সাহিত্যের বিভাগ হিসেবে গল্প বেশি স্থিতিস্থাপক: লিডিয়া ডেভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার সমকালীন গল্পলেখক লিডিয়া ডেভিস ২০১৩ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তিনি ছোটগল্পকার, প্রাবন্ধিক ও অনুবাদক। লিডিয়ার ছোটগল্পের ঘরানাকে বলা হয় তাঁর ‘নিজের আবিষ্কার’। আকারে গল্পগুলো সাধারণত হয় খুব ছোট, এমনকি এক-দুই লাইনেরও, অধিকাংশ সময়ই তাতে মেলে চমক। আমেরিকান সাহিত্য পত্রিকা দ্য বিলিভার-এ প্রকাশিত তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশিত হলো—দ্য বিলিভার: শিক্ষকতা থেকে ছুটি নেওয়ার পরে আপনার দিন ও কাজের চেহারাটি এখন কী রকম? লিডিয়া ডেভিস: আমার দিন দুই ভাগে বিভক্ত—আমার নিজের লেখালেখি ও বর্তমানে যে অনুবাদটি করছি, তা। বিলিভার: ম্যাক আর্থার ফেলোশিপ পাওয়ার পর থেকে আপনার লেখালেখির পরিমাণ বেড়ে যাওয়া ছাড়া তাতে কোনো গুণগত পরিবর্তন কি এসেছে?ডেভিস: পরিবর্তন তো এসেছেই, সব সময়ই আসে। আমার ধারণা, আমি অন্য লেখকের টেক্সটের ওপর কাজ করা নিয়ে দিন দিন আরও বেশি আগ্রহী হয়ে উঠছি। যেমন ধরুন, কোনো অনুবাদের সঙ্গে জুড়ে দিচ্ছি আমার নিজের পাঠ-পর্যালোচনা, কিংবা আমার পর্যালোচনার মধ্যে দুই বা তার বেশি অন্য টেক্সট...ইদানীং আমার নিজেরও খুব ছোট আকারের কিছু লেখার কাজ চলছে। বিলিভার: আপনি বলছেন যে আপনার পাঠকজীবনের শুরু থেকেই নিজের ওপর বেকেটের গভীর প্রভাব রয়েছে।ডেভিস: বেকেট আমি যখন পড়ি তখন আমার বয়স বিশের প্রথম ভাগে। তখন আমি লেখালেখির অনুশীলন করছি মাত্র, তখন থেকেই নিবিড়ভাবে লক্ষ করতে থাকি, বেকেট কী করে বাক্যগুলোকে একত্র করেন। তাঁর প্রিয় বাক্যগুলো আমি লিখে রাখতে থাকি। তাঁর অলংকারবিহীন অ্যাংলো-স্যাক্সন শব্দভান্ডার, তাঁর বুদ্ধিমত্তা, আমার নিজের বুদ্ধিমত্তাকে তাঁর চ্যালেঞ্জ করার ক্ষমতা, ভারী ধরনের কোনো বার্তাকে রসবোধ দিয়ে লঘু করে দেওয়া; আর তাঁর ভাষার আত্মসচেতনতা—এসবই ভালো লাগে আমার। বিলিভার: আমার কলেজের এক শিক্ষক মার্সেল প্রুস্তের ওপরে লেখা বেকেটের একটি লেখা তাবিজের মতো করে নিয়ে ঘুরতেন। আপনার জন্য প্রুস্ত ও বেকেট একজোড় কিছু?