সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্মগেটের ওভারব্রিজের ওপর আমি যখন এসে দাঁড়াই, তখন ঢাকায় সূর্য ডুবছে। আকাশ রং পাল্টাচ্ছে প্রতি সেকেন্ডে। আমি কিছুক্ষণ আনন্দ সিনেমা হলের পাশে লাগানো দৈত্য আকৃতির পর্দায় বিজ্ঞাপন দেখি। বিন্দু বিন্দু হয়ে মানুষের চেহারা-ছবি ভেসে ওঠে পর্দাটায়। এরপর আমার চোখ যায় আনন্দের বড় ব্যানারে। শিল্পতৃষ্ণা না, আমার মধ্যে কামবোধ জাগে। একটা বাংলা সিনেমা দেখলে কেমন হয়?ওভারব্রিজ থেকে আমি নিচে নেমে আসি। এই এলাকায় আমার বেশ কিছু পরিচিত মানুষ মেস করে থাকে। বিকেলের দিকে এর আগেও তাদের সঙ্গে বেশ কবার সাক্ষাৎ হয়েছে আমার। তাদের কাউকে দেখতে দেওয়া যাবে না, বাংলা সিনেমা দেখতে আমি আনন্দে ঢুকছি। ফলে আমি আনন্দকে পাশে রেখে পাঁয়চারি করতে থাকি। বাদাম কিনে খাই। ফুটপাতে স্যান্ডো গেঞ্জি দাম করি। তারপর হঠাৎ টপ করে ঢুকে পড়ি আনন্দের বারান্দায়।সিনেমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটা অচেনা শহরের রাস্তা ধরে হুডখোলা জিপে স্টেনগান নিয়ে বিচিত্র পোশাকের কিছু মানুষ ছুটে যাচ্ছে। আবহসংগীত শুনে বুঝতে পারি, নায়ক কিংবা নায়িকার পুলিশ অফিসার বাবার জীবনসংকট আসন্ন। বাদাম খেতে খেতে আমি স্যান্ডেল খুলে সিটে পা তুলে বসি। আমার সিট ফার্স্ট ক্লাসের পেছনের দিকে। লোকজন ভালোই আছে এখানে। আশপাশে ছোপ ছোপ অন্ধকার। হঠাৎ হঠাৎ পর্দার আলো এসে পড়লে দু-একটা মুখ ভেসে ওঠে। চোখগুলোতে আগ্রহ। আমার বাঁ দিকের সারির শেষ মাথায় দুজন লুঙ্গি পরা লোক বসা। তারা ভীষণ উত্তেজিত। একটু পর পর তারা ‘ধর, ধর হালারে’ বলে চিত্কার করছে। এ রকম সময়ে পর্দা কাঁপিয়ে নাচগান শুরু হয়ে যায়। আমি নাচগানে মনোযোগ দিই। একটু পর নাচ থেমে যেতেই নায়িকার মা কাঁদতে শুরু করেন। আমি আগ্রহ হারিয়ে ফেলি। আমার উশখুশ লাগে।এতক্ষণ খেয়াল করা হয়নি, আমার ঠিক ডান পাশের সিটের লোকটারও মনোযোগ নেই সিনেমায়। তিনি মাথার পেছনে দুই হাত দিয়ে পায়ের ওপর পা তুলে পর্দার দিকে তাকিয়ে আছেন। তাঁকে দেখে মনে হয় জাহাজের কোনো নাবিক ডেকে বসে সমুদ্র দেখছেন। আরেক পায়ের ওপর তুলে দেওয়া পা-টা তিনি দ্রুত নাড়ান। ভদ্রলোক সম্ভবত চাকরিজীবী। অফিসের ব্যাগ পায়ের কাছে রাখা। ফুলহাতা শার্ট ইন করে পরা। আমার উশখুশ ভাব তাঁর হয়তো চোখে পড়ে। তিনি আগ বাড়িয়ে বলেন, কেমন বুঝতেসেন?