সাহিত্যে নতুন সংযোজন 'ভারতভাগের অশ্রুকণা'
করুণাময় গোস্বামীর লেখা ভারতভাগের অশ্রুকণা উপন্যাসটিতে ভারত ভাগের সময়ের অনেক মানবিক ঘটনা উঠে এসেছে। এটি বাস্তব জীবনের থেকে নেওয়া ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এই বইটি বাংলা সাহিত্যে এক নতুন সংযোজন। আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ভারতভাগের অশ্রুকণা বইটি নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা যুক্ত ওই আলোচনার আয়োজন করে। ভারতভাগের অশ্রুকণা বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, লেখক এই বই সত্য ঘটনা থেকে লিখেছেন। এখানে উঠে এসেছে মানবিক বেদনা। ১৯৪৭ এর দেশ ভাগের পেছনে যে রক্ত ও অশ্রুর প্রবাহ বয়ে গেছে সেটি এই বইয়ে আলোচিত হয়েছে। বইটি বাংলা সাহিত্যে একটি নতুন সংযোজন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ভারতভাগের অশ্রুকণা বইটির উপস্থাপনা আকর্ষণীয়। এখানে রাজনীতিকে সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে লেখক যে কাজ করেছেন তা প্রথাগত উপন্যাসের চেয়ে আলাদা ও ভিন্ন মাত্রার তাৎপর্য বহন করে। এটি একটি ব্যতিক্রম প্রয়াস।
বইয়ের প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এই বইটি প্রকাশ করতে পেরে গর্বিত হয়েছি। বাস্তব জীবনের নানা ছায়াপাত আছে এই উপন্যাসে। এমনকি লেখকের জীবনেরও ছায়াপাত আছে। লেখক যে বইটি লিখতে গিয়ে নিবিড় বেদনা অনুভব করেছেন বইয়ের নামে তার প্রতিফলন আছে। এটিকে বলা যায় ‘পার্টিশন লিটারেচার’। এটি অসাধারণ মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যে এই উপন্যাস পাঠকের উপলব্ধিকে আরও গভীর করে তুলবে বলে মনে করেন তিনি।
আলোচনা অনুষ্ঠানে বইয়ের লেখক করুণাময় গোস্বামী বইটি লেখার পটভূমি তুলে ধরে বলেন, ইতিহাস নির্ভর এই বইয়ে উঠে এসেছে মানুষ কীভাবে মানুষের জন্য দুর্গতি তৈরি করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তর নির্বাহী পরিচালক নিশাত জাহান। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ।