সীমানার বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আধুনিক শিল্পকলাচর্চার নেতৃত্ব দিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাঁরই পৃষ্ঠপোষকতায় এ দেশের শিল্পচর্চার পথচলা শুরু। এরপর স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতা-উত্তরকালে এ দেশে সরকারি-বেসরকারিভাবে বেশ কিছু প্রতিষ্ঠানের জন্ম হয়েছে শিল্পচর্চার প্রসার এবং এর অগ্রগতিতে সহায়তা করার লক্ষ্যে। বৃত্ত আর্টস ট্রাস্ট এ ধরনেরই একটি সংগঠন, যার লক্ষ্য শিল্পচর্চার অগ্রগতিসাধন এবং শিল্পের নতুন ভাষা তৈরিতে সহায়তা দান। বৃত্তের জন্ম ২০০২ সালে। ২০০১ সালে ভারতীয় শিল্পীদের সংগঠন খোঁজ-এর পক্ষ থেকে পূজা সুদ বাংলাদেশে আসেন। একই বছর বাংলাদেশের শিল্পী আবুল মনসুর, শিশির ভট্টাচার্য্য, তৈয়বা বেগম লিপি ও মাহবুবুর রহমান খোঁজ-এর আমন্ত্রণে ভারতে অনুষ্ঠিত তাদের কর্মশালা ও সেমিনারে অংশ নেন। খোঁজ মূলত লন্ডনের ইন্টারন্যাশনাল ট্রায়াঙ্গল আর্ট ট্রাস্টের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক সংগঠন। খোঁজের সহযোগিতায় ২০০২ সালে ‘বৃত্ত’ ট্রায়াঙ্গল নেটওয়ার্কের অধীনে সংগঠিত হয়। শিশির ভট্টাচার্য্যকে সভাপতি করে তৈয়বা বেগম লিপি, মাহবুবুর রহমান, সালাউদ্দিন খান শ্রাবণ, ইমরান হোসেন পিপুল ও কবির আহমেদ মাসুম চিশতির সমন্বয়ে গড়ে ওঠে বৃত্ত আর্ট ট্রাস্ট। এই পাঁচজন সংগঠক ছাড়া দেশি-বিদেশি শিল্পীরা বৃত্তের প্রদর্শনী ও কর্মশালায় অংশ নিচ্ছেন। ২০০৮ সালে কবির আহমেদ সভাপতি হন। ২০০২ থেকে ২০১০—আট বছরে বৃত্ত আর্ট ট্রাস্ট দেশি ও বিদেশি শিল্পীদের পারস্পরিক ভাবনা ও মতবিনিময়ের একটি দৃঢ় ক্ষেত্র তৈরি করেছে। নতুন ভাবনা ও নতুন প্রযুক্তি বা মাধ্যমের নতুনত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি বৃত্ত ধরে রেখেছে শুরু থেকে।কর্মশালা, প্রদর্শনী ও দেশীয় শিল্পীদের বিদেশে এবং বিদেশি শিল্পীদের এই দেশে আবাসনের সুবিধা দিয়ে বৃত্ত শিল্পচর্চার গণ্ডি বিস্তৃত করছে। বৃত্তের আয়োজিত কর্মশালাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আয়রন কাস্টিং, ডোকরা কাস্টিং, রিকশা পেইন্টিং, সাইট স্পেসিফিক (চট্টগ্রামের রাউজান), ঢাকা সিটি, ভিডিও আর্ট, রাকু সিরামিক, মিনিয়েচার পেইন্টিং, ওয়েব ডিজাইন, বুক মেকিং, এচিং, স্ক্রিনপ্রিন্ট প্রভৃতি। বৃত্ত তিনটি আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করে, যেখানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, মালদ্বীপ, হংকং, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, পাকিস্তান, মিয়ানমার, জর্ডান, মিসর, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের শিল্পীরা অংশ নেন। ২০০৩ সালে বৃত্তের কর্মশালায় নয়টি দেশের শিল্পীদের সঙ্গে বাংলাদেশের শিল্পী নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, লালারুখ সেলিম, ঢালী আল মামুন, নিলুফার চামান, তৈয়বা বেগম লিপি, মাহবুবুর রহমান, সালাউদ্দিন খান, ইমরান হোসেন প্রমুখ অংশ নেন। ২০০৮ সালে বৃত্ত একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করে। তাতে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিল্পীরা অংশ নেন। ২০১০-এ বৃত্ত আয়োজন করে আন্তর্জাতিক ভিডিও আর্ট প্রদর্শনীর। এ বছরই বৃত্তের আরেকটি উল্লেখযোগ্য প্রদর্শনী হলো ‘ওয়ান মাইল স্কয়ার’। পুরান ঢাকার বিভিন্ন স্থানে এই গণশিল্পের প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ৩৮ জন শিল্পী।বৃত্ত যে বিষয়গুলো গুরুত্ব দিচ্ছে সেগুলো হলো, শিল্প নির্মাণের উপকরণ দৈনন্দিন জীবন থেকে নেওয়া, শিল্পীর চারপাশের পরিবেশকেই বিষয়বস্তু করে তোলা; পারফর্মিং আর্ট, ইনস্টলেশন, ভিডিও আর্ট প্রভৃতি মাধ্যমে শিল্প নির্মাণে উত্সাহিত করা। বৃত্ত মূলত গতানুগতিক ও দৈনন্দিন জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে পুনর্নির্মাণ বা পুর্নগঠন করে শিল্পে। আর এর সঙ্গে মিশে যায় সামাজিক দায়বোধ, সমালোচনা, হিউমার, প্যারোডি, শ্লক, কিচ, অ্যালিগরি, ক্যাম্প প্রভৃতি। বৃত্তের আর একটি উদ্দেশ্য দক্ষিণ এশীয় শিল্পীদের মধ্যে ঐক্য গড়ে তোলা। ঐতিহ্যবাহী ইজেল পেইন্টিং এবং মুক্ত ভাস্কর্য নির্মাণকে বর্জন করে বৃত্ত জীবন ও শিল্পকে পুনর্নির্মাণের মাধ্যমে পুনর্মূল্যায়ন করছে। বৃত্ত আর্ট ট্রাস্টের সমগ্র কার্যক্রম পরিচালিত হচ্ছে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফোর্ড ফাউন্ডেশন। সংস্থাটি বৃত্তের সঙ্গে ছয় বছর আর্থিক সহায়তাদানের ব্যাপারে চুক্তিবদ্ধ। এ ছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বৃত্তকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।