সিনিয়র জিওবানির লিৎসি পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাদুঘরের কামরায় দর্শক
জাদুঘরের কামরায় দর্শক

সপ্তাহ তিনেক হলো আমি নিকারাগুয়ার লেওন শহরের একটি গেস্টহাউসে বাস করছি। গেস্টহাউসের এক ইভনিং পার্টিতে আমার সঙ্গে মোলাকাত হয়েছে সিনিয়র ডিগমারের। সিনিয়র অল্পবিস্তর কবিতা লেখেন, সিগার ফোঁকেন প্রচুর এবং অবসরে পাহাড়ি ছড়ার জলে প্যানিং করে সংগ্রহ করেন স্বর্ণ। তিনিই যোগাযোগ করিয়ে দিয়েছেন সিনিয়র জিওবানির সঙ্গে। আমাদের মধ্যে জানপহেচান বন্ধুত্ব গড়ে উঠতে দেরি হয়নি এতটুকু। আজ তাঁদের সঙ্গে মিলেঝুলে আমি মেলা দিয়েছি লেওন শহরের আর্ট মিউজিয়ামের দিকে।

গেস্টহাউস থেকে বেরিয়ে স্ট্রিট কর্নারে এসে দাঁড়াতেই মিনিট তিনেকের ভেতর দেখা মেলে সিনিয়র জিওবানির ভক্সওয়াগন ভ্যানের। গাড়িখানা ঝুরঝুরে ও রংচটা। আমি উঠে পড়তেই ‘ওলা, বুয়েনাস দিয়াস’ বা ‘হ্যালো, গুডমর্নিং’, বলে গাড়ি ছোটান জিওবানি। সামনের সিটে পাশে বসে সিগার ফোঁকেন চিন্তামগ্ন সিনিয়র ডিগমার। গাড়ির টেপে খুব মৃদুস্বরে বাজছে ইউরোপিয়ান ক্ল্যাসিক্যাল মিউজিক। সুরটি চেনা লাগে, কিন্তু বেজায় নিচু ভলিউমের কারণে ঠিক ধরতে পারি না কী বাজছে। ডিগমারের মতো জিওবানিও নৃতাত্ত্বিক পরিচয়ে নিকারাগুয়েনসে, তবে অভিবাসী হয়ে স্থায়ীভাবে বাস করেন ফ্লোরিডার সুইট ওয়াটারে। আর্ট-ক্রিটিক হিসেবে তাঁর অল্পবিস্তর সুনাম আছে। গ্রীষ্মে ফি বছর ফিরে আসেন স্বদেশে, মাস দুয়েক কাটান লেওনে, কেনেন বেশ কিছু চিত্রকর্ম এবং এসব প্যাক করে নিয়ে ফিরে যান যুক্তরাষ্ট্রে, ওখানে পেইনটিংগুলো বিক্রি করেন আর্ট ডিলারদের কাছে।

দুই চীনা তরুণী ফ্যাং ফাবিয়েনে ও চেং ইং
দুই চীনা তরুণী ফ্যাং ফাবিয়েনে ও চেং ইং

ট্রাফিকের কারণে গাড়ি স্লো হলে জিওবানি টেপে বাজানো মিউজিকের সাউন্ড বাড়িয়ে দেন। ভ্যানের ভেতর ভরপুর হয়ে ওঠে ভিভালডির ‘ফোর সিজনস’ নামের সংগীতের সম্মোহনী মূর্ছনায়। ভোরের আলোয় সতেজ পত্রপল্লবের মতো এ বাদনে চাঙা হয়ে ওঠে আমার মন। আমি আলাপ জমানোর জন্য বলি, ‘সিনিয়র, দিস ইজ রিয়েলি আ কুল মিউজিক, ভিভালডির ফোর সিজনসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানেন কি?’ স্টিয়ারিং হুইল সামলাতে সামলাতে তিনি বলেন, ‘নট আ হোল লট। ১৭২৩ সালের দিকে আন্তোনিও ভিভালডি চার ঋতুর বন্দনা করে কম্পোজ করেন ফোর সিজনস। মার্ক রিচি নামে ইতালির এক চিত্রকরের চমৎকার একটি ল্যান্ডস্কেপ পেইনটিং দেখে এ মিউজিক্যাল কম্পোজিশনের ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। ফোর সিজনসের প্রিমাভেরা বা বসন্তের বন্দনা অংশটি ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের খুব প্রিয় ছিল।’