ডেভিস: প্রুস্ত আমি অপেক্ষাকৃত দেরিতে পড়ি। তবে যেভাবে বেকেট পড়েছি, সেভাবে তাঁকে পড়া হয়নি। আমার ধারণা, ইদানীং প্রুস্ত অনুবাদ করে যে আনন্দ আমি পাচ্ছি তার একটি কারণ হলো, আমাকে এমন এক শৈলীতে লিখতে হচ্ছে যা আমার নিজের শৈলী নয়, কোনো দিন তা হতোও না। কিন্তু সেটা একটু চেষ্টা করে দেখতে আমার চমৎকারই লাগছে। বিলিভার: প্রুস্ত ও বেকেটের সঙ্গে আপনার নিজের কাজের যোগসূত্র ঘটানো নিয়ে কোনো গূঢ় পরিকল্পনা আছে?ডেভিস: আমার ধারণা, লেখালেখি নিয়ে খুব কম লেখকেরই গূঢ় পরিকল্পনা থাকে—অন্তত কেউ যখন প্রথম লেখালেখি শুরু করে তখন ও রকম কোনো পরিকল্পনার সূচনা হওয়া অস্বাভাবিক। যা-ই বলি না কেন, মনে হয় আমার লেখালেখির প্রতিটি পর্বে আমি পৌঁছাই ধাপে ধাপে। ঘটনা ঘটার পর আপনি তাতে হয়তো একটা ছাঁচ বা নকশা খুঁজে পাবেন, কিন্তু আসলে যা ঘটে, মানে কোনো মানুষের বিকাশ, তা যদিও এক অর্থে যৌক্তিক কিংবা অনিবার্য, অন্য অর্থে তা বড়ই গোলমেলে। বিলিভার: ছোটগল্প আর গল্পের মধ্যে আপনি যে পার্থক্য টানেন, তার সঙ্গে আমিও একমত—অর্থাৎ ‘ছোট’ শব্দটি বাদ দিলে ‘গল্প’ শব্দটি সাহিত্যের অন্য আরও কিছু বিচিত্র রূপের প্রতিনিধিত্ব করতে পারে। আপনি রাসেল এডসনের গদ্য কবিতাকে (যাকে তিনি বলেন উপকথা-‘ফেবল’) ‘গল্প’ নামে ডাকতেই পছন্দ করেন। ডেভিস: এডসন তাঁর বইয়ের মলাটে ওগুলোকে ‘কবিতা’ নামে ডাকছেন, তাই ওটি ছিল আমার প্রতিক্রিয়া। আমি ওদের উপকথা বলতে রাজি। কিন্তু উপকথা বললে সাধারণত নীতিকথা মাথায় আসে, আর আমার ধারণা তাঁর লেখাগুলো চমৎকারভাবে নীতিবাক্যমুক্ত। আমার কাছে ওগুলো গল্প, কারণ ওরা কাহিনিবৃত্তান্তে ভরা। আমার ধারণা, জোরটা ভাষার চাইতে কাহিনিবর্ণনায় বেশি। এই জোর যখন ভাষার ওপর গিয়ে পড়বে, সম্ভবত তখনই কোনো লেখা প্রবেশ করবে কবিতার রাজ্যে।বিলিভার: আপনার কি মনে হয় কবিতার চেয়ে গল্পের জায়গাটা বেশ জোরালোভাবে বড়? ডেভিস: হ্যাঁ, আমি তা-ই মনে করি। সাহিত্যের বিভাগ হিসেবে গল্প বেশি স্থিতিস্থাপক। তবে আমাদের হাতে সাহিত্যের পরিচিত বিভাগের সংখ্যাই অনেক কম। তাই আমরা ‘কবিতা’ ও ‘গল্প’—এ দুই ভাগেরই কোনো একটিতে ঢোকাতে চাই এডসন, কাফকা, পিটার অলেটনবার্গ, রবার্ট ভালসার, আরি মিশো, নিওঁ-পল ফার্গ...এঁদের লেখা।