এই আর কী।ছবি কি নিয়মিতই দেখেন?এই প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ দেওয়া যায় না। বলি, না, বহুদিন পর শখ করে ঢুকলাম।আমারও দেখাটেখা হয় না, তিনি জানান।তারপর পর্দার দিকে তাকিয়ে থেকে পা নাড়াতে নাড়াতেই জিজ্ঞাসা করেন, ধরেন, আপনি একই সঙ্গে পর্দায় একজনরে দেখতেসেন আর সে আপনার পাশে বইসা আছে। কারে আপনার আসল মনে হবে?হঠাৎ এই প্রশ্নে আমি একটু থতমত খাই। বলি, সেইটা নির্ভর করতেসে পর্দায় অভিনয় তিনি কেমন করলেন তার ওপর।কিন্তু পর্দায় সে যদি অভিনয়ই না করে? ধরেন, তারে কোনো এক্সপ্রেশনই দিতে হইল না? অথবা সে আপনার সঙ্গে যেমনে কথা বলতেসে, পর্দাতেও তেমনে কথা বলল, তাইলে? আমার দিকে না তাকিয়েই তিনি প্রশ্ন করতে থাকেন।আমি কী উত্তর দেব বুঝতে পারি না। বলি, তাইলে তো আলাদা করা যাবে না। দুইজনরেই আসল মনে হবে।তাই বইলা দুইজন কি এক মানুষ হয়া গেল? পর্দায় সে আরেকজনের শরীরে ঢুকসে না? সেই মানুষটা কি আসল?কিন্তু সে যদি এমন চরিত্রে অভিনয় করে যে চরিত্রের শরীরই নাই? ধরেন, ভূত! আমি ব্যাপারটা হালকা করার চেষ্টা করি।তিনি বলেন, অথবা এমনও তো হইতে পারে চরিত্রটার খালি শরীর আসে, আর কিসু নাই।আমি বলি, যেমন নায়িকার সখী?তিনি হাসেন। তারপর বলেন, আমার একটা রোল আসে এই ফিল্মে।আমি একটা ধাক্কা খাই।কী বলেন ! আপনি একজন অভিনেতা!আরে না। খুবই ছোট একটা চরিত্র। ওরা লোক পাইতেসিল না।আচ্ছা? তা এমনিতে কী করেন আপনে? আই মিন, আপনার প্রোফেশন কী?তিনি উত্তর না দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করেন। তারপর বোধহয় তার মনে পড়ে, সিনেমা হলে ধূমপান নিষেধ। সিগারেট খেতে পারছেন না বলেই তাঁকে বোধহয় একটু অস্থির দেখায়। আমাকে জিজ্ঞাসা করেন, আপনি কি স্মোক করেন?আমি মাথা নাড়াই, না।বুঝলেন, আজকালকার বাংলা সিনেমার যা অবস্থা। লোকজনরে কি আর বলা যায়, আমি বাংলা সিনেমায় অ্যাকটিং করসি! আমি যে মেসে থাকি, সেই মেসের লোকজনরেও বলতে পারি নাই।এদিকে পর্দায় নতুন আরেকটা নাচ শুরু হয়। আমি আড়চোখে একবার দেখে নিই। কিন্তু নিজের অভিনীত ছবি নিয়ে ভদ্রলোকের কোনো আগ্রহ আছে বলে মনে হয় না।তিনি একমনে বলতে থাকেন, ফিল্মের মজাটা কী জানেন?আমি প্রশ্নবোধক চোখে তাকাই।তিনি বলেন, ফিল্মে আপনি একজন না। আপনি যেকেউ। আপনি অনেকজন। একেক ফিল্মে আপনার একেক নাম, একেক পরিচয়। বাস্তবে কিন্তু আপনি একজনই।