শিল্পসংক্রান্ত হরেক শাস্ত্রে সিনিয়র জিওভানি তথ্যের এক চলমান আকরবিশেষ। হাবেভাবে তাঁকে বিমার ব্যর্থ দালালের মতো দেখায়, তবে আদতে চুপচাপ প্রকৃতির মানুষ। পয়সা ওড়ান অকাতরে এবং পান করেন মশগুল হয়ে। সংসারে তাঁর স্ত্রী-পুত্র কেউ আছে কি না, আমি ঠিক অবগত নই। পার্টিতে তাঁকে আমি পানীয়ের পাত্র হাতে গেস্টহাউসের বাগিচায় পায়চারি করতে করতে নিজের সঙ্গে একা একা কথা বলতে দেখেছি।

আর্ট মিউজিয়ামের চত্বরে এসে পড়তেই তার আঙিনার শ্যামল গাছপালার দিকে তাকিয়ে রিলিফ বোধ করি আমি। আন্দালুসিয়ার মুর স্থাপত্যকলার রীতিতে তৈরি ভবনটির নাম ‘কাসা ডন নরবেরতো রমিরেজ’। জানতে আগ্রহ হয়, ডন নরবেরতো রমিরেজ নামের মানুষটির পেশা কী ছিল? ভাবি, সিনিয়র জিওবানিকে জিজ্ঞেস করে জেনে নেব। দেখি, আমাদের কাছ থেকে বিদায় না নিয়ে তিনি একাকী হেঁটে যাচ্ছেন আঙিনার ঝোপঝাড়ের ভেতর দিয়ে।

সিনিয়র জিওবানি ও লিৎসি
সিনিয়র জিওবানি ও লিৎসি

জাদুঘরের খোলা বারান্দায় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা চীনা দুই পর্যটক নারীর সঙ্গে দেখা হতেই সিনিয়র ডিগমার এক্সাইটেড হয়ে ওঠেন। মেয়ে দুটি বাস করে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। দ্বিতীয় প্রজন্মের চীনা অভিবাসীদের সন্তান এরা। ডিগমার তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। বনঘুঘুর মতো বিধুর চোখের তরুণীর নাম ফ্যাং ফাবিয়েনে। সে ব্রিটিশ কলম্বিয়ার একটি ইউনিভার্সিটিতে ফাইন আর্টসে মাস্টার্স করছে। লেওনের এ আর্ট মিউজিয়ামে এসেছে পাবলো পিকাসো, মার্ক শ্যাগাল ও মিরোর চিত্রকলা সম্পর্কে তার ক্লাস প্রজেক্টের জন্য তথ্য জোগাড় করতে। ফ্যাং ফাবিয়েনের বান্ধবীর নাম চেং ইং। মেয়েটি হাসিখুশি প্রকৃতির। কথা বললে তার কপালে এসে পড়ে বাঁকানো একগুচ্ছ কালো চুল। তার আগ্রহ অপরিশোধিত স্বর্ণে। কথাবার্তায় জানতে পারি, ব্রিটিশ কলম্বিয়ায় বাসরত চীনা অভিবাসীরা প্যানিং পদ্ধতিতে উত্তোলিত নিখাদ স্বর্ণ সংগ্রহ করে কনফুসীয় ধারার কোনো এক রিলিজিয়াস রিচুয়ালে ব্যবহারের জন্য। চেং ইং তার কাকিমার জন্য কিছু অপরিশোধিত স্বর্ণ খরিদ করতে চাচ্ছে সিনিয়র ডিগমারের কাছ থেকে। তিনিও নিক্তিটিক্তি নিয়ে এসেছেন। তাঁকে সঙ্গোপণে বণিকবৃত্তির সুযোগ দিতে হয়। তাই আমি এদের কাছ থেকে বিদায় নিয়ে জাদুঘরে ঢোকার ইরাদায় কাউন্টার থেকে কিনি টিকিট।