বিলিভার: অলস সমালোচকেরা ঘোষণা দিয়েছেন, আপনার কোনো কোনো গল্পকে তাঁরা গল্প বলতে রাজি নন। কারণ, ওগুলো তাঁদের অন্যখানে পড়া গল্পের সঙ্গে মেলে না। আমি সব সময়ই গল্পের একটি ইতিবাচক সংজ্ঞা খুঁজে ফিরি। আপনি কী করে বোঝেন যে কোনো গল্প একটি গল্প? ডেভিস: সংজ্ঞা দেওয়াটা কঠিন। কিন্তু সহজ করে বলা যায়, কোনো গল্পের মধ্যে সামান্য হলেও কাহিনিবর্ণনা থাকতে হবে, তা যদি স্রেফ ‘মেয়েটি বলল’ হয়, তা-ও। আর তাতে থাকতে হবে ভিন্ন সময় ও স্থানের যথেষ্ট এক সৃজন, যাতে পাঠকও সেই ভুবনে ঢুকে যেতে পারে। কিন্তু এর মানে এমন নয় যে গল্প হলো কাহিনি-কবিতা। গল্প কবিতার চেয়ে অনেক বেশি সোজাসুজি, সমতল, ছন্দের দিক থেকে কবিতা থেকে আলাদা। বিলিভার: আপনি তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন রাখঢাক করেন না। এই যেমন আপনার অনুবাদক জীবন, বিশ্ববিদ্যালয় শিক্ষক জীবন, বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করা, দুই পুত্রসন্তান, সংগীত নিয়ে পড়াশোনা, বই লেখা ইত্যাদি। আপনাকে নিশ্চয়ই এই প্রশ্ন আগেও করা হয়েছে, তবু লিডিয়া ডেভিস নামের ব্যক্তিমানুষ ও লিডিয়া ডেভিসের এই চরিত্রগুলোর মধ্যে আপাতসাদৃশ্য বিষয়ে কিছু বলবেন কি?ডেভিস: অস্ট্রিয়ান পিটার অলটেনবার্গের দিকেই আবার তাকাব আমি—তাঁর অনেক ছোটগল্প তাঁর নিজেকে নিয়ে লেখা কিংবা তাঁর চরিত্রের সঙ্গে প্রায় মেলে এমন কাউকে নিয়ে লেখা। তার পরও আমার সবচেয়ে ভালো লাগে ওই লেখাগুলোই—তাদের ভেতরকার সংহতি, তাদের সম্পূর্ণ ও স্বাধীন এক সত্তা থাকার ব্যাপারটি। শেষমেশ গিয়ে আমার কিন্তু খুব একটা জানার আগ্রহ থাকে না যে ওরা কোথা থেকে এসেছে, কীভাবে ওদের সৃষ্টি হলো, প্রধান চরিত্রটি কি অলটেনবার্গ নিজে নাকি অন্য কেউ—এসব। এটা দেখা খুবই মজার বিষয় যে অলটেনবার্গ কীভাবে তাঁর নিজের জীবন থেকেই ছোট ছোট খণ্ড বেছে নিয়েছেন। হ্যাঁ, ব্যাপারটি বেছে নেওয়াই বলতে হবে—যেন তিনি ও রকম এক শক্তিশালী ও সম্পূর্ণ, কৌতুকময় ও বেদনাদায়ক পৃথিবী নির্মাণ করতে পারেন। এই ছোট ছোট কাজের মধ্যে ততটিই চারিত্রিক অখণ্ডতা ও আগ্রহোদ্দীপক ব্যাপার রয়েছে, যতটি রয়েছে রাসেল এডসনের কাজে; পাঠক হিসেবে আশা করব যে ওরা, ওদের বেশির ভাগই আত্মজীবনীমূলক নয়। মানে আবেগের দিক থেকে ছাড়া। তার পরও জীবন থেকে ‘বাছাই করে নেওয়ার’ ব্যাপারটিতে ফিরে যাওয়া গুরুত্বপূর্ণ। আমার কোনো এক গল্পের কোনো এক চরিত্র আমার নিজের সঙ্গে কোনো এক বিচারে মিলে যেতেই পারে। মানে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বেছে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ বিচারে সে আলাদা কোনো কিছুই, সে আলাদা এক সৃষ্টি।অনুবাদ: মাসরুর আরেফিন