বাস্তবেও তো একেক মানুষের কাছে আমার পরিচয় একেক।বাস্তবে আপনি একটা ক্যারেক্টার হিসেবে দাঁড়ায়া যান। আপনি চাইলেই অন্য আরেকটা ক্যারেক্টারের ভিতর ঢুইকা যাইতে পারেন না।কিন্তু ধরেন ঢুকলাম। ঢুইকা কী হইল? আমি তো আমিই থাকলাম।ব্যাপারটা এই রকম, ধরেন আপনি একজন বজ্জাত মানুষ। একজন ভালো মানুষের কান্না তো আপনে চাইলেও কানতে পারবেন না। একমাত্র ফিল্মেই এইটা আপনে পারবেন। যদি না পারেন, আপনি অভিনেতাও হইতে পারলেন না।আপনি কি পারসেন?সেইটা আমার অভিনয় দেখলেই বুঝতে পারবেন, হা হা হা!পর্দায় একের পর এক ঘটনা ঘটে যেতে থাকে। পর্দার আলো-ছায়া এসে পড়ে লোকটার মুখে। আমি আড়চোখে তাকিয়ে থাকি। পর্দার অন্ধকার তাঁকে ছায়া বানিয়ে ফেলে, আলোতে আবার তিনি শরীর ফিরে পান। তাঁকে একজন অভিনেতা বলেই মনে হতে থাকে আমার।আমি জিজ্ঞাসা করি, ফিল্ম লাইনে আসলেন কেমনে?আমি আর কই আইলাম, ওরাই আমার কাসে আয়া পড়ল! তাঁর চোখেমুখে রহস্যের হাসি।আমি জিজ্ঞাসা করি, আয়া পড়ল মানে?আয়া পড়ল মানে, আমারে পায়া গেল আর কী। আমার সিনটা দেখলে বুঝবেন।পর্দায় নায়কের বোনকে ভিলেনের সাঙ্গপাঙ্গ ধরে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই তো। এর পরেই বোধহয় আমার সিন।তাই নাকি? আমি একটু নড়েচড়ে বসি। সিনটা দেখার জন্য আমার রোমাঞ্চ লাগতে শুরু করেছে।ভদ্রলোক খানিকটা বিনয় দেখানোর চেষ্টা করেন, বেশি কিসু আশা কইরেন না আবার। খুব ছোট একটা সিন। অ্যাকটিং তেমন কিসু দেখানোর সুযোগ পাই নাই!পরের দৃশ্যেই পর্দায় তাঁর আবির্ভাব ঘটে। দৃশ্যটা এমন হতে পারে, আমার মাথায় আসেনি। আমি আরেকটা ধাক্কা খাই।দৃশ্যটা ছিল এ রকম: নায়কের বোনকে ভিলেনের সাঙ্গপাঙ্গ মেরে ফেলেছে। এই খবর পেয়ে আর্তনাদ করতে করতে নায়ক আকাশ-বাতাস ফাটিয়ে ফেলছে। তারপর হঠাৎ তার খেয়াল পড়ে, বোনের লাশ নিয়ে আসতে হবে। কিন্তু কোথায় লাশ? জানা যায়, লাশ আছে মর্গে। নায়ক মর্গে গেলে ভারতীয় ছবির অনুকরণে একের পর এক লম্বা লম্বা ড্রয়ার টেনে বের করে দেখায় ডাক্তার। একেকটা ড্রয়ারে একেকটা লাশ। কিন্তু কোনোটাই নায়কের বোনের না। তবে এসব লাশের একটা হিসেবে অভিনয় করেছেন আমার পাশের সিটের ভদ্রলোক। ভাবলেশহীন মুখে তিনি ড্রয়ারে শুয়ে আছেন। ক্যামেরায় কেবল তাঁর বুকের ওপরের অংশটা দেখা যায়। তাঁর খালি গা। বুকভর্তি লোম। গলার দিকে চামড়া কুঁকড়ে যাওয়া। মুখের চামড়াও হলদেটে। চোখ স্থির। দৃশ্যটা শেষ হওয়ার পর তাঁর সঙ্গে কথা বলতে আমার অস্বস্তি হয়। আমি আমার সিটের বাঁ দিকে খানিকটা সরে আসি। ভদ্রলোক বোধহয় আমার মনের ভাব ধরে ফেলেন। হাসতে হাসতে বলেন, কী, ভয় পাচ্ছেন!