চলে আসি চারদিকে খোলা বারান্দাঘেরা বর্গক্ষেত্রের আকৃতির একটি আঙিনায়। ওখানে জলজ গুল্মে সবুজ একটি চৌবাচ্চার পাশে দাঁড়িয়ে জোড়া ব্যাঙের আধডোবা হয়ে সাঁতার কাটা দেখি আমি। জায়গাটি ঘাস ও তরুলতায় নিবিড় হয়ে একধরনের সিগ্ধ প্রশান্তি ছড়াচ্ছে। বারান্দার দেয়ালে ঝুলছে প্রাক্-কলম্বাস যুগের কিছু চিত্রকলা ও হাতিয়ারপত্র। এসব দেখতে দেখতে চলে আসি দর্শকে ভরপুর একটি কামরায়। এ কক্ষের দেয়ালে ঝুলন্ত বড় বড় চিত্রে, রং ও রেখার কারিকুরিতে বর্ণিত হয়েছে রেনেসাঁ যুগের প্রগাঢ় বাস্তববাদ। আরেকটি বারান্দা অতিক্রম করে অতঃপর ঢুকে পড়ি দরজা-জানালায় লোহার শিক বসানো ছোট্ট একটি কামরায়। আমার ঠিক চোখের সামনে ঝুলছে ফরাসি কবিতার একটি ক্যালিগ্রাম। কবিতার শব্দগুলো কবি গিওম আপলেনিয়র এমনভাবে সাজিয়েছেন যে তা দেখাচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারের মতো। প্রথম মহাযুদ্ধে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় আপলেনিয়রের। এ কবির প্রতি আমার আলাদা একধরনের অনুরাগ আছে। ক্যামেরা বের করে ক্যালিগ্রাম করা চিত্রের একটি ছবি তুলে নিই আমি। আগেকার আমলের বরকন্দাজদের মতো দেখতে এক চৌকিদার আমার দিকে তেড়ে এসে ‘নো পোয়েডে তমার ফতোগ্রাফিয়াস সিনিয়র—ছবি তোলা নিষেধ’ বলে আমার হাত থেকে ছিনিয়ে নেয় ক্যামেরা। পরিষ্কার ইংরেজিতে জানায়, ‘দিস ইজ আবসলিউটলি আন-অ্যাপ্রোপ্রিয়েট।’ ক্যামেরা হারিয়ে ঢালহীন নিধিরামের মতো কামরাটিতে ঘুরপাক করি আরও কিছুক্ষণ। দেয়ালে ঝুলছে পিকাসোর পাশাপাশি তিনটি অরিজিনাল কাজ। মাতিসেরও একটি স্কেচ চোখে পড়ে।

কাউন্টার থেকে ক্যামেরা ফেরত নিয়ে বেরিয়ে আসার সময় দেখি চৌবাচ্চার পাশে দাঁড়িয়ে চীনা মেয়ে দুটির সঙ্গে টুকটাক কথাবার্তা সেরে নিচ্ছেন সিনিয়র ডিগমার। তাদের অপরিশোধিত সোনা কেনাবেচার কাজ শেষ হয়েছে। ফাইন আর্টস নিয়ে পড়া ঘুঘুচোখা মেয়েটি এ জাদুঘরের আর্ট কালেকশনের উচ্ছল প্রশংসা করে জানায়, এখানে সে রেনেসাঁ যুগের মশহুর অঙ্কনশিল্পী রোবেন্সেরও একটি চিত্রের সন্ধান পেয়েছে। আমি জানতে চাই, সে চিত্রগুলোর ছবি তুলতে কি সক্ষম হয়েছ? ফিক করে ফিচেল হেসে ‘ও ইয়েস, অবকোর্স, আই ম্যানেজ টু টেক আ ফিউ পিকচারস’ বলে পার্স থেকে বের করে আমাকে বেজায় বড় একটি ম্যাগনেফায়িং গ্লাস দেখায় মেয়েটি। গ্লাসটিতে লাগানো আছে চোরা স্পাই ক্যামেরা। আতশি কাচ দিয়ে খুঁটিয়ে চিত্রগুলোর ডিটেলস দেখার সময় তার স্পাই ক্যামেরায় অটোমেটিক্যালি ওঠে যায় কয়েকটি ছবি।

তাদের কাছ থেকে বিদায় নিই আমি। চিত্র ঝোলানো প্রশস্ত বারান্দা ধরে হাঁটতে হাঁটতে চীনা মেয়েটির স্মার্টনেসের সঙ্গে তুলনা করে নিজেকে বোকা চাঁদের মতো বুড়বক মনে হয়।

