সিন্দাবাদের ধান্দাবাজি
থাইল্যান্ডে কদিনের জন্য বেড়াতে এসে মনে হচ্ছে, এখানকার ঢিমে তালের জিন্দেগি তো বহুত খুব, বিলকুল স্ট্রেস ফ্রি। আমেরিকাতে ফিরে যাওয়ার দরকারই বা কী? জিনাল একটি জয়েন্ট রোল করতে করতে আমার দিকে তাকিয়ে এতক্ষণ পর আমার প্রস্তাবের সরাসরি জবাব দেয়, ‘ইয়েস, লিভিং টুগেদার ইজ সার্টেনলি পসিবল। লেটস্ ট্রাই ইট্।’ ক্রমাগত পেইনকিলার ড্রাগ নেওয়ার জন্য তার চোখে ঝকঝক করে নীল দ্যুতি। আমার প্রপোজলে কাজ হচ্ছে দেখে অবচেতনের কোথায় যেন একটি কার্পাস ফেটে চারদিকে উড়ে যায় সফেদ তুলা। তাকে আরও চেতিয়ে দিতে গিয়ে আমি বলি, ‘আমরা এমন একটি দেশে থাকব যা এ যুগেও শাসন করেন একজন রাজা। জাস্ট থিংক অ্যাবাউট দিস্। পকেটে যা রেস্ত আছে তা দিয়ে চিয়াংমাই বা কাঞ্চনাবুড়িতে একটি কটেজ ভাড়া করা যেতে পারে। আমরা কিনে নিতে পারি কটি বড়সড় সিরামিকের গামলা যাতে হররোজ ফুটানো যাবে নীল পদ্ম।’ ‘হাউ অ্যাবাউট দিস গ্রিন বার্ড কাপল্? দে কস্ট ওনলি টুয়েন্টি টু ডলারস। শ্যাল উই বাই দেম?’ বলে সে আমার হাতে জয়েন্ট পাস করে।আমি যখন তাকে কাঞ্চনাবুড়ি বা চিয়াংমাইতে লিভিং টুগেদারের বিষয়ে ধুনফুন বোঝাচ্ছি ঠিক তখনই ছায়ামূর্তির মতো ড্রাগন চত্বরে এসে হাজির হন এক শকস্। ঝ্যালঝেলে স্যুট পরা এ ব্যক্তিকে দেখায় বাংলা সিনেমার খলনায়কের চেয়ে এককাঠি সরেস। তাঁর মুখের দিকে একনজর তাকিয়েই বুঝতে পারি—তাঁর বাড়ি স্বদেশের ছাগলনাইয়া বা বরইকান্দি হাওয়া বিচিত্র না। একটু আগে তাঁকে পাখপাখালির জলসায় পর্যটক মেম সাহেবদের অ্যাপ্রোচ করে কিছু গছাতে দেখেছি। তিনি তাঁর ছ্যারাবেরা করে বাঁধা টাইয়ের নট ঠিক করতে করতে বলেন, ‘মিয়া ভাই দেশি না? মেমের লগে একটু আলাপ করায়া দেন তো?’ ‘তা কী সমাচার? আপনি কি পাখির সিংগিং কনটেস্টের সঙ্গে জড়িত আছেন?’ ‘আরে না, আমি আউয়া-জাউয়া মানুষ, পাখপাখালি কাউয়া দিয়ে আমি কী করুম? এই নিজের ধান্ধায় থাকি। সুযোগ পাইলে মেম ক্যাচ্ করি। তারপর তাদের কাপড়চোপড় ড্রেস কামিজের বন্দোবস্ত করে দেই, এদের কাপড়চোপড় পিন্দাই আরকি।’ ‘তা আপনি এদের কাপড়চোপড় পিন্দনের বন্দোবস্ত করবেন কেন? এরা কি ন্যাংটা উবস্তর? কেইসটা কী?’ ‘কথা বাড়ায়েন না দেশি, বছরের পয়লা দিন, এখনো বউনি হয়নি, আল্লারে আল্লা, এরা কী যে পরে! বেবাক দেখা যায়। লন, আপনার মেমের হাতে কার্ডটা দেন। একটু কায়কারবারের কতাবার্তি কই।’ কার্ডে লেখা ‘সিন্দবাদ ড্রেস, ওরিয়েন্টাল গাউন, কাশ্মীরী কুর্তি ও জয়পুরি কাফতান কনসালটিং সার্ভিস।’ ভদ্রলোক একটি অ্যালবামে কুর্তা, কামিজ, কাফতান পরা ইন্ডিয়ান মডেল কন্যাদের ছবি জিনালকে দেখান। জিনালও আগ্রহ নিয়ে তা দেখতে শুরু করলে তিনি আড়চোখে আমার দিকে তাকান। তাঁর চোখেমুখে ফোটে সিঁড়িতে পড়ে থাকা পাপোশের মতো ছ্যাছড়ানো কর্কশ অভিব্যক্তি। তিনি অনুনয় করে বলেন, ‘আমার নাম শফিকুর রহমান সিন্দাবাদ। আমি কোনো টাউট-বাটপার না। আপনার মেমরে ক্যাচ্ করছি বলে কোনো প্যাঁচ লাগাইয়েন না দেশি। আল্লার কিরা, আইজ বছরের পয়লা দিন, এখনো বউনি হয় নাই। উনারে লইয়া চলেন আমার দোকানে। কাচের চুড়ি, জামদানি, ওড়না যা চান সস্তায় দেব।’ জয়েন্টে শেষ টান দিয়ে জিনালের বুঝি একটু নেশা হয়েছে। সেও কামিজ, শাল, শাড়ি দেখতে চায়।শফিকুর রহমান সিন্দাবাদের দোকান কাছেই। তিনি মসজিদের পেছন দিকের দোতালার আন্ধার কামরায় থাকেন। তাঁর বিছানার ওপর রাখা শাড়ি, কামিজ, দোপাট্টা, চুড়ি ও আগরবাতির প্যাকেট। পর্দার আবডালে একখানা আয়নাও আছে, আর আছে দেয়ালে ব্যাংকক পোস্ট পত্রিকা থেকে কেটে লাগানো সাভারের জাতীয় স্মৃতিসৌধের ছবি, যেখানে থাই প্রিন্সেস সিরিনডন পুষ্পস্তবক অর্পণ করছেন। পর্দার আড়ালে গিয়ে জিনাল কুর্তি ও কামিজ ট্রাই করে। ঠিকমতো ফিট না হলে, সিন্দাবাদ সাহেব কাঁচি হাতে সেলাইয়ের মেশিনে বসে কাটছাঁট করতে করতে বলেন, ‘দেশি, আমেরিকা যাওনের তিনবার ট্রাই দিছি, কিচ্ছু হয় না, আপনার মেমরে একটু কন না আমারে একখান কারেকটার সার্টিফিকেট দিতে।’ তিনি একটি খাতা বের করে আমার হাতে দেন। তাতে এর আগের কিছু কিছু ট্যুরিস্ট মেমদের লেখা কমেন্ট আছে। আমি জিনালকে বললে সে এখানে আসার ইমপ্রেশন নিয়ে কমেন্ট লিখতে রাজি হয় কিন্তু সে বুঝতে পারে না উনি আমেরিকাতে যাবেন কেন। সিন্দাবাদ সাহেব জানতে চান, আমি আমেরিকাতে গিয়েছিলাম কেন। ‘তা একসময় গিয়েছিলাম তো বটে, এখন ভাবছি থাইল্যান্ডে বসবাস করব।’ ‘তা কামকাজের কিছু জোগাড় হইছে দেশি?’ ‘না, আমরা এখন কামকাজের কোনো ধান্ধা করতেছি না, চিয়াংমাইয়ের ওদিকে হয়তো কিছু দিন বার্ডওয়াচিং করব।’ ‘বার্ড ওয়াচিং! তা, আপনেরা পাখি দেখবেন কেন? এতে ফায়দা কী?’ আমি কোনো জবাব না দিয়ে থাকুমুকু করলে তিনি বলেন, ‘মেম সাহেব জোটাইছেন, এইবার থাইল্যান্ড আইসা পঙ্খিমঙ্খি করতাছেন, ভালোই। বঙ্গললনা বিবাহ করলে আপনের খবর অইয়া যাইতো কিন্তু!’ তাঁর প্রতিক্রিয়ায় আমি হাসি। তিনি গজগজ করে বলেন, ‘হেল্প করবেন না ঠিক আছে, দেশি বলে কথাটা কইছেলেম, জাইন্না রাখেন—আমার নাম সিন্দাবাদ, নসিবে আমার অ্যাডভেঞ্চার লেখাই আছে। তিনবার ট্রাই নিছি, একবার না পারিলে দেখ শতবার, এই কথাটা সিন্দাবাদে কইছেলো না? আমিও ট্রাই কইরাই যামু, তারপর যা আছে কুলকপালে।’ ‘তা সিন্দাবাদ নামটা কি আপনি নিজেই নিছেন?’ ‘আরে না, আমার মায়ের দূর সম্পর্কের এক নানা তার সমন্ধি, খুব লেখাপড়া জানা লোক, তাইনে কাজি ছেলেন, বই পইড়া আমার নাম দেছেলেন সিন্দাবাদ।’ ‘কাজি সাহেব কি আরব্য উপন্যাস থেকে আপনার নাম দিছিলেন?’ ‘না না, বইটার নাম কী যেন ছেলো, এখন মনে পড়তাছে, ঠাকুরমার ঝুলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেহা।’ ‘আপনি ঠিক জানেন ঠাকুরমার ঝুলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা?’ ‘লেখাপড়া কম করছি, একটু আউয়া-ঝাউয়া মানুষ বইল্যা আমারে এনকার করেন? রবীন্দ্রনাথ ঠাকুররে আমি চিনি না? কুষ্টিয়াতে উনার জমিদারি ছেলো। লালন ফকিরের গান উনি খুব পছন্দ করতেন। খানচার ভেতর অচিন পঙ্খি শুইন্যা ফকিররে একটা ভাগলপুরি গাই বকশিশ করছিলেন। ফকির জেন্দা ছিলেন মবলগ এক শ তেইশ বছর। এসব কথা পুঁথিপত্র পত্রিকাতে লেহাই আছে।’ ভাগলপুরি গাইয়ের বিষয় আগে কখনো শুনিনি, তথ্যটি আচানক। লালন গবেষক আবুল আহসান চৌধুরী সাহেব এ ব্যাপারে অবগত আছেন কি না কে জানে।আমি আলোচনার মোড় ঘোরানোর জন্য বলি, ‘তা আপনি থাইল্যান্ডে আসলেন কীভাবে?’ ‘সে আরেক কিসসা। আমার নসিবে পয়লা থেকেই সিন্দাবাদের মতো সমুদ্রযাত্রা লেহা আছে। চিটাগাং থেকে ট্রলারে করে আন্দামান দ্বীপে আসি। আন্দামান থেকে সেইলা কইরা বারো-তেরো দিন দরিয়ায় ভাসি। আমাদের অনেকের ডাইরিয়া হইছিলো, সবকিছু মনে নাই। থাই কোস্টাল গার্ড আমাদের ট্রলার আটকায়। আমাগো ডলারমলার কাইড়া নিয়া ট্রলারখানরে দড়ি দিয়া বাইন্ধা উল্টা দিকে তাদের জলসীমার বাইরে নিয়া পেট্রোলের ড্রামগুলান সিজ কইর্যা ভাসাইয়া দেয়। পুঙ্গিরপুতেরা পানির ড্রামগুলানও কানা কইরা দেয়। বুঝলেন দেশি, সঙ্গীসাথি বেশ কয়জনা গরমে নোনাপানি খাইয়া মারা গেছে। তিন-চাইর দিন পর আমরা লাইফবোটে চইড়া আবার অ্যাটেম নেই। আমার হুঁশগুশ কিছু ছেলো না। থাইল্যান্ডের এক মাছের ট্রলার আমারে উদ্ধার করে ওষুধ-পানি দিয়া বাঁচায়।’ সিন্দাবাদ সাহেব দম নেন। উনি কাটছাঁট করাতে জিনালের কুর্তি ফিট হয়েছে। সে এবার হাতে কগাছি চুড়ি পরছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘বছরের পয়লা দিন আইলেন, আপনাগোরে কোনো খাতির জমা করতে পারলাম না। কাইল আবার আহেন। আমার দাওয়াত রইল। বিরিয়ানি খাওয়ামু। থাইল্যান্ড আওনের আরও কেসসা আছে। সেটা কমু। আর আমি কাঞ্চিভরমের একখান অরজিনাল শাড়ি এনার জন্য জোগাড় কইর্যা রাখুম। দামের জন্য চিন্তা কইরেন না। আরেকটা ছোট্ট কথা, দেশি, এনারে দিয়া আমার জন্য এমবেসিতে কিছু করান।’ ‘জিনালের ক্ষমতা আছে কি না জানি না, তবে আমি কথা বলে দেখব।’ সিন্দাবাদ সাহেবের চোখেমুখে রোজাদার মিসকিনের দিলে ইফতার প্রাপ্তির সম্ভাবনার মতো আশ্বাস ফুটে ওঠে। কুর্তি চুড়িতে জিনালের মন ভরেছে, তবে হাঁটাহাঁটিতে তার পায়ের গোড়ালি ফুলে জিলকাচ্ছে। সে আমার কাঁধে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পাখির জলসা এখনো শেষ হয়নি। আমরা আবার ড্রাগন চত্বরে এসে নির্জনে বসি। জিনাল বিমর্ষ হয়ে পায়ের পেইন ম্যানেজ করছে, ‘উইল উই গেট দ্য গ্রিন বার্ড কাপল? এতক্ষণে সবুজ পাখি দুটি বিক্রি হয়ে যায়নি তো?’ পারফর্মারের স্মৃতিতে স্টেজের রঙিন আলোর মতো জিনালের চোখে যেন ভাসে দুটি পাখির সবুজ ছায়া। আমি চোখ মুদে রই। খুব গভীরে কোথায় যেন একটি স্ক্রিনে আন্দামান সমুদ্রে দোদুল্যমান একটি লাইফবোট। তার প্লাস্টিকের গলুইয়ে বসে কিচিরমিচির করতে করতে দুটি সবুজ পাখি ভেসে যায় বারদরিয়ার দিকে।[email protected]