আমি বলি, না, ভয় পাব কেন?ও, তার মানে অভিনয় ভালো হয় নাই!আমি বলি, ভালো হইসে তো, একেবারে জীবন্ত।কথাটা বলার পর বুঝি, রসিকতা হয়ে গেছে। আমার রসিকতায় তিনি হাসেন।তারপর বলেন, প্রপস কী জিনিস জানেন তো? সিনেমায় মানুষজন ছাড়া আর যা যা থাকে, সবই হইল প্রপস। অস্ত্রপাতি, গাড়িঘোড়া, নানা কিসিমের সাজসরঞ্জাম সব।তো?তেমনি লাশও হইল গিয়া প্রপস। প্রপসের অভিনয় জানা লাগে না!সিনেমাটা দেখার আগ্রহ আমি কোনো এক কারণে হারিয়ে ফেলি। বলি, ভাই, আজ উঠি। তিনি পকেট থেকে একটা কার্ড বের করে আমাকে দিয়ে বলেন, আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে আমি চাকরি করি। নিচতলার অভিযোগ কেন্দ্রে। অফিসে আইসেন একদিন। এক সাথে চা খাব।সিনেমা হল থেকে বের হয়ে আসার পথে আমার মনে হয়, একটা ভুল হয়ে গেছে। সাঙ্ঘাতিক একটা ভুল হয়ে গেছে।পরদিন দুপুরবেলায় আবার এসে দাঁড়াই ফার্মগেট ওভারব্রিজে। একবার মনে হয়, গতকালকের ছবিটা দেখতে আবার হলে ঢুকি। পরমুহূর্তেই সিদ্ধান্ত পাল্টাই। পাসপোর্ট অফিসে গিয়ে সিনেমার ভদ্রলোকের সঙ্গে দেখা করতে হবে। মিরপুর ১০-১১-১২-এর একটা লোকাল বাসে আমি উঠে পড়ি।পাসপোর্ট অফিস লোকে লোকারণ্য। মানুষের দীর্ঘ সারি। ভেতরে ঢোকা খুব মুশকিল। ভদ্রলোকের কার্ড আমার হাতে। ভদ্রলোকের নাম মোকাম্মেল হক। অভিযোগ কেন্দ্রে বসেন। গেটের পুলিশকে বলি, মোকাম্মেল হক সাহেবের সঙ্গে দেখা করব। পুলিশ ভেতরে ঢুকিয়ে দেয়। ভেতরের লাইন আরও লম্বা। আমি লাইনকে পাশে রেখে সোজা অভিযোগ কেন্দ্রের কাউন্টারে চলে আসি। একটা কাউন্টারে এক লোক ব্যস্ত ভঙ্গিতে পাসপোর্টের ফরম ওল্টাচ্ছে। আমি তার কাউন্টারের তলা দিয়ে মোকাম্মেল হকের কার্ডটা ঢুকিয়ে দিয়ে বলি, এনার সঙ্গে দেখা করব। লোকটা একবার কার্ডটা দেখে, তারপর চশমার ওপর দিয়ে আমাকে দেখে। একটু বিরক্তভঙ্গিতে সে বলে, ইনি এখন আর এখানে বসে না।বসে না মানে? কই বসে এখন?প্রায় ছয় মাস হইল ইনি মারা গেসেন।লোকটা আবার ফরম ওল্টানোয় মনোযোগ দেয়। আমি বুঝতে পারি, অতিরিক্ত আর কোনো ব্যাখ্যায় যাওয়ার তার আগ্রহ নাই।[email protected]