চলে আসি জাদুঘরের পেছন দিকে একগুচ্ছ শেড ট্রির ছত্রচ্ছায়ায় সমাচ্ছন্ন একটি পানশালায়। এক বৃক্ষের গোড়া ঘিরে কাঠের বার কাউন্টার। ওখান থেকে ড্রিংকস নিয়ে পর্যটকেরা ‘নিকা গার্লস’ বা নিকারাগুয়েনসে নারীদের সঙ্গে জোড়ায় জোড়ায় বসছে বাগানে পাতা চেয়ারে। ঝোপের আবডালে হ্যামোকে শুয়ে-বসে নারীবন্ধুদের সঙ্গে শরীরী অন্তরঙ্গতায় লিপ্ত হয়েছে শিল্পী গোছের কয়েকটি তরুণ। ওখানে আমি সিনিয়র জিওবানিকে চেয়ারে রিলাক্সভাবে বসে কিউট চেহারার এক নিকা গার্লের সঙ্গে খুনসুটি করতে দেখি। তো, একটু দূরে ড্রিংকস নিয়ে অন্য একটি চেয়ারে বসি আমি। সিনিয়র মেয়েটির কবজিতে একটি রিস্টব্যান্ড পরিয়ে দিয়ে তার গণ্ডদেশ চেপে দিলে সে তাঁকে উদারভাবে চুমু খায়। তারপর উঠে খানিক দূরের গাছতলায় দাঁড়িয়ে কাকে যেন টেক্সট করে। তখনই খেয়াল করি, একা হাওয়ামাত্রই জিওবানি বিড়বিড় করে কথা বলছেন নিজের সঙ্গে। কাকে যেন হাতের ইশারায় গুরুত্বপূর্ণ কিছু বলতে গিয়ে আমার দিকে চোখ পড়তেই চলে আসেন আমার কাছে। চেয়ার টেনে বসতে বসতে খোশ মেজাজে বলেন, ‘নোটা, লাস চিকাস সন মুই বনিতাস আকি’ বা ‘তুমি খেয়াল করেছ কি, মেয়েরা কিন্তু এখানে খুবই রূপসী।’ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হলে তিনি ইংরেজিতে ফিসফিসিয়ে বলেন, ‘দে আর ভেরি লোনলি অ্যাজওয়েল।’ বলে হ্যাট খুলে তালু চুলকে এমনভাবে আমার দিকে তাকান যে মনে হয়, নিঃসঙ্গ যুবতীদের সঙ্গ দেওয়া সিনিয়র জিওবানি নিজের কর্তব্য বিবেচনা করছেন। আমি ঘাড় ফিরিয়ে দেখি, একটু আগে তাঁর কাছে বসা মেয়েটি টেক্সট সেরে বার কাউন্টারের দিকে হেঁটে যেতে যেতে আমাদের দিকে তাকিয়ে কী যেন এক নীরব সম্মতিতে মৃদু মৃদু হাসছে।

সিনিয়র জিওবানি তাকে ইগনোর করে জানতে চান, জাদুঘরে আমার ঘুরে বেড়ানো কেমন হলো। তবে প্রশ্নের উত্তর নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই, বরং বার কাউন্টারের দিকে তাকিয়ে তৃষিত চোখে কী যেন খোঁজেন সিনিয়র। মেয়েটি ওখানে বসে সেলফোনের স্ক্রিনে কিছু একটা দেখছে। সিনিয়র তাঁর মাথা নামিয়ে করতল দিয়ে চোখ আড়াল করে নিজেকে যেন নীরব উচ্চারণে ঠোঁট নাড়িয়ে কিছু বলেন। তারপর মুখ তুলে আমার কাছে জানতে চান, ‘জাদুঘরের কোনো আর্ট অবজেক্ট তোমার মনে ধরেছে কি?’ আমি গিওম আপলেনিয়রের কবিতার শব্দগুচ্ছে তৈরি আইফেল টাওয়ারের ক্যালিগ্রামের উল্লেখ করে জানতে চাই, ‘সিনিয়র, ডু ইউ নো মাচ অ্যাবাউট হিজ ক্যালিগ্রাম?’ তিনি মাথা ঝাঁকিয়ে বলেন, ‘নট রিয়েলি, নট আ হোল লট। তবে আমি তাঁর শব্দ দিয়ে নকশার মতো আঁকা পাখি, চশমা ও ছাতার চিত্র কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। মেক্সিকো সিটির এক আর্ট এক্সজিবিশনে একবার তাঁর নকশা করা কুকুর, নারী ও বিড়ালের চিত্র দেখেছিলাম।’ তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে শূন্যতায় নীরবে ঠোঁট নাড়িয়ে অদৃশ্য কাউকে যেন কিছু বলেন। তখনই মেয়েটি ফিরে আসে মারগারিতার গোলাকার পানপাত্র হাতে নিয়ে।

