সিআরএসির আর্ট ক্যাম্প
সেন্টার ফর রিসার্চ অন আর্ট অ্যান্ড কালচার (সিআরএসি) আয়োজিত আন্তর্জাতিক আর্ট ক্যাম্প ২০১০ অনুষ্ঠিত হয়ে গেল কুষ্টিয়ায়। ২০০৭-এ এই ক্যাম্পের যাত্রা শুরু। ২০০৯ থেকে আন্তর্জাতিক পরিসরে আয়োজিত হয়ে আসছে এই ক্যাম্প। দেশ-বিদেশের প্রতিভাবান, তরুণ ও উদ্যমী প্রায় ২৯ জন শিল্পী, গবেষক, আলোকচিত্রী, কবি, থিয়েটার কর্মী, চলচ্চিত্র নির্মাতাসহ শিল্পের নানান শাখার অনেকেই অংশ নেন ক্যাম্পে। এ ছাড়া স্থানীয় শিশু ও বিভিন্ন ক্ষুদ্র ধর্মীয় সম্প্রদায়ের সাধকেরাও যুক্ত ছিলেন ক্যাম্পের নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে।ঢাকা-কুষ্টিয়া সড়কসংলগ্ন স্মরণ হ্যাচারির বিশাল পুকুর, পুকুরসংলগ্ন বিস্তীর্ণ খেত এবং চারপাশের গাছপালা—সবই ছিল শিল্পীদের কাজের ক্ষেত্রভূমি। স্থানীয় সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের সৃজনশীল মননের সমন্বয় ঘটিয়ে সৃষ্টি করেন নানা ধরনের শিল্পকর্ম।সহজলভ্য উপকরণ ও ক্যাম্পের বিভিন্ন স্পেস ব্যবহার করে শিল্পীরা তৈরি করেন অনেক আর্ট ইনস্টলেশন। তানজিনা খানম ‘আপনা মাংসে হরিণা বৈরী’ শিরোনামের ইনস্টলেশন আর্টে ঝুলন্ত ঊর্ধ্বগামী সিঁড়ির মাধ্যমে পুঁজিবাদী বিশ্বে নারীদের পণ্যায়ন, মানবিক মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি হাজির করেন। শিল্পী আবদুস সালাম ‘শূন্যের মাজার’ শিরোনামে শিল্পকর্মে অধ্যাত্মবাদের চর্চায় রাজনৈতিক আগ্রাসনের রূপক হাজির করেন পুকুরের মাঝখানে খুঁটি গেড়ে রঙিন কাগজের ঝালর দিয়ে ঘরের আদল তৈরি করে। অন্য ইনস্টলেশনগুলোর মধ্যে ছিল পলাশ চৌধুরী ও অনন্ত কুমার দাসের ‘স্ব-শরিক’, সঞ্জয় চৌধুরীর ‘স্মৃতি ও সংস্কৃতি’ এবং ‘প্রকৃতি আর আমি’, অসীম হালদারের ‘বিলুপ্ত প্রজাতি’, ‘আরবান সিটি’ এবং ‘স্যাক্রিফাইসিং মাইসেলফ’, পলাশ ভট্টাচার্যের ‘পাখির জন্যই’, সুমনা আক্তারের ‘সম্পর্ক’, ওয়াহিদ-উজ-জামানের ‘কথোপকথন’, মানস আচার্য্য ও সৈয়দ তৌফিক রিয়াজের ‘আমার লালন’, সায়েম হোসেনের ‘একটি তুচ্ছ চিন্তার পরিণতি এবং অতঃপর’, আসিফ-উজ-জামানের ‘আশ্রয়’ ও শেখ সাব্বিরের ‘অদৃশ্য’।পারফর্মিং আর্টের মাধ্যমে চেতন ও মননের বাস্তবিক প্রকাশ ঘটান পারফর্মিং আর্টিস্টরা। অন্ধকারে জলের ওপর মোমবাতির আলোকচ্ছটার মধ্যে স্বপ্নের মাধুর্য, ধূপধুনোয় রহস্যময়তা, নৌকা-মাঝি, সফেদ মানুষে আত্মার রূপক তৈরি করে পারফর্মার রাহুল আনন্দ তাঁর স্বর্গীয় বাবার উদ্দেশে ‘ক্যান্ডল ইন দ্য উইন্ড-টু ডিয়ার ফাদার’ শিরোনামের শিল্পাঞ্জলি নিবেদন করেন। এ ছাড়া শিল্পী আবু নাসের, অসীম হালদার, সন্দীপ সমাদ্দার, সুমনা আকতারসহ অনেকেই পারফর্মিং আর্টের মাধ্যমে নিজেদের চিন্তা ও কাজের প্রকাশ ঘটান।সাউন্ড আর্টে শব্দের দ্যোতনা, সুরের মূর্ছনা ইত্যাদি ব্যবহার করে শব্দশিল্পী কনক আদিত্য তৈরি করেন মিউজিক্যাল ট্রাক ‘একবার আপনারে চিনতে পারলে রে’। ভিডিও আর্টসে উল্লেখযোগ্য কাজ অসীম হালদারের ‘পারাপার’ আর রাহুল আনন্দের ‘অ্যাবিউজ’, ‘ইনভিজিবল লাইন’, ‘ইনার আই’ ইত্যাদি। আয়োজনটি ছিল ২৫ ডিসেম্বর ২০১০ থেকে ১ জানুয়ারি ২০১১ পর্যন্ত। শিল্পকর্মগুলো ১ জানুয়ারি দুপুরের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।