
দৈনিক সংবাদ-এর সাহিত্য সাময়িকীতে ১৫-২০ বছর একটা কলাম লিখতাম, যার বিষয় ছিল প্রধানত বিশ্বসাহিত্য। এটি করতে গিয়ে পশ্চিমের বহু লেখককে আমি আবিষ্কার করি, অথবা নতুন আলোয় দেখি। এখন ইন্টারনেট-গুগলের দিন। এখন দুষ্প্রাপ্য অনেক তথ্যও নিমেষে হাতের মুঠোয় চলে আসে। ফলে বিশ্বের সাহিত্য মনোযোগ দিয়ে পড়লেও তা নিয়ে কেউ লিখতে তেমন আগ্রহী হন না। প্রথম চিন্তা, কে পড়বে? দ্বিতীয় চিন্তা, কেন পড়বে?—যেহেতু নিজের পছন্দমতো লেখক বেছে, তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য খুঁজে নিতে এক প্রহরের পরিশ্রমেরও প্রয়োজন পড়ে না।
একটি বই আমার সেই ভুল ভেঙে দিল। বইটি যেন ঘুমের মধ্যে আমাকে একটা ঝাঁকুনি দিয়ে জাগিয়ে বলল, আমাকে পড়ো।
পড়লাম। এত সুন্দর করে, টান টান গল্প বলার ভঙ্গিতে, ভাষাকে সার্কাসমণ্ডপের উঁচুতে বাঁধা একটা টানা দড়ির ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে অনেক কঠিন ভাব, চিন্তা অথবা বর্ণনাকে বোধের একেবারে গভীরে কেউ যে এভাবে নিয়ে যেতে পারেন, বইটি না পড়লে আমার জানা হতো না। যাঁদের নিয়ে ৩৯৬ পৃষ্ঠায় ৬৪টি পরিচ্ছেদে আলোচনা হয়েছে, যাঁদের বেশির ভাগের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তাঁরাও যেন জেগে ওঠেন এক নতুন মহিমায়। ভলতেয়ার, মালার্মে, শেক্সপিয়ার, রম্যাঁ রলাঁ, পল এলুয়ার, জাঁ পল সার্ত্র, সিলভিয়া প্লাথ, গিয়াম অ্যাপোলিনের, এলিয়ট, পাউন্ড অথবা নিৎশে এবং বঙ্কিমচন্দ্র, অন্নদাশঙ্কর রায় এবং অবশ্যই রবীন্দ্রনাথ—তাঁরা সব ঘুমের দরজা পেরিয়ে ঢুকে পড়েন আমার চেতনে-অবচেতনে, মেলে ধরেন তাঁদের প্রতিভার পতাকা, তাঁদের অর্জনের জলপাই ডাল এবং তাঁদের সঙ্গে একটা অন্তরঙ্গ কথোপকথনে ঋদ্ধ হতে থাকি। বইটি পড়া হলে মনে হবে দেশ-কাল-ভূগোলজুড়ে একটা পরিভ্রমণ যেন হলো এবং যেটুকু জানা হলো, তার থেকেও বেশি যেন তুলে রাখা হলো। শেষের একটা অবধারিত প্রতিক্রিয়া এ রকম—আরও কিছু দিলে কেমন হতো? আরও অনেক পৃষ্ঠা?

ঘুমের দরজা ঠেলে
চিন্ময় গুহ
প্রকাশক: সিগনেট প্রেস কলকাতা ২০১৬
৩৯৬ পৃষ্ঠা l
দাম: ৩০০ রুপি (বাংলাদেশি ৫৪০ টাকা)
বইটির নাম ঘুমের দরজা ঠেলে, লিখেছেন ফরাসিবিদ, এলিয়ট-বিশেষজ্ঞ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক চিন্ময় গুহ। দেশ পত্রিকার পুস্তক সমালোচনা বিভাগটির দায়িত্বে ছিলেন বেশ কয়েক বছর। কলকাতার রোববার পত্রিকায় ২০১৩ থেকে ২০১৬—এই তিন বছর তিনি তাঁর এ বইয়ের ভুক্তিগুলো লিখেছিলেন, তাঁর ভাষায়, ‘প্রায় একটা ঘোরের ভেতরে।’ এই ঘোরটা, বইয়ের শিরোনামের ঘুমের মতো, বইটির জন্য একটি চলমান উৎপ্রেক্ষা। প্রায় প্রতিটি পরিচ্ছেদের শুরুতে তিনি ঘুমের মধ্যে কোনো বিলুপ্ত রাতে নিজেকে দেখতে পান, যেখানে তিনি মালার্মের মতো কাউকে আবিষ্কার করেন অথবা শেলির মতো কারও শবদেহ ভাসতে দেখেন ইতালির এক উপসাগরে; অথবা রাতে কখনো দাঁড়ান কোনো টিলায়, দেখেন তলস্তয়কে, অথবা অনন্ত নক্ষত্রবীথির সামনে দাঁড়িয়ে আল্যা রব-গ্রিয়ে অথবা নাতালি সারোৎকে। প্রতিটি পরিচ্ছেদ শুরু হয় অনিশ্চিত, অন্ধকার অথবা অজানার একটা ঘোরে অথবা শিহরণ দিয়ে, তারপর ঘুমের দরজা ঠেলে কান্তিমান যিনি আসেন, তাঁকে নিয়ে একটা আখ্যান সাজান চিন্ময়, তার ভেতর আমাদের টানেন, আমরা একটা উত্তেজনা নিয়ে সেই মানুষটির কথা শুনি, তাঁকে অনুসরণ করি। প্রতিটি পরিচ্ছেদ একটি আখ্যানের জাদুময়তা দিয়ে শুরু হয়, শেষ হয় কোনো কবি, উপন্যাসিক বা চিত্রনির্মাতার জীবনের এপিফ্যানিক কোনো ঘটনা দিয়ে।
এ জন্য কোনো পরিচ্ছেদের প্রায় শুরুতেই কান্তিমান মানুষটির নাম জানা হয় না। কোনো কোনাটিতে হয়তো প্রথম বা দ্বিতীয় প্যারাতে, তাঁকে পাই, কোনো কোনোটিতে পরিচয়টি মুলতবি থাকে শেষ প্যারার জন্য। এই বর্ণনায় একটা নাটকীয়তা থাকে। পাঠক তাঁর সম্পর্কে জানতে অগ্রসর হন এবং একসময় নামটি জানা গেলে তার মনে হয়, জানা তো হয়েই গেছে অনেক আগেই। পাঠক যেন তার সুপ্তির ওই পারে এই কান্তিমানকে নিজেই খুঁজে পান।
বর্ণনার এই উত্তেজনা ধরে রাখা ও মোচনের জন্য প্রয়োজন ভাষা, যে ভাষার সেই শক্তি আছে। একটি মাত্র উদাহরণ:
ভোররাতে একটি ফুলের পাপড়ি খুলে যাচ্ছে। তার ত্বকে মুক্তোর মতো ভালবাসার স্বেদবিন্দু। যার মধ্যে কাঁপছে গোটা পৃথিবী।
ঘুমের দরজা ঠেলে সেই বই যার ভেতর দিয়ে সময় নিয়ে হেঁটে যেতে হয় চেতনায়, মননে কল্পনায় সাহিত্য-শিল্প-সংগীতের একটি গোটা পৃথিবীকে কাছে থেকে দেখার জন্য।