গড়পড়তা নিকা গার্লস বা নিকারাগুয়েনসে মেয়েদের তুলনায় সে ইংরেজি বলে ভালোই। চেয়ার টেনে বসে সে নিজেকে ইনট্রোডিউস করে ‘হাই, আই অ্যাম লিৎসি’ বলে। ‘গ্ল্যাড টু মিট ইউ’ বলে আমি জানতে চাই, ‘আর ইউ আ কলেজ গার্ল, লিৎসি?’ ‘ইয়েস আই অ্যাম’ বলে মেয়েটি জানায়, ইংরেজি ভাষাটা রপ্ত করতে চাচ্ছে সে, প্রতিদিন প্র্যাকটিস করা দরকার, তাই ইংলিশ স্পিকিং পর্যটকের দেখা পেলে সে যেচে একটু কথাবার্তা বলতে চায়। আমি জানতে চাই, ‘তুমি কি বিশেষ কোনো প্রসঙ্গে আলাপ করতে চাও?’ চোখমুখ থেকে প্রসন্নতা ঝরিয়ে সে জবাব দেয়, ‘নট রিয়েলি, বাট আই হোপ ইউ ডোন্ট মাইন্ড ইফ আই চ্যাট আ বিট?’ না, একটু গল্পগুজব করতে চাইলে আমি মাইন্ড করতে যাব কেন? আমি বরং তাকে উৎসাহিত করে বলি, ‘নো প্রবলেম, লিৎসি, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে, আর ইউ আ মডেল বাই অ্যানি চান্স? চিত্রশিল্পীদের সঙ্গে কি তুমি কাজ করো?’ সে উঠে দাঁড়িয়ে কোমর বাঁকা করে থুতনিতে অনামিকা ছুঁয়ে বলে, ‘চাইলে আমি মডেল হতে পারতাম, কিন্তু চাই না।’ ‘হোয়াই নট, লিৎসি?’ বলে আমি কৌতূহল প্রকাশ করলে কপট লজ্জার অভিব্যক্তি ফুটিয়ে এসপানিওল ভাষায় মেয়েটি বলে, ‘নো মে গুসতা কে সে ডেসনুডা’ বা ‘চিত্রশিল্পীর সামনে ন্যুড হাওয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না।’ ঠোঁট স্ফুরিত করে আবার সে বলে, ‘সয় উনা ভিরহেন মুই তিমিদা—আমি খুবই লাজুক প্রকৃতির ভার্জিন মেয়ে।’ তার এ মন্তব্যে হেসে ওঠি আমরা। সিনিয়র জিওবানিও উচ্ছল হয়ে তার হাত থেকে মারগারিতার পাত্র নিয়ে তাতে চুমুক দিয়ে গ্লাসের রিমে লেগে থাকা লবণ চেটে লিৎসির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলেন। মেয়েটি চটুল হাতে তার হ্যাট খুলে নিয়ে সিনিয়রের তালুতে চাটি মেরে বলে, ‘অল আই অ্যাম লুকিং ফর ইজ আ চ্যাট উইথ আ ইংলিশ স্পিকিং পারসন, আই নিড টু আপগ্রেড মাই অ্যাবিলিটি টু টক ইন ইংলিশ’ বলে সে অপ্রত্যাশিতভাবে জিওবানিকে কাছে টেনে নিয়ে চুমু খায়।

আমি সম্ভবত মৃগেল মাছের মতো হাঁ করে লিৎসির দিকে তাকিয়ে ছিলাম, তাই সে আমার দিকে ফিরে বলে, ‘হোপ ইউ ডোন্ট মাই মি হ্যাংগিং আউট উইথ ইউ গাইজ—ভাষাটা আমার শেখা খুব জরুরি, আমি টোফেল পরীক্ষায় বসতে যাচ্ছি।’ আমি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না। তবে মনে মনে ভাবি, ভাষা শেখার জন্য কথাবার্তা বললেই তো হয়, এ ক্ষেত্রে মাঝবয়সী এক বেগানা পুরুষকে চুমু খাওয়াটা দরকারি কি?

চীনা মেয়ে দুটিকে গুডবাই বলে সিনিয়র ডিগমার পানশালায় চলে এসে আমাদের দিকে চেয়ে খোশ মেজাজে হাত নাড়েন। তাঁর মুড থেকে চিন্তামগ্ন মেঘ কেটে গিয়ে কিছু একটা সেলিব্রেশনের রোদ উঠেছে। বুঝতে পারি, অপরিশোধিত সোনার বিক্রিবাটা ভালোই হয়েছে তাঁর। আমাকে উঠে পড়ার জন্য তাড়া লাগান তিনি। আমি সিনিয়র জিওবানি ও লিৎসিকে ‘আদিওস বা গুডবাই’ বলে উঠতে গেলে দেখি, পত্রিকা দিয়ে মুখ আড়াল করে জিওবানি নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে কিছু বলছেন। একটি কৌতূহল আমার করোটিতে রহস্য ছড়ায়, জানতে আগ্রহ হয়, একাকী কার সঙ্গে ফিসফিসিয়ে কথা বলেন সিনিয়র?