সাহিত্যের আন্তর্জাতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হে সাহিত্য উৎসবের আয়োজন ছিল ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত। এসেছিলেন দেশ-বিদেশের লেখক-সাহিত্যিক–সাংবাদিক ও প্রকাশকেরা। এ নিয়েই এবারের আয়োজন

হে সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠােন (বঁা থেকে) জন রালস্টন, মিমি কলবতী, লিন্ডি কুক, উইলিয়াম ডালরিম্পল, সৈয়দ শামসুল হক ও মাহফুজ আনাম। ছবি: সাহাদাত পারভেজ
হে সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠােন (বঁা থেকে) জন রালস্টন, মিমি কলবতী, লিন্ডি কুক, উইলিয়াম ডালরিম্পল, সৈয়দ শামসুল হক ও মাহফুজ আনাম। ছবি: সাহাদাত পারভেজ

গত বৃহস্পতিবার বাংলা একাডেমির ফটক দিয়ে ঢুকতেই চমক লাগল—প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ভিনদেশি সাদা লোকজন ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে ‘কল্পনায় বিশ্ব’ শিরোনামে তিন দিনের বর্ণাঢ্য ‘হে সাহিত্য উৎসব’।
ইংরেজিপড়ুয়া স্বেচ্ছাসেবকদের ভিড়ও চোখে পড়ার মতো। বর্ধমান হাউস, বটতলা, বহেড়াতলা, কিংবা পুকুরপাড়—সবটুকুই বিচিত্র সাজে সজ্জিত। একাডেমি ভবনের দুটি মিলনায়তন ছাড়া বাইরে আরও দুটি উন্মুক্ত মঞ্চ আর একটি ‘কসমিক টেন্ট’—মোট পাঁচটি মঞ্চের সব কটিতে শব্দযন্ত্র প্রস্তুত।
ডেইলি স্টার, বেঙ্গল লাইটস বুকস, দ্য বুক ওয়ার্ল্ড, ইউপিএল, বেঙ্গল গ্যলারি, প্রথমা প্রকাশনসহ ১০টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলগুলোর সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে লেখকদের তালিকা। প্রকাশিত হয়েছে বাঙালি লেখকদের ইংরেজিতে লেখা বই আর বাংলা বইয়ের ইংরেজি অনুবাদ। নির্দিষ্ট সময়ে বাড়তি পাওনা হিসেবে কিনতে পাওয়া যাবে লেখকদের অটোগ্রাফসহ বই।
চা, কফি ও আইসক্রিমের ঘরগুলোয় জড়ো হচ্ছেন ক্রেতা। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে দর্শক-শ্রোতাও।

.
.

