা আলেকসিয়েভিচের নাম যখন ঘোষিত হলো, তখন কে বটে—এ প্রশ্ন আমার মতো অর্বাচীনের মুখ থেকে বেরোলে কী করার থাকে! এ বছর কাজুও ইশিগুরোকে দিয়ে কিছুটা হলেও প্রায়শ্চিত্ত হয়েছে বলে মনে হয়। সুইডিশ নোবেল কমিটির সদস্যদের একটা সান্ত্বনা হতে পারে—তারা ডব্লিউ বি ইয়েটস্, টি এস এলিয়ট, আঁদ্রে জিদ, বার্নাড শ, রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম ফকনার, আর্নস্ট হেমিংওয়ে, আলবেয়ার ক্যামু, স্যামুয়েল বেকেট, গাব্রিয়েল গারসিয়া মার্কেজকে পুরস্কার গছাতে পেরেছেন।

 নোবেল নিয়ে বিতর্ক বহু দিনের। ১৯৩৮-এ যোগ্য কয়েকজনকে বাদ দিয়ে যখন পি এস বাককে দেওয়া হলো, আর তার আগে ও পরে স্ক্যান্ডিনেভিয়ান কয়েকজনকে, তখনই বোঝা গেছে যে এই পুরস্কারের সঙ্গে রাজনীতি ও আঞ্চলিকতা জড়িত। তবে যা কৌতূহলকর এমনকি কৌতুককরও মনে হতে পারে তা এই—স্ক্যান্ডিনেভিয়ান দ্বিতীয় সারির লেখকদের পুরস্কার দিতে কার্পণ্য না করলেও সেই অঞ্চলের সবচেয়ে খ্যাতিমান হেনরিক ইবসেন কিন্তু নোবেল কমিটির কাছে মোটেও কল্কে পাননি।

 নোবেল নিয়ে কথা না বাড়িয়ে গোড়ায় যে প্রশ্নটি তুলেছিলাম সেখানে ফেরা যাক। পুরস্কার ও পুরস্কৃত রচনা কতটা একে অন্যের পরিপূরক, পারস্পরিক মানবর্দ্ধক? অন্য একটা নন্দিত পুরস্কারের সূত্র ধরে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। বিলেতের বুকার, হালে মান-বুকার নামী-দামি পুরস্কার। একজন লেখকের জীবন বদলে দিতে, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে তাঁকে জাঁকজমকের সঙ্গে উপস্থাপন করতে যথেষ্ট পারঙ্গম। অনেক গুরুত্বপূর্ণ লেখকের উজ্জ্বল বই যেমন এই পুরস্কারে উজ্জ্বলতর হয়েছে, তেমনি অপেক্ষাকৃত অনামা অনেকেই এই পুরস্কারের বদৌলতে বিশ্বখ্যাতি পেয়েছেন। ইশিগুরোর দ্যরিমেইনসঅবদ্যডে, মাইকেল ওন্ডাচির দ্যইংলিশপেশেন্ট, বেন ওকরির দ্য ফ্যামিশডরোড, অরুন্ধতি রায়ের দ্যগডঅবস্মলথিংস উল্লেখযোগ্য বইয়ের কয়েকটি। বলা নিষ্প্রয়োজন, প্রতিটি বইয়ের ক্ষেত্রেই বিচারকেরা লেখকদের নিরীক্ষাপ্রয়াস ও সৃজনপ্রতিভার অভিনবত্বকে গুরুত্ব দিয়েছেন। এ তুলনায় ইয়ান মার্টেলের লাইফঅবপাই-এর পুরস্কারপ্রাপ্তি যতটা কল্পনাশক্তির অভিনবত্বের জন্য, ততটা সৃজনক্ষমতার কারণে মনে হয়নি। এর বছর কয়েক পর যখন অরবিন্দ আদিগার দ্যহোয়াইটটাইগারকে নির্বাচন করা হলো, মনে হলো বিচারক কমিটি অভিনবত্বে এতই মশগুল, রচনাটা আদৌ সাহিত্য পদবাচ্য হচ্ছে কি না, এ যেন তেমন ভাববার বিষয় নয়। একই ধারায় বড় নজির ২০১৬ সালে হান কাংয়ের দ্যভেজিটারিন নামের যথার্থই একটা দ্বিতীয় (?) শ্রেণির উপন্যাসকে পুরস্কার প্রদান। বইটি যে কোন জাদুবলে বিচারকদের, অধিকাংশ বিচারকের তো বটেই, মনোনয়ন পেল তা সত্যিই বিস্ময়কর। লিখতে বসে এত চাঁছাছোলা হওয়ার রেওয়াজ নেই, তবু বলতে আটকাচ্ছে না যে এই পুরস্কারের ফলে মান-বুকারের মান কমেছে বই বাড়েনি।

 সুতরাং পুরস্কার ও পুরস্কৃত লেখক বা বই যে সব সময় একে অন্যের পরিপূরক, তা ভাবার খুব সংগত কারণ রয়েছে বলে মনে হয় না। তারপরও পুরস্কার ও সাহিত্যকর্ম ওতপ্রোতভাবে জড়িত আর বিশ্বব্যাপী এর প্রসারও লক্ষ করার মতো। এক আমেরিকাতেই পুলিৎজারের মতো বড় পুরস্কারের পাশাপাশি কয়েক শ ছোট-মাঝারি সাহিত্য পুরস্কার অহরহ নিজেদের অস্তিত্বকে নানাভাবে জানান দিয়ে যাচ্ছে। একেবারেই নাম না জানা লেখকের বইয়ের মলাটে চোখ রাখলে সেটা যে অমুক বা তমুক পুরস্কারে ধন্য, এমন গর্বিত স্টিকারের দেখা হরহামেশাই মেলে। নিদেনপক্ষে পুরস্কার না পেলেও কবে কোথায় শর্ট লিস্টেড হয়েছিল, তা-ও বইটার জন্য শ্লাঘার বিষয় হয়ে ওঠে। সুতরাং যে যেভাবেই দেখুক, পুরস্কার ও লেখালেখি একে অন্যকে ছাড়ে না।

পুরস্কার, বিশেষত বড় পুরস্কার, যেহেতু নামি ও বড় প্রতিষ্ঠানের নামের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত, সেগুলো সেই সব প্রতিষ্ঠানের কোনো না কোনো এজেন্ডার বাহক হওয়ার পাশাপাশি বইয়ের বাজার কবজা করার একটা হাতিয়ারও বটে, আর পুরস্কৃত বইটি উন্নতমানের হলে তো কথাই নেই। যাঁরা পুরস্কারপ্রথার বিরোধী, তাঁরা এই জায়গায় এসে খানিকটা মুশকিলে পড়েন। কারণ পুরস্কৃত না হলে মানসম্পন্ন বইটি হয়তো দৃষ্টির আড়ালেই থেকে যেত, যা কখনোই কাম্য নয়। আবার বিরোধীরা তাঁদের যুক্তিতে জোর পান, যখন দেখেন কোনো নামী পুরস্কারের ঝলমলে স্টিকারের বদৌলতে একটা সাধারণ বইও লক্ষ লক্ষ (মিলিয়ন) কপি বিক্রি হয়ে যাচ্ছে। সেই সঙ্গে পৃথিবীর নামী-দামি পত্রিকায় প্রফেশনাল আলোচকেরা সুকৌশলে প্রশংসার নামে প্রায় অর্থহীন, গৎবাঁধা কিছু স্তুতি বইটিকে উপহার দিচ্ছেন। ফলে যা হয়, পড়ুয়ারা ছাড়াও বিস্তর মানুষ পুরস্কৃত বইটি সংগ্রহে আগ্রহী হন। এটা সেই বাজার আনুকূল্য, যা পুরস্কারের কারণেই বইটির ভাগ্যে জোটে।

 এমন পরিস্থিতি সত্ত্বেও পুরস্কার-প্রথাকে নাকচ করে দেওয়া কি যুক্তিসংগত? বরং কাজের কাজ যা হতে পারে, বিষয়টি নিয়ে বেশি বেশি আলোচনা করা, যাতে যোগ্য লেখক ও যোগ্য বই-ই পুরস্কারের আলোয় আসতে পারে। জন আপডাইক প্যারিসরিভিউ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পাঠক যা পড়তে চায়, তা-ই পড়া উচিত। যদি তার মনে হয় পুরস্কার-টুরস্কার দিয়ে বই যাচাই করার কোনো মানে নেই, তা-ই যেন হয়।’ বাস্তবে কাজটা কতটা সম্ভব? পৃথিবীতে এত এত বই, প্রতিদিন হাজার হাজার বই বেরোচ্ছে, পড়ার জন্য পাঠকের কিছু দিক-দিশা তো প্রয়োজন।

 এ তো গেল আন্তর্জাতিক অঙ্গনের কথা। আমরা আমাদের ক্ষুদ্র পাঠ–পরিসরের দিকে তাকিয়ে ইদানীং সাহিত্য পুরস্কারের যে প্রসার দেখতে পাই, তাতে কী মনে হয়? সরকারি-বেসরকারি মিলিয়ে কম করে হলেও ছোট-বড় ডজনখানেক পুরস্কার প্রতিবছর সাহিত্যের জন্য বরাদ্দ থাকছে। বলা হয়ে থাকে, সরকারি প্রতিষ্ঠানের পুরস্কার—যার মধ্যে একটি আবার বাংলাদেশের যশ–খ্যাতিপ্রার্থী লেখকদের কাছে বিশেষভাবে কাঙ্ক্ষিত— নির্ভেজাল নয়। বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়, সেসব যে এ থেকে মুক্ত এ কথাও কি বলা যাবে? যাবে না। এর এক কারণ, অনেক বইয়ের ভিড়ে একটা বিশেষ বইয়ের বিতর্কের ঊর্ধ্বে উঠে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার ঘটনা কদাচিৎই ঘটতে পারে। আর বিচারকদের মতামতে কিছুটা হলেও তো ভরসা রাখতে হয়। তবে এমন গুজব উড়িয়ে দেওয়াও ঠিক নয় যে কিছু কিছু পুরস্কার কোটারি-কালচারের প্রভাবমুক্ত নয়। সে যাক, এই বিতর্ক পুরস্কার-সংস্কৃতিরই অংশ। যত কম হয় তত ভালো।

 ভালো অন্য কারণেও, বিশেষ করে যেখানে কিছু কিছু ক্ষেত্রে তরুণদের পুরস্কৃত করার রেওয়াজ চালু হয়েছে। একজন তরুণ লেখকের প্রথম বইকে সাড়ম্বরে পুরস্কার প্রদানের ঘটনা পুরস্কারকে নানা দিক থেকে অর্থময় করার ক্ষমতা রাখে। পুরস্কারটি তখন সেই লেখকের জন্য হয়ে ওঠে এগিয়ে চলার শক্ত চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ তো তরুণদেরই মানায়। প্রবীণদের ক্ষেত্রে পুরস্কার কেবলই স্বীকৃতি, সঙ্গে কিছু প্রাপ্তিযোগ।