
>রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী এবং সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ। এই শিল্পী বলেছেন তাঁর প্রিয় ৫ বিষয় নিয়ে
১. প্রিয় বই
নিত্যসঙ্গী ‘গল্পগুচ্ছ’
আমার সব সময়ের প্রিয় বই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। সেই ক্লাস সেভেনে প্রথম পড়েছিলাম বইটি। এরপর থেকে গল্পগুচ্ছ আমার নিত্যসঙ্গী। সময় পেলেই বইটি আমি উল্টেপাল্টে দেখি, বারবার পড়ি। এর প্রতিটি ছোটগল্পে এত বার্তা, এত বাণী—মনে হয় গল্পগুলো সব সময়ের জন্যই প্রাসঙ্গিক। এর বাইরে জীবনী ও স্মৃতিকথাও পড়তে ভালো লাগে আমার। কিছুদিন আগেই পড়লাম শান্তিনিকেতনের এক প্রাক্তন শিক্ষার্থীর স্মৃতিকথা। সেটা পড়ে আমিও যেন আমার পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কথা ছিল সেখানে। বইটি পড়তে পড়তে সেই পুরোনো শান্তিনিকেতনের ছবি, চেনা জায়গাগুলো ফিরে পেয়েছি, খুব ভালো লেগেছে।
২. প্রিয় ভ্রমণস্থান
হৃদয় কেড়ে নিয়েছে আলাস্কা
যুক্তরাষ্ট্রের আলাস্কায় গিয়েছিলাম দু-তিন বছর আগে, ১০ দিনের একটি সফরে। এই জায়গা আমার হৃদয় কেড়ে নিয়েছে। এখানে এসে মনে হয়েছে যেন পৃথিবীর বাইরে আছি আমি। গিয়েছিলাম প্রচণ্ড শীতপ্রবণ এলাকায়, যাকে বলে ‘গ্লেসিয়ার পয়েন্ট’, সেখানে। এরপর গেলাম আলাস্কার একেবারে উত্তর দিকে। সেখানকার মানুষেরা প্রচণ্ড শীতের সঙ্গে যেভাবে লড়াই করে জীবন যাপন করে, তা দেখার মতো। সেখানকার জীবন কঠিন, প্রকৃতিও মাঝেমধ্যে তাদের সঙ্গে বিরূপ আচরণ করে খুব। কিন্তু এরপরও সেখানকার মানুষ সংগ্রাম করে যেভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, তা অনুপ্রেরণাদায়ক।
৩. প্রিয় ঋতু
নিজেকে খুঁজে পাই বর্ষায়
বর্ষা আমার খুব প্রিয়। এই ঋতুতে আমি যেন নিজেকে খুঁজে পাই। অসম্ভব একটা স্বাচ্ছন্দ্য পাই আমি এই সময়টায়। বর্ষণ আর চারদিকের আবহাওয়া দারুণ প্রভাবিত করে আমাকে। বর্ষার প্রতিটা রং-রূপ—সবই আমার প্রিয়। এ সময়ের সবকিছুই খুব ভালো লাগে।
৪. প্রিয় চলচ্চিত্র
বাংলা সিনেমার গল্পগুলো ভাবায়
এই তো কদিন আগেই দেখলাম একটা সিনেমা। দারুণ ভালো লাগল। ছবির নাম জ্যেষ্ঠপুত্র। কৌশিক গাঙ্গুলির এই ছবির গল্পে বাস্তবতার ছোঁয়া আছে। এই সময়ে যে মা-বাবার জন্য সন্তানের সময় হয়, সেই বাস্তবতা উঠে এসেছে গল্পে। সব সময়ই বাংলা সিনেমা দেখতে খুব ভালো লাগে আমার। কারণ, বাংলা সিনেমার গল্পগুলো ভাবায়। সিনেমা দেখে বের হওয়ার পরও অনেকক্ষণ ধরে সেই গল্প অনুরণন তোলে মনের মধ্যে। তাই প্রায় সময়ই অবসর পেলেই দেখা হয় বাংলা সিনেমা।
৫. প্রিয় অভিনেতা
চঞ্চল, মোশাররফসহ অন্যরা
আমার প্রিয় অভিনেতা তো অনেক। এ ক্ষেত্রে একটা নাম বলা যাবে না। এ সময়ের একাধিক অভিনেতার অভিনয় আমার প্রিয়। যেমন বাংলাদেশে আছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম; আর ভারতের পশ্চিমবঙ্গের ঋত্বিক চক্রবর্তী ও প্রসেনজিৎ। ঋত্বিক ইদানীং খুব ভালো ভালো কাজ করছেন। তাঁর অভিনয় আমার ভালো লাগে। চঞ্চল চৌধুরী ও মোশাররফ পর্দায় এত সহজ আর সাবলীল যে তাঁদের কাজ বরাবরই ভালো লাগে। আমি চেষ্টা করি সময় পেলেই এই শিল্পীদের অভিনয় দেখার।
অনুলিখন: আদর রহমান