যুক্তরাজ্যের ওয়েলসের ছোট্ট শহর ‘হে’তে প্রায় আড়াই দশক আগে বইপ্রেমীদের আগ্রহে যে উৎসবের সূচনা, আজ তা দুনিয়াজুড়ে উদ্যাপিত হচ্ছে। বাংলাদেশেও হলো চতুর্থবারের মতো।
বিশ্বের ১৩টি দেশ থেকে প্রায় ৬০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এসেছেন মেলায়। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রায় ২০০ সাহিত্যিক, সাহিত্য সম্পাদক, অনুবাদক ও সাংবাদিক। মোট ৭৭টি আলোচনা–আয়োজনে ওই সব আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক-বুদ্ধিজীবীর সঙ্গে স্থানীয় লেখক–বুদ্ধিজীবীদের ফিকশন, নন-ফিকশন, কবিতা, অনুবাদ, বিজ্ঞান আর গণিত নিয়ে আলোচনা তো হবেই; সুযোগ হবে সমকালীন চিন্তা আর ভাব বিনিময়ের।
কাজী নজরুল ইসলামের তিনটি গান দিয়ে শুরু হলো উৎসব। লেখক তাহমিমা আনামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বললেন, আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সত্যের ওপর মিথ্যা বাস করছে। একমাত্র সাহিত্যেই সত্য বাস করছে। হিংসা হানাহানির ঊর্ধ্বে আছে সাহিত্য।’
বিশ্বজুড়ে প্রতিদিন শতাধিক ভাষা উধাও হয়ে যাচ্ছে। সেই সঙ্গে উধাও হচ্ছে একদল মানুষের সংস্কৃতি, তাদের জীবনপ্রণালি ও নিজেদের জ্ঞান। আর দুনিয়াজুড়ে সংকুচিত হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। উদ্বোধনী পর্বে বললেন কানাডার সাহিত্যিক জন রালস্টন সল।
দ্য লাস্ট মোগল ও দ্য হোয়াইট মোগল বইয়ের লেখক উইলিয়াম ড্যালরিম্পল বলেন, দক্ষিণ এশিয়ার প্রাচীন ঐতিহ্য রয়েছে সাহিত্য উৎসব আয়োজনের।
উদ্বোধনী মঞ্চেই ইরানে জন্মগ্রহণকারী ব্রিটিশ কবি মিমি কলবতীর আবৃত্তি ছিল চমৎকার। এ সময় আরও বক্তব্য দেন মূল হে উৎসবের পরিচালক লিন্ডি কুক আর উপস্থিতিকে ধন্যবাদ জানান বাংলাদেশের উৎসব অন্যতম পরিচালক সাদাফ্ সায্ সিদ্দিকী।
এর পরই শুরু হয় নির্ধারিত অনুষ্ঠানমালা। উদ্বোধনী দিনে অধিবেশন ছিল ২৫টি। এর মধ্যে ‘ছোট গল্পের বড় জগৎ’ নিয়ে আলোচনায় মেতে ওঠেন কথাশিল্পী সেলিনা হোসেন, কুমার চক্রবর্তী ও পাপড়ি রহমান। এই পর্ব সঞ্চালনার ভার পড়েছিল আমার ওপর।
ব্রিটিশ ভারতীয় সাহিত্যিক রানা দাশগুপ্তের সাম্প্রতিক বই ক্যাপিটাল: দ্য এরাপশন অব দিল্লি নিয়ে আলোচনায় অংশ নেন লন্ডনপ্রবাসী ভারতীয় সাহিত্যিক সোমনাথ বাতাব্যাল ও বাংলাদেশি জাভেদ জাহাঙ্গীর।
তাহমিমা আনামের সঞ্চালনায় পরিচালিত হয় ‘ইন দ্য এজ অব দ্য এগ্রিগেটরস’ আলোচনা–আয়োজনটি। অংশ নেন প্রখ্যাত সাংবাদিক ও নিউইয়র্ক টাইমস-এর গ্রন্থ-সমালোচক ডোয়াইট গার্নার, লস অ্যাঞ্জেলেস টাইমস-এর লেখক ক্যারোলিন কেলগ এবং সাংবাদিক আইজাক ফিটজারেল্ড। তাঁরা মুদ্রণ, ওয়েব গ্রন্থ ও সংবাদমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মতামত দেন।
দুপুর গড়িয়ে গেলে উর্দু কবি ফাতেমা হাসান ও ফরাসি ভারতীয় কবি কার্তিকা নাইয়ার তাঁদের কবিতা আবৃত্তি করেন বটতলার নজরুল মঞ্চে।
উৎসবের প্রথম দিন রানা দাশগুপ্ত, সোমনাথ বাতাব্যালসহ বিভিন্ন লেখক সারা দিন নানা আয়োজনে অংশ নিলেও কবি জয় গোস্বামী এলেন একেবারে সন্ধ্যায়। তিনি একাডেমি প্রাঙ্গণে পা রাখার পর থেকেই ছবি, সেলফি আর অটোগ্রাফের জন্য তাঁকে ঘিরে ধরেন বাংলাদেশের কবিতাপ্রেমীরা। এরপর কবি আসাদ চৌধুরীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী কবিতা আবৃত্তি করে শোনান কলকাতার এই নন্দিত কবি।
কবিতা পড়ার মাঝখানে দর্শকসারিতে এসে বসলেন সৈয়দ শামসুল হক। কবিতা পড়া থামিয়ে মঞ্চ থেকে নেমে এলেন জয় গোস্বামী তাঁর প্রিয় বয়োজ্যেষ্ঠ লেখকের পদধূলি নিতে। সৈয়দ হকও জড়িয়ে ধরলেন জয়কে। দুই বাংলার দুই শীর্ষ কবির এই মিলনে তখন আপ্লুত দর্শক-শ্রোতা।
শুক্রবার সকালবেলা বাংলা একাডেমির লন চত্বরে তানভীরুল আলম সজীবের গান দিয়ে নীরবতা ভাঙার পরপরই গুরুগম্ভীর আলোচনায় মেতে ওঠে উৎসবের দ্বিতীয় দিন। মূল মঞ্চে প্রবাসী বাংলাদেশি লেখক জিয়া হায়দার রহমান, ভারতীয় লেখক ও রাজনীতিবিদ শশী থারুর, নমিতা গোখলে নিজেদের লেখক হয়ে ওঠার গল্পে মেতে ওঠেন। জিয়া বলেন, নিজের অস্তিত্বকে খুঁজে পেতেই তিনি লেখালেখি শুরু করেছেন। নমিতা গোখলে অনেক ক্ষেত্রে নিজ ভাষার অপরিহার্যতার কথা বললেন। শশী থারুর বললেন রাজনীতিক হওয়ার গল্প। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভারতের লেখক সাংবাদিক সলিল ত্রিপাঠী।
এভাবে তিন দিন ধরে যাঁরা এ মিলনমেলা জমিয়ে রাখলেন, তাঁদের মধ্যে আরও ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-কন্যা লুসি হকিং, কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মনজুরুল ইসলাম, আনিসুল হক, নিউজ সাইট বাজফিল্ডের সম্পাদক আইজাক বাজফিল্ড, প্রবাসী বাংলাদেশি লেখক আবির হক, মারিয়া চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কাজী আনিস আহমেদ প্রমুখ। শেষ দিনের একেবারে শেষবেলায় কাজী আনিসের সঞ্চালনায় শশী থারুরের দ্য স্টেটসম্যান নিয়ে আলোচনার সময় একাডেমির মূল মঞ্চে চেয়ার খালি না থাকায় মঞ্চের প্যাসেজের কার্পেটেও জায়গা পাননি অনেক দর্শক-শ্রোতা।
শনিবার সন্ধ্যায় ‘হে সাহিত্য উৎসব ঢাকা-২০১৪’-এর শেষ সময়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ র্যাপের উন্মাদনায় উত্তাল হয়ে উঠলেও ভেতরে ভেতরে বাজছিল বিষাদের সুর। বিদেশি অতিথিদের মধ্যে ছিল বিদায়ের তোড়জোড়। এখান থেকে সরাসরি এয়ারপোর্টে যাবেন যাঁরা, তাঁদের অনেককেই দেখা গেল সঙ্গে লাগেজ নিয়ে ঘুরছেন। হে উৎসব শেষ হলো বহু দেশের, বহু ভাষার সাহিত্যিকদের প্রাণের কলকাকলিতে।